বরিশাল অফিস :: বাসচাপায় শ্রমিক হত্যার বিচার, বাইপাস সড়ক নির্মাণ ও মহাসড়ক ৬ লেনে প্রশস্তকরণসহ বিভিন্ন দাবিতে বাসদ এবং ব্যাটারিচালিত রিকশাভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) কাশিপুরে বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বাস চাপায় শ্রমিক হত্যার বিচার, গড়িয়ার পাড় থেকে দপদপিয়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ, এবং বরিশালের আঞ্চলিক মহাসড়ক ছয় লাইনে প্রশস্তকরণসহ পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশে বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও বরিশাল রিকশা-ভ্যানচালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, শহিদুল শেখ, নিহত শ্রমিক শুভর আত্মীয় মোহাম্মদ সেলিম, ইজিবাইকচালক সংগ্রাম পরিষদের ২৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, বরিশাল রিকশা-ভ্যান-চালক শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ মনির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. সুজন সিকদার।
নেতৃবৃন্দ বলেন, পদ্মাসেতু চালু হওয়ার পর সরকার জনগণকে স্বৈরাচারী শাসন থেকে চোখ ফেরাতে উন্নয়নের মাইলফলক হিসেবে পদ্মা সেতুকে দেখানোর চেষ্টা করছে। কিন্তু পদ্মাসেতুর মধ্য দিয়ে যুক্ত হওয়া নতুন রুটের শতাধিক গাড়ি বরিশালের অপ্রশস্ত আঞ্চলিক মহাসড়কের জন্য এক মৃত্যুফাঁদ তৈরি করেছে।
এতে করে ১৩ মে রাজমিস্ত্রি শুভ রাস্তা পার হতে গিয়ে যমুনা বাসের নিচে চাপা পড়ে মারা যান। শুভর এই মৃত্যু দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড।
তারা বলেন, হত্যাকাণ্ডের পেছনে যে রকম বাস চালক এবং বাস কর্তৃপক্ষের দায় রয়েছে, ঠিক তেমনি অপ্রশস্ত মহাসড়ক প্রশস্ত না করা, গড়িয়ার পাড় থেকে দপদপিয়া পর্যন্ত বাইপাস নির্মাণ না করা, গুরুত্বপূর্ণস্থানে ফুট ওভার ব্রিজ না থাকার জন্য দুর্ঘটনা অনেকগুণ বেড়েছে। কাজেই, এই দুর্ঘটনার পেছনে শাসকদের দায়ও রয়েছে। বক্তারা অবিলম্বে বাসচাপায় শুভ হত্যার বিচার দাবি করেন।
একইসঙ্গে বক্তারা অবিলম্বে গড়িয়ারপাড় থেকে রূপাতলী পর্যন্ত প্রতিশ্রুত বাইপাস সড়ক নির্মাণ, বরিশাল জেলার সব মহাসড়ক ৬ লেনে প্রশস্তকরণ, থ্রি হুইলারের জন্য সাইডলেন চালু, বরিশাল নগরীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টে স্পিড ব্রেকার-পার্কিং স্ট্যান্ড ও ফুট ওভার ব্রিজ নির্মাণ করার দাবি জানান।