চোরাই গরু-ছাগলসহ ট্রাক উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এক চোরাই ট্রাক রাস্তার পাশে খাঁদে আটকা পড়ে। ট্রাকের মধ্যে তিনটি গরু ও একটি ছাগল ছিল। চালকসহ চোর চক্রের সদস্যরা ট্রাক ফেলে পালিয়ে যায়।

স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই গরু ও ছাগলসহ ট্রাকটি জব্দ করেছে।

বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, ট্রাকের মালিক শনাক্ত করা হয়েছে এবং পুরো চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিছুদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এতে এলাকার খামারি ও গরুর মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বিএনপি অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে কাজ করছে: ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেছেন, যদি বিএনপি জনগণের ভোটে দায়িত্ব পালন করার সুযোগ পায়, তাহলে আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ৪৭০ বিলিয়ন ডলার থেকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে বিএনপি।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) অনুষ্ঠিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ বিষয়টি জানান।

ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, “আমরা চাই অর্থনীতির গণতন্ত্রায়ণ। এজন্য শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি সহ সাতটি অগ্রাধিকার খাতে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির রূপরেখা তৈরি করা হচ্ছে। সরকারি, বেসরকারি এবং আত্মকর্মসংস্থান—সব ক্ষেত্রেই কীভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, তার পরিকল্পনা প্রণয়ন চলছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমাদের অর্থনীতি জিডিপি বৃদ্ধির মাধ্যমে কিছুটা শক্তিশালী হলেও এর সুফল সবাই সমানভাবে পাচ্ছেন না। আমরা চাই হিন্দু, মুসলিম, পাহাড়ি কিংবা দরিদ্র—সকল নাগরিক যেন সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করতে পারেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এছাড়া বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, সাবেক সভাপতি মেরুন্নেসা বেগম এবং ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস হোসেন উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নতুন দাম ঘোষণা করেছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এবার ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রোববার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

এর আগে, স্বর্ণের দাম টানা ৮ দফা বৃদ্ধি পেয়ে কমানো হয়েছিল। ১৭ সেপ্টেম্বর রাতে বাজুস ঘোষণা করে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা করা হয়েছে। সেই সময়ও স্থানীয় বাজারের দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল। নতুন দাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছিল।

স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারের সরবরাহ ও আন্তর্জাতিক বাজারের অবস্থার কারণে দাম ওঠানামা করছে। সাধারণ ক্রেতাদের জন্য এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশাল থেকে ভারতের জন্য ইলিশ রপ্তানি শঙ্কাজনক

বরিশাল থেকে ভারতের চাহিদা অনুযায়ী ইলিশ রপ্তানি করতে সমস্যায় পড়েছে ব্যবসায়ীরা। চলতি বছর দুর্গাপূজার সময় ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির পরিকল্পনা করা হলেও আড়তে মাছের কম সরবরাহ রপ্তানিকে শঙ্কাপূর্ণ করে তুলেছে।

পোর্ট রোড মৎস্য আড়তে গত চার দিনে ৪৮ মণ ইলিশ রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ মণ কম। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মাহিমা এন্টারপ্রাইজের রপ্তানিকারক বাবর সিকদার বলেন, “মাছ টোটালি কম এসেছে। টোকাইয়া টোকাইয়া মাছ সংগ্রহ করতে হয়। এতে আমার ৯০ টনের অর্ডার পূরণ করা সম্ভব হচ্ছে না।”

পোর্ট রোড মৎস্য আড়তের আড়ৎদার ইয়ার হোসেন সিকদার বলেন, “আগে সহজেই ৫০০ থেকে ১,০০০ মণ মাছ আসত। এখন ১০০ মণ মাছও জোগাড় করতে তিনদিন লাগে। তিনদিনের চেষ্টা করে ১০০ মণ মাছ দেওয়া সম্ভব হয়।”

মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি কামাল সিকদার জানান, “মাছের পরিমাণ কম এবং দাম বেশি। গত বছরের মতো এলসির টার্গেট পূরণ করা সম্ভব হবে বলে মনে হয় না।”

বর্তমানে বরিশালের মোকামে ইলিশের বাজার দর প্রতি ৯০০ গ্রামের ইলিশ মণপ্রতি ৮০ হাজার, ৫০০ গ্রামের ৬৪ হাজার, ১ কেজির ইলিশ ৯২ হাজার এবং ১,২০০ গ্রামের ইলিশ ৯৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

রপ্তানির এই সংকট ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলেছে, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ভারতীয় বাজারের জন্য আগাম অর্ডার পেয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ছাত্র-জনতার আন্দোলন জাতিকে পথ দেখিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল সত্য ও ন্যায়ের সংগ্রাম। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দেখিয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে জুলাই শহীদদের স্মরণে অঙ্কিত বিশেষ গ্রাফিতি ‘জুলাই বীরত্ব’‘জুলাই আত্মত্যাগ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানতে হবে—জুলাইয়ের গণ-অভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল। ছাত্র-জনতার নেতৃত্বে সেই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছে। এ উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হতে।”

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্ব হবে শহীদদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এবং তাদের আদর্শ ধারণ করা। শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়, সমতা ও মানবিকতার বাংলাদেশ। আমাদের সেই পথেই এগিয়ে যেতে হবে।”

গ্রাফিতি উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্বে), মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ বিভিন্ন প্রশাসনিক ও স্থানীয় কর্মকর্তারা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা: ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বরগুনায়। গত ২৪ ঘণ্টায় জেলায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. আবু ফাত্তাহ। মৃতদের পরিচয় হলো—পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার শুক্লা ঢালী (১৩), আমড়াতলার হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের নুরজাহান বেগম (৭৫)।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাবে এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৩ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত রয়েছে। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের প্রায় তিনগুণ।

আইইডিসিআরের এক জরিপে দেখা গেছে, বরগুনার গ্রামীণ এলাকায় এডিস মশার বিস্তার মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের জুনে প্রকাশিত রিপোর্টে বলা হয়, গ্রামাঞ্চলের ৭৬ শতাংশ এবং পৌরসভার ৩১ শতাংশ বাড়িতেই এডিসের লার্ভা পাওয়া গেছে।

গত এক সপ্তাহের ধারাবাহিক বৃষ্টির পর রোদ উঠতেই ডেঙ্গুর প্রকোপ হঠাৎ বেড়ে গেছে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাখাল বিশ্বাস অপূর্ব।

তিনি বলেন, “বৃষ্টি কমার পর থেকেই ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। প্রতিদিনই অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে, কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এভাবে চলতে থাকলে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এডিস মশার বিস্তার রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও জনসচেতনতার অভাব এবং জলাবদ্ধতার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অভ্যুত্থানকে ঘিরে উগ্রপন্থার আশঙ্কা: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সাম্প্রতিক অভ্যুত্থানের সুযোগ নিয়ে একটি রাজনৈতিক দল উগ্রপন্থার দিকে ঝুঁকতে চাইছে। তারা আন্দোলনের সুযোগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার পরিকল্পনা করছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলে গণসংহতি আন্দোলনের দ্বিতীয় জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু।

জোনায়েদ সাকি বলেন, “যে কেউ যদি আবার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, জনগণ তা মেনে নেবে না। অধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে সংগঠিত হতে হবে।”

তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর থেকেই গণসংহতি আন্দোলন জোর দিয়ে বলছে, এ দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে বিচার সংস্কার ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। যারা হত্যা ও ষড়যন্ত্রে জড়িত ছিল, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে সাকি বলেন, “আমরা ঐকমত্য চাই। আগামী জনপ্রতিনিধিরা যেন এই ঐকমত্য বাস্তবায়নে বাধ্য থাকে তার নিশ্চয়তা তৈরি করতে হবে। সংসদে বসে সংস্কার কার্যকর করার জন্য টেকসই গ্যারান্টি প্রয়োজন।”

তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি, দেশি-বিদেশি দোসর ও ভারতীয় আধিপত্যবাদীরা এ অভ্যুত্থান ভিন্ন পথে নিতে চক্রান্ত করছে। তাই রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, জেলা সাধারণ সম্পাদক আরিফুর রহমান মিরাজ, কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন এবং ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী।

দিনব্যাপী সম্মেলন শেষে গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন দেওয়ান আব্দুর রশিদ নীলু। পরে জোনায়েদ সাকির নেতৃত্বে নগরীর সদর রোডে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশসহ ৯ দেশ

চন্দ্রদ্বীপ ‍নিউজ: দিন দিন  সংকুচিত হচ্ছে বাংলাদেশীদের শ্রমবাজার।আর তারই ধারাবাহিকতায়  বাংলাদেশসহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা।

শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে  ছিল  সংযুক্ত আরব আমিরাত   আর সেখানে  ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন।

তবে এবার বেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপ করলো আমিরাত। এই বিধিনিষেধের অর্থ হলো- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।

এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না।




বরগুনায় এক দিনে ডেঙ্গুতে কেড়ে নিল চারজনের প্রান

চন্দ্রদ্বীপ ‍নিউজ: জীবন যেন কচু পাতার পানি একটু   এদিক ওদিক হলে গড়িয়ে পরে।শনিবার সকাল আটটা পর্যন্ত বরগুনার পাথরঘাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের  মৃত্যু হয়েছে।  এর মধ্যে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং স্থানীয় ক্লিনিকে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বরগুনার সিভিল সার্জন আবু ফাত্তাহ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি হিসাবে এ নিয়ে চলতি বছর জেলার ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেলেন। এর মধ্যে বরগুনার জেনারেল হাসপাতালে মারা গেছেন ৯ জন।

সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাথরঘাটা উপজেলার উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার সিদ্দিক মোল্লা (৪৫) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার নুরজাহান বেগম (৭৫)।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাখাল বিশ্বাস অপূর্ব জানান, গত কয়েক দিন বৃষ্টি ছিলে। বৃষ্টি কমে যাওয়ার পর থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ বেড়েছে। প্রতিনিয়ত জ্বর নিয়ে রোগী আসছেন চিকিৎসা নিতে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরগুনায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জুনের মাঝামাঝি সময়ে বরগুনায় এডিস মশার লার্ভা জরিপ কার্যক্রম চালায়। গত ২৬ জুন এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর জরিপের ফলাফল প্রকাশ করে জানায়, বরগুনা পৌরসভার ৩১ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৭৬ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেছে।




কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ডলফিন। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের গঙ্গামতি ফরেস্টার ঢালা এলাকায় স্থানীয়রা ১০ ফুট লম্বা ইরাবতী প্রজাতির এ ডলফিনটি দেখতে পান। ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন এবং চামড়া উঠে যাওয়ার চিত্র দেখা গেছে।

প্রথমে বিষয়টি কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সদস্য রহমান বিশ্বাসের নজরে আসে। তিনি ঘটনাটি উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্যদের জানালে দ্রুত তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে বন বিভাগ এবং কুয়াকাটা পৌরসভার সমন্বয়ে ডলফিনটির মৃতদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডলফিনটির শরীরের অবস্থা দেখে মনে হয়েছে এটি জোয়ারের পানির স্রোতে এসে ভেসে উঠেছে। ইরাবতী প্রজাতির এই ডলফিন সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের উপকূলবর্তী নদীর মোহনায় বেশি দেখা যায়।”

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “এখানে পরিবেশকর্মীরা সবসময় সতর্কভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের সহযোগিতায় মৃত ডলফিনটি মাটিচাপা দেয়া হয়েছে। চলতি বছরেই এখন পর্যন্ত উপকূলীয় এলাকায় ১০টির মতো ডলফিনের মৃতদেহ ভেসে এসেছে। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত এর কারণ উদঘাটন করুক।”

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি জানান, “বর্ষা মৌসুমে ডলফিনের মৃতদেহ ভেসে আসা নতুন কিছু নয়। তবে উন্নত বিশ্বে সামুদ্রিক প্রাণী রক্ষায় যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়, বাংলাদেশ এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী ডলফিনসহ সব সামুদ্রিক প্রাণী রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, “আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদস্যদের পাঠিয়ে ডলফিনটির মৃতদেহ মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছি। এতে দুর্গন্ধ ছড়ানো বন্ধ হবে।”

স্থানীয় পরিবেশকর্মীরা জানান, ডলফিনের মৃত্যুর এ ধারা উপকূলের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সঠিক গবেষণা ও প্রতিরোধমূলক পদক্ষেপ না নিলে এই প্রজাতি মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম