বাবুগঞ্জে ধর্ষিতা স্কুল ছাত্রী জন্ম দিয়েছে ফুটফুটে ছেলে

বরিশাল অফিস :: বাবুগঞ্জে ধর্ষিতা এসএসসি উত্তীর্ন ছাত্রী জন্ম দিয়েছে এক পুত্র সন্তান। তবে ওই সন্তানকে স্বীকৃতি দিতে অপারগতা প্রকাশ করেছে ধর্ষক। স্থানীয় প্রভাবশালীদের চাঁপে অসহায়ক ছাত্রী ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে। বৃহস্পতিবার দুপুরে স্কুল ছাত্রী জানান, প্রায় ১০ মাস পূর্বে সন্ধ্যার দিকে বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যায়।

এ সময় পিছন থেকে তার মুখ চেঁপে ধরে জোরপূর্বক তাকে পাশের জালাল চৌকিদারের ঘরে নিয়ে যায় একই গ্রামের মোহন খানের ছেলে জুয়েল খান (২৭)। সেখানে তাকে একাধিকবার ধর্ষন করে জুয়েল। বিষয়টি কাউকে জানালে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়। ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রাখে। কিন্তু সে অন্ত.সত্তা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ হয়। তখন ধর্ষক জুয়েল আত্মগোপনে যায়।

ছাত্রীর অভিযোগ, বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য জুয়েলের চাচা বাবু খানসহ এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি তাকেসহ পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। গত ৫ জুন পুত্র সন্তানের জন্ম দেন।
ধর্ষক জুয়েলকে গ্রেপ্তারসহ সন্তানের পিতৃ পরিচয় দেয়ার দাবি জানিয়েছেন ছাত্রী।

তবে জুয়েলের চাচা বাবু খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, জুয়েল বিয়ে করেছে। তার স্ত্রী রয়েছে। তারপরেও ওই স্কুল ছাত্রীর গর্ভে জন্মগ্রহণ করা শিশুর বাবা জুয়েল হলে অবশ্যই তার বিচার হওয়া উচিত।




চতুর্থ ধাপে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

বরিশাল অফিস ::  বরিশাল বিভাগের আট উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা হয়। বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন।

চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন-বাবুগঞ্জের ফারজানা বিনতে ওহাব, বানারীপাড়ার মো. গোলাম ফারুক, উজিরপুরে মো. হাফিজুর রহমান, পটুয়াখালীর কলাপাড়ার আবদুল মোতালেব তালুকদার, রাঙ্গাবালীর মু. সাইদুজ্জামান মামুন, ভোলার চরফ্যাশনের মো. জয়নাল আবেদীন, মনপুরার মো. জাকির হোসেন, বরগুনার আমতলীর গোলাম ছরোয়ার ফোরকান ও তালতলীর মো. মনিরুজ্জামান মিন্টু।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবীব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার-পানি সম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল অফিস :: সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটে বন্যার জন্য কিশোরগঞ্জের মিঠামইন সড়ককে দায়ী করছেন অনেকে। এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। সত্যি যদি তাই হয়, তাহলে মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের ব্যবস্থা করবে সরকার।’ বৃহস্পতিবার সিলেট নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদী খাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট সিটি মেয়র নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখছেন। সিলেট নগরকে আগাম বন্যার কবল থেকে রক্ষায় সুরমা নদী ড্রেজিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগেও, নদীতে পলিমাটি থাকায় ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। প্রকৌশলীদের সাথে আলাপ করে শিগগিরই ড্রেজিংয়ের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন করা হচ্ছে। নদীভাঙন, পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।’ এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।




চরফ্যাশনে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মো. আক্তার তালুকদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার তালুকদার একই ওয়ার্ডের বাসিন্দা।   স্বজন ও থানা পুলিশ জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর ঘাস কাটতে মাঠে যান কৃষক আক্তার। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা আক্তারের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




সরকার দেশের শিক্ষাখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি শাওন

বরিশাল অফিস :: ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সুশিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার চায় সুশিক্ষিত জাতি গঠন করতে। যারা আগামীর তথ্য-প্রযুক্তি সম্পূর্ণ স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। এ জন্যই দেশের শিক্ষাখাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

বুধবার রাতে ভোলার লালমোহন উপজেলায় ‘লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের’ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও এ সময় আড়াইশত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান করা হয়।

লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি রেদওয়ান আহমেদ জ্যোতির সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক আশ্রাফুর রহমান তুহিনের সঞ্চালনায় এ সময় নাওয়াল গ্রুপের চেয়ারম্যান ফারজানা চৌধুরী রতœা, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, ধলীগৌরনগর ইউপি চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




বরিশাল মুলাদীতে এক জেলেকে জরিমানা

বরিশাল অফিস :: বরিশাল মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে মশারী জালসহ আটক জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার মুলাদী উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে ট্রলারসহ জেলে আটক ও জাল উদ্ধার করা হয়। বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজামউদ্দিন জরিমানা করেন।

বরিশাল মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িতপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল খাঁ নদীর নন্দির বাজার এলাকায় অভিযান করা হয়। এ সময় বিশাল একটি মশারী জাল ও ট্রলার উদ্ধার করা হয়। আটক করা হয় জেলে মুলাদীর বড় পাতারচর এলাকার বাসিন্দা জেলে মো. রাহাত সরদারকে।

পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত জেলেকে তিন হাজার টাকা জরিমানা করেছে। উদ্ধার করা ট্রলার নিলামে বিক্রি করা হবে। জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভবিষ্যতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার না করার শর্তে জেলের কাছ থেকে মুচলেকা ও জরিমানা রেখে ছেড়ে দেয়া হয়।




হিজলায় বেকারীর গুদাম থেকে চাল উদ্ধার

 বরিশাল অফিস :: হিজলা উপজেলার হরিনাথপুর বাজারের বেকারীর গুদাম থেকে উদ্ধার করা হয়েছে জেলেদের জন্য বরাদ্দের চাল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টার সময় উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইয়াসীন সাদেক চাল উদ্ধার করেন।
হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইয়াসীন সাদেক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হিজলা উপজেলার হরিনাথপুর বাজারের ভাই ভাই বেকারী থেকে ৮ বস্তায় প্রায় সাড়ে তিনশ’ কেজি চাল উদ্ধার করা হয়েছে। বেকারী মালিক জানিয়েছে ওই চাল হরিনাথপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাঈদ বেপারী রেখেছে। কিন্তু ওই ইউপি সদস্য ও কোন স্বাক্ষী না পাওয়া চাল নিজের জিম্মায় নিয়েছেন বলে জানান নির্বাহী হাকিম।

তিনি আরো জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। হরিনাথপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ তৌফিকর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে জেলেদের দুইবারের, ঈদের বিশেষ ভিজিএফ, জিআর ও রেমালে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দ হওয়া চাল বিতরন করা হচ্ছে। উদ্ধার চাল কোন বরাদ্দের জানি না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে গোডাউনের মালিক আবদুর রহমান জানান, ঈদের আগের দিন রাতে ট্রলার না পেয়ে সাঈদ মেম্বার এ চাল আমার গোডাউনে রাখেন।

ইউপি সদস্য আবু সাঈদ বেপারী জানায়, গত সপ্তাহে পরিষদে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সেখানে ৫ জন জেলের চাল নিতে রাত হয়ে গিয়েছিল। তখন তারা ট্রলার না পাওয়ায় তাদের ভাই ভাই বেকারীর গোডাউনে মালিক আবদুর রহমানের হেফাজতে রাখার জন্য বলেছি।




দশমিনা সোনালী অতীত বনাম পটুয়াখালী সোনালী অতীত এর ফাইনাল খেলা সম্পন্ন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গত বুধবার বিকেল ৫ টায় পটুয়াখালী সোনালী অতীত বনাম দশমিনা সোনালী অতীত এর মধ্যকার ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ছে।

উক্ত খেলায় নওশাদ মাহমুদ অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।

আরো পড়ুন : বাউফলে চুরির অভিযোগে ২ যুবক গ্রেফতার

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন সৈকত, দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি সিকদার রিয়াদ হোসেন অপু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




বাউফলে চুরির অভিযোগে ২ যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে নগদ ৫৬ হাজার টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও ৩ হাজার টাকার রুপার অলংকারসহ মোঃ শাকিল আকন (২৫) ও তৌফিকুর রহমান রাসেল (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে জব্দকৃত মালামালসহ গ্রেপ্তারকৃতদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঈদুল আযহার পরের দিন রাতে বাউফল পৌর শহরের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের উত্তর পাশে তিনতলা বিশিষ্ট একটি ফ্লাটের নিচতলা ও দোতালায় চুরি হয়। ওই দুই ফ্লাটের একটিতে বাউফল থানার এসআই আশ্রাফুল ও আবুল বশার নামের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে তারা বাড়ি চলে যান। ছুটি শেষে তারা ফিরে এসে দেখেন ফ্লাটের বাসার দরজার তালা ভাঙ্গা। ওই দুই ফ্লাট থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল চুরি হয়ে যায়।

আরো পড়ুন : ইউপি ভবন নির্মাণের দাবিতে দুুমকিতে মানববন্ধন

এ ঘটনায় আবুল বশার বাদি হয়ে বুধবার রাতে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিন দিবাগত রাত ২টার দিকে শাকিল ও তৌফিক নামের দুই যুবককে গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাইকৃত মালামালের মধ্যে নগদ ৫৬ হাজার টাকা, ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও ৩ হাজার টাকার রুপার অলংকার উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাসিন্দা আঃ মন্নান আকনের ছেলে এবং তৌফিক বাউফল পৌর শহরের ৪নং ওয়ার্ডে বাসিন্দা তোফাজ্জেল হোসেনের ছেলে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, গ্রেপ্তারকৃত শাকিল ও তৌফিকসহ জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে।




ইউপি ভবন নির্মাণের দাবিতে দুুমকিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলার ১ নম্বর পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছেন ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন ষাটের দশকে নির্মিত পরিত্যক্ত পাঙ্গাশিয়া ইউপি ভবনের সামনের সড়কে স্থানীয় স্বেচ্ছাসেবী যুব সংগঠন ’একতা সংঘ’র উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকের ভিড়

একতা সংঘের সভাপতি আবিদ আল-আসাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাঈম বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন কার্যালয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা বসতে পারেন না, বৃষ্টিতে পরিষদের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার, বিশেষ করে নাগরিকদের জন্ম-মৃত্যুর বহি. ট্যাক্স ফাইলসহ কাগজপত্র নষ্ট হয়ে যাওয়ায় সাধারণ মানুষ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। ভবন না থাকায় মেম্বার, চেয়ারম্যান ও সচিবদের একত্রে পাওয়া দুষ্কর, আর এ কারণেই সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ইউনিয়নবাসীর ভোগান্তি লাঘবে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।