দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বছর পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অতীতের চেয়ে আরও দৃঢ় হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশ্বাস দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবারের শারদীয় দুর্গাপূজায় ৩৩ হাজার পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সাতজন ভলেন্টিয়ার থাকবে, পাশাপাশি আনসারের আটজন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জসহ সারাদেশেই দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। বরং এ বছর পূজা হবে উৎসবমুখর পরিবেশে। তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে, এ বছর তা আরও জোরদার হয়েছে।
পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫









