জীবনের সবচেয়ে বড় ভুল ‘বিয়ে’: শামি মুখ খুললেন

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি নিজের ব্যক্তিজীবনের টালমাটাল সময় নিয়ে অবশেষে প্রকাশ্যে মুখ খুলেছেন। টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ তিনি অকপটে জানিয়েছেন, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিয়ে করা। তবে এর দায় কোনো ব্যক্তির উপর চাপাননি, বরং ভাগ্যকেই দায়ী করেছেন।
শামি বলেন, “জীবন আমাদের অনেক কিছু শেখায়। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হলো বিয়ে করাটা। এটি স্বীকার করতে কোনো দ্বিধা নেই। তবে কাউকে দোষ দিতে চাই না। আমার ভাগ্যটাই খারাপ।”
ব্যক্তিগত ব্যর্থ সম্পর্কের কারণে শামি একসময় এমন মানসিক চাপ অনুভব করেছিলেন যে নিজের জীবন শেষ করার কথাও ভেবেছিলেন। তিনি বলেন, “নিজেকে শেষ করে দেওয়ার ভাবনাও এসেছিল। ভাগ্যিস তেমন কিছু ঘটেনি, নাহলে তো বিশ্বকাপে খেলতে পারতাম না। ক্রিকেটের প্রতি ভালোবাসাই আমাকে সেই ভুল পথে যেতে দেয়নি। তাই সবকিছু ভুলে আমি ক্রিকেটেই মনোযোগ দিয়েছি।”
মানসিক চাপ ও ব্যক্তিগত সংকট সত্ত্বেও শামি কখনো দেশের জার্সির মর্যাদা নিয়ে আপস করেননি। তিনি আরও বলেন, “যখন সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছিলাম, তখন ব্যক্তিজীবনের টানাপোড়েন আমাকে অন্য দিকে টেনে নিচ্ছিল। বাড়ির পরিস্থিতি সামলে দেশের হয়ে খেলা ছিল কঠিন। তবে দেশের হয়ে খেলতে নেমে এসবের কোনো গুরুত্ব নেই। আমার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন ছিল, আর তখন আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।”
শামি ২০১৪ সালে হাসিন জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০১৮ সালে এই সম্পর্ক বিচ্ছেদের পথে চলে এবং বর্তমানে আদালতে মামলা বিচারাধীন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন।
ক্রীড়া জীবনে এবং মানসিক লড়াইয়ে সফলতার প্রতীক শামি ২০২৩ সালের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে নিজেকে আবার প্রতিষ্ঠিত করেছেন। এক দশকের বেশি সময় ধরে ভারতের হয়ে খেলায় দাপট দেখানো এই পেসার মাঠে যেমন সফল, জীবনের লড়াইয়েও তেমনি অটল থেকেছেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








