বিশ্বকাপের ফাইনালসহ টিভিতে খেলার সূচি




বরগুনায় বরাদ্দের জন্য অপেক্ষা ভোগান্তি নিয়ে বসবাস

বরিশাল অফিস :: দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের ক্ষত এখনও রয়ে গেছে। রেমালে সৃষ্ট জলোচ্ছ্বাস ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনসহ বিভিন্ন অবকাঠামো। প্রায় এক মাসেও ক্ষতিগ্রস্ত এসব অবকাঠামো মেরামত হয়নি।

বেতাগীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্যমতে, রেমালে উপজেলায় ২০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উপজেলার বাসিন্দাদের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। দীর্ঘদিনেও কর্তৃপক্ষ মেরামত কাজে হাত না দেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ কমেনি। তবে কিছু এলাকায় স্থানীয়রা মেরামত করে চলাচলের উপযোগী করেছে।

সরেজমিনে দেখা গেছে, বেতাগী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে, বিষখালী নদীর তীরবর্তী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের কালিকা-মায়ারহাট সড়কের একটি অংশ ধসে পড়েছে। উপজেলা আন্তঃসড়ক ও আঞ্চলিক সড়কের সঙ্গে মায়ারহাট বাজার হয়ে ইউনিয়ন পরিষদে যাতায়াতের সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোকামিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল গাজী বলেন, ‘বিষখালী নদীর তীরবর্তী এলাকায় এলজিইডির পাকা সড়কের কয়েকটি জায়গায় ধসে যাওয়ায় যোগাযোগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।’ বুড়ামজুমদার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর জানান, তার এলাকায় এলজিইডি নির্মিত বদনীখালী-কাউনিয়া, বদনীখালী-কাজিরাবাদ-সরিষামুড়ি পাকা সড়কের নানা স্থানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। সাময়িক চলাচলের জন্য মেরামত করা হলেও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেমালে সৃষ্ট জলোচ্ছ্বাস ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সড়ক। বেতাগী পৌর এলাকার বিষখালী নদীর তীরে

সরেজমিনে দেখা গেছে, বেতাগী হাসপাতাল সড়ক, ঝোপখালী-ভোলানাথপুর সড়ক, বদনীখালী-কাউনিয়া সড়ক, কাউনিয়া-কালিকাবাড়ি সড়ক, বেতাগী বাজার-খারাকান্দা সড়ক, বেতাগী কাউনিয়া সড়ক, মোকামিয়া লঞ্চঘাট সড়ক, মোকামিয়া-চরখালী সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান শিপন জমাদ্দার বলেন, ‘ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ছোট ছোট যানবাহনও চলাচল করতে পারছে না। কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন ও আবেদন করলেও মেরামত শুরু হয়নি।’

উপজেলার অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ জলোচ্ছ্বাসে ভেঙে গেছে। পাউবো মাটি দিয়ে বাঁধ মেরামত করলেও এলজিইডি সড়কের ওপর ইট বিছানোর কাজ শুরু করেনি। এখন বর্ষা মৌসুমে সেসব জায়গা কর্দমাক্ত হওয়ায় মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান খান বলেন, ‘রেমালে গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন ভীষণ দুর্ভোগে পড়েছে। এসব ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করা দরকার।’

এ ছাড়া রেমালের তাণ্ডবে উপজেলার ২০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো দ্রুত সংস্কার করায়, শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। সামনে বর্ষা মৌসুমে দুর্ভোগের আর শেষ থাকবে না। সরেজমিনে দেখা গেছে, উপজেলার কাউনিয়া কলেজ ও আরএলজিএফ ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউনিয়া কলেজের টিন শেডের ভবন মাটির সঙ্গে মিশে গেছে। বিভিন্ন আধা পাকা প্রতিষ্ঠানের ভবনের দেয়ালে ফাটল ধরেছে। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর বিধ্বস্ত হয়েছে। অনেক প্রতিষ্ঠানের ভবনের ওপরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে।

কাউনিয়া কলেজের শিক্ষক এএসএম জহিরুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড়ে কলেজটি লন্ডভন্ড হয়ে যায়। মূল্যবান কাগজ, আসবাবপত্র এবং ল্যাবের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় কলেজে ক্লাস কিংবা অফিসিয়াল কাজ পরিচালনা করা যাচ্ছে না। বৃষ্টি এলেই ছুটির প্রয়োজন হয়।’

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী শেখ তৌফিক আজীজ বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গ্রামীণ সড়কের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে ইতোমধ্যে চাহিদাপত্র প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে মেরামতের কাজ শুরু হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মাসুদুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। এসব প্রতিষ্ঠান দ্রুত সংস্কার করা না হলে পাঠদান ও পরীক্ষা ব্যাহত হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমদ বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ এলেই সংস্কারকাজ শুরু হবে।’




উজিরপুরে অবৈধ জাল ব্যবহারে ইউএনওর হুঁশিয়ারি

বরিশাল অফিস :: বরিশালের উজিরপুরে অবৈধ বাধাজাল, চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহারকারীদের হুঁশিয়ার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার নিষিদ্ধ জাল ব্যবহার করলে জরিমানার সঙ্গে জেলও খাটতে হবে।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে উজিরপুর পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দসাহা বিলে দেশীয় প্রজাতির শিং, মাগুর ও পাবদা মাছের ১০ হাজার পোনা অবমুক্তকরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের জীববৈচিত্র্য রক্ষার্থে দেশীয় প্রজাতির মাছের বিকল্প নেই। যে সকল জাল দিয়ে মাছের পোনা নিধন হয় সে সকল জাল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। যদি জেলেরা বন্ধ না করে তাহলে অর্থদণ্ডের সঙ্গে সঙ্গে জরিতদের জেলও খাটতে হবে।’

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উজিরপুর এসডিএফএর ক্লাস্টার অফিসার মো. রুস্তম আলী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, পরমানন্দসাহা মৎস্যজীবী গ্রাম সংগঠনের সভাপতি আব্দুল মালেক ঢালী, সাকরাল মৎস্যজীবী গ্রাম সংগঠনের সভাপতি মো. শুক্কুর আলী, উজিরপুর উপজেলা মৎস্য ফেডারেশনের সভাপতি মো. মোরশেদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, দেশের ২৬০টি দেশীয় প্রজাতির মাছ রয়েছে, এর মধ্যে ৬৪ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। তাই এ সকল বিলুপ্তপ্রায় মাছ জলাশয়ে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর উপজেলার বিভিন্ন অঞ্চলে অভয়াশ্রম তৈরি করেছে এবং স্থানীয় সুবিধাভোগীদের নিয়ে শক্তিশালী কমিটি করে মাছ রক্ষার চেষ্টা করছে।




বরিশাল মেডিকেলে আয়ার থাপ্পড়ে বিএম কলেজ শিক্ষার্থী আহত

বরিশাল অফিস :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার থাপ্পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হওয়া ওই শিক্ষার্থীর নাম নাহিদা সুলতানা। তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। পরে আহত অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকাল ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ওই আয়াকে আটক করলেও পরে ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী  এ তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদা সুলতানা জানান, তার মা অসুস্থ হয়ে গত ১৮ জুন থেকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আজ দুপুরে শয্যার নিচে পানি পড়ে। তখন ওয়ার্ডের আয়া হ্যাপি আক্তার পানি পরিস্কারের জন্য ৫০ টাকা দাবি করেন। তার কাছে টাকা না থাকায় পানি নিজেই পরিস্কার করেন। এতে আয়া হ্যাপি ক্ষিপ্ত হয়ে দুই কানে সজোরে থাপ্পড় দেয়। এ সময় আয়া বলেন, এটা কি তোর কাজ ? এটা আমার কাজ।

ওয়ার্ডের অন্যান্য রোগীরা নাহিদাকে উদ্ধার করে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করে। এ ঘটনা পুলিশকে অবহিত করলে তারা এসে আয়াকে তাদের হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, ‘আয়াকে হেফাজতে আনা হয়। পরে আয়ার স্বামীসহ পরিবারের সদস্যরা এসে ক্ষমা চেয়েছে। ভুক্তভোগীর পরিবার ক্ষমা করে দিয়েছে।’




ঝালকাঠিতে কলেজছাত্রকে কুপিয়ে হ*ত্যা

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরে জমি ও পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৩টার দিকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে। নিহত লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।

নিহতের বাবা শাহ আলম ও ভাই অনিক রহমান অভিযোগ করে বলেন, জমি ও পূর্ব বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালের ছেলে শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রবের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫-২০ জন। অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে রাজাপুর, বরিশালে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




স্বামীকে তালাক দিয়েই প্রেমিকের বাড়িতে হাজির তরুণী, অতঃপর…

বরিশাল অফিস :: পরকীয়ার জেরে স্বামীকে তালাক দেওয়ার সাত দিনের মধ্যেই প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন আবিদা সুলতানা নামে এক নারী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলার জন্য কাজী এনে পরকীয়া প্রেমিকের সঙ্গে দেওয়া হয় বিয়ে।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেঙ্গকাঠী ইউনিয়নের গোবিন্দগুহকাঠি গ্রামে। আবিদা সুলতানা একই ইউনিয়নের উত্তর করফা গ্রামের মো. বারেক বেপারীর মেয়ে। আর প্রেমিক পাশের ইউনিয়নের মোহাম্মদ কাওসার।

জানা যায়, গত ২১ জুন ইন্দুরহাট কাজী অফিসে গিয়ে সমঝোতার মাধ্যমে তালাকনামায় স্বাক্ষর করেন আবিদা সুলতানার সঙ্গে স্বামী নাঈম হোসেন। স্বাক্ষরের এক সপ্তাহ যেতে না যেতেই পাশের ইউনিয়নের মোহাম্মদ কাওসার নামে এক যুবকের বাড়িতে গিয়ে উঠেন ওই নারী। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে যে কাজী দিয়ে তালাকনামায় স্বাক্ষর করিয়েছিলেন ওই কাজী দিয়েই বিয়ে পরিয়ে বর্তমান প্রেমিকের বাসায় রেখে যান তিনি। এ নিয়ে কাজী তোপের মুখে পড়লে সবাইকে না জানিয়ে শটকে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সারেঙ্গাটি ইউনিয়ন চেয়ারম্যানের ভাই চাঁনমিয়া জানান, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলার জন্য কাজী এনে বিয়ে পরিয়ে দিয়েছি। জানি শরিয়ত মতে এই বিয়ে বৈধ নয়। শুনেছি এদের সঙ্গে বিবাহবহির্ভূত পূর্বেই সম্পর্ক ছিল। বৈধতা দেওয়ার জন্য প্রাথমিকভাবে সামাজিক স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করেছি মাত্র।

ওই তরুণীর আগের স্বামী নাঈম হোসেন বলেন, আবিদা সুলতানা আমার সঙ্গে সংসার করতে চায় না বলে একাধিকবার সংসারে অশান্তি হয়েছে। মাঝেমধ্যে বন্ধুর বাসায় যাই বলে বাড়িতে আসত না। আমি আর ঝামেলায় যেতে চাই না বলে তার কথায় রাজি হয়েছি।

ভুক্তভোগী আবিদা সুলতানা জানান, আমার সঙ্গে কাওসারের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমরা উকিলের মাধ্যমে নোটারি করে বিয়ে করেছি।

কাজী ইউসুফ জানান, নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে বৈধভাবে পুনরায় বিয়ের রেজিস্ট্রেশন করা যাবে না। এলাকাবাসীর অনুরোধে শুধু বিয়ে পরিয়ে দিয়েছি যাতে তারা সাময়িকভাবে একসঙ্গে বসবাস করতে পারে।

নেছারাবাদের পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই মুজিবুর রহমান জানান, মৌখিকভাবে বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করে তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।




অটোরিকশায় হাত দিতেই লুটিয়ে পড়েন ইয়াছমিন

বরিশাল অফিস :; ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ইয়াছমিন বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত গৃহবধূ ওই এলাকার মো. নিরব হাওলাদারের স্ত্রী। এছাড়া তিনি তিন সন্তানের জননী ছিলেন।

ওই গৃহবধূর মেয়ে মিম আক্তার বলেন, সকালে আমার মা ধনেপাতা তুলতে বসতঘর সংলগ্ন বাগানে যান। পাতা তুলে ফিরে আসার সময় ঘরের পাশে থাকা বাবার চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি স্পর্শ করলে মাটিতে লুটিয়ে পড়েন মা। বিষয়টি বুঝতে পেরে আমি মায়ের কাছে ছুটে গিয়ে চিৎকার দিলে আমার বাবা ও ভাই এসে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। এরপর মাকে সেখান থেকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




আমতলীতে বাসচাপায় মাছ ব্যবসায়ী নিহত

বরিশাল অফিস :: পটুয়াখালীর আমতলীতে বাসচাপায় মঞ্জু খান (৪৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) সকালে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুখান পটুয়াখালীর হেতালিয়া বাজারের একজন ব্যবসায়ী।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সীমান্ত নামে একটি পরিবহন কুয়াকাটা যাচ্ছিলো। বাসটি আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা নামক স্থানে আসামাত্র বিপরীত দিক থেকে আসা মঞ্জুখানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মঞ্জু খান ও মোতালেব হাওলাদার নামে দুজন আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে মঞ্জু খান মারা যান।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার পরপরই বাসটি আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরিশালে ১ সপ্তাহে ৬ জনের আত্ম*হত্যা,২ জন ব্যর্থ

বরিশাাল অফিস :: বরিশাল নগরীসহ বিভিন্ন উপজেলায় বেড়েছে আত্মহত্যার ঘটনা। গত এক সপ্তাহে নগরীসহ জেলায় ৬ জন আত্মহত্যা করেছে। এছাড়া আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আরো ২জন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিমান করে আত্মহননের পথ বেছে নিচ্ছেন শিশুসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষ যখন কারো কাছ থেকে সহায়তা পাওয়ার সম্ভাবনা খুঁজে পায়না তখনই আত্মহননের পথ বেছে নেয়। এ থেকে মুক্তি পেতে হলে সামাজিকভাবে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে হবে। আত্মহত্যায় প্ররোচিত করা কিংবা আত্মহত্যার চেষ্টা একটি অপরাধ। কাউকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা ও অভিযুক্ত শাস্তির আওতায় আনলে কিছুটা কমে যেত বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

দেশের ফৌজদারী দন্ডবিধির ৩০৬ ধারায় কাউকে আত্মহত্যার প্ররোচনা কিংবা সহায়তা করার অপরাধে অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদন্ড দেওয়ার বিধান রয়েছে। আত্মহত্যার চেষ্টাকারীকে ৩০৯ ধারায় এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়ার বিধান। কিন্তু পরিবার কিংবা সংশ্লিষ্টরা এই আইন ইচ্ছে করে কিংবা মানবিক কারন দেখিয়ে এড়িয়ে যায়। যার কারনে আত্মহত্যার ঘটনা বাড়ছে।

গত শুক্রবার রাতে মুলাদী উপজেলায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী সুমাইয়া। উপজেলার ডিক্রীরচর গ্রামের মনিরুজ্জামান টিয়া বেপারীর মেয়ে এবং দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুমাইয়া রাতে পাশের বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়। এ নিয়ে তাকে গালমন্দ করে মা। এতে অভিমান করে আত্মহত্যা করে সে।

একই উপজেলায় শুক্রবার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন নুরুন্নবী হাওলাদারের (৩৫) লাশ উদ্ধার করা হয়। উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত আব্দুল মন্নান হাওলাদারের ছেলে সে। উজিরপুর উপজেলায় সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় তিনজন আত্মহত্যা করে। পারিবারিক কলহের জেরে সোমবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার উত্তর শোলক ৭ নং ওয়ার্ডের মোঃ সেলিম হাওলাদারের ছেলে মোঃ শাওন (১২) কীটনাশক পান করে আত্মহত্যা করে। বেলা সাড়ে ১২ টার দিকে বাহেরঘাট গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত তাহের হাওলাদারের ছেলে আব্দুল মন্নান হাওলাদার (৪০) ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পীরের পাড় ৭ নং ওয়ার্ডের মৃত রমণী সমদ্দারের স্ত্রী ক্যান্সারের রোগী সুখদা সমদ্দার (৬৫) বাড়ির পিছনের আম গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

অসুখ ও অভাবের তাড়নায় নগরীর মনসাবাড়ির গলির বাসিন্দা খোকন মন্ডল আত্মহত্যা করেছে। দুই সন্তানের জনক খোকন দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন। স্ত্রী গৃহপরিচারিকার কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (২৫) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সকালে উপজেলার কোদালধোয়া গ্রামের বিরাজ ঘরামীর মেয়ে মৌ ঘরামী (২৩) তার মায়ের সাথে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এর আগে নগরীর কাউনিয়ায় নিজ কন্যাকে হত্যা করে আত্মহত্যা করেছে যুবক নাঈম হাওলাদার। তালাক দেয়া স্ত্রী ৫ বছর বয়সী কন্যা রাবেয়া বশরীকে নিয়ে যাওয়ার কথা বললে নিজ সন্তানকে জবাই করে। একই বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে নাঈম। এর দুই দুইদিন আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা লাইব্রেরীতে প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করে মেধাবী শিক্ষার্থী শেফা নূর ইবাদী।

আত্মহত্যা থেকে শিক্ষার্থীদের ফেরাতে কাউন্সিলিং ও গাইডেন্স সেন্টার খুলেও প্রতিরোধ করতে পারছেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।




কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের ইন্টারনেট পুনরায় চালু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় নির্মিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউই-৫ এর মেরামত কাজ শেষে পুনরায় চালু হয়েছে।

দীর্ঘ দুই মাস আট দিন বন্ধ থাকার পর শুক্রবার (২৮ জুন) দুপুরে বাংলাদেশের সাবমেরিন ক্যাবলস পিএলসি ল্যান্ডিং স্টেশন থেকে সমগ্র দেশে দ্রুত গতির এ ইন্টারনেট সেবা চালু হয়।

সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার সমুদ্র তলদেশে গত ২০ এপ্রিল ক্যাবল কেটে যাওয়ার এতদিন বন্ধ ছিল সীমিউই-৫ কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের দ্রুত গতির ইন্টারনেট সেবা।

আরো পড়ুন : পটুয়াখালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিলসির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করছেন।

তিনি জানান, সীমিউই-৫ সেবা বন্ধ হওয়ার পর কক্সবাজার সিমিউই-৪ এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেওয়া হয়েছিল। সীমিউই-৪ থেকে আগামী দু-একদিনের মধ্যে সীমিউই-৫ এর গ্রাহকদের কুয়াকাটা সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ জানুয়ারি সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ১ দশমিক ৬ টেরাবাইট গতির ইন্টারনেট দেওয়ার লক্ষ্য নিয়ে দেশের সর্বোচ্চ গতির দেশের দ্বিতীয় কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন যাত্রা শুরু করে।