পিআর নির্বাচনে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, প্রস্তাবিত আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন পদ্ধতি চালু হলে প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে এবং সব দলের সংসদে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এতে ফ্যাসিবাদী রাজনীতি কমে যাবে এবং এমপিরা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুলের (সা.) শিক্ষা’ শীর্ষক সিরাত কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম বলেন, “৫ আগস্টের পর ভারতের মিডিয়ায় সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার চলার সময় ইসলামী নীতি-আদর্শে বিশ্বাসীরা তাদের জানমাল, ইজ্জত ও উপাসনালয় রক্ষায় কাজ করেছে। প্রশাসন থমকে গেলে তারা রাস্তায় নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। অন্য রাজনৈতিক দলগুলো তখন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত ছিল।”
তিনি আরও বলেন, “৫৩ বছর ধরে আমরা প্রহসনের নির্বাচন দেখেছি। দিনের ভোট রাতের বাক্সবন্দি, কেন্দ্র দখল করে জোরপূর্বক জয় ছিনিয়ে নেওয়ার এই সংস্কৃতি আমরা আর চাই না। এই পদ্ধতি বহু মায়ের বুক খালি করেছে, বহু জীবন পঙ্গু করেছে।”
মুফতি রেজাউল করিম স্পষ্ট করেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য মন্ত্রিত্ব বা এমপিত্ব নয়; বরং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা, যার নীতি হলো ইসলাম।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫









