পিরোজপুরে হত্যা মামলায় স্বামী-স্ত্রী-সন্তানসহ ৭ জনের যাবজ্জীবন

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে জসীম খান নামের যুবককে হত্যার দায়ে স্বামী-স্ত্রী-সন্তানসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার হাতেম আলী শেখের ছেলে দেলোয়ার শেখ (৪৮), হাসেম শেখের ছেলে আবুল শেখ (৫৮), মোজাম মল্লিকের ছেলে বাবুল মল্লিক (৪৯), আফসার আলী শেখের ছেলে সিরাজুল হক শেখ (৭১), সিরাজুল হক শেখের ছেলে রাজু শেখ (৩১), সিরাজুল হক শেখের স্ত্রী ফাতেমা বেগম (৫৮) ও বাগেরহাটের চিতলমারী উপজেলার রসুল শেখের ছেলে জাফর শেখ (৫৮)।

খালাস পাওয়া আসামিরা হলেন- জহুর শেখ, হাজেরা খানম, ইমারত খান, রাবেয়া বেগম, সোহাগ খান, সুমন খান, মঞ্জু বেগম, বাবু মীর, আবদুর রব শেখ ও জাফর শেখ। এ ছাড়া মামলা চলাকালে রাজ্জাক মল্লিক ও হাতেম আলী শেখ নামে দুই আসামির মৃত্যু হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের ২৫ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে জসীম খান ও তার ভাই রাজু খান নাজিরপুর উপজেলার পাতিলাখালি গ্রামে তাদের বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তারা জীবন রক্ষার্থে দৌড়ে ঘরে উঠতে গেলে ঘরের সামনে হাতেম আলী শেখ ও দেলোয়ার শেখ জসীমকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা দা দিয়ে মাথায় কোপ দিয়ে জখম করলে জসীম মাটিতে পড়ে গেলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে হামলাকারীরা জসীমকে টেনে হাতেম শেখের ঘরের বারান্দায় নিয়ে আটকে রাখে। প্রতিবেশী রেজবী খান জসীমের চাচাতো ভাই ওয়াহিদুজ্জামানকে ফোনে ঘটনা জানালে তিনি স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জসীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে জহুর শেখ, দেলোয়ার শেখ, হাতেম আলী শেখ, সিরাজ শেখ ও রব শেখকে আটক করে।

এ ঘটনায় ওই দিনই নিহত জসীমের ভাই রাজু খান বাদী হয়ে ২২ জনকে আসামি করে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ২০১১ সালের ৭ আগস্ট নাজিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক হাওলাদার ১৯ জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সকল আসামির উপস্থিতিতে আজ এই রায় দেন। তদন্ত প্রতিবেদনে আসা ১৯ জন আসামির মধ্যে মামলা চলাকালীন দুই আসামির মৃত্যু হয়। বাকি ১৭ জনের মধ্যে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ জনকে খালাস দেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী কাজি ইলিয়াস হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবো।




বরিশাল মুলাদীতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

বরিশাল অফিস :: বরিশালের মুলাদীতে ডোবার পানিতে ডুবে এশামনি নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এশামনি চরনাজিরপুর গ্রামের আল আমিন সিকদারের মেয়ে। এশামনির স্বজন রাকিবুল ইসলাম জানান, সোমবার দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলতে ছিলো।

কোনো একসময় সে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। বেশ কিছু সময় পরে তার মা তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বরিশাল মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, শিশুর বাবা-মায়ের কোনো অভিযোগ না থাকায় জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




বরিশালে আ.লীগ নেতাকে পিটিয়ে আহত

বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মামুন সিকদারকে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

আহত মোঃ মামুন সিকদার অভিযোগ করে বলেন, গৌরনদী পৌরসভা নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী রেজাউল সিকদার টরকী বন্দরের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য দোকানপাট বন্ধ করে দেওয়াসহ সন্ত্রাসী কর্মকা- অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে টরকী বন্দরে বসে রেজাউল আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে জানতে রেজাউল সিকদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রেজাউল সিকদার অসুস্থ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তবে তার ছোট ভাই জানান, মারধরের কোন ঘটনা ঘটেনি। মামুন সিকদার আমাদের চাচাতো ভাই। সে উল্টো রেজাউল ভাইয়ের সাথে বেয়াদবী করেছে।

বরিশাল গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




ববি’তে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

বরিশাল অফিস :: সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি হিসেবে সোমবার সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে ববি’র শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা।

বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুতি সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তির দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে বলেও নেতৃবৃন্দরা উল্লেখ করেছেন। ববি’র শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর এসব তথ্য জানিয়ে বলেন, অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে।

এই সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির মধ্যে রয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ক্লাস ও সকল পরীক্ষা (অনলাইন কিংবা অফলাইন) বন্ধ থাকবে। বিভাগীয় চেয়ারম্যান অফিসিয়াল কার্যক্রম, সভা, সেমিনার, ল্যাব বন্ধ রাখবেন। অ্যাকাডেমিক কমিটির সভা, প্রশ্নপত্র সমন্বয় সভা অনুষ্ঠিত হবে না। অনুষদের ডিন অফিস, ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে। নবীন বরণ অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা যাবে না। কোনো সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে না। বিভিন্ন গবেষণাধর্মী সেন্টারে কোন সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপের কর্মসূচি গ্রহণ করা থেকে বিরত থাকা হবে। বিভিন্ন হলের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে ও প্রধান প্রন্থাগারিক কেন্দ্রীয় লাইব্রেরি বন্ধ রাখবেন।

উল্লেখ্য, একই দাবিতে ইতঃপূর্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত পাঁচদিন ধরে অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। আন্দোলনকারীরা সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনে দাবি করেন।




ইউপি চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা করার অভিযোগ

বরিশাল অফিস :: সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ও পৌর নির্বাচনে সমর্থন করা প্রার্থী পরাজিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ইউপি চেয়ারম্যানকে হত্যা পরিকল্পনায় খুনি ভাড়া করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রীর জন্য আবেদন করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার।

একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল এক কর্মকর্তাও একই মাসে দুইটি নির্বাচন পরবর্তী গৌরনদীতে হত্যা পরিকল্পনার আশঙ্কা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর ছেলে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু অভিযোগ করে বলেন, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান গত ৯ জুনের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে আমি (পিকলু) পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়াকে সমর্থন করি। নির্বাচনে মনির হোসেনের কাছে পরাজিত হয় হারিছুর।

তিনি আরও বলেন, এরপর গত ২৬ জুনের পৌরসভার উপ-নির্বাচনে আমি আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে সমর্থন করি। ওই নির্বাচনে হারিছুর রহমান জয়নাল আবেদীনকে সমর্থন করেন। সেই নির্বাচনেও হারিছের সমর্থক প্রার্থী পরাজিত হয়। এই দুই নির্বাচনে হারিছুর রহমান পরাজিত হয়ে চরমভাবে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে সে আমাকে হত্যার জন্য নারায়নগঞ্জ থেকে অস্ত্রসহ খুনি ভাড়া করে নিয়ে এসেছে। ওই ভাড়াটিয়া সন্ত্রাসীরা বর্তমানে হারিছুরের আশ্রয়ে রয়েছে।

ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু আরও বলেন, ইতোমধ্যে হারিছুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে দুইবার এবং আমার ছোট ভাইকে তিনবার কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। হামলার ঘটনায় হারিছুর রহমানকে প্রধান আসামি করে মামলা দায়েরের পরেও অদ্যবর্ধি সে গ্রেপ্তার না হওয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে যেকোন সময় আমার ওপর হামলার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি সাধারণ ডায়েরীর জন্য থানায় আবেদন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে হারিছুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া যায়নি। তবে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, নির্বাচনের শুরু থেকে অদ্যবর্ধি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। কোন সন্ত্রাসীদের গৌরনদীতে স্থান হবেনা বলেও তিনি উল্লেখ করেন।




সর্বাত্মক আন্দোলনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষকরা

পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে সারা দেশে ন্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে চলছে আন্দোলন কর্মসূচী।

দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ ১ জুলাই থেকে দাবি আদায়ে আন্দোলন কর্মসূচী শুরুর ঘোষণা দেয়া হয়।

শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ জানান, অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে তারা এ কর্মসূচী শুরু করেছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে আজ ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পবিপ্রবিতে সর্বাত্মক আন্দোলন কর্মসূচির রূপরেখা ঘোষণা করা হয়।

আরো পড়ুন : আমতলীতে থামছেই না মৃত্যুর মিছিল – এক সপ্তাহে ১২ প্রাণহানি

ঘোষিত রূপ রেখা অনুযায়ী সকল অনুষদের সকল সেমিস্টারের সব ধরনের ক্লাশ ও পরীক্ষা (অনলাইন ও অফলাইন) বন্ধ থাকবে। বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, সেল এ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ (ডিন, চেয়ারম্যান, পরিচালক ইত্যাদি) সকল ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন। বিভিন্ন অতিরিক্ত দায়িত্বে থাকা শিক্ষকগণ (প্রভোস্ট, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, পরিচালক এবং তাদের সহকারীগণ) যে কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রমে অংশ গ্রহণ থেকে বিরত থাকবেন। আন্দোলন চলাকালীন সময়ে সকল ধরনের মিটিং (একাডেমিক কাউন্সিল, রিজেন্ট বোর্ড, তদন্ত কমিটি, সিলেকশন বোর্ড, ভাইভা বোর্ড, ভর্তি কমিটি, ভর্তি পরীক্ষা কমিটি, বিভাগীয় সভা) অনুষ্ঠিত হবে না।

ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আন্দোলন চলাকালীন সময়ে সান্ধ্যকালীন কোর্স (ইভেনিং এমবিএ), থিসিস ডিফেন্স, গবেষণা প্রকল্প উপস্থাপন, সকল ধরনের ট্রেনিং, সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে না। সকল অনুষদের শিক্ষকগণ দাবি আদায়ে প্রতিদিনের ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কৃষি অনুষদ প্রাঙ্গণে অংশগ্রহণ করবেন।




প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুল মিথ্যাচার করেছ




আমতলীতে থামছেই না মৃত্যুর মিছিল – এক সপ্তাহে ১২ প্রাণহানি

পটুয়াখালী প্রতিনিধি :: বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত এক সপ্তাহে পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।

সবশেষ গতকাল রবিবার (৩০ জুন) বরিশাল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে কলাপাড়া যাওয়ার পথে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন, আহত হন আরো একজন।

এর আগে গত শুক্রবার (২৮ জুন) একই সড়কে আমতলীর মহিষকাটা বাজারে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন মাছ ব্যবসায়ী নিহত হন। আহত হন আরো চারজন।

একইদিন আমতলীর ঘটখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত হন পাঁচজন।

গত ২২ জুন বৌভাতে যাওয়ার পথে হলদিয়াহাট লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নারী ও শিশুসহ ৯ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরো অন্তত আটজন।

এছাড়াও গত এক সপ্তাহে উপজেলার আমতলী- তালতলী সড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে পৃথক মোটরসাইকেল ও ইজিবাইক দুর্ঘটনায় আরো অন্তত ২৬ জন আহত হয়েছেন।

আরো পড়ুন : পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল – ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

এ বিষয়ে আমতলীর প্রবীণ সাংবাদিক খান মতিয়ার রহমান বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের সড়কপথে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। সে অনুযায়ী যানবাহন চলাচলের জন্য সড়ক প্রশস্থ করা হয়নি। এছাড়া গাড়ির চালকদের অদক্ষতা, অসচেতনতা ও আঞ্চলিক মহাসড়কের সড়ক অব্যবস্থাপনাই প্রাণহানির প্রধান কারণ। তবে পটুয়াখালী-আমতলী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নতি করা প্রয়োজন, তা নাহলে সড়ক দুর্ঘটনা ঠেকানো অসম্ভব হয়ে যাবে।’

সচেতন মহল অবিলম্বে পটুয়াখালী-আমতলী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কটি চারলেন ও হাইওয়েতে পুলিশ দেওয়ার জোর দাবি জানান। না হলে মৃত্যুর মিছিল থামানো যাবে না বলে মত তাদের।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘আমরা ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া সড়কে দুর্ঘটনা কমাতে আইনি প্রক্রিয়াও যথাযথভাবে পালন করে যাচ্ছি।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘চালকদের চোখে পড়ে এমন রোড সাইন, রোড পোস্ট এবং মার্কিং করা জরুরি। প্রয়োজনে আমতলীতে দ্রুত হাইওয়ে পুলিশের ব্যবস্থা করা দরকার। হাইওয়ে পুলিশ থাকলে সড়কে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।




সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা




পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল – ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে। নদ-নদী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে।

সোমবার (১ জুলাই) সকাল থেকেই পটুয়াখালীতে একটানা বৃষ্টি ঝরছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামি ৭২ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।