পিরোজপুরে সাগরে ট্রলার ডুবির ঘটনায় দু’দিন ধরে নিখোঁজ ৫ জেলে

বরিশাল অফিস ::  ঢেউয়ের আঘাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ‘এফবি ভাই ভাই’ নামের একটি ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলে দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। রোববার (৩০ জুন) রাত সোয়া ১১টার দিকে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন- উপজেলার ছোটমাছুয়া গ্রামের ইমাদুল হক আকন (৫২), আল আমিন শাহ (২৬), বাহাদুর আকন (২২), জুয়েল শাহ (২৪) ও ভান্ডারিয়া উপজেলার উত্তর জুনিয়া গ্রামের আব্দুর রহমান (৫০)।

এফবি ভাই ভাই ট্রলারের মালিক নজরুল ইসলাম মাঝি জানান, গত ২৬ জুন বিকেলে উপজেলার তুষখালী বাজার থেকে ১২ জন জেলে ও মাঝি নিয়ে ট্রলারটি মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। গত রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরছিল। রাত সোয়া ১১টার দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১২ জন জেলে ও মাঝি পানিতে পড়ে ভাসতে থাকেন।

রোববার দিবাগত রাত তিনটার দিকে একটি মাছ ধরার ট্রলার সাত জনকে উদ্ধার করে পটুয়াখালীর মহীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যান। বাকি পাঁচ জেলে ঘটনার পর নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলে মোশারেফ শাহ বলেন, গতকাল সোমবার (১ জুলাই) বেলা ১২টার দিকে আমাদের সাত জনকে নিয়ে উদ্ধাকারী ট্রলারটি মহীপুর পৌঁছে। ট্রলার ডুবির পর আমরা প্রায় চার ঘণ্টা বঙ্গোপসাগরে ভেসে ছিলাম। দীর্ঘসময়ে ভেসে থাকায় সবাই অসুস্থ হয়ে পড়েছি। মহীপুরে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আজ মঙ্গলবার (২ জুলাই) সকালে বাড়ির উদ্দেশে রওয়ানা করব।

নিখোঁজ জেলে বাহাদুর আকনের বড় ভাই সোহেল আকন বলেন, নিখোঁজ জেলেদের দুই দিনেও খোঁজ মিলেনি। জানি না আমার বাহাদুর বেঁচে আছে কি না।

উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল বলেন, আমরা সোমবার এ বিষয়ে খবর পেয়েছি। এখন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ওই জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি হয়। আমরা কোস্ট গার্ড ও নৌবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। নৌবাহিনী নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করছে।




বরগুনায় রুচিতা ফাস্টফুডকে ২০ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস :: বরগুনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করে বিক্রিসহ বিভিন্ন অভিযোগে রুচিতা ফাস্টফুড নামে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

ভোক্তা অধিদফতর সূত্রে জানা যায়, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করে বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগে বরগুনা পৌর শহরের ফাস্টফুড ও রেস্টুরেন্টগুলোতে বাজার তদারকি করে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ বিষয়ে বরগুনা জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে রুচিতা ব্রেড অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




কোটা পদ্ধতি বাতিল চেয়ে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশাল অফিস :: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দুই পাশে শতশত যানবাহন আটকে জনভোগান্তি হয়। এর আগে ববি গেটে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোনো ব্যক্তি এক বারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তৃতা দেন— ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ।

বক্তারা বলেন, কোটা পদ্ধতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অভিশাপ। কোটা সুবিধায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মেধাবীদের প্রতিযোগীর মাঠ সমান্তরাল করতে হবে। মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে। তাই অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে। নয়তো এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত: একই দাবিতে সোমবারও ববি শিক্ষাথীরা বিক্ষোভ করেছিলেন।




বরিশালে মোটরসাইকেল চালানো নিয়ে দ্বন্দ্বে শিশুকে হত্যা, গ্রেফতার ৪

বরিশাল অফিস :: মোটরসাইকেল চালনো নিয়ে দ্বন্দ্বে ওমর ফারুক শুভকে (১৫) শ্বাসরোধে হত্যা শেষে নদীতে ভাসিয়ে দেওয়ায় দুই শিশুসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলা ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার দিনগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার প্রধান আসামি মাইদুল ইসলাম রাঢ়ী (৩৭) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের মৃত আ. মজিদ রাঢ়ীর ছেলে মাইদুল ইসলাম রাঢ়ী (৩৭) ও একই উপজেলার আম্বিকাপুর গ্রামের বাদল পালবানের ছেলে ইসমাইল বাদল পালবান (১৮)। এছাড়া দুই শিশু হলো—অম্বিকাপুর গ্রামের বাছেদ খানের ছেলে হাসিবুর রহমান (১৪) ও গাজীরচর গ্রামের জুয়েল হোসেনের ছেলে আহাদ হোসেন (১৪)। হত্যার শিকার হওয়া শুভ মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র ও ওই এলাকার ইব্রাহিম খন্দকারের ছেলে।

ওসি ইয়াছিনুল বলেন, মাইদুলের দোকানে শুভ টাকার বিনিময়ে মাঝেমধ্যে বিভিন্ন কাজ করতো। এ কারণে মাইদুলের মোটর সাইকেল মাঝেমধ্যে চালানো নিহত শুভ। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। গত ০৬ জুন শুভকে মোটর সাইকেল মেরামতের কথা বলে মেহেন্দিগঞ্জ থেকে ভোলার চরফ্যাশনে নিয়ে যায়। সেখানে মেঘনা নদীর তীরে নিয়ে শুভকে শ্বাসরোধ করে হত্যা শেষে নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয়। এদিকে সন্তান নিখোঁজের ঘটনায় গত রোববার থানায় একটি মামলা করেন ইব্রাহিম খন্দকার। এরপর সোমবার ভোলা ও পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। তখন ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামে খোঁজ নিয়ে জানতে পারি শুভকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

ওসি ইয়াছিনুল হক আরও বলেন, আসামি মাইদুলের মেহেন্দিগঞ্জের লেংগুটিয়া বাজারে একটি ভাঙ্গারির দোকান আছে। সেই দোকানে নিহত শুভ মাঝে মধ্যে কাজ করতো। তাদের মধ্যে সুসম্পর্ক থাকায় শুভ কাজের বিনিময়ে এবং আলাদা হাত খরচের জন্য বিভিন্ন সময়ে টাকা-পয়সা নিত। আসামি মাইদুল ০৬ মাস আগে ব্যবসায়ী কাজে গতি আনতে একটি পুরাতন মোটরসাইকেল কেনেন। কিন্তু মাইদুল মোটর সাইকেল চালাতে না পারতেন না। এ কারণে নিহত শুভকে দিয়ে আসামি মাইদুল সেই মোটরসাইকেলটি চালাত। শুভ ব্যবসার কাজের বাইরেও ব্যক্তিগত কাজে উক্ত মোটরসাইকেলটি ব্যবহার করলে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

ওসি আরও বলেন, তারপর শুভকে মোটর সাইকেল মেরামতের কথা বলে ভোলায় নিয়ে হত্যার পরিকল্পনা করে। এরপর ০৬ জুন তারা ভিকটিম শুভকে নিয়ে মেঘনা নদীর পাড়ে জনশূন্য স্থানে যায়। রাত আড়াইটার দিকে আসামি ইসমাইল ভিকটিম শুভর একপাশে বসে এবং আসামি মাইদুল অন্য পাশে বসে।

আসামি ইসমাইল পালবান পেছন থেকে শুভর গলা চেপে ধরে, তখন মাইদুল শুভকে পেছন থেকে ঝাপটে ধরে। এসময় শিশু আহাদ ও শিশু হাসিবুর ভিকটিমের দুই হাত ও পা ধরে রাখে। একপর্যায়ে তারা শ্বাস রোধ করে শুভকে হত্যা করে। এরপর মাইদুল ইসলাম মৃতদেহকে উপর্যপুরি চড়, লাথি মেরে ক্ষোভ প্রকাশ করে। শিশু আহাদ শুভর পকেটে থাকা মোবাইল ফোনটি বের করে সিম খুলে ভোলা সংলগ্ন মেঘনা নদীতে ফেলে দেয় এবং ফোনটি আসামি মাইদুল ইসলামের কাছে। পরবর্তীতে সবাই মিলে মৃতদেহটি ধরে নদীতে ফেলে দেয়।




ভয়াবহ পরিস্থিতি ভারতে, পদদলিত হয়ে নিহত ১০৭

বরিশাল অফিস :: ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত বহুসংখ্যক মানুষকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে- হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ আরো অনেক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে রাজ্যের হাথরাসের সিকান্দারা রাউ শহরে শিবের জন্য একটি ‘সৎসঙ্গ’ (প্রার্থনা সভা) নামের একটি অনুষ্ঠানে বিশেষভাবে তৈরি করা তাঁবুতে এক ধর্ম প্রচারক তার অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। এ সময় ভয়াবহ এ পরিস্থিতির সৃষ্টি হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের হাথরাসের রতিভানপুরে ওই ধর্মীয় অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিপুল জমায়েত হওয়ায় পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। পচণ্ড গরমের কারণে লোকজন ছোটাছুটি শুরু করলে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। এরপরই একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে।

ইটাহ’র সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাজেশ কুমার জানান, হাথরসের মুঘলাগড়ি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। তবে এর সঠিক কারণ এখনও জানা যায়নি। যারা বেঁচে আছেন তাদের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা চলছে।

আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে এটাহ ও হাথরস জেলার সীমান্তে এটা ছিল ধর্ম প্রচারক ভোলে বাবার সৎসঙ্গ সভা। ওই জায়গায় জমায়েত হওয়ার জন্য সাময়িক অনুমতি দেয়া হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং হাথরাস জেলা ও এর আশেপাশের কর্মকর্তাদের উদ্ধার ও ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এডিজি আগ্রা এবং আলিগড়ের কমিশনারের নেতৃত্বে ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশও দেওয়া হয়েছে।




মুলাদীতে সাড়ে ১১ লাখ চিংড়ি রেণু জব্দ, ১১জনকে জরিমানা

বরিশাল অফিস :: বরিশালের মুলাদীতে সাড়ে ১১লাখ গলদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে উপজেলা ও মৎস্য প্রশাসন। গত সোমবার দিবাগত রাতে উপজেলার জয়ন্তী নদীর মৃধারহাট লঞ্চঘাট এলাকা থেকে এই রেণু পোনা জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং মুলাদী ও হিজলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই নদীতে যৌথ অভিযান চালায়। এ সময় একটি ট্রলারসহ ১১জনকে আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নিজাম উদ্দিন আটককৃতদের প্রত্যেককে সাড়ে ৪ হাজার করে ৪৯ হাজার ৫শত টাকা জরিমানা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, পাচারের উদ্দেশ্যে ভোলা থেকে চিংড়ি রেণু পোনা নিয়ে একটি ট্রলার মাদারীপুর এলাকায় যাচ্ছিলো।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ট্রলারসহ ১৯ ড্রাম রেণু পোনা জব্দ এবং ১১জনকে আটক করা হয়। রাতেই রেণু পোনা জয়ন্তী নদীতে অবমুক্ত করা হয়েছে এবং ট্রলারটি নিলামে বিক্রি করার প্রক্রিয়া চলছে।




বরিশালে সাপের কামড়ে নারীর মৃত্যু

বরিশাল অফিস :: বরিশালে সাপের কামড়ে সুমাইয়া আক্তার মনি (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় দিকে মনিকে মৃত ঘোষণা করেন শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) কর্তব্যরত চিকিৎসক।

এর আগে সোমবার (১ জুলাই) রাতে নিজের ঘরে সাপের দংশনের শিকার হন মনি। এ তথ্য জানিয়েছেন তার স্বামী মাহবুবুর রহমান মিঠু।

সুমাইয়া আক্তার মনি পাথরঘাটার চরদুয়ানী ছয়রাবাদ গ্রামে স্বামী-সন্তানের সঙ্গে বসবাস করতেন। তিনি এক সন্তানের মা ছিলেন।

মনির স্বামী মাহবুবুর রহমান মিঠু জানান, সোমবার রাত ১১টার দিকে টয়লেটে গিয়েছিলেন মনি। সেখানে তাকে একটি সাপ দংশন করে। আহত অবস্থায় মনিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা মনিকে চারটি ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন মনি। পরে তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।




পটুয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজারে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত কোটি টাকার জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথ ভাবে দিনভর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

উচ্ছেদ অভিযানে অবৈধ ভাবে এলাকার প্রভাবশালী আলী আহম্মেদ সরদারের ছেলে বাচ্চু সরদার ও রুহুল আমিন সরদারের দখলে থাকা চারতলা বহুতল পাকা ভবন সহ অর্ধ শতাধিক দোকান ও বাসাবাড়ি উচ্ছেদ করা হয়। এতে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহনকৃত প্রায় কোটি টাকা মূল্যের প্রায় ৩ একর জমি অবৈধ দখলদারদের দখল থেকে উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন : বাউফলে প্রশ্নপত্রের ছবি তোলায় ১ শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড

উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ প্রকৌশলী রেজা আহমেদ জানান, আমতলা বাজারের ৫৫/২ পোল্ডারের ১৪৬ নম্বর খতিয়ানের ১৯০৫ নম্বর দাগের প্রায় ৩ একর জমি বাসাবাড়ি দোকানপাট তৈরি করে দীর্ঘ বছর যাবৎ অবৈধ ভাবে দখল করে রেখাছিল। অবৈধ দখলদারদের ওই জমি মুক্ত করে দেওয়ার জন্য একাধিকবার নোটিশ জারি করা হলেও দখলদাররা তাতে কর্নপাত করেনি তাই জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহন করা জমি দখল মুক্ত করা হয়েছে।




বাউফলে প্রশ্নপত্রের ছবি তোলায় ১ শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: প্রশ্নপত্রের ছবি তোলায় পটুয়াখালীর বাউফলে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামে এক শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি তোলায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুণ্ডু এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।

আরো পড়ুন : পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

জানা গেছে, আজ মঙ্গলবার (২ জুলাই) পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসায় আলিম আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ ফেরদৌস অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন। ওই সময় কেন্দ্রের অফিসার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করে এবং মোবাইল ফোনটি জব্দ করে।




পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

পটুয়াখালী প্রতিনিধি :: ‘বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক’ এই স্লোগানকে সামনে রেখে ২ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি।

মঙ্গলবার (২ জুলাই) বেলা ১০ টায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে জরুরী বিদ্যুৎ সেবা চালু রেখে এ কর্মবিরতি শুরু করেন সমিতির শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনকারীদের দাবি স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন। ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করা।

আরো পড়ুন : পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও সামগ্রী বিতরণ

আন্দোলনকারীদের অভিযোগ, সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারী। একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শুধু তাই নয়, বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। বিতরণ লাইনে ব্যবহৃত নিম্নমানের মালামালের জন্য ভালো গ্রাহক সেবা নিশ্চিত করা সম্ভব হয় না।

এসময় পল্লী বিদ্যুৎ সমিতির অপারেশন ও ম্যান্টেনেন্স বিভাগের সহকারি জেনারেল ম্যানেজার মশিউর রহমান, বিলিং সহকারী আইরিন, মিটার রিডার মো: জাহিদ হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বিলিং সহকারী ও মিটার রিডারসহ বিভিন্ন পদের চাকুরী স্থায়ীকরণ ও একই পদের বৈষম্য দূরীকরণ সহ ২ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। দাবি না মানলে লাগাতার কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান।