ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বরিশাল অফিস :: ভোলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া ওই দুই বোন হলো বাঘমারা গ্রামের শফিক মাতব্বরের মেয়ে হালিমা (৮) ও হাবিবা (৫)।

জানা গেছে, শফিক মাতব্বরের স্ত্রী খাদিজা দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এদিকে বাড়ির উঠানে দুই বোন খেলা করছিল। কিছুক্ষণ পরে দুই বোনকে উঠানে না দেখতে পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন খাদিজা। এ সময় বাড়ির পুকুরে ছোট মেয়ে হাবিবার মরদেহ দেখতে পান তিনি। তাকে টেনে তুলতে গিয়ে মাটিতে আটকা অবস্থায় বড় মেয়ে হালিমারও মরদেহ দেখতে পান তিনি।

পরে দুই বোনকে প্রতিবেশীরা উদ্ধার করে ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. ফাতেমা আক্তার বলেন, পানি থেকে উদ্ধার করে দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির মিয়া বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




দৌলতখানে নতুন কারিকুলামে ৫ঘন্টা পরীক্ষায় শিক্ষার্থীরা খুশি

বরিশাল অফিস ::  ভোলার দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নতুন কারিকুলামে ৫ঘন্টা পরীক্ষায় অংশগ্রহণ করে খুবই খুশি। গতকাল বাংলা প্রথম পরীক্ষায় ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের মোট ৪ শত ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার জানান, ৫ ঘন্টা পরীক্ষার প্রথম ২ ঘন্টা লিখিত, ৩০ মিনিট বিরতি ও তার পর বাকি সময় ব্যবহারিক পরীক্ষা। এভাবেই প্রতিদিন ৫ ঘন্টা করে পরীক্ষা নেয়া হবে।

তিনি আরও জানান এভাবেই দেশের বিভিন্ন স্থানে নতুন কারিকুলামে পরীক্ষা নেয়া হচ্ছে। তবে যেসব স্থানে এসএসসি পরীক্ষা কেন্দ্র সেসব কেন্দ্রের পরীক্ষা নিতে একটু অসুবিধা হচ্ছে। এসএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ের পরীক্ষা নেয়া হবে।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তৌফিকুর রহমান রিসাল জানান, নতুন কারিকুলামে আমরা আনন্দের সাথে পরীক্ষা দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুটি সরকারি বিদ্যালয়সহ ২২ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্ভাব্য শিক্ষার্থী সংখ্যা ১৪ হাজার। দাখিল পর্যায়ে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার। মোট ২১ হাজার শিক্ষার্থী এবারের নতুন কারিকুলামে পরীক্ষা দিচ্ছে।




তালতলীতে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং দুর্ভোগ চরমে

বরিশাল অফিস :: বরগুনার তালতলীতে চলছে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিন নেই রাত নেই কম করে হলেও ২৪ ঘন্টায় ১৪ থেকে ১৬ ঘন্টা লোডশেডিং করা হচ্ছে। এতে প্রচন্ড গরমে শিশু বৃদ্ধসহ বিভিন্ন বয়সী লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে।

কোন নোটিশ ছাড়াই দিনের বেলা ৭/৮ ঘন্টা ও দিনের পাশাপাশি রাতেও সমানতালে লোডশেডিং করা হচ্ছে। পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর কারণে বাধ্য হয়ে বিদ্যুৎ নির্ভর ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখতে হচ্ছে। সন্ধ্যার পরে বিদ্যুৎ না থাকায় মাদ্রাসা, স্কুল-কলেজ পড়-য়া ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতে পারছে না। দক্ষিণ ঝাড়াখালী মাদ্রাসার শিক্ষক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ বলেন, বর্তমানে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এমতাবস্থায় সন্ধার পরে বিদ্যুৎ না থাকায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতিমূলক লেখাপড়া করতে পারছেন না।

ভুক্তভোগীদের অভিযোগ বারবার তালতলী পল্লী বিদ্যুতের অফিসে ফোন করলেও তারা ফোন রিসিভ করছেন না। আবার দিনরাত মিলিয়ে ৮-১০ ঘণ্টা ও বিদ্যুৎ থাকছে না। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন বিদ্যুৎ গ্রাহকরা। বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে।

জানা যায়, প্রচন্ড গরমে উপজেলা জুড়ে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসা-বাড়িতে থাকা বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। বিদ্যুৎ বন্ধের জন্য অফিস থেকে শিডিউল দেয়ার নিয়ম থাকলেও তারাই মানছে না নিয়ম। দীর্ঘ বিদ্যুতের লোড শেডিং চলাকালিন সময়ে তাদের অফিসে একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও সেখানের কেউ ফোন রিসিভ করেনি।

এমনকি সাংবাদিকদের ফোন ও রিসিভ করছেন না তারা। ফলে গ্রাহকদের ভোগান্তি আরও বাড়ছে। লোডশেডিং এর কারণে বিদ্যুৎ নির্ভর কলকারখানা, কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হুমকির মুখে পড়েছে তাদের জীবন জীবিকা। এতে ক্ষোভ প্রকাশ করছেন বিদ্যুৎ গ্রাহকরা।

তালতলী সাব জোনাল অফিসের এজিএম সুমন সাহা বলেন, বিদ্যুৎ উৎপাদনের সব কটি লাইন এখন চালু আছে তাই তালতলীতে কোন লোড শেডিং নেই। প্রায় প্রতিদিনই ৮/১০ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, বর্ষার মুহুর্তে বিভিন্ন স্থানে গাছ পরে লাইন বিচ্ছিন্ন হওয়ার খবরে বিদ্যুৎ লাইন বন্ধ করতে হয়।




হিজলায় অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

বরিশাল অফিস :; মেঘনা নদীর জেলার হিজলা উপজেলার অংশে বুধবার দুপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ পাই জাল ও পাঁচটি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।

বরিশাল হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশের যৌথ অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। একই অভিযানে আটককৃত কবির সরদার ও রুবেল মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে হিজলার নৌ-পুলিশের ইন্সপেক্টর মোঃ তরিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।




গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন নলছিটির অংকন

বরিশাল অফিস :: দৈনিক যুগান্তরের নলছিটি প্রতিনিধি ও নলছিটি প্রেসক্লাব সভাপতি মো. এনায়েত করিমের ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।

(Guinness World Record এ “The Most Football (Soccer) Toe Taps in one minute” category ) অর্থাৎ এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেছেন। যেটি আগে ছিলো ২১২।

মঙ্গলবার অংকন অফিসিয়ালি তার এ অর্জনের সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অফ ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।

অংকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

তার বাড়ি ঝালকাঠির নলছিটি পৌর শহরের হাই স্কুল সড়কে।মেধাবী অংকনের এ ব্যতিক্রমি অর্জনে নলছিটিবাসী ও তার সহপাঠীরা তাকে ফোনে ও ফেসবুকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ।

এ ব্যাপারে রাগীব শাহরিয়ার অংকন জানান, এ রেকর্ড গড়তে পারায় আমি অত্যন্ত খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি সকলের কাছে দোয়া কামনা করছেন।




বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

বরিশাল অফিস ::  বরিশালের পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ও সানুহার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরিফ (৩০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর এলাকার সামছুল হকের ছেলে ও মৃত টোকোন (৩২) গৌরনদী উপজেলার টরকী এলাকার বাসিন্দা।

মৃতের স্বজনরা জানান, মৃত আরিফ উজিরপুরের শোলক ইউনিয়নের কচুয়া এলাকায় শ্বশুর আবুল বাসার সরদারের বাড়িতে বেড়াতে আসেন। সকালে বাড়ির উঠানে থাকা কাপড় শুকানোর জিআই তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে উজরপুর উপজেলার সানুহার এলাকার বাসিন্দা হাসিনা বেগমের বাড়িতে গভীর নলকুপ বসানোর কাজ করছিল একদল শ্রমিক। এর মধ্যে টোকোনও ছিলেন। সকালে বাড়ির পাশের পুকুরের তীরে থাকা পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন নলকূপ বসানোর ঠিকাদার মামুন চৌকিদার।

এদিকে উভয় ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিয়মানুযায়ী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মরদেহ দুটি স্ব স্ব পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ।




প্রধানমন্ত্রীর সদিচ্ছা ধ্বংস করে ফেলেছে দুর্নীতিবাজরা : পঙ্কজ

বরিশাল অফিস :: দুর্নীতিবাজরা প্রধানমন্ত্রীর সদিচ্ছা ধ্বংস করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ।

বুধবার (৩ জুলাই) জাতীয় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল–২০২৪’ এর ওপর সংশোধন আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পঙ্কজ নাথ বলেন, আমাদের প্রাথমিক শিক্ষাকে একেবারেই তৃণমূলের পর্যায়ের শিশুদের যোগ্য করে তোলার জন্য প্রধানমন্ত্রী তার সাধ্যের সবটুকু ঢেলে দিয়েছেন। তিনি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করেছেন, যেই গ্রামে বিদ্যালয় নেই সেটি খুঁজে বের করে আমাদের চরাঞ্চলে স্কুল দিয়েছেন, প্রশিক্ষণের আয়োজন করেছেন। সন্তানকে স্কুলে পাঠানো মায়ের মোবাইল অ্যাকাউন্টে মাসে দেড়শ টাকা চলে যায় সেটিও প্রধানমন্ত্রী দিয়েছেন। শিক্ষার প্রতি তার যে অনুরাগ তার বহিঃপ্রকাশ এটি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা, আন্তরিকতার লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে। সেটি হচ্ছে ডিজি কিংবা মন্ত্রণালয়কেন্দ্রিক বদলি বাণিজ্যের তদবির আর ট্রেনিংয়ের একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটটা ভাঙা দরকার। অনলাইনে বদলির আবেদনের কথা বললেও ম্যানুয়ালি বদলিগুলো হচ্ছে। আমি গ্রামের মানুষ, আমার চরে কেউ থাকতে চান না। এক বছরের বেশি রাখতেই পারি না। সেই বদলিটা যেন যত্রতত্র না হয়। ঢাকায় এসে তদবির করে বদলি হয়ে যায়।

পঙ্কজ নাথ বলেন, এই বদলির আর্জিটা বন্ধ করতে না পারলে প্রধানমন্ত্রীর সদিচ্ছা ধ্বংস করে ফেলবে এই দুর্নীতিবাজরা আর শিক্ষকরা। তার (প্রধানমন্ত্রীর) প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দক্ষ ও পরিশ্রমী শিক্ষকদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটা উপজেলায় একটি করে আবাসিক প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।




শিক্ষক সংকটে ধুকছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ

বরিশাল অফিস :: দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে শিক্ষা ব্যবস্থা মারাত্মক অচলাবস্থার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৩৩১ জন শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৫১ জন। ১৮০টি পদে কোন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা নেই। অনুমোদিত পদের প্রায় ৬৫ ভাগেরও বেশি শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম অনেকটাই মুখ থুবড়ে পড়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কিউরেটর, প্রভাষক, প্যাথলজিষ্ট, মেডিকেল অফিসার ও বায়োকেমিষ্টের গুরুত্বপূর্ণ পদগুলোর অর্ধেকেও পদায়ন নিশ্চিত হয়নি।

সূত্র মতে, বছর দুয়েক আগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের কিছু নতুন পদ সৃষ্টি করা হলেও সে আলোকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে শূন্য পদের সংখ্যাটা বেড়ে সংকট আরো তীব্রতর হয়েছে। কলেজে শিক্ষক সংকটের কারণে হাসপাতালটিতেও চিকিৎসা ব্যবস্থায় ভয়াবহ সংকট চলছে।

পুরো হাসপাতালটিতে নানা অব্যবস্থা-অনিয়ম আর চিকিৎসা ব্যবস্থায় নানা সংকটের মধ্যে অতি সম্প্রতি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বদল হয়েছে।

নতুন সভাপতি বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গত ২৮ জুন রাতে বরিশালের সর্বস্তরের জনগণসহ হাসপাতাল ও কলেজ প্রশাসন নিয়ে এক বৈঠক করেছেন। ওই বৈঠকে আগামী তিন মাসের মধ্যে হাসপাতালটির চিকিৎসা সেবা উন্নত করাসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ ব্যবস্থাপনায় কোন বেসরকারি কমিটি নেই।

সচেতন বরিশালবাসী মনে করছেন, সদর আসনের এমপি এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কলেজের শিক্ষক সংকটসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তার নৈতিক দায় রয়েছে। সেই দায় থেকে জাহিদ ফারুক শামীমের হাত ধরে অতি দ্রুত সকল সমস্যার সমাধান হবে বলেও সচেতন বরিশালবাসী মনে করছেন।

সূত্র মতে, ১৯৬৪ সালের ৬ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্ণর আব্দুল মোনয়েম খান বরিশাল মেডিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ১৯৬৮ সালের ২০ নভেম্বর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার একমাত্র মেডিকেল কলেজটির উদ্বোধন করা হয়। ১৯৭৮ সালে কলেজটি সংযুক্ত করে হাসপাতালের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়। ওইসময় অবিভক্ত বাংলার গভর্ণর ও বরিশালের কৃতি সন্তান শের-ই বাংলার নামে এ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালটির নামকরণ করা হয়। শিক্ষক সংকটে ঐতিহ্যবাহী এ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বছরের পর বছর ধরে শিক্ষক সংকটের মধ্যেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে মঞ্জুরিকৃত পদের ৮০ ভাগ শিক্ষকও নিয়োগ না দেওয়ার কারণে সংকট ক্রমশ তীব্রতর হচ্ছে।

বিষয়টি নিয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয়কে নিয়মিত অবহিত করা হচ্ছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার। তিনি বলেন, শিক্ষক স্বল্পতার বিষয়টি আমরা নিয়মিত অবহিত করছি। শিক্ষক সংকটে এখানে লেখাপড়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আগ্রহ ক্রমেই হ্রাস পাচ্ছে। এমন কী চিকিৎসা শিক্ষার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটিতে প্রায় ৬৫ ভাগ শিক্ষকের পদ শূন্য রয়েছে।

সর্বশেষ হিসেব অনুযায়ী, শের-ই বাংলা মেডিকেল কলেজে নতুন ১০টিসহ ৫০ জন অধ্যাপকের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। নতুন ২৪ জনসহ ৫০ জন সহযোগী অধ্যাপকের মধ্যে রয়েছেন ৪২ জন। ৪৩টি নতুন পদসহ ১২৩ জন সহকারী অধ্যাপকের মধ্যে আছেন মাত্র ৫৭ জন।

এছাড়া চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৮২ জন প্রভাষক, মেডিক্যাল অফিসার, প্যাথলজিষ্ট, বায়োকেমেষ্ট্রি ও ফার্মাসিষ্ট পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫ জন। প্রতিষ্ঠানটিতে ১০ থেকে ২০তম গ্রেডের ২০৫ জন কর্মচারীর মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৯২ জন।

ঐতিহ্যবাহী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটিতে ১২৩জন সহকারী অধ্যাপক পদের ৬৬টি পদই শূন্য পরে আছে। ফলে অনেক বিভাগে কোন শিক্ষকই নেই। প্রভাষক বা মেডিক্যাল অফিসার দিয়েও পুরো বিভাগের শিক্ষাক্রম চলছে বেশ কয়েকটি বিভাগে। কিন্তু প্রভাষক, মেডিক্যাল অফিসার, প্যাথলজি, বায়োকেমেষ্ট্রি ও ফার্মাসিষ্টের ৮২টি পদের ৩৭টি শূন্য পরে আছে।

সূত্রমতে, এ শিক্ষা প্রতিষ্ঠানে ডেন্টাল বিভাগে প্রতি বছর প্রায় অর্ধশত ছাত্র-ছাত্রী ভর্তি করা হলেও সেখানে শিক্ষা দেওয়ার মতো তেমন কোন শিক্ষকই নেই। ফলে শের-ই বাংলা মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগ থেকে যারা পাস করে বের হচ্ছে তাদের বিষয়েও নানা ধরনের প্রশ্ন রয়েছে জনমনে। এমন কী এই বিভাগের ক্লিনিক্যাল শিক্ষার জন্য সংলগ্ন হাসপাতালটির ইনডোরের অবস্থাও চরম নাজুক।

দেশের ঐতিহ্যবাহী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ এ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষকের শূন্যপদ নিয়ে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বলেন, করোনাকালে ১৯ মাস ক্লাস বন্ধ ছিল। এসময়ে অনেক শিক্ষক অবসরে গেছেন। ফলে ওইসব শূন্যপদে জনবল নিয়োগে যে বিলম্ব ঘটেছে তা কাটিয়ে উঠতে সময় লাগছে।

তিনি আরও বলেন, সমস্যা থাকলেও কলেজের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




দেশের ৫ বিভাগ এখন ভূমিহীন ও গৃহহীনমুক্ত : প্রধানমন্ত্রী




বরিশালে সংঘবদ্ধ ডাকাত ও অপহরণ চক্রের চার সদস্য গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশাল জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ সংঘবদ্ধ ডাকাত ও অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। বুধবার বিকেলে র‌্যাব-৮ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর অধিনায় লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।

আটককৃতরা হলেন, ডাকাত দলের মূলহোতা মেহেদী হাসান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ডাকাত দলের সদস্য রেজাউল হক, সাইফুল ইসলাম এবং ওমর ফারুক। র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ জুন গাজীপুর থেকে এক ব্যক্তিকে ময়মনসিংহে তার বাড়িতে পৌঁছে দেবার কথা বলে মাইক্রোবাসে তুলে সর্বস্ব কেড়ে নেয় ডাকাত চক্রটি। পরে অপহৃত ব্যক্তির বাড়িতে ফোন করে মুক্তিপন হিসেবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও পঞ্চাশ হাজার টাকা আদায় করে চক্রটি। পরে ময়মনসিংহের ভরাডোবা এলাকায় হাত ও পা বেঁধে ফেলে রেখে চলে যায়।

সূত্রে আরও জানা গেছে, র‌্যাব ওই ভুক্তভোগী ব্যক্তির সংবাদ পাওয়ার পর চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। পরবর্তীতে চক্রটি গত ২ জুলাই দুপুরে বেনাপোল বন্দর থেকে দুইজন বিদেশ ফেরত যাত্রীকে টার্গেট করে মাইক্রোবাসে তুলে বৈদেশিক মুদ্রাসহ অন্যান্য মালামাল লুট করে এবং তাদেরকে হাত ও পা বেঁধে গোপালগঞ্জ এলাকার রাস্তায় ফেলে দেয়।

পরে চক্রের সদস্যরা লুট করা মালামাল মাদারীপুরের রাজৈর এলাকায় নিজেদের মধ্যে ভাগ বন্টনের সময় র‌্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ একটি প্রাইভেট কার ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।