নিউ ইয়র্কের অনাকাংখিত ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ

চন্দ্রদ্বীপ নিউজ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।
এতে উল্লেখ করা হয়, সোমবার নিউইয়র্কে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করছে। ওই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন এবং তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হন। এ হামলা চালায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরা।
এতে বলা হয়, ঘটনাটি শেখ হাসিনার সময়ে গড়ে ওঠা সহিংস রাজনৈতিক সংস্কৃতির করুণ স্মৃতি মনে করিয়ে দেয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশ নির্মাণই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে শেষ মুহূর্তে ভিসাজনিত সমস্যার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়। সে সময় ভিভিআইপি প্রবেশাধিকার অব্যাহত রাখার অনুরোধ জানানো হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি। এতে নিরাপত্তায় ঘাটতি তৈরি হয়।
ঘটনার পরপরই বাংলাদেশ মিশন নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছে। তদন্তও চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের নিরাপত্তা বহুলাংশে জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।
অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশে বা বিদেশে যেখানেই ঘটুক না কেন—রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না। এ ধরনের ঘটনার প্রতিক্রিয়া আইনগত ও কূটনৈতিকভাবে জানানো হবে।








