দুমকিতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিভিন্ন বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে। এছাড়া কিছু পণ্য বিক্রি হচ্ছে আগের মতোই বাড়তি দামে।

সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে বেড়েছে ডিম ও পেঁয়াজের দাম। তবে আলুর দাম আগের মতোই আছে।

বিক্রেতাদের অজুহাত- বাড়তি দামে কিনতে হয়, তাই বাড়তি দামেই বিক্রি। দুমকি উপজেলার কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, বাজারে ডিমের হালি ৫৫ টাকা। অন্যদিকে, সব ধরনের পেঁয়াজের দাম ১১০ টাকার । দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। এছাড়া বাজারে লাল আলু ৬০ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি দেশি রসুন ২৬০ টাকা, চায়না রসুন ২২০ টাকা, চায়না আদা ৩২০ টাকা, ভারতীয় আদা ৩১০ দরে বিক্রি হচ্ছে পটল ৬০টাকা, চিচিংগা ৭০টাকা, লাউ পিচ ৮০টাকা, পুই,লাউ শাক আটি ৬০টাকা।

এক ক্রেতা বলেন, ৮০-১০০ টাকার নিচে কোনো সবজিই নেই। বিক্রেতাদের কথা শুনলে মনে হয় আমাদের দেশে সারা বছরই বন্যা-বৃষ্টি হয়, গরম থাকে। কাঁচামাল ও নিত্যপন্য ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করছে। বাজার নিয়ন্ত্রনের জন্য মোবাইল কোর্ট এর ব্যবস্থা হয়না। ভোক্তা অধিকারের মাথাব্যাথা নেই।




টিভিতে খেলার সূচি




পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত ২০৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে নেই উদ্যোগ

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীর দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও এসব প্রতিষ্ঠান সংস্কার কিংবা পুনর্নির্মাণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা করে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠালেও এখনো মেলেনি বরাদ্দ। ফলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানেই অথবা বিদ্যালয়ের বাইরে জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে শিক্ষা কার্যক্রম।

চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে পটুয়াখালীসহ দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ের তান্ডবে জেলার ৮৪ হাজার ৫০০ পরিবারের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয় প্রায় ৩৮ হাজার ঘরবাড়ি। প্রতিবন্ধকতার মুখে পড়ে যোগাযোগ ব্যবস্থা। প্লাবিত হয় হাজার হাজার পুকুর ও মাছ-কাঁকড়ার ঘেড়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় দীর্ঘদিন বিদ্যুৎহীন থাকে অনেক এলাকা। চার কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়ে পানিবন্দি হয়ে পড়ে প্রায় অর্ধলাখ মানুষ। এরই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় জেলার ২০৭টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ।

ক্ষতিগ্রস্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত কিংবা পুনর্নির্মাণে নেই দৃশ্যমান উদ্যোগ।

আরো পড়ুন : পটুয়াখালী মেডিকেল কলেজে স্থাপন প্রকল্পে চাঁদাবাজির অভিযোগ

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার কলাপাড়ায় ৪৯টি, গলাচিপায় ৪২টি, সদর উপজেলায় ৩৪টি, দশমিনায় ২৯টি, বাউফলে ২২টি, মির্জাগঞ্জে ১৬টি, দুমকীতে ৮টি, রাঙ্গাবালীতে ৭টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার চালিতাবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলাপাড়া উপজেলার মেহনাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়। রিমালের তান্ডবে এ দুটি প্রতিষ্ঠানের অবকাঠামো দুমড়ে-মুচড়ে মাটিতে পড়ে যায়। শ্রেণিকক্ষে পাঠদানের উপযোগিতা একদম না থাকায় চালিতাবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সাইক্লোন শেল্টারের নিচে ক্লাস করতে হচ্ছে। কোনো ভবন না থাকায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশেই মাঠে চলছে মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান।

চালিতাবুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র শীল ও মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফউজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের ভবন মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আবেদন করেছি। কিন্তু এখনো কোনো বরাদ্দ পাইনি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ২০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এসব প্রতিষ্ঠান মেরামতে প্রয়োজন সাড়ে ১৫ কোটি টাকা। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।




সংবাদ সম্মেলনে অভিযোগ বরিশালে মেয়ের নির্যাতনে অতিষ্ঠ বৃদ্ধ বাবা-মা

বরিশাল অফিস :: মেয়ের অব্যাহত শারিরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছেন বৃদ্ধ বাবা ও মা। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। ঘটনাটি জেলার বরিশাল গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের।
বিএমএসএফ’র উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গ্রামের শাজাহান হাওলাদারের স্ত্রী রেনু বেগম বলেন, তার দ্বিতীয় মেয়ে শিল্পী আক্তারকে প্রায় ২৫ বছর সপূর্বে কালকিনির রমজানপুর গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের কাছে বিয়ে দেওয়া হয়। সেখানে সাত বছর সংসার করে স্বামী ও শাশুড়িকে একাধিকবার মারধর করার ঘটনায় শিল্পী  আক্তারকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর একে একে তার (শিল্পী) ছয়টি বিয়ে হয়। প্রত্যেক পরিবারে  কলহ সৃষ্টির ঘটনায় বিয়ের কয়েকদিনের মধ্যে তা বিচ্ছেদ হয়ে যায়।
তিনি আরও বলেন, বর্তমানে শিল্পী আক্তার দক্ষিণ পালরদী এলাকায় একাকি ভাড়া বাসায় থাকে। এরইমধ্যে আশ্রয়ের জন্য শিল্পী আমার (রেনু বেগম) কাছে বাড়ি করার জন্য চার শতক জমি ক্রয়  করতে চায়। আমি তার সরল বিশ্বাসে শিল্পীকে জমি রেজিস্ট্রি করে দেই। এরপর টাকা চাইতে গেলে শিল্পী আমাকে ও আমার অসুস্থ্য স্বামীকে একাধিকবার মারধর করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অভিযুক্ত শিল্পীর বাবা শাজাহান হাওলাদার বলেন, সম্প্রতি শিল্পী  বাড়িতে এসে আলমিরা ভেঙ্গে দুইটি স্বর্ণের রুলী, গলার নেকলেস, দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এসময় আমি দেখে তাকে (শিল্পী) বাঁধা প্রদান করায় আমাকে মারধর করে চলে যায়। এ ঘটনায় উল্টো থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে এসে অভিযোগের সত্যতা না পেয়ে শিল্পীকে ভৎসনা করেন। এরপর পূর্ণরায়  মামলা দিয়ে আমাদের হয়রানী করার জন্য শিল্পী আমার ঘর ভাঙচুর করে হাসপাতালে গিয়ে ভর্তি  হয়। এলাকায় অপপ্রচার করে আমরা তাকে মারধর করেছি।
অভিযুক্ত শিল্পীর দিনমজুর ভাই মিজান হাওলাদার বলেন, আমার বোন শিল্পী আক্তারের বেপরোয়া জীবন যাপন, বৃদ্ধ বাবা ও মাকে একাধিকবার নির্যাতনের ঘটনায় অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যাসহ বৃদ্ধ বাবা ও মায়ের নামে মামলা দায়েরের হুমকি প্রদর্শন করা হচ্ছে।
অভিযোগের ব্যাপারে শিল্পী আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।



এক কিলোমিটার পায়ে হেঁটে এসে দায়িত্ব গ্রহণ করলেন পৌর মেয়র

বরিশাল অফিস  :: শত শত কর্মী সমর্থকদের নিয়ে প্রায় এক কিলোমিটার এলাকা পায়ে হেঁটে এসে পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম শ্রেনীর জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত মেয়র আলহাজ মোঃ আলাউদ্দিন  ভূঁইয়া।
সোমবার দুপুরে পৌরভবনে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এসময় আগামীর স্মার্ট গৌরনদী পৌরসভা গড়ার লক্ষ্যে নবনির্বাচিত মেয়র প্রধানমন্ত্রীর সবধরনের সহযোগিতা
কামনা করেছেন। পৌরসভার সভাকক্ষে প্যানেল মেয়র ইখতিয়ার হাওলাদারের সভাপতিত্বে দায়িত্বভার  গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিল্পপতি আলহাজ এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈকত গুহ পিকলু।
বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল রহমান, পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার  প্রমুখ।
এর আগে রবিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের হলরুমে বিভাগীয় প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত জনতার মেয়রকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ শওকত আলী। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক  শহিদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বক্তব্য রাখেন।



চরফ্যাশনে আবাসিক হোটেল মালিকের কারাদণ্ড

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে আবাসিক হোটেলে কিশোর-কিশোরীদের অসামাজিক কাজের সহযোগিতার দায়ে মালিক রিয়াজুল আলম শাহান (৬০) নামে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহীদ এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্ত রিয়াজুল চরফ্যাশন উপজেলা রোডের ‘সেবা আবাসিক হোটেল’র মালিক এবং পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের মাহাবুব আলমের ছেলে।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে চরফ্যাশন হাসপাতাল রোডের সেবা আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকা একাধিক নারী-পুরুষ পালিয়ে যান। এছাড়া ওই হোটেল কক্ষের বাইরে থেকে তালাবদ্ধ দুই কক্ষ থেকে চার কিশোর-কিশোরীকে আটক করা হয়। একই সঙ্গে হোটেল মালিক রিয়াজুল আলমকেও আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহীদ জানান, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে সহযোগিতা করার দায়ে হোটেল মালিককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আটককৃত চার কিশোর-কিশোরী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের কাছে মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।




বরিশালে শিক্ষকদের টাকা কর্মকর্তার পেটে

বরিশাল অফিস :: শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য ব্যানবেইস শিক্ষকদের নামে বরাদ্দকৃত টাকা চলে যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পেটে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, এমপিওসহ বিভিন্ন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিকার চেয়ে সোমবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগি শিক্ষকরা। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার। অভিযোগে জানা গেছে, উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন ২০২০ সালে উজিরপুরে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম করে আসছেন।

সূত্রমতে, ২০২২ সালে উজিরপুরে শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য ব্যানবেইস শিক্ষকদের নামে প্রায় পাঁচ লাখ টাকা বরাদ্দ করা হয়। ওইসময় সামন্য কিছু টাকা দেয়া হলেও বরাদ্দকৃত মোটা অংকের টাকা মাধ্যমিক শিক্ষা অফিসার আত্মসাত করেছেন। ২০২৩ সালে পুনরায় ব্যানবেইস কাজের জন্য শিক্ষকদের নামে তিন লাখ টাকা বরাদ্দ করা হয়। যার সমূদয় টাকা তিনি আত্মসাত করেছেন। চলতি বছর শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য প্রায় আড়াই লাখ টাকা বরাদ্দ এসেছে। এমন খবর শিক্ষকরা জানতে পেয়ে শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগের পর তিনি জানিয়েছেন, তার কাছে কোন টাকাই আসেনি। খবর নিয়ে শিক্ষকরা জানতে পেরেছেন জেলার অন্যসব উপজেলার শিক্ষকরা ইতোমধ্যে চলতি বছরের টাকা হাতে পেয়েছেন। তাই চলতি বছরের টাকাও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরো জানা গেছে, নতুন কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ গত জুন মাসের প্রথমার্ধে শেষ হয়েছে। ওই প্রশিক্ষণে শিক্ষকদের সম্মানি ব্যাংক হিসাব নাম্বারে প্রেরন করার কথা থাকলেও অদ্যবর্ধি কারো হিসাব নাম্বারে টাকা পাঠানো হয়নি।

উল্লেখিত সকল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে প্রশিক্ষণের কোন টাকা আমি এখনও পাইনি। তাছাড়া অন্যসব অভিযোগের কোন সত্যতা নেই। মূলত একটি  মহল আমার ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে।




ভোলায় ১০ হাজার ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

বরিশাল অফিস ::  ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) ভোরের দিকে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন জেলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৯ হাজার ৮০০টি ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়। ঢাকা থেকে লঞ্চযোগে এসব মাদক ভোলায় আনা হয়েছিল।

মামুন-অর-রশিদ জানান, এটিই এ জেলায় প্রথম সর্বোচ্চ কোনো মাদকের চালান আটক হলো। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মাদলা দায়ের করা হয়েছে।




কোটা আন্দোলনের নামে ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল অফিস :: কোটা আন্দোলনের নামে স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে চিহিৃত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেলে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরিশাল মহানগর কমিটির নেতাকর্মীরা।

পরে তারা নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি, বীর মুক্তিযোদ্ধাকে রাজপথে লাঞ্ছিতের প্রতিবাদ জানানো হয়।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শেখ সাঈদ আহমেদ মান্না সভাপতিত্বে বক্তৃতা দেন, বরিশাল সদর উপজেলার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব, মহিউদ্দিন মানিক (বীর বিক্রম), শাজাহান হাওলাদার, আনসার উদ্দিন হাওলাদার, গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিনিয়র সদস্য খান মাহিদ, মো. ফয়সাল, ঝালকাঠি আহ্বায়ক মো. শামীম, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ প্রমুখ।



পটুয়াখালীতে পানিতে পচে যাচ্ছে আমনের বীজতলা

পটুয়াখালী প্রতিনিধি :: বিরামহীন বৃষ্টি আর পূর্ণিমার প্রভাবে তেঁতুলিয়া নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির কারণে পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীর সংলগ্ন নিম্নাঞ্চল জমির বীজতলা পচে যাচ্ছে। জমির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। তারা নিম্নাঞ্চল থেকে পানি নিষ্কাশনের টেকসই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে স্থানীয় ও উপশি জাতের প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে আমন বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকে ঘিরে বেড়িবাঁধের একটি মাত্র স্লুইসগেট। যা দিয়ে দুই-তিনটি বিলের পানি নিষ্কাশন হয় না। বিলের সমতল ভূমির তুলনায় স্লুইসগেট উঁচুতে থাকায় পানি উঠলে আর নামে না। কিংবা নামলে আর ওঠে না। এ কারণে ওই ইউনিয়নের শুধু চর মিয়াজান গ্রামেই পচে যাচ্ছে ৮ হেক্টর আমনের বীজতলা।

খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার বিভিন্ন এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষকেরা বলেন, বিরামহীন বৃষ্টি আর পূর্ণিমার প্রভাবে তেঁতুলিয়া নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির কারণে চর মিয়াজানের শতাধিক কৃষকের আমনের বীজতলা পচে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। ওইসব বীজতলা থেকে দ্রুত পানি নিষ্কাশন উপায় না থাকায় এদের কেউ আবার নতুনভাবে বীজতলা তৈরির উদ্যোগ নিলেও চাষ মৌসুমে ২০-২৫ দিন পিছিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

কৃষক সাত্তার হাওলাদার জানান, বীজতলা তৈরির পরে বাজার থেকে ১০ কেজির প্রতি প্যাকেটে ১ হাজার ৫০ টাকা হিসাবে বিআর ১১জাতের বীজধান কিনে আনা হয়েছে। কিন্তু বীজ ছিটানোর কয়েকদিন পরই বৃষ্টি আর জোয়ারের পানি উঠলে বীজতলা পচে যায়।

আরো পড়ুন : পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত ২০৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে নেই উদ্যোগ

সেকান্দার রাড়ি, আব্দুস ছালাম হুজুর, কুদ্দুস মৃধা, লিটনসহ প্রায় সব কৃষকেরই একই দশা। নান্নু বাবুর্চি নামে অপর এক কৃষক বলেন, ২ মন মোটা ধানের বীজ পানিতে ভেসে গেছে তার।

বিলে পানি জমে থাকায় ঠিকঠাক অঙ্কুর আসলেও শিকড় ধরেনি মোকলেস চৌকিদারের বীজতলায়। বিলের পানি নামতে না নামতেই আবার বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়ে তার বীজতলাও।

তিনি জানান, পুরো চরে একটা মাত্র স্লুইস গেটে পানি নেমে শেষ হয় না। পানিতে প্লাবিত থাকায় স্থানীয় সকল চাষিদের বীজধান নষ্ট হয়ে গেছে।

কৃষকেরা জানান, চর মিয়াজান কামাল মাস্টার বাড়ির কাছে যদি আরও একটি স্লুইস গেট বা কালভার্ট নির্মাণ করা হয় তাহলে আমন চাষে কৃষকরা ক্ষয়ক্ষতি এড়াতে পারবেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনছার উদ্দিন বলেন, ‘ক্ষতি এড়াতে কৃষকদের কলার ভেলা, বাঁশের মাচা কিংবা ঘাস-লতাপাতা ব্যবহার করে ভাসমান বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। ২০-২৫ দিনের জন্য ব্যবহৃত এসব ভাসমান বীজতলা তৈরি করে নিম্ন এলাকায় অনায়াসে ভালো ফল পাওয়া সম্ভব। চর মিয়াজানে আমন চাষের প্রতিকূলতা তুলে ধরে স্লুইস গেট কিংবা কালভার্ট সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।’