রাতে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস

বরিশাল অফিস :: ঢাকাসহ ১০ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, এই সময়ের মধ্যে ঢাকা ছাড়াও ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, শুক্রবার আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া সংস্থাটি।

লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ছাড়াও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




বরিশালে কারেন্ট জাল বিক্রেতার কারাদন্ড

বরিশাল অফিস :: বরিশাল জেলার মুলাদীতে কারেন্ট জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজন ক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, অভিযানে দুইটি দোকান থেকে সাড়ে আট হাজার মিটার কারেন্ট জাল ও ছয়টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

পাশাপাশি ব্যবসায়ী আজিজুল হাওলাদারকে এক বছরের কারাদন্ড এবং ক্রেতা জহিরুল হাওলাদার ও নজরুল ইসলামকে সাড়ে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।




বরিশালে পৌরসভার কর্মচারীরকবর জিয়ারত করেছেন জনতার মেয়র

বরিশাল অফিস :: মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত জেলার গৌরনদী পৌরসভার সাবেক কম্পিউটার অপারেটর মরহুম এম নাজমুল হুসাইন শুভ মিয়ার কবর জিয়ারত করেছেন বরিশাল গৌরনদী পৌরসভার নবনির্বাচিত জনতার মেয়র আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।

শুক্রবার বাদ জুম্মা পৌর এলাকার গেরাকুল মিয়াবাড়ির পারিবারিক কবরস্তানে মরহুম নাজমুল হুসাইন শুভ মিয়ার কবর জিয়ারতের সময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ এনায়েত করিম, প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম হেলাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২ আগস্ট নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় বেপরোয়াগতির এনা পরিবহনের চাঁপায় নাজমুল হুসাইন শুভ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ঘটনার সময় তৎকালীন পৌর মেয়র হারিছুর রহমান একটিবারের জন্যও নিহতের কবর জিয়ারত কিংবা শোকাহত পরিবারের পাশে এসে দাঁড়ায়নি। এনিয়ে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীসহ নিহতের পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অতিসম্প্রতি জনতার প্রার্থী
আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া মেয়র নির্বাচিত হওয়ার পর দায়িত্বগ্রহণ শেষে শুক্রবার বাদ জুম্মা মরহুম নাজমুল হুসাইন শুভর কবর জিয়ারত করেছেন। একইসাথে নাজমুল হুসাইন শুভর স্ত্রী সুমা আক্তার ও এক মেয়ে সাহানা খানমসহ অসহায় পরিবারের দায়িত্বগ্রহণের আশ্বাস প্রদান করেছেন।




পর্যটকশূন্য কুয়াকাটা, কর্মহীন প্রায় ৫ হাজার শ্রমিক

পটুয়াখালী প্রতিনিধি :: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ও কারফিউর কারণে থমকে আছে দেশের পর্যটন শিল্প। পর্যটকদের আনাগোনায় মুখর থাকা কুয়াকাটা সমুদ্রসৈকত এখন জনমানবশূন্য। এতে বিপাকে পড়েছেন হোটেল-মোটেল ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা।

সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম সমুদ্রসৈকত কুয়াকাটা। বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটন মৌসুম ধরা হলেও, পদ্মাসেতু চালুর পর থেকে বছরজুড়েই পর্যটকে মুখর থাকে সমুদ্রকন্যা।

প্রাণোচ্ছ্বল সেই সৈকত এখন পর্যটক শূন্য। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। পর্যটক না থাকায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৫ হাজার শ্রমিক।

গত কয়েকদিনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকার উপরে। আরও কতদিন এই পরিস্থিতি চলবে, তা নিয়ে শঙ্কায় হোটেল-মোটেল মালিকরা।

পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেছেন, সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

চলমান পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে কুয়াকাটা সমুদ্রসৈকতে আবার আগমন ঘটবে পর্যটকদের, এমনটাই আশা পর্যটন সংশ্লিষ্টদের।




কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৫ দিনে পটুয়াখালীতে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি :: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে গত ৫ দিনে পটুয়াখালীতে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পটুয়াখালীর দুমকিতে বৃহস্পতিবার রাতে উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আহমাদ মাইনুল হাসান শুক্রবার নিশ্চিত করেছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, ‘১৮ জুলাই দুমিক বোর্ড অফিস বাজার এলাকায় সংঘটিত ঘটনায় ১৯ জুলাই ২৫ জনকে শনাক্ত করে এবং অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় কৃষকদল নেতা জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান বলেন, ‘গত ৫ দিনে পটুয়াখালীর বিভিন্ন থানায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩০ জনকে পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইতোমধ্যেই জেলা হাজতে পাঠানো হয়েছে। দুমকিতে বৃহস্পতিবার রাতে একটি নাশকতার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপর অপরাধিদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আফজাল হোসেন

পটুয়াখালী প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। বৃহস্পতিবার পটুয়াখালী পৌরসভার পিডিএসএ মাঠে গরীব অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু।

ত্রাণ বিতরণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের কারণে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান।

তিনি আরো বলেন, সমাজে শান্তি ফিরিয়ে আনতে ছাত্র সমাজসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ছাত্র সমাজকে ঢাল হিসাবে ব্যবহার করে যারা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর এবং সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানও বক্তব্য রাখেন।

পরে আফজাল হোসেন বিএনপি-জামায়াতের সন্ত্রাসের কারণে আহত দুমকী উপজেলার ছাত্রলীগ নেতা হাসান শিকদার ও ফারুক আহমেদকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।




নিখোঁজের ৩৬ ঘণ্টা পর পায়রা নদী থেকে জেলের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে কুদবারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

নিহত জেলের নাম হারুন আকন (৬০)। তিনি উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে ছেলে নান্নু আকন ও মাঝি নিখিল গোলদারের সঙ্গে নিয়ে পায়রা নদীতে ছোট নৌকা ভাসিয়ে মাছ ধরতে যান হারুন। রাত আটটার দিকে মাছ ধরা শেষে তীরে ফেরার সময় নৌকাটি তীব্র স্রোতে উল্টে যায়। এ সময় ছেলে নান্নু ও নিখিল সাঁতার কেটে তীরে ফিরলেও নিখোঁজ হন আকন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধারে ব্যর্থ হন। ৩৬ ঘণ্টা পর পাশের মজিদবাড়িয়া ইউনিয়নের কুদবারচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, পরিবারের লোকজন হারুন আকনের লাশ শনাক্ত করেছেন।




বিপৎসীমার ওপরে বরিশালে ১০ নদীর পানি

বরিশাল অফিস :: বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ১২টি নদীর মধ্যে ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বরিশাল নগরীসহ অন্যান্য জেলা ও উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

শুক্রবার ( ২৬ জুলাই) দিবাগত রাতে এই তথ্য জানিয়েছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম। তিনি বলেন, বিভাগের প্রধান ও গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে বন্যা বলা যাবে না। এটি মৌসুমি পানি প্রবাহ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি ২ সেন্টিমিটার, ঝালকাঠিতে বিষখালী নদী বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরগুনা জেলার বেতাগী উপজেলা পয়েন্টে বিষখালী নদী ২৪ সেন্টিমিটার, ভোলা জেলার দৌলতখান উপজেলা পয়েন্টে মেঘনা নদী ৮৯ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলা পয়েন্টে মেঘনা ১ দশমিক ৭ সেন্টিমিটার, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পয়েন্টে পায়রা নদীর পানি ৮ সেন্টিমিটার, বরগুনা সদর উপজেলা পয়েন্টে বিষখালী নদী ২১ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলা পয়েন্টে বিষখালী নদী ৭ সেন্টিমিটার, পিরোজপুর জেলার বলেশ্বর নদী ১৫ সেন্টিমিটার ও উমেদপুর পয়েন্টে কচা নদী বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া বরগুনা জেলার আমতলী উপজেলা পয়েন্টে পায়রা ও ভোলা খেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।




আন্দোলন সহিংসতা কারফিউ ছুটি ইন্টারনেট বন্ধ অর্থনীতিতে ক্ষতি ৭৭ হাজার কোটি টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা, ইন্টারনেট বন্ধ ও নির্বাহী আদেশে সরকারি ছুটির কারণে দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে। আমদানি-রপ্তানিসহ শিল্পের চাকা বন্ধ হয়ে যায়। ব্যবসা-বাণিজ্যসহ মানুষের দৈনন্দিন চলাচলও বাধাগ্রস্ত হয়। এসব কারণে অর্থনীতিতে প্রতিদিন গড়ে ১০০ কোটি ডলার বা ১১ হাজার ৮০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৬ দিন প্রায় সবকিছুই বন্ধ ছিল।

এ হিসাবে ক্ষতি হয়েছে ৬০০ কোটি ডলার বা ৭০ হাজার ৮০০ কোটি টাকা। গত ১৬ জুলাই সন্ধ্যা থেকে ও ১৭ জুলাই আধাবেলা আন্দোলনের কারণে আংশিক বন্ধ ছিল। এ দুই দিনের আধাবেলার ক্ষতি ৫০ কোটি ডলার বা ৫ হাজার ৯০০ কোটি টাকা। এ হিসাবে সাড়ে ৬ দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৭৬ হাজার ৭০০ কোটি টাকা। তবে অনেকের মতে, এ ক্ষতি ৭০০ কোটি ডলার বা ৮২ হাজার ৬০০ কোটি টাকাও হতে পারে।

দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা আরও বলেছেন, ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। কারণ ডলারের দাম ১১৮ টাকা করে ধরলে ওই পরিমাণ ক্ষতি হয়েছে। কিন্তু ডলার ১২২ থেকে ১৩০ টাকায় কিনতে হচ্ছে। এ কারণে ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে আরও বাড়বে। সৃষ্ট ক্ষতি মোকাবিলার জন্য তারা সব বন্দরের পণ্য খালাসে দেরি হওয়ায় ডেমারেজ চার্জ মওকুফ, নতুন চার্জ আরোপ না করা, ঋণের বিপরীতে বাড়তি সুদ আরোপ না করা, কম সুদে ঋণ দেওয়াসহ অন্যান্য নীতিসহায়তার দাবি করেছেন। একই সঙ্গে রপ্তানি আয় বিদেশ থেকে আমান মেয়াদ বৃদ্ধি, দেশীয় ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ বাড়ানোর দাবি করেছেন।

এদিকে চট্টগ্রাম ব্যুারো জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে মোট আমদানি-রপ্তানির প্রায় ৯৫ শতাংশ সম্পন্ন হয়। ফলে এ বন্দরের কার্যক্রম টানা পাঁচ দিন বন্ধ থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে আমদানি কার্যক্রম ও পণ্য ডেলিভারি বন্ধ থাকায় এ খাতে পাঁচ দিনে ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এর মধ্যে কেবল চট্টগ্রাম কাস্টমসই ৯০০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে।

এ পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, অর্থনীতির চাকা বন্ধ হলে ক্ষতি হতেই থাকে। এই চাকা এক মুহূর্তেই বন্ধ করা যায়। কিন্তু চালু করতে সময় লাগে। ফলে ক্ষতির পুরো হিসাব এখনই করা যাবে না। তবে ক্ষতির অঙ্ক অনেক বড় হবে। গবেষণায় গড় হিসাবে প্রতিদিন অর্থনৈতিক ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার হবে। টানা ছয় দিন বলতে গেলে সবকিছুই বন্ধ ছিল। সাড়ে ৬৫০ কোটি থেকে ৭০০ কোটি ডলারের ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে সাধারণ মানুষের। বিশেষ করে যারা ‘দিন আনে দিন খায়।’ ইন্টারনেট বন্ধ থাকায় ক্ষতির পরিমাণটা আরও বেড়েছে। এছাড়া উদ্যোক্তারাও অনেক ক্ষতির মুখে পড়েছেন। অর্থনীতি এমনিতেই করোনার পর থেকে বহুমুখী চ্যালেঞ্জের ভেতর দিয়ে এগোচ্ছে। বৈশ্বিক মন্দায় এ চ্যালেঞ্জ আরও বাড়িয়েছে। সাম্প্রতিক অস্থিরতায় অর্থনীতিতে চ্যালেঞ্জ আরও বাড়বে।

তার মতে, এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে দেশের ইমেজ। দেশের উদ্যোক্তাদের সঙ্গে যেসব বিদেশি উদ্যোক্তা ব্যবসা করছেন তারা অনিশ্চয়তায় ভুগবেন। ফলে এ ধরনের সংকট যাতে না হয় সেদিকে সরকারকে নজর রাখতে হবে।

উদ্যোক্তারা জানান, সৃষ্ট অস্থিরতায় রপ্তানি খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। একদিকে কারখানায় উৎপাদন বন্ধ ছিল। অন্যদিকে ক্রেতাদের আদেশ অনুযায়ী রপ্তানি করা সম্ভব হয়নি। এতে এ খাতে এখনকার ক্ষতির চেয়ে আগামীতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা। এখন পর্যন্ত উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় গত ৬ দিনের হিসাবে ক্ষতির পরিমাণ ৮ হাজার কোটি টাকার বেশি। এছাড়া বিভিন্ন চার্জ ও ঋণের সুদ ও রপ্তানি পণ্য স্টক লট হলে কম দামে বিক্রি করতে হবে। তখন ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

এ প্রসঙ্গে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানির সব খাতেই ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ আগামীতে আরও বাড়বে। এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ইমেজ সংকট। ক্রেতা ধরে রাখাটা এখন বড় চ্যালেঞ্জিং। কারণ ইন্টারনেট বন্ধ থাকায় ক্রেতাদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। অনেক ক্ষেত্রে ক্রেতা ধরে রাখতে পণ্য এখন বিমানে পাঠাতে হবে। এতে খরচ বাড়বে। যা রপ্তানিকারকদের ক্ষতির তালিকায় পড়বে।

চট্টগ্রাম ব্যুরো জানায়. আমদানি কার্যক্রম ও পণ্য ডেলিভারি বন্ধ থাকায় এ খাতে পাঁচ দিনে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ কত তা  সুনির্দিষ্ট করে  বলা না গেলেও ক্ষতির অঙ্ক কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন আমদানিকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এর মধ্যে কেবল চট্টগ্রাম কাস্টমসই ৯০০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউস ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। সে হিসাবে প্রতিদিন গড়ে ১৮০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। কোটা সংস্কার আন্দোলন, সংঘর্ষ ও রাষ্ট্রীয় স্থাপনায় দুর্বৃত্তদের হামলার জেরে বৃহস্পতিবার রাত থেকে বন্ধ হয়ে যায় ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাত ১২টার পর থেকে জারি করা হয় কারফিউ। ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার কারণে কাস্টমসের রাজস্ব আদায়ের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমও বন্ধ হয়ে যায়।  তাই শুল্ক আদায়ও বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় পণ্য ডেলিভারি। বুধবার থেকে ম্যানুয়ালি এবং বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সেবা চালু হওয়ার পর পুরোদমে বন্দর-কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন গড়ে ১৮০ কোটি টাকা করে ৫ দিনে ৯০০ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয় সরকার।  প্রতিদিন আমদানি পণ্য ছাড়ের জন্য ৪-৫ হাজার বিল অব এন্ট্রি (বিই) দাখিল হতো। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে এসব পণ্যের বিএই দাখিল করা যায়নি। এ ছাড়া প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে ৮-১০ হাজার ট্রাক-কাভার্ডভ্যান, লরি পণ্য নিয়ে বের হয়।

এই পাঁচ দিন কোনো পণ্য ডেলিভারি হয়নি। শিল্পের কাঁচামাল না পাওয়ায় শত শত মিল-কারখানায় বন্ধ ছিল উৎপাদন। স্টিল সেক্টর, সিমেন্ট সেক্টরসহ প্রায় সব সেক্টরেই পড়েছে এই প্রভাব। এছাড়া বন্দর থেকে সময়মতো পণ্য ছাড় করতে না পারায় আমদানিকারকদের ওপর উঠেছে পোর্ট ও শিপিং লাইনের বিপুল অঙ্কের ডেমারেজ। বন্দরে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ৬-৭ হাজার কনটেইনার জমে যায়।

চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ যুগান্তরকে বলেন, পাঁচ দিন সব কিছু বন্ধ থাকার কারণে কেবল আমদানি খাতেই কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সুনির্দিষ্ট করে টাকার অঙ্কে এই ক্ষতি নিরূপণ করা সম্ভব নয়। তবে বন্দর-কাস্টমসহ সব সেক্টরে প্রতিদিন গড়ে ১২ হাজার থেকে ১৩ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে সবকিছু স্বাভাবিক হয়েছে।

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস পুরোদমে কাজ শুরু করেছে। উদ্ভুত পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে করণীয় নির্ধারণে চেম্বার বৃহস্পতিবার সব সেক্টরের প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক থেকে বলা হয়েছে, বড় ধরনের বিপদ থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে।  আর একটি সেকেন্ডও যাতে ওয়েস্টেজ না হয় সেভাবে সবাইকে কাজে ঝাঁপিয়ে পড়ার আহŸান জানানো হয়। এ ক্ষেত্রে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়শনের সহসভাপতি ও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খাইরুল আলম সুজন বলেন, ‘পণ্য নিয়ে অনেক জাহাজ এলেও চার দিনে খালাস করতে পারেনি। পণ্য ডেলিভারি না হওয়ায় চট্টগ্রাম বন্দরে জমে যায় বাড়তি ৬-৭ হাজার কনটেইনার। পণ্য না পেয়ে মিল-কারখানায় উৎপাদন বিঘিœত হয়েছে। যার ভয়াবহ প্রভাব ভোক্তাদের ওপর পড়েছে।

উদ্যোক্তারা জানান, ইন্টারনেট বন্ধ থাকায় সফটওয়্যার রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে। অফিস বন্ধ থাকায় সফটওয়্যার তৈরির কাজও করা সম্ভব হয়নি। এসব কারণে গত ৫ দিনে এ খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। দেশ থেকে যারা সফটওয়্যার বা তথ্যপ্রযুক্তি পণ্য কিনেছেন তাদের রপ্তানিকারকরা বিভিন্ন সেবা দিয়ে থাকেন অনলাইনে। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় এ সেবা দেওয়া সম্ভব হয়নি। ফলে সেবা বাবদ অর্থও মিলবে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ইন্টারনেট বন্ধ থাকায় ক্রেতাদের সেবা দেওয়া সম্ভব হয়নি। এ ধরনের পরিস্থিতির কারণে ক্রেতারা সেবা না পাওয়ায় তাদেরও ক্ষতি হয়েছে। এতে দেশের ইমেজ নষ্ট হয়েছে। ফলে ভবিষ্যতে দেশ থেকে তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানিতে জটিলতা দেখা দিতে পারে। কারণ এসব পণ্য রপ্তানির পর পরিচালনার ক্ষেত্রে সমস্যা হলে সেবা দিতে হয়।
জানা গেছে, ওষুধ উৎপাদন, রপ্তানি ব্যাহত, কাঁচামাল ছাড় করাতে না পারায় ফার্মাসিউটিক্যালস খাতে ক্ষতি হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। এ খাতে যেসব কাঁচামাল বন্দরে আটকে ছিল সেগুলোর গুণগত মান কমার আশঙ্কা রয়েছে। কারণ এ খাতের সবকিছুই চলে ঘণ্টা গুণে।

রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় সিরামিক খাতে ক্ষতি হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। রি-রোলিং মিলস খাতে শুধু উৎপাদন ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার বেশি। ই-কমার্স খাতে ক্ষতি হয়েছে ৩০০ কোটি টাকা। ইন্টারনেট না থাকায় দেশের কলসেন্টারগুলোর কার্যক্রম একেবারেই মুখ থুবড়ে পড়েছে। ৫ দিনে এ খাতে ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

গণপরিবহণ না চলার কারণে এ খাতেও অনেক ক্ষতি হয়েছে। অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ক্ষতি হয়েছে প্রায় ২২ কোটি টাকা। এছাড়া গণপরিবহণ বন্ধ থাকায় এ খাতেও মোটা অঙ্কের ক্ষতি হয়েছে।

কৃষির উৎপাদন ব্যবস্থায় তেমন ক্ষতি হয়নি। তবে বিপণন ব্যবস্থায় ক্ষতি ব্যাপক হয়েছে। কারফিউর কারণে পণ্য পরিবহণ বাধাগ্রস্ত হয়েছে। ফলে কৃষকের পণ্য পচে নষ্ট হয়েছে।




শুক্র-শনিবার কারফিউ আরও শিথিল

চন্দ্রদ্বীপ ডেস্ক : শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে রাত ১২টার দিকে কারফিউ শিথিলের ঘোষণা দেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নরসিংদী ও নারায়ণগঞ্জে- এই কারফিউ বলবৎ থাকবে। তবে এসব এলাকায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। বৃহস্পতিবার ও বুধবার এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

তিনি জানান, অন্যান্য জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা।