বেনজীরের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের (তিন মেয়ে) বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

অনুসন্ধানে দুদক বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য এবং কয়েকটি ব্যাংক হিসাবে তাদের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে ২৮ জুলাই অগ্রগতি প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদন গ্রহণ করে আদেশ দেন হাইকোর্ট।




প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নির্যাতনের বর্ণনা দিলেন ছাত্রলীগ নেত্রীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত ছাত্রলীগের নারী নেত্রীরা। এ সময় তারা নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নারী নেত্রীরা।

এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন। ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের ওপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় সরকারপ্রধান তাদের সান্ত্বনা দেন।




মাদুরো তৃতীয় বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে মাদুরোর জয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের প্রতি অনুগত নির্বাচনী সংস্থা সিএনএ’র প্রেসিডেন্ট এলভিস আমরসো বলেছেন, রোববার অনুষ্ঠিত নির্বাচনে মাদুরো  ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪ দশমিক ২ শতাংশ ভোট।




প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠক জামায়াত-শিবির নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ হিসাবে উলে­খ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জামায়াত-শিবির, বিএনপির জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোনো রাজনৈতিক কিছু নয়। এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে গণভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া ছাড়াও ১৪ দলের ফজলে হোসেন বাদশা, শিরীন আখতার, সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, ডা. শাহাদাত হোসেন, ডা. অসীত বরণ রায়, আওয়ামী লীগের ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে, কোটা কোনো ইস্যু নয়। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা।

তিনি বলেন, আজকে বাংলাদেশের উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে। সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি, আর্থ-সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে।

বৈঠকে কোটা আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াত জোটের ভয়াল ধ্বংসযজ্ঞ-সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং হতাহতের ঘটনা নিয়ে আলোচনার পাশাপাশি অপশক্তিদের রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা হয়।

এর আগে গত ১৯ জুলাই ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই সভায় উদ্ভ‚ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতুভবন ও মহাখালীর দুর্যোগ ভবন সোমবার দুপুরে পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দলের নেতারা। নিজেদের দেখা সেই ভয়াল ধ্বংসযজ্ঞও আলোচনায় স্থান পায়।

 

এদিকে বৈঠক শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতাদের এক জরুরি বৈঠকে দেশের সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সন্ত্রাস নাশকতা, নৈরাজ্যের বিরুদ্ধে দেশের জাতীয় নিরাপত্তা, জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনমনের স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ১৪ দলের নেতারা। পরিপূর্ণ স্বস্তি আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর অগ্রণী ভ‚মিকা রাখার জন্য তাদের প্রতিও নেতারা ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, নেতারা মনে করে বিএনপি-জামায়াত, ছাত্রদল-শিবির এবং তাদের দোসর উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। অতি সম্প্রতি চোরাগোপ্তা হামলা করে এবং গুলিবর্ষণ করে সরকারের ওপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীর সদস্যসহ মানুষ হত্যা করে লাশ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়ায় এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। জাতীয় স্বার্থ দেশবিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন।

ওবায়দুল কাদের আরও বলেন, ১৪ দলের এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, জামায়াত-শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য।

তিনি আরও বলেন, ১৪ দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষাজীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

নেতারা মনে করেন কোনো শিক্ষার্থী এবং নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে।বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে। তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না।




বরিশালে পরিবারের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

বরিশাল অফিস :: বরিশাল জেলার আগৈলঝাড়ায় সীমা মণ্ডল (২৩) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যা হওয়ার খবর পাওয়া গেছে ।

সোমবার (২৯ জুলাই) উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা (বাহাদুরপুর) গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল আগৈলঝাড়া থানার এসআই মোশরাফ হোসেন ।

থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, উপজেলার মাগুরা (বাহাদুরপুর) গ্রামের মাধব মণ্ডলের মেয়ে সীমা মণ্ডল ডাসার শেখ হাসিনা উইমেন্স কলেজে অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবার থেকে কর্নপাড়া গ্রামে সীমার বিয়ে ঠিক করা হয়।

এতে সীমা মণ্ডল পরিবারের ওপর অভিমান করে রোববার রাতে ঘরের পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেছে।




এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই : শিক্ষামন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মহূর্তে সেই পরিস্থিতি (শিক্ষাপ্রতিষ্ঠান খোলা) তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কী হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।

রাজধানীসহ সারাদেশে বিজিবির টহল জোরদার
চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কী আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা।




আজ রাষ্ট্রীয় শোক




ইসরায়েলে ঢুকতে পারে তুরস্ক : এরদোয়ান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ৯ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এমনকি ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও। এমন অবস্থায় ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুরস্ক। এমন কথাই বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

তিনি বলেছেন, অতীতে আজারবাইজানের নাগোরনো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল তুরস্ক, এবার ইসরায়েলেও সেভাবে ঢুকতে পারে তার দেশ। সোমবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে লিবিয়া এবং নাগোরনো-কারাবাখের মতো এবার তুরস্ক ইসরায়েলে প্রবেশ করতে পারে বলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রোববার জানিয়েছেন। যদিও তিনি কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি এই প্রেসিডেন্ট।

রয়টার্স বলছে, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদোগান। রোববার তার দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তৃতার সময় এই যুদ্ধ নিয়ে আলোচনা শুরু করেন তিনি।

নিহ শহর রিজে এরদোয়ান তার ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে বলেন, ‘আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ফিলিস্তিনের সাথে ইসরায়েল এই হাস্যকর কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা তাদের (ইসরায়েলের) ক্ষেত্রেও একই কাজ করতে পারি।’

টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, ‘আমরা এটি না করার কোনো কারণ নেই… আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি।’

অবশ্য এরদোয়ানের মন্তব্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করা হলেও একে পার্টির প্রতিনিধিরা সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া ইসরায়েলও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

তবে প্রেসিডেন্ট এরদোয়ান রোববারের ভাষণে তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে। ২০২০ সালে লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক।

লিবিয়ার ত্রিপোলি-ভিত্তিক জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আব্দুলহামিদ আল-দাবিবাহকে তুরস্ক সমর্থন করে।

এছাড়া নাগোরনো-কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করে থাকে তুরস্ক। কিন্তু গত বছর তুরস্ক বলেছে, তারা তার এই ঘনিষ্ঠ মিত্রকে (আজারবাইজান) সহায়তা করার জন্য সামরিক প্রশিক্ষণ এবং আধুনিকীকরণসহ ‘সকল উপায়’ ব্যবহার করছে।

 




পটুয়াখালীতে মুরগীর পচা মাংস সংরক্ষণ – হোটেল মালিককে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি পচা মুরগীর মাংস সংরক্ষণের দায়ে মিজানুর রহমান (৪৫) নামে এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

কলাপাড়া উপজেলা সেনিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, বেশ কয়েকদিন ধরে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকার ওই হোটেল ব্যবসায়ী পচা মুরগির মাংস রান্না করে বিক্রি করে আসছিলো। সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পচা মুরগির মাংস উদ্ধার করে। এসব মুরগি রান্না করে বিক্রি করতে চেয়েছিলেন ওই হোটেল ব্যবসায়ী। পরে এসব মুরগি মাটিচাপা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ বলেন, এর আগেও হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগ ছিলো। আজ বস্তাভর্তি পচা মুরগিসহ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে। যারাই হোটেল ব্যবসায় এ ধরণের কাজে যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




আমতলীতে সড়কে মৃত্যুর মিছিল থামছেই না, হাইওয়ে পুলিশের দাবি

বরিশাল অফিস :: বরগুনার আমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এ বছরের জুনের শেষ সপ্তাহে ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরো প্রায় ৪০ জন। এ বিষয়ে এলাকাবাসী ও সচেতন নাগরিকদের মনে উদ্বেগ জন্ম নিয়েছে। সড়ক দুঘর্টনা রোধে পটুয়াখালী-আমতলী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কটি চার লেন এবং হাইওয়ে পুলিশ দেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

গত ৩০ জুন আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারবাড়ী নামক স্থানে লাশবাহী এ্যাম্বুলেন্সের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরো এক জন।

২৮ জুন একই সড়কের মহিষকাটা বাজার সংলগ্ন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হন। এ সময় আহত হন আরো চার জন।

একইদিন আমতলীর ঘটখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত হন আরো পাঁচ জন।
এর আগে ২২ জুন হলদিয়াহাট লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পরে ৯ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয় আরো আট জন।

এছাড়াও গত এক সপ্তাহে উপজেলার আমতলী-তালতলী সড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে পৃথক মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইক দুর্ঘটনায় আরো প্রায় ২৬ জন আহত হয়েছে।

এ বিষয়ে প্রবীণ সাংবাদিক ও ন্যাপ নেতা খান মতিয়ার রহমান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর দক্ষিণাঞ্চলের সড়কপথে যানবাহনের চাপ অনেক বেড়ে গেছে। সে অনুযায়ী যানবাহন চলাচলের জন্য সড়ক প্রশস্ত করা হয়নি। এছাড়া গাড়ির চালকদের অদক্ষতা, অসচেতনতা ও আঞ্চলিক মহাসড়কের সড়ক অব্যবস্থাপনাই এত প্রাণহানির প্রধান কারণ।

তবে পটুয়াখালী-আমতলী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নতি করা প্রয়োজন।

সচেতন মহল পটুয়াখালী-আমতলী ও কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কটি চার লেন এবং হাইওয়ে পুলিশ দেওয়ার জোর দাবি জানান।

বরগুনা আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘আমরা ট্রাফিক বিভাগকে সাথে নিয়ে ব্যবস্থা নিচ্ছি। এছাড়া সড়কে দুর্ঘটনা কমাতে আইনি প্রক্রিয়া যথাযথভাবে পালন করে যাচ্ছি।’

বরগুনা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, চালকদের চোখে পড়ে এমন রোড সাইন, রোড পোস্ট ও মার্কিং করা জরুরি। প্রয়োজনে আমতলীতে দ্রুত হাইওয়ে পুলিশের ব্যবস্থা করা দরকার। হাইওয়ে পুলিশ থাকলে সড়কে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।