লঘুচাপে সাগর উত্তাল – অলস বসে আছে মাছ ধরার ট্রলার

পটুয়াখালী প্রতিনিধি :: সাগরে মাছ ধরার ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তারপরও মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। কারণ লঘুচাপের কারণে এখন সাগর উত্তাল। তাই মাছ ধরার ট্রলারগুলো ঘাটে খালি ফিরে এসেছে। অনেক ট্রলার মাঝপথ থেকে ফিরে আসায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিকরা। এসব ট্রলার বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী ও মোংলা উপকূলের বিভিন্ন ঘাটে অলস বসে আছে।

পটুয়াখালী ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘সামুদ্রিক মৎস্যর প্রজনন মৌসুমকে নিরাপদ রাখতে টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ ছিল। গত ২০ মে থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়, শেষ হয় ২৩ জুলাই। সেদিন রাতে ফিশিং ট্রলার নিয়ে অধিকাংশ জেলে সাগরে রওনা হন। তার একদিন পরেই ফিশিং ট্রলারগুলো আবার খালি ফিরে আসে।’

‘জেলেরা জানান, সাগর উত্তাল। বাতাসের গতি বেশি। ঢেউগুলো বেশ বড় বড়। সাগরের পরিবেশ মাছ শিকারের অনুকূলে নেই। দুর্ঘটনা এড়াতে তারা ফিরে এসেছেন।’

চট্টগ্রামে কর্ণফুলী নদীর ফিশারিঘাটসহ বিভিন্ন ঘাটে অলস বসে থাকতে দেখা গেছে শত শত ফিশিং ট্রলারকে। মাছ ধরার বড় ট্রলারগুলো নোঙ্গর করে আছে নদীর মাঝখানে।

মো. আমিনুল হক বাবুল সরকার বলেন, ‘আলিপুর, মহিপুর, রাঙ্গাবালী থেকে অনেকগুলো ট্রলার মাছ শিকারে বের হয়েও নিরাপত্তার জন্য নদীতে এসে আশ্রয় নিয়েছে।’

ফিশিং ট্রলারের মালিক আবুল হোসেন বলেন, ‘২৪ জুলাই ভোরে আমার দুটি ট্রলার মাছ ধরার জন্য সাগরের দিকে রওনা হয়। যাত্রার আগে প্রতিটি ট্রলারে পর্যাপ্ত বরফ, জেলেদের জন্য খাবার, ট্রলারের জ্বালানি তেলসহ আনুষঙ্গিক জিনিসপত্র কিনে দিয়েছি, এজন্য আমার প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। বরফ বাবাদ যে টাকা খরচ হয়েছে তা ক্ষতি হলো। অলস বসে থাকলেও জেলেদের বেতন দিতে হচ্ছে।’

এদিকে, সাগরের পরিবেশ-পরিস্থিতি ভালো হলে আবারো ফিশিং ট্রলারগুলো রওনা দেওয়ার সময় বরফ কিনে লোড করতে হবে বলে জানান আবুল হোসেন।

সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৪৭ লাখ ৫৯ হাজার মেট্রিক টন। এর মধ্যে সামুদ্রিক মৎস্য আহরণের পরিমাণ ছিল সাত লাখ ছয় হাজার মেট্রিক টন।

জানতে চাইলে জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বলেন, জেলায় প্রায় পাঁচ হাজার ফিশিং ট্রলার রয়েছে। গত ২৪ জুলাই ভোরে অনেকগুলো ফিশিং ট্রলার মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে গেলেও পরে তারা ফিরে আসে।




ঢাকাসহ চার জেলায় ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল

চন্দ্রদ্বীপ ডেস্ক:ঢাকাসহ চার জেলায় ১৩ ঘণ্টা করে কারফিউ শিথিল ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা অন্দোলনে শিক্ষার্থীদের যে ডিমান্ড ছিল, তার সব মেনে নেওয়ার পরও সহিংসতা থামেনি। তাই বাধ্য হয়ে আমরা কারফিউ জারি করেছিলাম। আমরা সারা দেশের শান্তিশৃঙ্খলা নিয়ে আলোচনা করেছি৷ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আগামী বুধবার থেকে শনিবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সেটি শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নেবেন। টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইসিটি প্রতিমন্ত্রী সিদ্ধান্ত নেবেন যে, কবে থেকে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালু হবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ও কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেন সাত মন্ত্রী, চার সচিব এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিব, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র‌্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।




পটুয়াখালীতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি :: ‘ভরবো মাছে মোদের দেশ’, ‘গড়বো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীতে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০জুলাই) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের। মতবিনিময় সভায় গনমাধ্যমকর্মী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সভায় মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষন, আবাসস্থলের সুরক্ষা, নাব্যতা বৃদ্ধি, সময়মত ভিজিএফ প্রদান সহ ভিভিন্ন বিষয় আলোচনা করা হয়।




কুয়াকাটায় আবাসিক হোটেলে মিলল পর্যটকের ঝুলন্ত মরদেহ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল ফ্রেন্ডস পার্ক ইনের কক্ষ থেকে জাহিদ হাসান জিহাদ (২০) নামের এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) শেষ বিকেলে ফ্রেন্ডস পার্ক ইন নামক হোটেলটির তৃতীয় তলায় সি-৫ নামক রুমের দরজা ভেঙ্গে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসময় তার কক্ষ থেকে ইয়াবা খাওয়ার সরঞ্জাম, সিগারেটের প্যাকেট ও খাবার আলামত হিসেবে জব্দ করা হয়। ফরিদপুর জেলার চন্দ্রপাড়া থানার সদরপুরের জাহিদ হাসান জাফরের ছেলে জিহাদ। পোস্ট মর্টেমের জন্য জিহাদের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুলাই) দুপুর দুইটায় জিহাদ ওই হোটেলে এসে রুম ভাড়া নেয়। রাতে খাবার নিয়ে রুমে প্রবেশ করে। সোমবার দুপুরে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে বিকেলে পুলিশ এসে জিহাদের লাশ উদ্ধার করে।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, প্রাথমিক সুরতহাল শেষে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। জিহাদের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।




আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর রিটের শুনানিতে যা হলো




বুধবার থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে অফিস




শাফিনের দাফনের দিনে ক্যান্সারের কাছে হেরে চলে গেলেন জুয়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। ১১ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার ঢাকার এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসাসেবাও চলছিল। শেষ পর্যন্ত ফেরানো গেল না “সেদিনের এক বিকেলে”-খ্যাত এই শিল্পীকে।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী উপস্থাপক সংগীতা আহমেদ। মৃত্যুকালে জুয়েলের বয়স হয়েছিল ৫৬ বছর। তার জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১১ সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। মাঝে এক যুগেরও বেশি সময় ধরে এই শিল্পী ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন দেশ ও বিদেশের চিকিৎসা সহযোগিতায়। অবস্থার খুব অবনতি হলে চলতি মাসের ২৩ জুলাই রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাঝে ২৫ জুলাই খানিক উন্নতির খবর পাওয়া গেলেও ৩০ জুলাই সকালে ক্যান্সাররের কাছে হার মানলেন এই শিল্পী।

১৯৯২ সালে বের হয় জুয়েলের প্রথম গানের অ্যালবাম “কুয়াশা প্রহর”। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন জুয়েল। তারপর থেকে প্রায় নিয়মিত বের হতো তার গানের অ্যালবাম।

এরপর প্রকাশিত হয় “এক বিকেলে” (১৯৯৪), “আমার আছে অন্ধকার” (১৯৯৫), “একটা মানুষ” (১৯৯৬), “দেখা হবে না” (১৯৯৭), “বেশি কিছু নয়” (১৯৯৮), “বেদনা শুধুই বেদনা” (১৯৯৯), “ফিরতি পথে” (২০০৩), “দরজা খোলা বাড়ি” (২০০৯) এবং “এমন কেন হলো” (২০১৭)।

এছাড়াও বেশকিছু সিঙ্গেল ও মিশ্র অ্যালবামে গেয়েছেন জুয়েল।




জামায়াত-শিবিরকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করা হবে: আইনমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত-শিবিরকে আগামীকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে। নির্বাহী আদেশের মাধ্যমে এটি করা হবে বলে তিনি জানান।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন আইনমন্ত্রী।

কোন প্রক্রিয়ায় এটি করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান আইনমন্ত্রী।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।




বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়েছে। এরপরই দেশটিতে ছড়িয়েছে বিক্ষোভ। প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জবাবে পুলিশও তাদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। মঙ্গলবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় গত রোববারের বিতর্কিত নির্বাচনী ফলাফলের প্রতিবাদে রাস্তায় নামা বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসেন। তাদের কেউ কেউ আবার কয়েক মাইল হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে রওনা হন।

গত রোববারের এই নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন বলে দাবি করার পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। বিরোধীরা মাদুরোর বিজয়ের দাবিকে জালিয়াতি বলে আখ্যায়িত করেছে। বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ৭৩.২ শতাংশ ভোট পেয়ে এই নির্বাচনে বিশ্বাসযোগ্যভাবে জয়ী হয়েছেন।

নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপও মাদুরোর এই প্রতিদ্বন্দ্বীর স্পষ্ট জয়ের ইঙ্গিত দিয়েছিল।




পটুয়াখালীতে দু’শতাধিক নিম্ন আয়ের পরিবারকে খাদ্য সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি :: শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন এবং পরবর্তী বিশৃঙ্খল পরিবেশ বিপাকে পরা শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকালে দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

এসময় দি পটুয়াখালী চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান (বাপ্পি), দেলোয়ার হোসেন আকন, মোঃ ফারুক মৃধা, মোঃ জামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় চেম্বার অব কমার্স সভাপতি আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, দেশের কারফিউর চলাকালীন সময়ে সল্প আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ আমরা দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করেছি এবং পরিস্থিতি বিবেচনা করে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।