পদ্মার দুই ইলিশ বিক্রি ১৭ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া দুটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ১৭ হাজার টাকায়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে মাছ দুটি কেনেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

প্রথমে তিনি মাছ দুটি প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে কিনে নেন, যার মোট দাম দাঁড়ায় ১৫ হাজার ৯৬০ টাকা। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ক্রেতার কাছে মাছ দুটি পুনরায় বিক্রি করেন তিনি। এ সময় প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা দরে মাছ দুটি বিক্রি হয়, যার মোট মূল্য দাঁড়ায় ১৭ হাজার ৬৪০ টাকা।

মাছ দুটির মধ্যে একটি ওজন ছিল ২ কেজি ২০০ গ্রাম এবং অন্যটির ওজন ২ কেজি।

ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, “নিলামে মাছ দুটি কেনার কিছুক্ষণ পরই প্রবাসী একজন ক্রেতা আগ্রহ প্রকাশ করেন। পরে তার কাছে আমি মাছ দুটি ১৭ হাজার ৬৪০ টাকায় বিক্রি করি।”

স্থানীয় বাজারে এমন উচ্চমূল্যে ইলিশ বিক্রি হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের পাশাপাশি আলোচনা চলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বিচার সংস্কারের রোডম্যাপ এখন বাস্তবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কারের ঘোষিত রোডম্যাপ এখন বাস্তবে রূপ নিয়েছে। এর ফলে আদালতের কার্যপ্রণালী, জনগণের আস্থা এবং প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতায় ব্যাপক পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে আয়োজিত “জুডিশিয়াল ইনডিপেনডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল, তার বাস্তবায়নের মাধ্যমে আদালতের সংস্কৃতি নতুন মাত্রা পেয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে বিচারপতি নিয়োগের জন্য ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল অর্ডিন্যান্স-২০২৫’ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এই প্রক্রিয়ায় বিচারপতি নিয়োগ সম্পন্ন হওয়ায় জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় হচ্ছে।

তিনি আরও জানান, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের ভিত্তি প্রায় সম্পূর্ণ, যা বিচার বিভাগের প্রকৃত স্বায়ত্তশাসন নিশ্চিত করবে। দীর্ঘদিন স্থবির থাকা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত হওয়ায় বিচারপতিদের শৃঙ্খলা ও অপসারণ প্রক্রিয়া সাংবিধানিকভাবে পুনঃস্থাপন হয়েছে।

বিচারপ্রার্থীদের সুবিধার্থে সুপ্রিম কোর্টসহ বিভাগীয় শহর ও ৬৪ জেলায় হেল্পলাইন সার্ভিস চালু করা হয়েছে। দেওয়ানি ও ফৌজদারি বিচারব্যবস্থার পৃথকীকরণ এবং জেলা পর্যায়ে ২৩২টি নতুন বিচারিক পদ সৃষ্টির মাধ্যমে মামলা জট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ খসড়া আকারে তৈরি করা হয়েছে। এতে প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া ও দক্ষ বিচারকদের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।

সেমিনারের সভাপতিত্ব করেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সেমিনারে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সরকারি কৌসুলি, পাবলিক প্রসিকিউটর এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কলাপাড়ায় শিগগিরই নতুন আদালত ভবন

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ জানিয়েছেন, কলাপাড়া উপজেলার বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব এবং ন্যায়বিচার নিশ্চিত করতে খুব শিগগিরই কলাপাড়ায় আধুনিক মানের নতুন আদালত ভবন নির্মাণের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সীমিত জায়গার ভাড়াটে ভবনে আইনজীবী, বিচারক ও বিচারপ্রার্থী মানুষজন চরম সংকটে রয়েছেন। এজন্য আগামী মাসেই বড় পরিসরের একটি নতুন ভবনে আদালত স্থানান্তর করে কার্যক্রম শুরু করা হবে। এতে দীর্ঘদিন ধরে থাকা সমস্যার অবসান ঘটবে এবং সবার জন্য স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি হবে।

বুধবার দুপুরে কলাপাড়া চৌকি আদালতের নতুন ভাড়াটে ভবন পরিদর্শন শেষে উপজেলা বার ভবনে জেলা আইনজীবী সমিতির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারিক হাকিম আরও জানান, শুধু কলাপাড়ায় নয়, দেশের আরও ১৪টি জেলায় নতুন জেলা জজ আদালত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য নকশা প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং অচিরেই নির্মাণকাজ শুরু হবে। তিনি বলেন, “আমি কাউকে না জানিয়েই কলাপাড়া আদালত ঘুরে দেখেছি। আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ নিজের চোখে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে নতুন ভাড়াটে ভবনে আদালত স্থানান্তর ও জাজেজ কমপ্লেক্স নির্মাণের প্রক্রিয়া অনুমোদিত হয়েছে। খুব শিগগিরই কলাপাড়ার মানুষ এর সুফল ভোগ করবেন।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের যুগ্ম জেলা জজ পারভেজ আহমেদ, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মো. মহিবুল হাসান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ আরও অনেকে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা জজ আদালতের বিচারকরা কলাপাড়া চৌকি আদালতে পৌঁছালে স্থানীয় জ্যেষ্ঠ আইনজীবীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন। পরে তারা আইনজীবীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন এবং কলাপাড়ার বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




নৌকা স্থগিত, নতুন গেজেটে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে গেজেটে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালার আলোকে এবার ১১৫টি প্রতীক প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। এর মধ্যে রয়েছে— আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কুমির, কম্পিউটার, কুড়াল, কুলা, কোদাল, খাট, খেজুর গাছ, গাভী, গরুর গাড়ি, ঘুড়ি, ঘণ্টা, গোলাপ ফুল, ঘোড়া, চাকা, চেয়ার, ছাতা, জাহাজ, টেলিভিশন, টেলিফোন, রিকশা, ট্রাক, লাঙ্গল, মাছ, মোমবাতি, মোবাইল ফোন, হাতুড়ি, হাতি, হাতঘড়ি, সেলাই মেশিন, ফুটবল, প্রজাপতি, বাইসাইকেল, বৈদ্যুতিক পাখা, মশাল, সিংহ, মোরগ, হাঁস, হাতপাখা, রকেট, হেলিকপ্টারসহ অন্যান্য প্রতীক।

প্রজ্ঞাপনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত দল বা তাদের প্রতীক কোনোভাবেই নির্বাচনে ব্যবহার করা যাবে না। এ কারণে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে স্থগিত করা হয়েছে। ফলে নতুন করে কোনো প্রতীক নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা এ প্রতীকে নির্বাচন করতে পারবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নৌকা প্রতীক স্থগিত হওয়ায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি হলো। অন্যদিকে, বিকল্প প্রতীক বেছে নেওয়ার সুযোগ থাকলেও সেটি কতটা গ্রহণযোগ্য হবে— তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই প্রতীকের তালিকা সংশোধন ও নৌকা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




শাপলা প্রতীক এর জন্য পুনরায় এনসিপির আবেদন

চন্দ্রদ্বীপ ‍নিউজ:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবারও নির্বাচন কমিশনের (ইসি) কাছে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে। বুধবার এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা এনসিপি  দল হিসাবে এখনো স্বীকৃতি পায়নি।

নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর সংশোধন করে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা- এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করা হোক। এরপর যেন এই প্রতীকগুলোর যে কোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়া হয়।

এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, তালিকায় শাপলা না থাকায় এনসিপি ওই প্রতীক পাচ্ছে না। নিবন্ধন পেলে তাদের ১১৫টি নির্ধারিত প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে হবে।

নিবন্ধন প্রত্যাশী এ দলটি ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছে।

এনসিপি নেতারা বলছেন, নিবন্ধন পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। আবার শাপলা প্রতীকের দাবিও ছাড়ছেন না।




শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস ও প্রত্যাশা রাষ্ট্রদূতদের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে উন্নয়ন সহযোগী ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা মতবিনিময় করেছেন। নির্বাচনী চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তারা শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং কমিশনের পাশে থাকার আশ্বাস দেন।

বুধবার বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সভা শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, রাষ্ট্রদূতরা ভবিষ্যতে বাংলাদেশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের চলমান অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার আশ্বাসও দিয়েছেন তারা।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্দিষ্ট মাস নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন দেশি-বিদেশি সবার জন্য নির্বাচনকে উন্মুক্ত ও গ্রহণযোগ্য করতে কাজ করছে।

কে এম আলী নেওয়াজ আরও জানান, বিদেশি সংস্থা ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রদূতরা নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচন কমিশনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, রাষ্ট্রদূতরা বিশেষভাবে জানতে চেয়েছেন, আগের নির্বাচনের তুলনায় আসন্ন নির্বাচনে কী ধরনের পরিবর্তন আসবে। এ সময় কমিশন তাদের জানায়, প্রয়োজনীয় আইন সংস্কার ও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, রাষ্ট্রদূতরা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে তারা একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাড্ডায় মাসুদ হত্যা মামলায় পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিনের রিমান্ড

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত হাফেজ মো. মাসুদুর রহমান হত্যা মামলায় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির বাসার সামনে থেকে মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বাড্ডা থানাধীন লিংক রোড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় আসামিদের গুলিতে মারাত্মকভাবে আহত হন হাফেজ মাসুদুর রহমান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার কয়েক মাস পর গত বছরের ৯ নভেম্বর নিহত মাসুদের পরিবার বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে পুলিশের সিটিটিসি ইউনিট তদন্ত করছে।

এই মামলায় সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদের রিমান্ডে নেওয়ায় তদন্তে নতুন অগ্রগতি আসবে বলে আশা করছে পুলিশ।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




চিকিৎসক বদলি প্রত্যাহারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকের বদলি আদেশ বাতিলের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সুবিদখালী সরকারি কলেজের সামনে “সর্বস্তরের জনগণ” ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা বরগুনা–বাকেরগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন প্রায় দুই ঘণ্টা। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা দুর্ভোগে পড়েন। পরে দুপুর একটার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে সুবিদখালী রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরপর একটি মিছিল উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত স্মারকলিপি দেন।

আন্দোলনকারীরা জানান, আবাসিক চিকিৎসক কর্মকর্তা সামসুল ইসলাম সোহেল এবং চিকিৎসা কর্মকর্তা উমর ফারুকের বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশনে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারিত হয়। স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের প্রভাবে ওই প্রতিবেদন প্রচারের পরপরই কর্তৃপক্ষ তদন্ত ছাড়াই তাদের বদলির আদেশ জারি করে। হঠাৎ করে এভাবে বদলি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে বলে দাবি করেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, “জনগণের দাবির প্রেক্ষিতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বদলির আদেশ প্রত্যাহারের জন্য লিখিত অনুরোধ জানিয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, “হঠাৎ দুজন চিকিৎসকের বদলি হওয়ায় স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার শঙ্কা আছে। কোনো অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় ছাত্রদলের ডাস্টবিন স্থাপন উদ্যোগ

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস (এমবি) কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে অনন্য উদ্যোগ নিয়েছে ছাত্রদল। মঙ্গলবার কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করে সংগঠনটি।

ছাত্রদল নেতৃবৃন্দ জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশবান্ধব মনোভাব সৃষ্টি করা। তারা বিশ্বাস করেন, নিয়মিত ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে ভূমিকা রাখবেন।

উদ্যোগে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার। তার সঙ্গে ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল। নেতারা বলেন, “ছাত্রদল কেবল রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখবে।”

কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাত্রদলের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম তরুণদের দায়িত্ববোধ জাগ্রত করবে এবং ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবেন।

কলাপাড়ার সাধারণ শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাফেরা করেন, ফলে পরিবেশ নোংরা হওয়ার আশঙ্কা থেকেই যায়। তবে এখন থেকে ডাস্টবিন ব্যবহারের সুযোগ থাকায় আবর্জনা ব্যবস্থাপনা আরও সহজ হবে।

ছাত্রদলের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নিউ ইয়র্কের অনাকাংখিত ঘটনায় অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ

চন্দ্রদ্বীপ নিউজ:   যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের  জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

এতে উল্লেখ করা হয়, সোমবার নিউইয়র্কে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করছে। ওই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন এবং তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার শিকার হন। এ হামলা চালায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকেরা।

এতে বলা হয়, ঘটনাটি শেখ হাসিনার সময়ে গড়ে ওঠা সহিংস রাজনৈতিক সংস্কৃতির করুণ স্মৃতি মনে করিয়ে দেয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক বাংলাদেশ নির্মাণই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে শেষ মুহূর্তে ভিসাজনিত সমস্যার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয়। সে সময় ভিভিআইপি প্রবেশাধিকার অব্যাহত রাখার অনুরোধ জানানো হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা মঞ্জুর করেনি। এতে নিরাপত্তায় ঘাটতি তৈরি হয়।

ঘটনার পরপরই বাংলাদেশ মিশন নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছে। তদন্তও চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের নিরাপত্তা বহুলাংশে জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রতিনিধিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে।

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশে বা বিদেশে যেখানেই ঘটুক না কেন—রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না। এ ধরনের ঘটনার প্রতিক্রিয়া আইনগত ও কূটনৈতিকভাবে জানানো হবে।