বঙ্গবন্ধু মেডিকেলে ভাঙচুর ও অগ্নিকাণ্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাঙচুর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মেডিকেলের ভিতরে থাকা গাড়িগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা।

জানা গেছে, হাসপাতালের ভেতরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আর বাইরে আন্দোলনকারীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর হাসপাতাল বিল্ডিংয়ের নিচতলার মার্কেটের ভিতর থেকে মোটরসাইকেল বের করে তাতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধরা।

জানা গেছে, শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে একটি গ্রুপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের গেট থেকে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই তারা প্রথমে পার্কিংয়ে রাখা সব গাড়ি ভাঙচুর করে এবং তারপরে ব্লকের ভেতরে ঢুকে পড়ে।

বিশ্ববিদ্যালয় অবস্থানরত শিক্ষক চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে যে যেখানে পেরেছেন নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অফিসের কর্মচারীসহ অনেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয় যারা নিরাপদ আশ্রয় নিয়েছে এমন অনেকে এই প্রতিবেদককে জানিয়েছে যে তারা কোনোভাবে বেড়োতে পারছে না।




সারাদেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে : শোক মিছিল আগামীকাল

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আজ রোববার ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। এ ছাড়া আগামীকাল সোমবার (৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।
শনিবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোন রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি।
তিনি বলেন, রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবো।




প্রবাসে বাংলাদেশিদের বিক্ষোভ-গ্রেফতারে ‘বিব্রত’ সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কিছু দেশে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। বিষয়টি নিয়ে ‘বিব্রত’ সরকার।

কোটা সংস্কার আন্দোলন শুরুর পর বিভিন্ন দেশে সংহতি জানিয়ে বিক্ষোভ করেন প্রবাসীরা। গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভ হয়। দেশটির আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ বা স্লোগান দেওয়া নিষিদ্ধ। জনগণের মধ্যে অস্থিরতা, আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ করা, গুজব বা অপপ্রচার চালানো কিংবা এ ধরনের কোনো বক্তব্য, ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এদেশে সম্পূর্ণ নিষিদ্ধ।

নিয়ম ভেঙে সেখানে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সৌদিতেও বিক্ষোভের কারণে কয়েকজনকে গ্রোফতারের খবর পাওয়া যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিদেশে নিয়ম ভেঙে সরকারবিরোধী এমন বিক্ষোভের ফলে আটক ও শাস্তির বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সরকার। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমিক ভিসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে সরকারের তরফ থেকে এটি সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে।

 এসব ক্ষেত্রে আইন-কানুন খুবই কঠিন। সৌদি ও আরব আমিরাতে এ ধরনের আন্দোলন করা যায় না। তারা এটি জেনে করেছে নাকি না জেনে সেটি একটি বিষয়। তবে এটি অবশ্যই বিব্রতকর।- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব সাব্বির আহমেদ চৌধুরী

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাংবাদিকদের বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনের সঙ্গে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার তাদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। এ বিষয় ঘিরে আমাদের অন্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন একটি ভিডিওবার্তায় বলেন, গুজবের ফাঁদে পা দিয়ে সাধারণ প্রবাসীরা রাস্তায় নেমেছে, মিছিল করেছে, ভাঙচুর করেছে, এদেশের আইন ভঙ্গ করেছে। অনেকের এরই মধ্যে জেল-জরিমানা হয়েছে। যারাই সক্রিয়ভাবে এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিয়েছেন প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবেন। এখানকার সাধারণ প্রবাসী বাংলাদেশিরা সাধারণভাবে অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত পরিশ্রমী এবং এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।




রোববার ভিসা সংক্রান্ত সেবা বন্ধ রাখ‌বে মা‌র্কিন দূতাবাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় আগামীকাল রোববার সব ধর‌নের ভিসা সংক্রান্ত সেবা বন্ধ রাখ‌বে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস। একই সঙ্গে এদিন মা‌র্কিন নাগ‌রিক‌দের প‌রি‌ষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বা‌তিল ক‌রা হয়েছে।

শ‌নিবার (৩ আগস্ট) রা‌তে ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাসের ফেসবু‌ক পেজে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।




নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ, রয়েছেন তিন বাহিনীর প্রধানও




রোববার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ




রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেন উগান্ডার দৌড়বিদ

বরিশাল অফিস :: ক্রিকেট-ফুটবলের মতো জনপ্রিয় খেলায় তেমন কোনো সাফল্যই নেই আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ উগান্ডার। যদিও চলতি বছরে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল তারা। এবার সেই উগান্ডাই প্যারিস অলিম্পিকের মঞ্চে এসে দেখালো চমক। অ্যাথলেটিকস ইভেন্টে নিজেদের প্রথম পদকের দেখা পেল দেশটি, তাও আবার স্বর্ণপদক!

ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে দেশের হয়ে প্রথম সোনা জিতেছেন জশুয়া চেপেতেগি। শুধু যে পদক জিতেছেন তাই না, রেকর্ডের খাতায় নিজের নামটাও লিখিয়ে নিয়েছেন এই দৌড়বিদ।

এই ইভেন্টে দৌড় শেষ করতে তিনি সময় নেন ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ড, যা অলিম্পিকের ইতিহাসে নতুন রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ডের, যেটি করেছিলেন ইথিওপিয়ার অ্যাথলেট কেনেনিসা বেকেলে।

এই ইভেন্টের পরবর্তী দুটি অবস্থানের পদক জিতেছেন ইথিওপিয়ারই আরেক দৌড়বিদ। রুপা জিতেছেন বারেহু আরেগায়ি, তার সময় লেগেছিল ২৬ মিনিট ৪৩.৪৪ সেকেন্ড। আরেগায়ির থেকে ০.০২ সেকেন্ড বেশি নিয়ে ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশার।




বেড়িবাঁধ ভেঙে রাঙ্গাবালীর ৫ গ্রাম প্লাবিত – পটুয়াখালী পৌর শহরেও পানি

পটুয়াখালী প্রতিনিধি :: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও জোয়ারের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে উপকূল রাঙ্গাবালীর পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পটুয়াখালী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে।

প্লাবিত গ্রামগুলো হলো- উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা, চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া, গরু ভাঙ্গা, কুলের চর ও মরাজঙ্গী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল থেকে প্রায় চার ঘণ্টা পানিবন্দি ছিল এসব এলাকার মানুষ। এতে গ্রামের অন্তত দুইশ’ পরিবার চরম দুর্ভোগ পড়ে।

এদিকে বৃহস্পতিবারও জোয়ারের পানি পটুয়াখালীর পৌর শহরের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং পৌর শহরের দুই-তৃতীয়াংশ এলাকা ও সড়ক তলিয়ে যায়। এছাড়াও পানি ঢুকে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে। বিশেষ করে জোয়ারের পানিতে শহরের পুরান বাজার, নতুন বাজার, পোস্টঅফিস সড়ক, চরপাড়া, আদালত পাড়া, সেন্টারপাড়া, জুবিলী স্কুল রোড, মুন্সেফপাড়া, মহিলা কলেজ রোড, মেডিকেল কলেজ হাসপাতাল, নিউমার্কেট চত্বর, পুরাতন হাসপাতাল রোড, সিভিল সার্জন অফিসসহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে চরম ভোগান্তি হয় ব্যবসায়ীদের এবং বন্ধ হয়ে যায় বেচাকেনা। থমকে যায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

এ ব্যাপারে পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র জানান, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।




কলাপাড়া হাসপাতালের সাবেক কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদারসহ ৩ জনের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়াসহ প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া হাসপাতালের সাবেক নৌ এ্যাম্বুলেন্স ড্রাইভার মো. আফজাল হোসেন বাদী হয়ে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গত রবিবার এ মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারবাল সহকারী মো.জহিরুল ইসলাম ও সাবেক একাউন্টেন্ট মো. এরশাদ।

মামলা সূত্রে জানা যায়, ডা: চিন্ময় হাওলাদার কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত থাকা অবস্থায় বাদীর সাথে পরিচয় হয়। বাদী আফজাল হোসেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ীভাবে জুনিয়র মেকানিকের কাজ করতেন। একসময় সকল আসামীগন একত্রিত হয়ে বাদীর নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে হাসপাতালের পরিত্যক্ত নৌ এ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে চাকুরী দেয়ার প্রস্তাব দেয়। বাদী সরল বিশ্বাসে তাদের প্রস্তাবে রাজী হয়ে দুই ধাপে মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা পরিশোধ করে। এর বিনিময়ে আসামীদ্বয় তাকে একটি অভিজ্ঞতার সনদ প্রদানসহ মহাখালী উপজেলা হেলথ কেয়ার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর এর লাইন পরিচালকের নিকট স্বারকের মাধ্যমে তাকে ড্রাইভার হিসেবে পদায়নের জন্য জোড় সুপারিশ করেন। তাদের সুপারিশে ২০২২ সালের ২০ অক্টোবর তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ওয়াটার এ্যাম্বুলেন্স এর ড্রাইভার পদে যোগদান করেন। পরবর্তীতে চাকরী স্থায়ীকরনের কথা বলে মামলার ১ নং আসামী ডা: চিন্ময় হাওলাদার তার নিকট পুনরায় দুই লক্ষ টাকা দাবী করেন। বাদী উক্ত টাকা দিতে অস্বীকার করলে আসামীগন তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। নৌ এ্যাম্বুলেন্সটি অচল হয়েছে মর্মে ফেরত নিয়ে কোন উপযুক্ত স্থানে প্রেরণের জন্য অপর একটি স্বারকের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরকে তারা তথ্য প্রদান করেন। অত:পর মামলার ১ নং আসামী ২০২৩ সালের ২৬ অক্টোবর বাদীকে চাকরী থেকে অব্যাহতি প্রদান করিয়া না দাবী পত্র দেন। পরে চাকরির জন্য তাদের দেয়া টাকা ফেরত চাইলে তা ফেরত না দিয়ে উল্টো বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় বলে বাদী তার মামলায় উল্লেখ করেন।

এবিষয়ে মামলার ১ নং আসামী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার’র নিকট জানতে চাইলে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে সাংবাদিকদের জানান।




আমতলীতে বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাটায় আতংকে ২ শতাধিক পরিবার

বরিশাল অফিস :: বরগুনার আমতলীতে বন্যা জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বন্যানিয়ন্ত্রন বেঁড়ি বাধ কেটে দেওয়ায় আতংকের মধ্যে জীবন যাপন করছেন উপজেলার উত্তর রাওঘা গ্রামের ২ শতাধিক পরিবার।

জানা গেছে, হলদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ২০/২৫ জন লোক শুক্রবার বিকালে ও শনিবার (৩ আগস্ট) সকালে বন্যানিয়ন্ত্রন বাঁধ কেটে দেন বিলের পানি সরানোর জন্য। বাঁধ কেটে দেওয়ায় চরম আতংকের মধ্যে জীবন যাপন করছেন রাওঘা গ্রামের ২ শতাধিক পরিবার। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে যায় তাদের বাড়ীঘর। বন্যা বা জলোচ্ছ্বাস হলে তাদের পানিতে ডুবে মরতে হবে বলে জনান গ্রামের বাসিন্ধারা।

স্থানীয় ইউছুফ প্যাদা বলেন, সিদ্দিক মেম্বর গায়ের জোরে আমার বাড়ীর পাশে দিয়ে সরকারী বেঁড়িবাধ কেটে দিয়েছে। আমার বাড়িঘর, মুরগির খামার জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এই বাঁধ কাটায় উত্তর রাওঘার ২ শতাধিক পরিবার নদীর জেয়ারের পানি ও জলোচ্ছ্বাস তলিয়ে যাবে। আমাদের বাচার কোন উপায় থাকবেনা।

ইউছুফ প্যাদা আরো বলেন, বাঁধ কাটতে বাঁধা দেওয়ায় সিদ্দিক মেম্বর আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, বর্ষায় আমাদের বীজতলা তলিয়ে গেছে তাই বেড়ি বাধ কেটে দিয়েছি।

বর্তমান ইউপি সদস্য মো. মতিয়ার রহমান বলেন, যে কেউ ইচ্ছা করলেই সরকারী এই বেঁড়িবাধ কাটতে পারেনা। আমি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এখন চরম ঝুকির মধ্যে পড়েছে ওই গ্রামের লোকজন।

পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী মো.নাজমুল হাসান বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, সরকারী বেঁড়িবাধ সরকারের অনুমতি ব্যতিত কেউ কাটতে পারেনা। কেউ বেঁড়িবাধ কাটলে তা অবৈধভাবে কাটছে। এতে ওই গ্রামের শতশত মানুষ বন্যা জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

আমতলী উপজেলার সহকারী কমিশনার ভুুমি তারেক হাসান বলেন, সরকারী বেঁড়ি বাধ কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।