বাংলাদেশি জনগণই সরকার গঠনের সিদ্ধান্ত নেবে: ম্যাথিউ মিলার

বরিশাল অফিস :: বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই ভবিষ্যত সরকার গঠিত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সামরিক বাহিনীর পছন্দে পরবর্তী নেতৃত্ব গঠিত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই, সে দেশের জনগণই ভবিষ্যত সরকার গঠনের সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (৬ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রস্টোরি এ তথ্য জানিয়ে খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, সোমবার গণঅভ্যুত্থানের পর অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার পরিপ্রেক্ষিতে পশ্চিমা শক্তি বাংলাদেশের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে অভিনন্দন জানায়। সেইসঙ্গে সহিংসতা পরিহার করে সব পক্ষকে শান্ত থাকারও আহ্বান জানাচ্ছে।

ম্যাথিউ মিলার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। আগামী দিনগুলিতে সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই আমরা।

এসময় তিনি বলেন, এটা যদি সত্যি হয় যে, আইন মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনী হামলার করতে রাজি হয়নি, তাহলে একে আমরা স্বাগত জানাই। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানাই।




উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ আটক

বরিশাল অফিস :: ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।




লালমোহনে বিএনপি-জামায়াতের উদ্যোগে শান্তি সমাবেশ

বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি এবং জামায়াতের উদ্যোগে পৌর শহরের চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম, নির্যাতন, চাঁদাবাজী এবং জবরদখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এজন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। নতুন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

সমাবেশে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এবং প্রচার সম্পাদক মাওলানা আজিম উদ্দিন, জেলা শিবিরের সভাপতি মো: জসিম উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




বরগুনায় নিহতদের স্মরণে ছাত্র-শিবিরের গায়েবানা জানাজা

বরিশাল অফিস :: চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্মরণে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছেন বরগুনা জেলা ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

সোমবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরগুনা কেন্দ্রীয় সদরঘাট মসজিদের সামনে অবস্থান নেন।

এসময় আলোচনা ও সমাবেশ শেষে গায়েবানা জানাজা নামাজ পড়েন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। জানাজায় অংশ নিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। জামাতে ইমামতি করেন, পাথরঘাটা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ রাকিব, জানাজায় শতাধিক সাধারণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা ছাত্র শিবিরের সভাপতি সুমন আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, ছাত্রশিবিরের শতাধিক সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্র শিবিরের সভাপতি সুমন আবদুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ওপর গুলি ছুড়েছে ও সাধারণ মানুষের উপর হামলা করেছে। এ সময় আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছে তাদের স্মরণে গায়েবানা জানাজা নামাজ পড়েছি। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক।




বিমানবন্দরে আটক সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

চন্দ্রদ্বীপ ডেস্ক : সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই পলকের বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।




আমরা কোন দলের নয় – যেখানে অন্যয় সেখানেই প্রতিবাদ

পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটায় বৈষম্যবিরোধী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ‘ছাত্র ও শিক্ষক শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ আগস্ট) ১১টায় পর্যটন হলিডে হোমস ও ইউথ ইনের হল রুমে সাধারণ ছাত্র-ছাত্রী ও কুয়াকাটার সকল শ্রেণীপেশার মানুষ এতে আংশ নেয়।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মো. ইমরান বলেন, আমরা কোন দলের নয়, আমরা দেশের ছাত্র, যেখানে অন্যয় সেখানেই প্রতিবাদ, আমরা কোন রাজনৈতিক দলের ফায়দা নিতে আন্দোলন করিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জিএম সবুজ বলেন, আমরা এই অরাজকতা ও সংহিতা করার জন্য রক্ত দেইনি। একটি মহল তারা ফায়দা নিচ্ছে। এটি মোটেই কাম্য নয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খায়রুল ইসলাম সোহাগ বলেন, আমাদের অনেক ভাইয়ের জীবেনর বিনিময়ে আমরা স্বৈরাচারী সরকারের পতন করতে সক্ষম হয়েছি। তাই আমরা সেই ভাইদের স্মরণ করছি।

অন্য সমন্বয়ক জিনিয়া গাজী বলেন, দেশ কারো বাপের না, কারো স্বামীর না। আপনারা বিজয়ের নামে যা করতেছেন এটি আমরা চাই না। আমরা চাই শান্তি।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, সিএম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জসিম উদ্দিন বাবুল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, মো. খলিলুর রহমান, (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের, সাইদুর রহমান সোহেল, প্রধান শিক্ষক, আবু হানিফ মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব মাঈনুল ইসলাম মন্নান, সহকারী শিক্ষক, জাহিরুল ইসলাম মিরন, প্রভাষক।

অনুষ্ঠানের নিহতদের স্বরনে এক মিনিট নিরবতা শেষে, দোয়া ও মিষ্টি বিতরন করা হয়।




বরিশালে নেতাকর্মীদের পদচারণায় সরগরম বিএনপির কার্যালয়, বিজয় মিছিল

বরিশাল অফিস :: বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের এসেছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল ১১টায় কার্যালয়ের সামনে জড়ো হয় তারা। শত শত নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বরিশাল বিএনপির কার্যালয়। সকাল থেকেই সেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হয়েছেন।

মাথায় জাতীয় পতাকা বেঁধে এসেছেন অনেকে। কারও হাতে জাতীয় ও দলীয় পতাকা। সবার মুখে বিজয়ের স্লোগান। তাদের ভাষায়, দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ মুক্ত হয়েছে। নেতা-কর্মীদের পদচারণায় নতুনভাবে সরব হয়ে উঠেছে বরিশাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

বরিশাল জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন এর সভাপতিত্বে বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিজ জাহান শিরিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলার সাবেক সভাপতি এবায়েদুল হক চান, সহ অনন্য নেতাকর্মীরা। এছাড়াও নগরীতে মটরসাইকেল নিয়ে বিজয় মিছিল করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 




পুড়ে গেছে প্রশ্ন, হচ্ছে না ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা




বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

চন্দ্রদ্বীপ ডেস্ক : আজ বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

নাহিদ ইসলাম আরও বলেন, রাষ্ট্রপতি বলেছিলেন তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অভ্যুত্থানের পরেও এখনো ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে। আমরা ঘোষণা করছি, আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ ভেঙে তা বিলুপ্ত করতে হবে। যদি তা বিলুপ্ত না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকব।

অন্তর্বর্তীকালীন সরকারের সব প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেছি। এই সরকারের সামগ্রিক রূপরেখা প্রস্তুত রয়েছে। আমরা খুব শীঘ্রই তা জাতির সামনে প্রকাশ করব। আমরা সমাজে স্থিতিশীলতা-ন্যায়বিচার চাচ্ছি। সেজন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আর সেসব পদক্ষেপের প্রথম ধাপ হলো জাতীয় সংসদ ভেঙে দেওয়া।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য ছাত্র-জনতা প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, নানা জায়গায় লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ছাত্র-জনতার কাছে বলতে চাই এসব ঘটনা প্রতিহত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। কেউ যেন এই আন্দোলনকে নস্যাৎ করতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।




হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন যুক্তরাজ্যের কাছে

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: গণমাধ্যমের খবর অনুযায়ী, হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। চেয়েছেন যুক্তরাজ্যের কাছে। তা গ্রাহ্য হলেই তিনি লন্ডনে রওনা হবেন। ততক্ষণ ভারত তাঁকে সাময়িক আশ্রয় দেবে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত অসমর্থিত খবরে প্রকাশ, আজ সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। সেখানে দোভাল তাঁর সঙ্গে দেখা করেন।

শেখ হাসিনা যে সময় দিল্লির অদূরে পৌঁছান, প্রায় সেই সময়েই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, শেখ হাসিনার দেশত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ ও বাংলেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে তিনি অবহিত করেন।

সরকারি সূত্র জানাচ্ছে, আগামীকাল মঙ্গলবার সংসদে জয়শঙ্কর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে পারেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে এযাবৎ যত কিছু ঘটেছে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা সত্ত্বেও ভারত সরকারিভাবে কোনো মন্তব্য করেনি। দুই সপ্তাহ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে শুধু বলা হয়েছিল, বাংলাদেশ যা চলছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়।

সংগত কারণেই এই আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত মন্তব্য করতে অনাগ্রহী। দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা ও আন্দোলনের স্পর্শকাতরতার জন্য ভারত শুরু থেকেই সংযত থাকতে চেয়েছে। আন্দোলন চলাকালে ভারতবিরোধী স্লোগান উঠেছে। সামাজিক মাধ্যমে তীব্র ভারতবিরোধী মনোভাবের পরিচয়ও পেয়েছে। তাই ভারত চায়নি এমন কোনো মন্তব্য করতে, যাতে হিতে বিপরীত হয়।

ভারতের সরকারি সূত্রে জানা যায়, বিরোধীরা দাবি তোলার আগেই সরকার নিজে থেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করতে চাইছে। বিশেষ করে বাংলাদেশে যখন বহু ভারতীয়ের বসবাস।

শেখ হাসিনার দেশত্যাগ নিয়েও ভারত বাড়াবাড়ি রকমের গোপনীয়তা রক্ষা করে চলেছে। কিন্তু তা সত্ত্বেও গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশিত হচ্ছে, যেগুলো অসমর্থিত। যেমন হেলিকপ্টারে চেপে ভারতে আসার পর শেখ হাসিনা বাংলাদেশ বিমানবাহিনীর এক পণ্য পরিবহন বিমানে চাপেন। ভারতের আকাশে সেই বিমানকে পর্যবেক্ষণে রাখে ভারতীয় বিমানবাহিনী। সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি শেখ হাসিনাকে নিয়ে হিন্দন বিমানঘাঁটিতে নামে আজ সোমবার সন্ধ্যায়।