বরিশালকে পরিষ্কার রাখতে সাধারণ শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল অফিস :: সারাদেশে চলমান পরিস্থিতি থাকায় নগরীর সিটি কর্পোরেশন এর কর্মকর্তারা পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা বন্ধ রেখেছে।

এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ সর্বত্র ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এমন পরিস্থিতি দেখে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আসে।

তাদের নিজ উদ্যাগে ৭ ই আগষ্ট বুধবার নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করে হাতেম আলী চৌমাথা ও বটতলা পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন।

এতে অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, কারও হাতে ঝাড়ু কারও হাতে বেলচা কারও হাতে পলিথিন। সবাই একযোগে পরিস্কার করছেন রাস্তায় পরে থাকা আবর্জনা, বোতল,ইটের খোয়া কিংবা বুলেটের খোসা।

সবার মধ্যে একটা আনন্দ ঘন মুহূর্ত কাজ করছে কারও মনে নেই কোন ঘৃনা কিংবা কস্টের ছাপ।উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করা শিক্ষার্থী রাসেল বলেন আমরা দেশ স্বাধীন করেছি নতুন ভাবে এবার আমাদের দায়িত্ব বরিশালকে পরিচ্ছন্ন রাখার। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা মিলে এই কার্যক্রম চালাচ্ছি।

সবার সম্মিলিত ভাবেই নগরীকে একটি বাসযোগ্য পরিবেশ দেয়া সম্ভব বলে মনে করি।




সব পুলিশ সদস্যকে সংযুক্তিস্থলে ২৪ ঘণ্টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সারা দেশের সব পুলিশ সদস্যকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব স্ব পুলিশ লাইন্স, দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ নির্দেশ দেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি। এ কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে।

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন, ছাত্র-সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দু:খ প্রকাশ করছি।




বৃহস্পতিবার ঢাকায় আসছেন ড. ইউনূস

বরিশাল অফিস :: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে জানা গেছে।

গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফ্রান্স থেকে স্যার (ড. মুহাম্মদ ইউনূস) রওনা দেবেন। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ।

চিকিৎসাজনিত কারণে বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।

বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতি ও তিন বাহিনীর সাথে আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।




চাকরিতে পুনর্বহালের আবেদন দুদকের সেই কর্মকর্তা শরীফ উদ্দিনের

পটুয়াখালী প্রতিনিধি :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলোচিত, অপসারিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে চেয়ে কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। বুধবার (৭ আগস্ট) তিনি এই আবেদন করেন।

শরীফ উদ্দিন দীর্ঘ সময় চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশ কিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। এতে তিনি অনেকের ‘চক্ষুশূল’ হয়ে উঠেছিলেন।

২০২১ সালের ১৬ জুন শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর তাকে ‘অজ্ঞাত’ কারণে চাকরিচ্যুত করা হয়।




পটুয়াখালীতে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের নম্বর

পটুয়াখালী প্রতিনিধি :: বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান ও গুজবে আতঙ্কিত হয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

পটুয়াখালী সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা প্রাপ্তির লক্ষ্যে নিম্ন নম্বরসমূহে যোগাযোগ করুন: ০১৭৬৯০৭৩১২০ এবং ০১৭৬৯০৭৩১২২




রোববার থেকে শুরু হচ্ছে পবিপ্রবির ক্লাস ও পরীক্ষা

পটুয়াখালী প্রতিনিধি :: সরকারি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার খুলে দেয়া হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ আগামী রোববার শুরু হবে ক্লাস ও পরীক্ষা।

ছাত্রছাত্রীরা হলে ফিরতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস এম হেমায়েত জাহান বলেন, হল খুলে দেয়া হয়েছে আগামী রোববার থেকে যথানিয়মে ক্লাস ও পরীক্ষা শুরু হবে মর্মে নোটিশ দেয়া হয়েছে।

সট: ড. এস এম হেমায়েত জাহান, রেজিষ্ট্রার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।




ভাবতেই পারছি না ‘শান্ত’ আর পৃথিবীতে নেই: কৌশানী মুখার্জী

বরিশাল অফিস :: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ও শাপলা মিডিয়ার কর্ণধার-প্রযোজক সেলিম খান এবং তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। গত (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর বালিয়া ইউনিয়নের বাগাড়া বাজারে জনতার পিটুনিতে নিহত হন বাবা-ছেলে।

বাবা সেলিম খানের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন শান্ত। অভিনেতা শান্ত’র এমন মৃত্যুতে স্তম্ভিত ওপার বাংলার নায়িকা কৌশানী মুখার্জী। তিনি এই নায়কের বিপরীতে কাজ করেছেন। তাইতো নায়ক শান্ত’র এমন মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না এ অভিনেত্রী।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে কৌশানী বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না সত্যিই এটা হয়েছে’। শান্তর সঙ্গে কৌশানীর পরের ছবি ‘পিয়া রে’র সমস্ত কাজ সারা। অপেক্ষা ছিল শুধু মুক্তির। কৌশানী বলেন, ‘এখন তো আর ছবিটাও মুক্তি পাবে না’।

কৌশানী বলেন, ‘আমার সঙ্গে ছাড়াও টালিউডের অনেকেরই শাপলা মিডিয়ার সেলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ ছিল। শান্ত আমাকে ঢাকা শহর ঘোরানো থেকে সিম কার্ড সংগ্রহ, সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিল। মানুষকে ভালোবাসতো। আমি যেহেতু অভিজ্ঞতায় বড়, আমার থেকে নানা উপদেশ নিত। আমি ভাবতেই পারছি না সে আর পৃথিবীতে নেই।’

শ্রাবন্তীর সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় শান্ত খান
২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে শুরু করেন শান্ত খান। টলিউডের শ্রাবন্তীর সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমার নায়ক ছিলেন তিনি। কৌশানী মুখার্জীর সঙ্গে অভিনয় করেছেন ‘প্রিয়া রে’ সিনেমায়। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি। এছাড়াও দেবের ছবি ‘কমান্ডো’র প্রযোজক ছিলেন সেলিম খান। সেই ছবিটিও মুক্তি পায়নি।




নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম নয়াপল্টন

বরিশাল অফিস :: বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সরগরম নয়াপল্টন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এসময় তারা সদ্য বিদায় নেয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে কর্মীদের উপস্থিতি। হাজারো কর্মীরা এসে জড়ো হয় দলটির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বুধবার (৭ আগস্ট ) নয়াপল্টনে বিএনপির সমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে উৎসবের আমেজ। প্রস্তুত করা হয়েছে মঞ্চ।

এদিকে বেলা পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান।

এ সময় নয়াপল্টন এলাকায় দেখা যায়, সমাবেশ উপলক্ষে রাস্তায় নতুন পোস্টার লাগানো হয়েছে। নতুন পোস্টারের ভাষাও বদলে গিয়েছে। এতদিন পোস্টারে দলের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়েছেছিল কিন্তু আজ আর তা নেই। এখন ‘মাদার অব ডেমোক্রেসি’ উল্লেখ করে টানানো হয়েছে নতুন পোস্টার।

উল্লেখ্য, আজ দুপুর ২টা থেকে শুরু হবে বিএনপির এই সমাবেশ। উক্ত সমাবেশের সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এদিকে সময় গড়ানোর সাথে সাথে আসতে থাকেন দলের সিনিয়র নেতারা। দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।




পটুয়াখালীতে ট্রাফিকের দায়িত্বে ইসলামী আন্দোলন প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন ঘেরাও কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধান মন্ত্রীর পদ থেকে পদত্যাগের পাশাপাশি দেশ ছেড়েছেন। এই খবর পাওয়ার পরপরই দেশের বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ করেছে উত্তেজিত জনতা। এসময় বিভিন্ন থানায় পুলিশের উপর হামলা চালানো হয়েছে, এতে অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন।

ফলে পটুয়াখালী শহর ঘুরে কোনো পুলিশের দেখা মেলেনি। মঙ্গলবার (৬ আগস্ট) শহরের চৌরাস্তা মোড়ে দেখা যায় ইসলামী আন্দোলনের কয়েকজন স্বেচ্ছাসেবী লাঠি হাতে রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন। ইসলামি আন্দোলনের স্বেচ্ছাসেবীদের এমন ভূমিকায় খুশি পটুয়াখালীবাসী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, দেশের এই সংকটময় সময়ে ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে জনদুর্ভোগ কমানোর জন্য সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পটুয়াখালী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভিন্ন ধর্মাবলম্বীসহ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কমিটি করে দেয়া হয়েছে। অসহায় মানুষের উপর যেন কোনো নির্যাতন না হয় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। যতদিন দেশের এই সংকট দূর না হবে ততদিন আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।




ঢেউটিন বিতরণের পর আত্মগোপনে চলে যান আ স ম ফিরোজ

পটুয়াখালী প্রতিনিধি :: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং দুযোর্গ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আ স ম ফিরোজ।

তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সোমবার দুপুরের পর আ স ম ফিরোজ স্পিড বোটে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে ভোলা জেলার নাজিরপুর দিয়ে লালমোহন চলে যান। সেখান থেকে হেলিকপ্টার যোগে নিরাপদ গন্তব্যে চলে যা তিনি।

তবে অপর একটি সূত্র জানায়, ঘটনার দিন আ স ম ফিরোজ তার গ্রামের বাড়ি কালাইয়ার ইউনিয়নে অবস্থান করেন এবং সন্ধ্যার দিকে বিকল্প পথে তিনি ঢাকার গুলশানের বাসভবনে পৌঁছান।

আ স ম ফিরোজ ৪ আগস্ট বেলা ১১টার দিকে রেমালে ক্ষতিগ্রস্ত ২৮৮ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন। দুপুর ১টার দিকে ইউএনও’র কার্যালয়ে আপ্যায়ন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

শুধু আ স ম ফিরোজ নয়, বাউফল উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের কয়েকশ শীর্ষ নেতা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।