দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বরিশালের এপিবিএন সদস্যরা

বরিশাল অফিস :: ১১ দফা দাবি নিয়ে বরিশালে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (০৭ আগস্ট) বিকেলে নগরের বান্দরোডস্থ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) লাইন্সের ভেতরে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে জানিয়ে বলেন, আমরা প্রত্যেকে স্ব স্ব ইউনিটে আছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবো না। আমাদের দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে, যতক্ষণ রাষ্ট্রের মাধ্যমে আমাদের গ্রহণ না করবে ততক্ষণ সেবা দেওয়া থেকে বিরত থাকবো।

বিক্ষোভকারীরা বলেন, আমরা কোনো দলীয় সরকার কিংবা রাজনৈতিক দলের অধীনে চাকরি করবো না। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যাদের কারণে জীবন দিয়েছে অর্থাৎ যে সব অফিসার আমাদের কমান্ড দিয়েছে তাদের যৌক্তিক বিচার হোক।

যাদের কারণে আজ আমরা নির্যাতিত, যাদের কারণে আজ আমাদের পুলিশ ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, যাদের কারণে তাদের লাশ রাস্তায় পড়ে রয়েছে তাদের বিচার চাই। আর এই কাজগুলো সাধারণ শিক্ষার্থীরা কখনও করতে পারে না।
বরং দায়িত্ব পালনকালে যত জায়গাতে বিপদে পরেছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদের সেভ করেছে। তাহলে আমাদের ওপর কারা এ হামলা করলো এ প্রশ্ন দেশবাসীর কাছে।

যে শিক্ষার্থী ভাইয়েরা দেশ সংস্কারের জন্য ডাক দিয়েছেন, তারা আমাদের পুলিশের সংস্কারের জন্য এগিয়ে আসুন। জনগণের আস্থা আমরাও আবার ফিরিয়ে আনতে চাই, জনগণ এই পুলিশকে দেখে বুকে জড়িয়ে ধরবে, বিজয় মিছিল করবে।

এসময় লিখিত বক্তব্যে পুলিশ সদস্যরা ১১ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হল-

১. পুলিশ কোনো সরকারের অধীনে কাজ করবে না রাষ্ট্রপতির অধীনে নিরপেক্ষ ভূমিকা পালন করে দেশ ও জনগণের সেবা করবে।
২. পুলিশ কোনো এমপি, মন্ত্রীকে প্রোটোকল দেবে না।

৩. পুলিশের সর্বোচ্চ সু-চিকিৎসা দ্রুত সময়ে মধ্যে নিশ্চিত করতে হবে।

৪. আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ ০৮ (আট) ঘণ্টার বেশি ডিউটি করবে না। অতিরিক্ত কর্ম ঘণ্টার জন্য ওভারটাইম দিতে হবে।
৫. পুলিশের সিনিয়র অফিসাররা যেভাবে পদোন্নতি পায়, ঠিক নিম্ন কর্মচারীদের সেভাবে পদোন্নতি দিতে হবে এবং সবার পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৬ . অফিসারদের মতো কনস্টেবলদেরও সোর্স মানি দিতে হবে।

৭. পুলিশ সদস্যদের বাৎসরিক ২০ দিন নৈমিত্তিক ছুটি বৃদ্ধি করে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৬০ দিন করতে হবে।

৮. পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে
৯. প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ রেঞ্জের মধ্যে বদলি করতে হবে এবং পরবর্তীতে যেন নিজ রেঞ্জের বাহিরে বদলি না হয় সেটার নিশ্চয়তা দিতে হবে।
১০. পুলিশকে প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে টিএ বিল নিশ্চিত করতে হবে।

১১. বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সব পুলিশ সদস্য দেশের জন্য শাহাদাৎ বরণ করেছে তাদের সঠিক বিচার, যথাযথ ক্ষতিপূরণ এবং তাদের পরিবার থেকে একজন করে সরকারি চাকরি না দেওয়া পর্যন্ত পুলিশের কর্মবিরতি ঘোষণা করা হলো।




নতুন বাংলাদেশে মা হলেন ফারিয়া ও নাবিলা

চন্দ্রদ্বীপ নিউজ :: গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে জন্ম নিলো দুটি স্টার কিড। একই দিনে (গত ৫ আগস্ট) প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় দুই অভিনেত্রী। ফারিয়া শাহরিন এবং নাবিলা ইসলাম দুজনই কন্যা সন্তানের মা হয়েছেন।

জনপ্রিয় লাক্স তারকা ফারিয়া শাহরিন এই সুখবর ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

নবজাতিকার ছবি (মুখ দেখাননি) ফেসবুকে দিয়ে ফারিয়া জানান, প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন।

অন্যদিকে, নাবিলা ইসলামও ফেসবুক পোস্টের মাধ্যমে মেয়ের মা হওয়ার খবর জানিয়েছেন। মেয়ের নামও রেখেছেন চলমান পরিস্থিতির ওপর ভিত্তি করে। এই অভিনেত্রী লিখেন, ‘‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে ‘আন্দোলন’।

বিয়ের খবর চার বছর গোপন রেখেছিলেন নাবিলা। কাছের মানুষজন ছাড়া তেমন কেউ জানতেন না। ২০২০ সালে তিনি বিয়ের খবর জানান। এবার জানালেন মা হওয়ার খবর।

নাবিলা ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি কাজ শুরু করেছেন বড় পর্দায়ও। তার প্রথম সিনেমা ‘যুদ্ধ জীবন’। এতে তিনি অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। চট্টগ্রামে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা।

অণ্যদিকে, দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে আংটিবদল করেন ফারিয়া। গেল বছর পারিবারিকভাবে বিয়ে হয় এই জুটির। এরপর চলতি বছরের ১২ মে বিশ্ব মা দিবসে গর্ভবতী হওয়ার সুখবরটি ভক্তদের জানান এই অভিনেত্রী। এরপরই গত সোমবার এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে নতুন করে সাড়া জাগান এ অভিনেত্রী।




নেছারাবাদে ভাসমান সবজির চাষ বাড়ছে

বরিশাল অফিস :: আধুনিক প্রযুক্তির উৎকর্ষতায় দেশে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন কৃষিবিদরা। তৈরি করেছেন ট্রাক্টরসহ বিভিন্ন বীজ বপন যন্ত্র। ঠিক তখনই কোনো ধরনের প্রযুক্তির ব্যবহার ছাড়াই বহুমুখী সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের গগন গ্রামের কৃষকরা। খাল-বিলের কচুরিপানা কাজে লাগিয়ে তৈরি করছেন ভাসমান সবজির ক্ষেত। আর এই ভাসমান সবজির বেড বা ক্ষেত হয় মূলত বর্ষা মৌসুমেই।

আষাঢ়-শ্রাবণে বৃষ্টির পানি ভরা খাল-বিল পেয়েই ব্যবস্থা বেড়ে যায় কৃষকদের। ভাসমান বেডে উৎপাদিত সবজি নিয়েই জমে ওঠে মিয়ারহাট-স্বরূপকাঠিসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভাসমান সবজির বাজার।

চাষি সোহেল আহমেদ জানান, ঘন, লম্বা ও পুরুস্তরের কচুরিপানার ওপর একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের বাঁশ ফেলে এ বেড তৈরি হয়। পরে দুপাশ থেকে কচুরিপানা টেনে এনে বাঁশের ওপর স্তরে স্তরে সাজাতে হয়। কচুরিপানার স্তর সাজানোর সময় কচুরিপানা পানিতে যেভাবে থাকে সেভাবে ঘন করে অর্থাৎ খাড়া করে সাজাতে হবে। পরে অর্ধেক স্তর সাজানোর সময় কচুরিপানা উল্টো করে সাজাতে হবে, অর্থাৎ এর শিকড় ওপরের দিকে থাকতে হবে। তারপর পা দিয়ে চেপে চেপে উঁচু স্তর তৈরি করতে হবে। এ পর্যায়ে কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না। এই স্তূপের ওপরে প্রয়োজনীয় কচুরিপানা তুলে মাপ অনুযায়ী ধাপ তৈরি করতে হবে। ধাপের ওপরের অংশে অপেক্ষাকৃত ছোট কচুরিপানা, খুদি পানা, টোপা পানা দেওয়া ভালো। বন্যা, ঢেউ বা জোয়ার-ভাটার স্রোত থাকলে বেডের মাঝামাঝি জায়গায় বাঁশের খুঁটি বা চারপাশে ফ্রেম দিতে হবে।

তিনি আরও জানান, ভাসমান বেড তৈরির পর উপরিভাগ আবাদ উপযোগী হতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। বেড তৈরির পর এতে সারি করে সরাসরি বীজ বোনা যায়। আবার বল বা বিড়ায় তৈরি করা চারা নির্দিষ্ট দূরত্বে বেডে রোপণ করা যায়। আদা, হলুদ, কচু প্রভূতি ফসল সরাসরি রোপণ করা যায়। চারা ৫-৬ ইঞ্চি হলে এবং শিকড়ের মাথা বল থেকে বের হলেই (কালো হওয়ার আগেই) বেডে লাগাতে হবে। বিড়া বা ব্যাগের চারা একত্রে বেডে নির্দিষ্ট পরিমাণ গর্ত করে রোপণ করতে হবে। বিড়ার আকার ছোট হলে পার্শ্বে পচা কচুরির আস্তরণ দিতে হবে। নতুন আস্তরণের সঙ্গে ১-২ চা চামচ জৈব সার প্রয়োগ করলে চারা তাড়াতাড়ি বাড়বে। চারা লাগানোর পর সামান্য পানি দিয়ে চারা ও চারার গোড়া ভিজিয়ে দেওয়া আবশ্যক। চারা বেশি লম্বা হলে বাউনি দিতে হবে। অধিক ফলন পাওয়ার জন্য ভাসমান বেডে ঢ্যাঁড়স, টমেটো, বেগুন, কলমিশাক ইত্যাদি ফসলের সঙ্গে আন্তঃফসল ও মিশ্র ফসল হিসেবে ঝিঙে, লালশাক, পুঁইশাক, ধনিয়া, ডাটা প্রভৃতি চাষ করা যায়। তা ছাড়া এই অঞ্চলের পানি কচু দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত গ্রামের বাজারগুলোতে পাওয়া যায়।

ব্যবসায়ী মেহেদী হাসান জানান, এখানে উৎপাদিত সবজি অল্প দামে কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করি। নৌকা অথবা ট্রলারে পরিবহনের কারণে খরচ কম হয়। তাই মুনাফা বেশি থাকে।

একাধিক চাষি বলেন, এ ধরনের চাষ বেশ ব্যয়বহুল। তাই এ চাষে সরকারি প্রণোদনা পেলে ভালো হয়। এখন বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে আমরা এই চাষাবাদ টিকিয়ে রাখছি। আমাদের স্বল্প সুদে ঋণ দেওয়া হলে এ প্রক্রিয়ায় সবজি চাষে আগ্রহ বাড়বে।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, বেডে উৎপাদিত সবজি সম্পূর্ণ বিষমুক্ত। ভাসমান বেডে সবজি চাষে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার হয় না। ফলে সবজির গুণমান ও স্বাদ অক্ষুণ্ন থাকে। এ ব্যাপারে কৃষকদের মাঝে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পিরোজপুর নেছারাবাদ উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ জানান, ভাসমান বেডে সবজি উৎপাদনকারী কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন রকমের সবজির বীজ বিতরণ করা হচ্ছে। আগামী মৌসুমে এ প্রক্রিয়ায় চাষাবাদে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।




ঝালকাঠিতে সড়ক পরিষ্কার করছে আন্দোলনরত শিক্ষার্থীরা

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরে ময়লা-আবর্জনা নিজ হাতে মাঠে নেমে সড়ক পরিষ্কার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ কার্যক্রম চালায়।

এ সময় আওয়ামী লীগের (সাবেক) অফিসের সামনের সড়কে, উপজেলার ভিতরে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, মুক্তিযোদ্ধা ভবনের সামনে সহ জেলার বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, হাতের গ্লাভস পড়ে, মুখে মাক্স দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করছেন। শিক্ষার্থীদের রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।

রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মো. নাঈম হাসান ঈমন বলেন, বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগ এই কাজে নেমেছেন। পোড়া জিনিসপত্র পড়ে সড়ক অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাই জনগণের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।




বরগুনার সরকারি স্থাপনা পাহারা ও রাস্তাঘাট পরিষ্কার করছে শিক্ষার্থীরা

বরিশাল অফিস :: ইউএনও অফিস ও আমতলী থানাসহ সকল সরকারি স্থাপনা পাহারা এবং ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মীরা।

শিক্ষার্থীরা উপজেলা সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করছেন। এমন দৃশ্য দেখে অভিভূত সাধারণ মানুষ। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পরপরই আমতলী উপজেলার বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীরা ভাঙচুর ও লুটপাট শুরু করে। কিন্তু পুলিশ ও প্রশাসন ব্যবস্থা নিতে সাহস পাচ্ছিলেন না।

ভেঙে পরে আইনশৃঙ্খলা ও ট্রাফিক কার্যক্রম। এমন মুহূর্তে আমতলী উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তা রক্ষায় এগিয়ে আসেন। ইউএনও অফিস ও আমতলী থানাসহ সকল সরকারি স্থাপনা পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতাকর্মীরা।

তারা সড়কের ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা পরিষ্কার করছেন উপজেলার সড়কের সকল ময়লা আবর্জনা। শিক্ষার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

অপর দিকে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বুধবার তার কার্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। আলোচনায় অংশ নেন আল আমিন, রিয়াদ, আসিফ, মুক্তি, তুসি, সাজিদ, মোরসালিন, তানভির ও ইভান প্রমুখ।

বুধবার আমতলী উপজেলা শহর ঘুরে দেখা গেছে, ইউএনও অফিস, থানা ও সকল সরকারি স্থাপনা ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা পাহারা দিচ্ছে। আমতলী একে স্কুল চৌরাস্তা, সাকিব প্লাজা, বাঁধঘাট চৌরাস্তাসহ বিভিন্ন মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। নিয়ম শৃঙ্খলার মেনেই যানবাহন চলাচল করছে। কোন জ্যাম পরছে না। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমতলী উপজেলার শিক্ষার্থীরা উপজেলা সড়কের রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আল আমিন বলেন, সুন্দর নান্দনিক আমতলী গঠন করতে কাজ করছি। উপজেলায় কোথাও সমস্যা হলেই আমরা এগিয়ে যাব।

মোটরসাইকেল চালক নজরুল ইসলাম বলেন, এমন দেশই আমরা চাই। সড়কের নিয়মশৃঙ্খলা মেনেই সকল গাড়ি চলাচল করছে।

ট্রাফিকের দায়িত্বে থাকা ইব্রাহিম খলিল ও সোলায়মান বলেন, দেশটা আমাদের। এ দেশ রক্ষায় এবং শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।

আমতলী থানা পাহারাদার মজিদ গাজী ও বারেক প্যাদা বলেন, পুলিশ আমাদের সারা বছর নিরাপত্তার দায়িত্ব দিয়ে থাকেন। আমরা এখন তাদের নিরাপত্তায় পাহারা দিচ্ছি।

আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তরুণ আইনজীবী মো. রেজাউল করিম রেজা বলেন, ইউএনও আশরাফুল আলমের নেতৃত্বে ছাত্র-জনতার স্বেচ্ছায় অংশগ্রহণে আমতলী উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক পরিবেশ অনেকটা ফিরে আসছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী ও জনতা নিয়ে কাজ করছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

 




খালেদা জিয়ার মুক্তিতে ব‌রিশা‌লে বিএনপির আনন্দ মিছিল

বরিশাল অফিস :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাওয়ায় বরিশালে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।

বুধবার (৭ আগস্ট) দুপু‌রে নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যরা।

সমাবেশে বিএনপির নেতারা জনগণের জানমাল রক্ষায়, শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 




কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, নিহত ৬

চন্দ্রদ্বীপ নিউজ :: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকিয়ে ২০৯ বন্দি পালিয়ে গেছেন। পালানোর সময় কারারক্ষীদের গুলিতে ছয় বন্দি নিহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কারাগারের বন্দিরা বিদ্রোহ করেন। তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দিরা তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে।

তিনি আরও বলেন, আজ বন্দিদের মধ্যে ২০৯ জন দেওয়াল টপকে পালিয়ে গেছেন। পালানো রোধ করতে কারারক্ষীরো এক পর্যায় গুলি করে। এই গুলিতে ছয়জন বন্দী নিহত হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের

চন্দ্রদ্বীপ নিউজ :: দ্রুত অন্তবর্তীকালীন সরকার গঠন করে তিনমাসের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এ বিজয়কে ছিনিয়ে নিতে পারে, সেজন্য তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না, তারা ছাত্রদের মধ্যেও কেউ না। তারা হলো দুর্বৃত্ত। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা গণতন্ত্রের দেশ নির্মাণ করতে চাই। আজকে আমাদেরকে ধৈর্যের সাথে দিন পার করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। এ বিজয়কে সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। সংহতি প্রকাশ করেছি। সেজন্য আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আমি ছাত্রদের স্যালুট করি। তারা ছাত্র-জনতাকে একত্র করে স্বৈরাচার সরকারের পদত্যাগ ঘটিছে। এবিজয় সকলের। এ বিজয় ছাত্রদের।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে তিনমাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার এখন পালিয়ে গেছে।




শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় বিমান বাহিনী

চন্দ্রদ্বীপ নিউজ :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকতর নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী।

বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অধিকতর নিরাপত্তা এবং নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক আভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য নিরলসভাবে কাজ করছেন।

এর আগে, টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণ-আন্দোলনের মুখে পদত্যাগের পর ৫ আগস্ট বিকেলে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ৬ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে ৬ আগস্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়।




‘আন্দোলনকারী শক্তির মতামত নিয়ে দ্রুত অন্তবর্তী সরকার গঠন করুন’

বরিশাল অফিস :: সর্বক্ষেত্রে বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী শাসনের ভিত্তি উচ্ছেদ ও সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানো, ছাত্র-জনতা হত্যার বিচার, দুর্নীতির মূল উৎপাটনের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদ আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে আন্দোলনকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সকল ছাত্র সংগঠন এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আলোচনা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণার দাবি জানানো হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে বাম গণতান্ত্রিক জোট এ দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী প্রমুখ।

সমাবেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলা হয়, গণবিক্ষোভে স্বৈরাচারী শেখ হাসিনার পলায়ন ছাত্র জনতার বিজয়। এই বিজয়কে স্থায়ী করতে হলে স্বৈরাচারী ব্যবস্থার অবসান করে পূর্ণ গণতান্ত্রিক অধিকার ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সমাবেশে সারা দেশের মানুষের জান-মালের নিরাপত্তা, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন দেশবাসীকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, এই সুযোগে বিভিন্ন জায়গায়, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা বিভিন্ন অফিসে তাদের দুর্নীতির ফাইল পোড়ানোর উৎসব করতে পারে। এ বিষয়ে দেশবাসীকে সচেতন থেকে দুর্বৃত্তদের রুখে দাঁড়াতে হবে।

নেতৃবৃন্দ বলেন, লুটপাটের স্বর্গরাজ্য যারা গড়েছিলেন তাদের বাসার লাগেজের মধ্য থেকেও ৫ কোটি টাকা উদ্ধার হচ্ছে। ফলে সামনে যেন আবার কোন লুটেরা ক্ষমতার মসনদে বসতে না পারে তা নিয়ে বক্তারা জনগণকে সতর্ক থাকার আহবান জানান।

সমাবেশে বক্তারা বলেন, শত শত শহীদের রক্তদান ও দীর্ঘ লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই। ফ্যাসিবাদী শাসকের পতনের বিজয় ধরে রাখতে সচেতন দেশবাসীকে পাহারাদারের ভূমিকা নেওয়ারও আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।