অন্তর্বর্তী সরকারের সদস্য ১৫ হতে পারে

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে অন্য কারা থাকছেন, সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে।

আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন।

বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াজোঁ কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম গতকাল রাতে  বলেন, সমন্বিত রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। কারা কারা থাকতে পারেন, কতজন থাকতে পারেন-এসব নিয়ে আলোচনা চলছে৷ কোন রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ হবে, কী হবে না হবে, সেটি আজ ড. মুহাম্মদ ইউনূস আসার পর তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

লিয়াজোঁ কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র নাসীর আবদুল্লাহ বলেন, ‘লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। অনেকে বিভিন্ন নাম দিয়েছেন। সব পক্ষের সঙ্গে কথা চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কেমন দেখতে চায়, কীভাবে চায়, কীভাবে হলে ভালো হয়, রাজনৈতিক শূন্যতা থেকে উত্তরণ কীভাবে ঘটানো যায়-এসব বিষয়ে তাঁদের সঙ্গে কথা হয়েছে। সবাই শিক্ষার্থীদের ওপর আস্থা রেখেছে।’




শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে হবে: নুর

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক :: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না।

সরকার গঠন যত দেরি হবে, তত ষড়যন্ত্র ডালপালা মেলবে। অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে। তাই আজকের মধ্যে সরকার গঠনে রাষ্ট্রপতিতে আহ্বান জানান তিনি।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি।

দেশে যে নৈরাজ্য চলছে, এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল থানার মামলায় মঙ্গলবার (৬ আগস্ট) জামিন দেয়া হয় নুরুল হক নুরকে।

 




গা ঢাকা দিয়েছেন ব্যারিস্টার সুমন

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কোথাও তিনি নেই। ফেসবুক, হোয়াটসআপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সবশেষ ৫ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন। কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ফেসবুকেও পাওয়া যাচ্ছে না।

সুমনের চেম্বারের এক জুনিয়র বলেন, গত ৪ আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল। তারপর আজ পর্যন্ত বার বার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তিনি কোথায় আছেন সেটাও জানি না।

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন।

সবশেষ তিনি বলেছিলেন, এই আন্দোলন বিএনপি-জামায়াতের দখলে। তারপর সুমনকে তুলোধুনো করেন নেটিজেনরা।

 




পিরোজপুরে বিএনপি-জামায়াতের ৪০ নেতা-কর্মীর জামিন

বরিশাল অফিস :: পিরোজপুর জেলা জামায়াতের আমীরসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের ৪০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা আজ বুধবার জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত নেতা-কর্মীরা সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিল।

দলীয়সূত্র ও জামিন প্রাপ্তদের নিয়োজিত আইনজীবী খায়রুল বাসার শামীম জানিয়েছেন, পিরোজপুর সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান চাঁন, ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবীর মান্নু, সাবেক সভাপতি আ. লতিফ হাওলাদার, নেছারাবাদ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক নাাছির উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, যুগ্ম সম্পাদক মাহাদী হাসান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।

এছাড়াও পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব সহ ৯ জনকে মুক্তি ‌দেওয়া হয়। ৩১ জনকে ১৫ জুলাই থেকে বিভিন্ন সময়ে পুলিশ তাদের বাসা থেকে গ্রেপ্তার করে।

মুক্তি প্রাপ্তরা জানিয়েছেন পুলিশ তাদেরকে বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নিয়ে বিভিন্ন নাশকতার মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।




শেখ হাসিনা মরে যাননি, আ. লীগও শেষ হয়নি: জয়

চন্দ্রদ্বীপ নিউজ :: আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল বলে মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা মরে যাননি, আওয়ামী লীগও কিন্তু শেষ হয়নি। আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। এই দলকে শেষ করা সম্ভব না।

বুধবার (৭ আগস্ট) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।

নতুন বাংলাদেশ গড়ে তোলা আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় বলে দাবি করে দলটির সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগ কোথাও যাবে না।

২ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারাদেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে। অনেককে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগ শেষ করা সম্ভব নয়।

জয় বলেন, আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে, আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এ পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা না। আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। দেশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।

আওয়ামী লীগ জঙ্গিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চায় উল্লেখ করে জয় বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তারা যদি জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয়।

নেতাকর্মীদের তিনি বলেন, শেখ হাসিনা মরে যাননি। আমরা কোথাও যায়নি। আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না।

 




উত্তরায় শিক্ষার্থীদের হাতে বস্তাভর্তি টাকাসহ জিপ গাড়ি আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানীর উত্তরায় বস্তাভর্তি টাকাসহ এক ব্যাক্তিকে আটক করেছে ছাত্র-জনতা।

বুধবার (৭ আগস্ট) দুপুর সাড়ে তিনটায় উত্তরার হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

ফারদিন নামের এক ছাত্র জানায়, গাড়ির ভেতর সন্দেহজনক বস্তা দেখতে পেয়ে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি।

সরেজমিন গিয়ে দেখা যায়, গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে ঘিরে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে ছাত্ররা। শেষ খবর অনুযায়ী বেলা ৪:৫০ মিনিটে স্থানটিতে সোনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। অপরদিকে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছে ছাত্ররা।

উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, গাড়ীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যাক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবী করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা রয়েছে বলে জানিয়ছে ওই ব্যাক্তি।




পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আইনশৃংঙ্খলা রক্ষায় গনসংযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলমের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজার সহ গুরুত্বপূর্ন স্থানে সদর উপজেলার নেতৃবৃন্দ দলের নেতা-কর্মীদের দেশের শান্তিপূর্ন শৃঙ্খলা বজায় রাখা, সংখ্যালঘুদের মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় পাহারা দেয়া ,দেশের জান-মাল রক্ষা করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আবু সালেহ, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক আবু জাফর তালুকদার।সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম বলেন ,আগামীদিনের বাংলাদেশ নির্মানে জাতীয়তাবাদী দল ধর্ম,বর্ন নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে বদ্ধ পরিকর।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সংখ্যালঘু সম্প্রদায় সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।




সহায়তা নিয়ে নিহত রায়হানের বাড়িতে বসুন্ধরা শুভসংঘ

পটুয়াখালী প্রতিনিধি :: আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে নিহত রায়হান আকনের বাড়িতে খাদ্য সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার (৭ আগস্ট) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া এলাকার বাড়িতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার আহ্বায়ক ও তরুণ সংগঠন জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক মারুফ ইসলাম, কর্মসূচি সম্পাদক মো. লিমন হোসেনসহ অন্যরা।

রায়হানের মা রেহেনা আক্তারের সঙ্গে কথা বলেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। সন্তানের শোকে নির্বাক তিনি। রায়হান পিতা-মাতার বড় সন্তান, তার এক বোন আছে। বাবা কালাম আকন বলেন, ‘শেখ হাসিনা আমার পোলাডারে বড় হতে দিল না।

আমার বাবার কী দোষ ছিল। কেন আমাকে সন্তানহারা করা হলো? কার মুখে বাবা ডাক শুনব। ভালো পড়াশোনা করতে ঢাকা গেছিল।’
৫ আগস্ট সকালে অসহযোগ আন্দোলনে ঢাকার বাড্ডায় গণমিছিলে যোগ দেয় ১৭ বছরের রায়হান।

তখন সে গুলিবিদ্ধ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়।




সাবেক আইজিপির ছবিতে জুতাপেটা করছেন বরিশালের বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা

বরিশাল অফিস :: ১১ দফা দাবি নিয়ে বরিশালে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (০৭ আগস্ট) বিকেলে নগরের বান্দরোডস্থ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) লাইন্সের ভেতরে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলে জানিয়ে বলেন, আমরা প্রত্যেকে স্ব স্ব ইউনিটে আছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবো না। আমাদের দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে, যতক্ষণ রাষ্ট্রের মাধ্যমে আমাদের গ্রহণ না করবে ততক্ষণ সেবা দেওয়া থেকে বিরত থাকবো।

বিক্ষোভকারীরা বলেন, আমরা কোনো দলীয় সরকার কিংবা রাজনৈতিক দলের অধীনে চাকরি করবো না। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা যাদের কারণে জীবন দিয়েছে অর্থাৎ যে সব অফিসার আমাদের কমান্ড দিয়েছে তাদের যৌক্তিক বিচার হোক।

যাদের কারণে আজ আমরা নির্যাতিত, যাদের কারণে আজ আমাদের পুলিশ ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, যাদের কারণে তাদের লাশ রাস্তায় পড়ে রয়েছে তাদের বিচার চাই। আর এই কাজগুলো সাধারণ শিক্ষার্থীরা কখনও করতে পারে না।

বরং দায়িত্ব পালনকালে যত জায়গাতে বিপদে পরেছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদের সেভ করেছে। তাহলে আমাদের ওপর কারা এ হামলা করলো এ প্রশ্ন দেশবাসীর কাছে। এ সময় সাবেক আইজিপির ছবিতে জুতাপেটা করছেন বরিশালের বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা।




প্রশাসনকে সহযোগিতার আশ্বাস রাজনৈতিক নেতাদের

বরিশাল অফিস :: বিভিন্ন উপজেলা প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

বুধবার (৭ আগস্ট) হিজলায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষক প্রতিনিধি ও সরকারি কর্মচারীদের উপস্থিতিতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গির হোসেন জানান, সভায় সবাইকে ধৈর্য ধারণ করার পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষতি না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

হিজলা ছাড়া বরিশাল সদর উপজেলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে।

এর আগে গতকাল মঙ্গলবার আগৈলঝাড়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজীমের সভাপতিত্বে রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আলোচনা করেন।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম সহিদুল্লাহ সহিদ, বর্তমান যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনায় প্রতিটি থানার কর্মকর্তাদের সাথে সমন্বয় ও পুলিশকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন বিএনপি নেতৃবৃন্দ।

দুপুরে বরিশাল নগরের ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এগিয়ে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। চাঁদমারি কলোনিতে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা সম্পদ রক্ষায় এগিয়ে যাওয়াদের কুপিয়ে জখম করার পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

পরে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে চাঁনমারী কলোনিতে লুকিয়ে থাকা দুষ্কৃতিকারীরা তাদেরসহ আশপাশের সরকারি সম্পদ বিনষ্টের চেষ্টা করছিল। যা প্রতিহত করতে স্থানীয়রা সহযোগিতা করছিল।