পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীরন সপরিবারে ভারতে পালানোর সময় আটক

পটুয়াখালী প্রতিনিধি :: বরিশালে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ এক প্রকৌশলীকে আটক করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শিক্ষার্থীদের হাতে আটক ওই প্রকৌশলীর নাম হারুনর রশীদ। তিনি পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন বলে স্বীকার করেছেন। পরিবারসহ ভারতে পালিয়ে যাবার সময় শিক্ষার্থীদের কাছে আটক হন তিনি।

শিক্ষার্থীরা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বপালনকালে আইন ভেঙে একটি প্রাইভেটকার দ্রুত ওভারটেক করছিল। এ সময় শিক্ষার্থীরা গাড়িটিকে আটকে দেয়। পরে চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার পাওয়া যায়। এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যদের খবর দেয় শিক্ষার্থীরা।

ঘটনাস্থল থেকে সেনা কর্মকর্তা মেজর রাশেদ জানান, আটক ব্যক্তি পটুয়াখালী গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। ভারতে যাওয়ার জন্য তিনি পটুয়াখালী এসেছিলেন। শিক্ষার্থীরা তাকে আটকে আমাদের খবর দেয়। আমরা তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পুলিশে সোপর্দ করি। তার কাছে নগদ ২০ লাখ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিয়ে সোপর্দ করা হয়।




শপথ নিতে বঙ্গভবনে ড. ইউনূস

চন্দ্রদ্বীপ নিউজ :; ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা ড. ইউনূসের গাড়ি বঙ্গভবনে প্রবেশ করে। এসময় গাড়ি বহরে সশস্ত্রবাহিনীর তিন প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ভিতরে প্রবেশ করেন।

এদিন রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী বঙ্গভবনে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানা গেছে।

অন্তবর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে চার শতাধিক অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশে অবস্থিত বিদেশি কূটনীতিকরা।

জানাগেছে, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা ১৭ জন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা সদস্য হিসেবে থাকছেন, সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই-আজম।

এর আগে, গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে বিমান বাহিনীর একটি বিমানে করে তিনি দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন তিনি।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে দেশে একটি সরকারবিহীন অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থার অবসান ঘটাতে তিন দিন ধরে রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সর্ব সম্মতিক্রমে ড. মোহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় ড. মোহম্মদ ইউনূস ফ্রান্সের প্যারিসে অবস্থান করায় তার দেশে ফিরে আসার ওপর নির্ভর করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় শপথ গ্রহণের সময় নির্ধারণের কথা জানায় সেনাপ্রধান ওয়াকার উজ জামান। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আজ দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।

উল্লেখ্য, প্রায় ৩৬ দিন ধরা চলা কোটা সংস্কারের এই আন্দোলনে দেশব্যাপী ৫ শতাধিক মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছেন। আহতের সঠিক হিসাব জানা না গেলেও ৫ হাজারেরও অধিক হবে বলছে গণমাধ্যম।




চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল

চন্দ্রদ্বীপ নিউজ :: স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেল আর নেই। মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা প্যাটেল শেষ পর্যন্ত হেরে গেলেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

সাইদুর রহমান প্যাটেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পাক্ষিক ক্রীড়াজগত পত্রিকার সম্পাদক দুলাল মাহমুদ। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বছরখানেক আগে শারীরিক জটিলতা ও অসুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। বেশ লম্বা সময় বিশ্বের সেরা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।’

‘ধীরে ধীরে মৃত্যুর পথে এগিয়ে যেতে থাকেন সাইদুর। মাঝেমধ্যে নিজেই তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানাতে তিনি। মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া খবর কেউ নিজেই জানাচ্ছেন এ বিষয়টা কতটা হৃদয়বিদারক তা কেউ অনুভব করতে পারবেন না। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।’

ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে ১৯৫১ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রধান উদ্যোক্তা ও সংগঠক সাইদুর রহমান প্যাটেল। বিশ্বের মানচিত্রে জায়গা করে নিতে দৃঢ় কঠিন প্রতিজ্ঞা নিয়েই দেশের একঝাঁক তরুণ গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল।

মুক্তিযুদ্ধের সময় কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটিতে ছিল প্রবাসী মুজিবনগর সরকারের কার্যালয়। সেখানেই স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতি নিজের সমর্থন জানান প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। এরপর খেলোয়াড়দের মুজিবনগরে গিয়ে দলে যোগ দিতে বলা হয়। এভাবেই যাত্রা শুরু হয় দলটির।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চিরস্মরণীয় অবদান রয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের। মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের লক্ষ্যে একঝাঁক স্বাধীনতাকামী ও সাহসী ফুটবলার ও কর্মকর্তারা দল গঠন করে ভারতের বিভিন্ন প্রান্তে ১৬টি ম্যাচ খেলেন। সেই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ তুলে দেন মুক্তিযুদ্ধের তহবিলে। আর এই দল গঠনে মূখ্য ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম সাইদুর রহমান প্যাটেল।




পাথরঘাটায় দুই বাসের সংঘর্ষে নিহত ১

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়কে দুই  বাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৪ টার দিকে পাথরঘাটাগামী গ্রামীণ পরিবহন ও পাথরঘাটা থেকে ঢাকাগামী আলিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে আলিফ পরিবহনের সুপারভাইজার আবুল বাশার (৩৫) নামের একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রামে  ।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এদের সবাইকে পার্শ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরে আমার ঘটনাস্থলে আসি। এতে এক জনের মৃত্যু হয়েছে।




একটা পোস্ট করার পরই বাঘা বাঘা মানুষের ফোন চলে আসতো: সিয়াম

চন্দ্রদ্বীপ নিউজ :: শেখ হাসিনার সরকার পতনের পর তরুণদের উপর আস্থা রেখে নতুন স্বপ্ন দেখছে দেশবাসী। শোবিজ তারকারাও তার বাইরে নন। কিছু তারকা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন।

কেউ আবার অবস্থা বেগতিক দেখে সরকারের নির্দেশের তোয়াক্কা না করে ছাত্রদের সঙ্গে রাজপথে নেমে প্রতিবাদ করেছেন। তাদেরই একজন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ।

আজ যমুনা টিভিতে এক সাক্ষাৎকারে সিয়াম কথা বলেছেন চলমান বাংলাদেশ নিয়ে। সেখানে তিনি এমন একটি ইস্যু তুলে ধরেন যা নিয়ে কথা বলা খুব জরুরি। সিয়াম বলেন, ‘আমরা বাংলাদেশকে সংস্কারের জন্য আন্দোলনের পক্ষে থেকেছি। আমরা বাক স্বাধীনতা চাই। তাই আজ এই কথাগুলো বলতে পারছি।’

এরপরই তিনি বলেন, ‘আমরা যারা আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছি তাদের হয়তো সবাই বাহবা দিচ্ছেন। কিন্তু আমার এমন কিছু সহশিল্পী আছেন যারা হয়ত সরাসরি কোন পক্ষে ছিলেন না বা কেউ কেউ সরকারি পক্ষেও ছিলেন। এখন তাদের নিয়ে যদি আপনারা বিরূপ মন্তব্য করেন কিংবা তাদের হেয় করার চেষ্টা করেন তাহলে আপনাদের সঙ্গে পূর্বের অবস্থার কি পার্থক্য থাকলো?’

কেন সকল শিল্পীরা ছাত্রদের পক্ষে কথা বলতে পারেননি সে বিষয়টিও খোলাশা করেছেন সিয়াম। তিনি বলেন, ‘আমরা শিল্পীরা মানুষের জন্যই কাজ করি। তাদের ভালো মন্দে পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কিন্তু এটা কেউ ভেবে দেখে না যে, একজন সাধারন মানুষের প্রতিবন্ধকতা আর একজন তারকা প্রতিবন্ধকতা এক নয়। আমরা শিল্পীরা একটা কিছু (সংবেদনশীল) পোস্ট করলেই ৫-৬টা কল চলে আসে। এমন সব মানুষের কল যা একজন সাধারন মানুষের কাছে গেলে আত্মা কেঁপে উঠবে। তারা আমাদের সম্মানের সঙ্গেই জিজ্ঞাসা করেন কেন এই পোস্টটি দেওয়া হলো? কারণ আমাদের প্রতিটি পোস্ট সমাজে কিছু না কিছু ইমপ্যাক্ট ফেলে।

এজন্যই আমরা চাইলেই সব কথা এতোদিন মন খুলে বলতে পারিনি। কিন্তু এখন থেকে যেনো সেই অধিকার পাই সেই প্রত্যাশাই করি। এজন্যই দেশ সংস্কারের এই আন্দোলনে সঙ্গে ছিলাম।




ড. ইউনূসের শপথ অনুষ্ঠানে নেই আউয়াল কমিশন

চন্দ্রদ্বীপ নিউজ :: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েও আসেননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ৪ কমিশনার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া তাদের।

প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব রিয়াজ উদ্দিন  জানান, স্যারের প্রটোকল দেওয়া পুলিশি নিরাপত্তা না থাকায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খানকে (অব.) কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, শপথ অনুষ্ঠান যাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আমাদের নিজস্ব গানম্যান না থাকায় যাওয়া হচ্ছে না।

আরেক নির্বাচন কমিশনার আনিছুর রহমান  বলেন, সময়টাতো কারো নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমাদের সবারই একই অবস্থা।




পটুয়াখালীতে লুটপাট-ভাংচুরকারীরা ছাত্রদলের কেউ না – শামীম, জাকারিয়া

পটুয়াখালী প্রতিনিধি :: গনতন্ত্র হত্যাকারী ফ্যাসিষ্ট ভোট ডাকাত শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পটুয়াখালীতে যে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে তাতে জেলা ছাত্রদলের কোন নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেন জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী ও সদস্য সচিব মোঃ জাকারিয়া।

বৃহস্পতিবার (৮আগষ্ট) সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হেতালিয়া বাঁধঘাট বাজার এলাকায় উপস্থিত জনসাধারণের সামনে এমনটাই বলেন তারা।

এসময় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী বলেন, হেতালিয়া বাঁধঘাটসহ পটুয়াখালীর বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে হামলা ভাংচুর হয়েছে তাতে ছাত্রদলের কেউ জড়িত নয়। আসলে স্থানীয় আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরাই এই ভাংচুর ও লুটপাটকরে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের নামে ছড়াচ্ছে। তিনি আরো বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালানোর পর আপন ভাই, ভাইয়ের মধ্যে যদি কোন কিছু নিয়ে শত্রুতা থাকে এবং তাতে যদি মারামারি হয় তাও এখন ছাত্রদল তথা বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে বলে চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তাই জনসম্মুখে আমরা বলতে চাই ছাত্রদলের কোন নেতাকর্মী কোন ধরনের হামলা, ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত না। আর যদি কোন ছাত্রদলের নেতাকর্মী এরকম খারাপ কাজে জড়িত থাকে তবে আপনার আমাদের সঙ্গে সঙ্গে জানাবেন আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো।

সদস্য সচিব মোঃ জাকারিয়া বলেন, আওয়ামী লীগের কিছু গুপ্ত সন্ত্রাসীরা এমন হামলা ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। ছাত্র জনতাসহ সবাই মিলে এই ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছে। তাই রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করে সকলে মিলে রাষ্ট্র বিনির্মানে এগিয়ে আসতে হবে। তবেই ঘুরে দাড়াবে আগামীর বাংলাদেশ।

এসময় পটুয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্ররা উপস্থিত ছিলেন।




দুমকিতে ভাইকে বাঁচাতে যেয়ে বোনেরও মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী দুমকিতে পুকুরে পড়ে হালিমা (৯) ও আবুবকর (৭) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত হালিমা ও আবুবকর দক্ষিণ মুরাদিয়া এলাকার আব্দুর রহমান মৃধার ছেলে-মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু আবুবকর ও হালিমা বাসা থেকে খেলতে বের হয়, আবুবকর পানিতে পড়লে বোন হালিমা তুলতে যায়। এ সময় সেও পানিতে ডুবে যায়। পরে তার মা বাসায় এসে খোঁজাখুঁজির একপর্যায় ছেলে-মেয়েকে পানিতে ভাসতে দেখেন। তাদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবর রহমান দু’জনকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান বলেন, লোকমুখে খবর শুনেছি পরিবার থেকে কোনো অভিযোগ পাইনি।




অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের হাইকমিশনার




অন্তর্বর্তী সরকারের শপথ রাত ৯টায়

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ রাত ৯টায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল বুধবার বিকেলে সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছিলেন, শপথগ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়।

তবে আজ সেই শপথ অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে রাত ৯টায় সময় নির্ধারণ করা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে দেশে ফিরেছেন তিনি।

এদিকে, এরই মধ্যে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।