অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন বরগুনা আওয়ামী লীগের

বরিশাল অফিস :: অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বরগুনা জেলা আওয়ামী লীগ।

শনিবার সকালে শহরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মিদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর অর্ন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নসা, শ্রম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান জামাল, ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন, আইসিটি সম্পাদক সুনাম দেবনাথ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, আজিজুল হক স্বপন, জেলা যুবলীগ, ছাত্রলীগ, ব্যবসায়ীসহ নেতাকর্মিরা।

 




বাউফলেত ১৫ বছর পর জামায়াতের প্রকাশ্যে সভা

পটুয়াখালী প্রতিনিধি :: দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যে একাধিক পথসভা, দোয়া-মোনাজাতসহ বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শফিকুল ইসলাম মাসুদ উপজেলার বগা ফেরিঘাট এলাকায় পৌঁছালে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষও উপস্থিত ছিলেন।

জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের আগমণ উপলক্ষে পথসভা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছয় ব্যক্তির স্মরণে দোয়া-মোনাজাত, মন্দির পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি সকাল পৌনে ১০টার দিকে তিনি বগা বন্দরে পথসভা করেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম। অপরাধ না করেও কয়েক শ’ মামলার আসামি হয়েছি, অন্যায় ভাবে তড়িগড়ি করে ওই সব মামলায় সাজা দেয়া হয়েছে। বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে। যাদের কারণে আপনারা ১৭ বছর কষ্ট করেছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নিয়মানুযায়ী তাদের ক্ষমা করে দিবেন। আজকে আমাদের শপথ নিতে হবে আমরা প্রতিশোধ পরায়ণ হব না, কোনো মানুষকে কষ্ট দিব না।

সকাল সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেন শফিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, গোটা বাউফলবাসী একটি পরিবার। সেখানে কে হিন্দু? কে মুসলমান? কে কোন দলের? তা দেখার কোনো সুযোগ নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। আমরা স্বাধীন হয়েছি। সেখানে কে সংখ্যালঘু, কে সংখ্যাগুরু এ জাতীয় কোনো বৈষম্যের ঠাই হবে না। হিন্দু সম্প্রদায়ের কারো সাথে কেউ অন্যায় করলে, জীবন দিয়ে হলেও তা প্রতিরোধ করব ইনশাল্লাহ।

বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাউফলের ছয় শহীদ ব্যক্তির স্মরণে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হন শফিকুল ইসলাম। এ সময় তিনি নিহত ছয় ব্যক্তির প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় শফিকুল ইসলাম বলেন, যা সব রাজনৈতিক দল একত্রিত হয়েও করতে পারেনি, তা করে দেখিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা। তাদের নেতৃত্বেই দুঃশাসন ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, স্যালুট জানাই তাদের। তাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। তবে তারা যদি এই নতুন বাংলাদেশে আবার অন্যায় দেখে তখনো প্রতিবাদ করবে এবং অন্যায়কারীদের পতন ঘটিয়ে ছাড়বে। তাই সাবধান, কেউ যেন বলতে না পারে, বর্তমানের চেয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারই ভালো ছিল।

জামায়াত নেতা শফিকুল ইসলামের বাড়ি বাউফল উপজেলার মদনপুরা গ্রামে। ২০০৯ সালের পর বাউফলে জামায়াতের প্রকাশ্যে এভাবে সভা-সমাবেশ করতে দেখা যায়নি।




ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাট

পটুয়াখালী প্রতিনিধি :: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ কনকদিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত সন্ত্রাসীরা প্রকাশ্যে এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (১০ আগস্ট) সেনাবাহিনীর বাউফল ক্যাম্প ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতি অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফুর শিকদারের বাসভবনের নিচতলা ভাড়া নিয়ে গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র গত তিন বছর ধরে এলাকার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়ে আল্ট্রাসনোগ্রাম, ইসিসি মেশিনসহ বিভিন্ন ধরণের মেডিকেলে যন্ত্রপাতি ও আসবাবপত্র এবং ভবনের জানালার গ্লাস ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এসময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ভবনের মালিক মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মিয়ার দোতালা বাসভবনে তাণ্ডব চালিয়ে ব্যাপক ধংসযজ্ঞ চালায়। এরপর তারা পেট্রোল দিয়ে ভবনের আসবাবপত্রসহ দুইটি মটর সাইকেল পুড়িয়ে দেয়। স্থানীয় হারুন মুন্সী, আব্দুল মান্নান ও রফিকুল ইসলামের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে যানা গেছে।

এ ঘটনায় ভবনের মালিক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফুর শিকদারের স্ত্রী শাহানারা বেগম সেনাবাহিনীর বাউফল ক্যাম্প ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর হামলাকারী সন্ত্রাসীদের নাম উল্লেখ করে একটি লিখিতি অভিযোগ করেছেন।

শাহানার বেগম বলেন, ‘হামলাকারী সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুড়ে বেড়াচ্ছে এবং তাদেরকে খুনজখমের হুমকি দিচ্ছে।’

এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজি বলেন, ‘সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জের সাথে আলাপ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’




নাগরিকদের নিরাপত্তায় কমিটি গঠনের নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় ‘নাগরিক নিরাপত্তা কমিটি’ গঠনের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব জেলা পুলিশ সুপার ও থানার অফিসার-ইনচার্জকে (ওসি) এ নির্দেশনা প্রদান করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিক নিরাপত্তা কমিটি’র প্রধান লক্ষ্য হবে— আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানো। এ লক্ষ্যে কমিটি একটি অ্যাকশন প্ল্যান প্রস্তুত পূর্বক মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। কমিটির আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পুনঃস্থাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কমিটির সদস্যদের সমন্বয়ে যৌথ টহল প্রদানের মাধ্যমে হানাহানি, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবে। এলাকায় বিদ্যমান সামাজিক সংঘাত যথা— বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি নিরসনে নিবিড় ব্যক্তিগত যোগাযোগ স্থাপনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নেবে। স্থানীয় জনসাধারণের জীবন, সম্পদ, স্থাপনা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়সহ এলাকার শান্তিশৃঙ্খলা নিয়মিত তদারকি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এলাকার মাদক, ইভটিজিং ইত্যাদি সমস্যা নিরসনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া, স্থানীয় বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক দল ও দল-উপদলের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসন ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করবে।

স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কমিটির আকার নির্ধারণ করবেন। গ্রহণযোগ্য আইনজীবী, বিচারক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, সিনিয়র সিটিজেন, সর্বজন সমাদৃত স্থানীয় রাজনৈতিক নেতা, স্থানীয় জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠনের সভাপতি বা সেক্রেটারি, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মী এবং এনজিও প্রতিনিধি কমিটির সদস্য হবেন।

কমিটি পুলিশ সদস্যদের নিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলা, কেউ যেন কোনও ধরনের উসকানি দিয়ে পরিবেশ ঘোলাটে করতে না পারে, সেজন্য জনসচেতনতা সৃষ্টি এবং পুলিশ সদস্যদেরকে আইনানুগ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে।

 




পটুয়াখালীতে কোটা আন্দোলনে নিহত ২২ পরিবারকে খাদ্য সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি :: সম্প্রতি কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পটুয়াখালী জেলার ২২জন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে আয়েশা হাফিজ ফাউন্ডেশন।

জেলার বিভিন্ন উপজেলার নিহতদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, কুশল বিনিময় ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ফাউন্ডেশনের কর্ণধার ও জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানের সহধর্মিণী আয়েশা হুমায়রার এ উদ্যোগটি বাস্তবায়নে সহযোগীতা করছে পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যরা।

এসময় পটুয়াখালী সদরে তিন, দুমকিতে দুই, বাউফলে ছয়, দশমিনায় দুই, গলাচিপায় পাঁচ, রাঙ্গাবালীতে এক, কলাপাড়ায় এক ও মির্জাগঞ্জে একজনের পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিটি প্যাকেজে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, এক কেজি করে পেয়াজ, ডাল, চিনি, আটা, লবণ ও দুইটি সাবান রয়েছে।

পরবর্তী সকল শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।




সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম চালু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে সুখবর হচ্ছে এরই মধ্যে শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। মেট্রোপলিটনসহ এখন পর্যন্ত ৫৩৮ থানার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

 

ইনামুল হক সাগর বলেন,  শনিবার বিকেল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

 




সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিবাদে বরিশালে সমাবেশ

বরিশাল অফিস :: দেশজুড়ে লুটপাট, অগ্নিসংযোগ, শিল্পীদের ওপর হামলা ও সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিবাদে নগরীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নিপীড়ন বিরোধী মঞ্চ বরিশালের ব্যানারে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বরিশালের বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মহানগর শাখার সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সহ-সভাপতি বিশ্বজিত ঘোষ বিশু, জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, প্রচার সম্পাদক গোবিন্দ্র সাহা প্রমুখ। শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার পতনের পর থেকে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। বক্তারা অন্তর্বতীকালীন সরকারের কাছে যারা এধরনের কাজে জড়িত তাদের কঠোর বিচারের দাবি করেন।




রাঙ্গাবালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে ছাত্রসমাজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালীতে সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ছাত্র সমাজ। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে উপজেলা সদর থেকে এ কার্যক্রম শুরু করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের দেশজুড়ে চলা কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলায়ও সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে সদর রোডের চৌরাস্তাসহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে সচেতনতা মূলক প্রচার চালান। যেসব মোটরসাইকেল চালক-আরোহী হেলমেট ছাড়া সড়কে বের হয়েছিল, তাদেরকে হেলমেট ব্যবহারের নির্দেশনা প্রদান করেন।

শিক্ষার্থীরা জানান, রাঙ্গাবালীর প্রধান যানবাহন মোটরসাইকেল। একারণে মোটরসাইকেল চালক এবং আরোহীদের সড়ক দুর্ঘটনায় হতাহতের ঝুঁকি কমাতে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে আমাদের এই কর্মসূচি।

ছাত্র সমাজের এই কাজে নিয়োজিত মোস্তাফিজুর রহমান শাহির জানান, “যেসব দোকানে মোটরসাইকেলের জন্য পেট্রোল বিক্রি করা হয়, সেসব দোকানগুলোতে হেলমেটবিহীন চালকের কাছে পেট্রোল বিক্রি না করার জন্য লিফলেট দেওয়া হয়। ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি।




পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

চন্দ্রদ্বীপ ডেস্ক: শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শনিবার (১০ আগস্ট) দুপুরে তিনি আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন আইন, বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।




পটুয়াখালী জেলা জামায়াতের আমিরের বাসায় ডাকাতি

পটুয়াখালী জেলা জামায়াতের আমিরের বাসায় ডাকাতি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা জামায়াতের আমির ও গলাচিপা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো: শাহ আলমের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘবদ্ধ একটি ডাকাত দল সুকৌশলে বাসায় প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের চার সদস্যকে বন্দী করে। এ সময় তার বাসা থেকে সাড়ে চার ভরি স্বর্ণ, ৬০ হাজার টাকা ও আসবাবপত্র নিয়ে যায়।

গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোহাম্মদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল জানান, ‘বিষয়টি জেনেছি।’

উল্লেখ্য, সর্বশেষ পটুয়াখালী জেলা আইনশৃঙ্খলা সভায় পটুয়াখালী জেলা জামায়াতের আমির মো: শাহ আলম উপস্থিত ছিলেন। সেখানের নির্দেশনা অনুযায়ী তিনি গলাচিপা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগনকে সতর্ক করেন।