১৫ আগস্ট থেকে চলবে আন্তঃনগর ট্রেন




পটুয়াখালীতে ৮ দফা দাবিতে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। প্রধানমন্ত্রী দেশ তাদের পরেই সারাদেশে বিজয় মিছিল করা হয়। এরপর পরপরই সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুট চালায় দুষ্কৃতিকারীরা। এ হামলা ও লুট এর প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছে সনাতনী ধর্মাবলম্বীরা।

সনাতনী নাগরিক ও ছাত্র জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১১ আগষ্ট) সকাল ১২ টায় পটুয়াখালীর সার্কিট হাউজ সংলগ্ন ঝাউতলায় এ কর্মসূচি পালন করা হয়। ৮ দফা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এসময় বক্তারা বলেন সারাদেশে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন চালনো হয়েছে এর প্রতিবাদে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। হিন্দুদের উপর এসব নির্যাতনের যদি দ্রুত বিচার করা না হয় আমরা এ নিয়ে কঠোর আন্দোলন করবো। এ সময় হামলা ও লুটপাটের দ্রুত বিচারের দাবি জানায় তারা।




বৃহস্পতিবারের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

প্রথম কর্মদিবসে রোববার (১১ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে না আসেন তাহলে আমি ধরে নেবো আপনারা চাকরিতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।

 




দেশের মাটিতে বিএনপি নেতা সালাহ উদ্দিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দীর্ঘ ৯ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। ৯ বছর আগে ‘নিখোঁজ’ হওয়ার পর নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতের শিলংয়ে। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ (রোববার) দুপুর সোয়া ২টার দিকে দিল্লি থেকে ঢাকায় এসেছেন সালাহ উদ্দিন আহমেদ।

সালাহ উদ্দিন আহমেদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হবেন। ভিআইপি লাউঞ্জে বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মিসেস সালাহ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এর আগে, রোববার (১১ আগস্ট) বেলা ১১টায় তাকে বহনকারী বিমানটি ভারতের দিল্লি এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।




ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিষয়ে তদন্ত হবে: নাহিদ

চন্দ্রদ্বীপ নিউজ :: ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে আজ থেকেই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ রবিবার সকালে সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ‘ইন্টারনেট বন্ধ করে দেওয়া কিংবা স্পিড সীমিত করে দেওয়া এটা মানবাধিকারের লঙ্ঘন।তথ্য জানার অধিকার সবার আছে। তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আজকে সচিবালয়ে আমার প্রথম দিনেই আমি চেষ্টা করব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করার। ’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার নবীন-প্রবীণের সমন্বয় গঠিত হলো দেশের বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৪ সদস্যকে গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাত ৯টা ২০ মিনিটে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এবার সবাইকে অবাক করে নতুন সরকারে বৈষম্যবিরোধী দুই সমন্বয়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সরকারের মেয়াদ কতদিন হবে তা পরিষ্কার করে কিছু বলা হয়নি।




বিটিআরসিতে বিক্ষোভ, কর্মকর্তা অবরুদ্ধ

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্য ও দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ ও সমাবেশ করেছের।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে এই বিক্ষোভ ও সমাবেশ শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় চেয়ারম্যান ও অন্য তিন কমিশনার অনুপস্থিত ছিলেন।

বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী আমাদের সময়কে বলেন, বিটিআরসিতে নানাভাবে বৈষম্য হয়েছে। এর বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে। অনেক সিদ্ধান্ত কমিশনারদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন ‘বৈষম্য ও দুর্নীতি করা বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ চান তারা। এছাড়া চেয়ারম্যানের সঙ্গে এই অনিয়ম-দুর্নীতির সহযোগী প্রশাসন বিভাগের উপ-পরিচালক ও একান্ত সচিব মো. আমজাদ হোসেন নিপু, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদেরও বিচার চান তারা।

এ সময় বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীরা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের উপ-পরিচালক মাহদী আহমদকে অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে জানতে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।




হাছান মাহমুদ ও তার পোষ্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী ও কন্যার নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার (১১ আগস্ট) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউ ব্যাংকগুলোকে হাসান মাহমুদ, তারা স্ত্রী নুরান ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে এই নির্দেশ দিয়েছে।




একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) থেকে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন।

বুধবার (১৪ আগস্ট) পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের সুযোগ থাকবে। আগামী ১৭ আগস্ট রাতে চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে।

তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচনের পরও কিছু কলেজ মাদরাসায় সিট খালি থাকায় ও কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চতুর্থ ধাপেই ভর্তির আবেদনের সর্বশেষ ধাপ বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্প্রতি কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, যেসব শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদন করেননি বা আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হননি তারা এবং যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি তারা চতুর্থ ধাপে ভর্তির আবেদন করতে পারবেন।

অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশিকা অনুসারে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। শিক্ষার্থীদের কলেজের আসন সংখ্যা দেখে ৫টি থেকে ১০টি কলেজে আবেদনের পছন্দ দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রকাশের পর আগামী ১৮ ও ১৯ আগস্ট (সোমবার) রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ২০ আগস্ট কলেজে ভর্তি হতে পারবেন।




হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা নিয়ে ব্যাপক প্রচার, রহস্য উন্মোচন করল বিবিসি

চন্দ্রদ্বীপ ডেস্ক : শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে যে সহিংসতা চলেছিল, তার মধ্যেই এমন বহু ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয় বাংলাদেশে হিন্দুদের ওপরে ব্যাপক অত্যাচার শুরু হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গড়েছে ভারত সরকার। আবার বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় রোববার থেকে হটলাইন চালু করতে চাইছে সেদেশের সরকার।

তবে বাংলাদেশের হিন্দুদের ওপরে ‘ব্যাপক অত্যাচার’ হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল বলে ফ্যাক্ট-চেকাররা নিশ্চিত করেছেন।

কিন্তু বাংলাদেশের অভ্যন্তর থেকেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছিল সামাজিক মাধ্যমে, এমনটাও ফ্যাক্ট-চেকাররা বলছেন।

তারা এটাও বলছেন যে, নিশ্চিতভাবেই বাংলাদেশের হিন্দুদের ওপরে কিছু আক্রমণ হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। কিন্তু তথ্য যাচাই করতে গিয়ে দেখা গেছে, মুসলমানদের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে, জ্বালানো হয়েছে।

এক্ষেত্রে আক্রমণকারীদের লক্ষ্য ছিল আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘর, সম্পত্তি। ধর্মীয় পরিচয় বেশিরভাগ ক্ষেত্রেই গৌণ ছিল, তাদের রাজনৈতিক পরিচয়ের জন্যই তারা আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ থেকে আওয়ামী লীগের যেসব স্থানীয় নেতা-কর্মী পালিয়ে ভারতে চলে এসেছেন অথবা আসার চেষ্টা করছেন, তারাও বিষয়টি নিশ্চিত করেছেন যে হিন্দু আর মুসলমান– উভয় সম্প্রদায়ের আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতেই হামলা হয়েছে।

কিন্তু ভারত থেকে সামাজিক মাধ্যমের পোস্ট- বিষয়টিকে রাজনৈতিক না রেখে সাম্প্রদায়িক রঙ দেওয়া হয়েছে বলে মনে করছেন একাধিক ফ্যাক্ট চেকার।

বিবিসির তথ্য যাচাইয়ের বিভাগ, ‘বিবিসি ভেরিফাই’-ও একই সিদ্ধান্তে উপনীত হয়েছে।

মন্দির পাহারায় মইনুল: হিন্দু মন্দিরে আক্রমণ হয়েছে বলে যে ধরনের পোস্ট ভাইরাল হয়েছিল, তার কয়েকটি চোখে পড়েছিল চট্টগ্রামের এক বিক্ষোভকারী মইনুলের।

বিবিসির তথ্য যাচাই বিভাগ ‘বিবিসি ভেরিফাই’ যখন তার সঙ্গে যোগাযোগ করে, তিনি সেসময়ে চট্টগ্রাম লাগোয়া ‘শ্রী শ্রী সীতা কালী মাতা মন্দির’ পাহারা দিচ্ছিলেন।

তার বেশ কয়েক ঘণ্টা আগেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা।

মইনুল বলেন, ‘তাদের রক্ষা করার দায়িত্ব তো আমাদের। আমরা সব সরকারি স্থাপনা, মন্দির, গির্জা– সব কিছুই রক্ষা করব।’

তার কথায়, যেসব পোস্ট ছড়াচ্ছে, সেগুলো কিন্তু ‘আমাদের চোখে দেখা বাস্তব ছবির সঙ্গে মিলছে না। ওই সব পোস্ট বিশ্বের সামনে বাংলাদেশ সম্বন্ধে একটা ভুল ছবি তুলে ধরছে।’

বিক্ষোভকারীদের ওপরে ব্যাপক নির্যাতন ও হত্যা শেষে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, বিক্ষোভকারী ও বিরোধী দলীয় সদস্যদের ক্ষিপ্ত হয়ে ওঠা খুব আশ্চর্যের কিছু ছিল না।

অন্যদিকে, থানাগুলিতে আক্রমণ হওয়ার ফলে পুলিশ ছিল না পুরো বাংলাদেশেই। এই সময়েই সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে লুট চলে, সহিংসতা শুরু হয়।

তবে বাস্তবে দেখা গেছে, যে সাধারণ নাগরিকদের বাড়িতেও লুট চলেছে, তাদেরও কেউ কেউ সহিংসতার শিকার হয়েছেন। ‘বিবিসি ভেরিফাই’ মনে করছে, ব্যাপক সহিংসতার ফলেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছিল।

ভারত থেকে ছড়ানো হয় ভুয়া খবর: চারদিকে যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল, সেই সময়ে ভারতের অতি-দক্ষিণ-পন্থি ‘ইনফ্লুয়েন্সর’রা সুযোগ কাজে লাগিয়ে বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করতে থাকেন, যাতে মনে হয় যে বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে।

এ ছাড়া এরকম গুজবও ছড়ানো হয় যে ছাত্র-বিক্ষোভকারীরা ‘ইসলামি কট্টরপন্থি’।

সামাজিক মাধ্যমের ওপরে নজর রাখে ‘ব্র্যান্ডওয়াচ’ অ্যাপ। তারা খুঁজে পেয়েছে যে, ৪ আগস্টের পর থেকে ভুয়া কাহিনীগুলি ছড়ানো হয়েছে এমন একটি হ্যাশট্যাগ দিয়ে, যেটি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) সাত লক্ষ বার মেনশন হয়েছে।

যেসব অ্যাকাউন্ট থেকে ট্রেন্ডিং পোস্টগুলি করা হয়েছিল, তার প্রায় সবই ভারতে অবস্থান করছে, এমনটাও জানা গেছে ‘ব্র্যাণ্ডওয়াচ’ থেকে।

বাংলাদেশ-ভিত্তিক ফ্যাক্ট-চেকাররাও গত কদিনের সামাজিক মাধ্যম বিশ্লেষণ করে অনেকটা একইরকম তথ্য পেয়েছেন যে, মূলত ভারতের বিভিন্ন অ্যাকাউন্ট থেকেই হিন্দুদের ওপরে আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।

ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাবের অনুমোদনপ্রাপ্ত স্বাধীন তথ্য যাচাই করার উদ্যোগ ‘ফ্যাক্ট ওয়াচ’এর প্রধান, অধ্যাপক সুমন রহমান বলছিলেন, ‘কিছু ঘটনা ঘটেছে ঠিকই, যেখানে হিন্দুদের বাড়ি আক্রমণ করা হয়েছে। তবে প্রায় সব ক্ষেত্রেই ওই ব্যক্তিরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তি।’

‘কিন্তু এমন একটা আখ্যান তৈরি করা হয়েছে, যাতে মনে হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। এটা একেবারেই ভুল আখ্যান ছড়ানো হয়েছে। যেসব অ্যাকাউন্ট থেকে এই ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, সেগুলির বেশিরভাগই ভারতের,’ বলেন তিনি।

আবার ঢাকার ফ্যাক্ট চেকার রিদওয়ানুল ইসলাম বলছিলেন ভারতীয় অ্যাকাউন্টগুলি থেকেই বেশিরভাগ ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।

‘তবে বাংলাদেশের ভেতর থেকেও হিন্দুদের ওপরে আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হয়েছে বলে আমাদের অনুসন্ধানে জানতে পারছি।’

হিন্দুদের বাড়ি, মন্দির ‘জ্বালানো’র ভুয়া খবর: সামাজিক মাধ্যমে একটা পোস্ট ভাইরাল হয়েছিল, যাতে দাবি করা হয়েছিল যে ‘হিন্দু ক্রিকেটার’ লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

অন্য অনেক অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট শেয়ার করে লেখা হয় যে, কট্টর ইসলামপন্থিরা তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে।

কিন্তু যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল, সেটা যে আসলে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার, তা এখন সবার জানা।

আরেকটি ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছিল যে, ‘বাংলাদেশের ইসলামি জনতা’ একটা মন্দিরে আক্রমণ করেছে।

চট্টগ্রামের ‘নবগ্রহ মন্দির’এর কাছে আগুন লাগানোর ভিডিও ছড়ানো হয়েছিল। তবে দেখে বোঝা যাচ্ছিল যে মন্দিরে আগুন লাগেনি।

বিবিসি ভেরিফাইয়ের কাছে ছবি এসেছে যে, ওই মন্দিরের কোনও ক্ষতি হয়নি। তবে ওই মন্দিরের পিছনে আওয়ামী লীগের একটি কার্যালয়ই আসল লক্ষ্য ছিল বলে মনে হয়েছে।

মন্দিরের কর্মকর্তা স্বপন দাস বিবিসিকে জানিয়েছেন, ওই দলীয় কার্যালয় থেকে চেয়ার-টেবিল বার করে আগুন লাগানো হয়েছিল মন্দিরটির পিছন দিকে। এ ঘটনা ৫ আগস্ট দুপুরের।

অগ্নিকাণ্ডের পরের কয়েকটি ছবিতে দেখা গেছে যে, আওয়ামী লীগ নেতাদের ছবিসহ বেশ কিছু পোস্টারও পুড়িয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন, ২৪ ঘণ্টাই মন্দিরে পাহারা দিচ্ছেন মানুষ।

লক্ষ্য আওয়ামী লীগ, হিন্দুরা নয়: আরও দুটি ভাইরাল হওয়া পোস্টে দেখা গেছে যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে দাবি করা হয়েছে যে হিন্দুদের ওপরে আক্রমণ হয়েছে। কিন্তু যাচাই করে দেখা গেছে যাদের ওপরে আক্রমণ করা হয়েছিল, তারা আসলে আওয়ামী লীগের নেতা এবং তারা মুসলমান।

এইসব পোস্টই ভারতীয় দক্ষিণ-পন্থি অ্যাকাউন্টগুলো থেকে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ‘সেভবাংলাদেশীহিন্দু’ হ্যাশট্যাগ দিয়ে সেসব শেয়ার করা হয় হিন্দুত্ববাদীদের ‘ভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে।

সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে ‘ইসলামি জনতা’ হিন্দুদের গ্রাম আক্রমণ করেছে এবং একজন হিন্দু ধর্মাবলম্বী পুকুরে সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে। ভারতীয় ফ্যাক্ট-চেকাররাই খুঁজে বার করেছেন যে ওই ব্যক্তি মুসলমান।

ফ্যাক্ট-চেকার রিদওয়ানুল ইসলামের কথায়, ‘শুধু যে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে, তা নয়। কয়েকটি টিভি চ্যানেল এবং পোর্টালও সামাজিক মাধ্যমের ওই সব গুজবের ওপরে ভিত্তি করে সংবাদ প্রতিবেদন পর্যন্ত বানিয়ে ফেলেছে।’

দুই সরকার যা ব্যবস্থা নিচ্ছে: বাংলাদেশে হিন্দুদের ওপরে ব্যাপক আক্রমণ হচ্ছে, এই তথ্যের প্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি কমিটি গড়ে দিয়েছেন, যারা বাংলাদেশে ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করবেন।

ওই কমিটির প্রধান করা হয়েছে বিএসএফের পূর্বাঞ্চলীয় প্রধান, অতিরিক্ত মহাপরিচালক রভি গান্ধীকে। অন্য সদস্যরা হলেন- বিএসএফের দক্ষিণ বঙ্গ এবং ত্রিপুরা সীমান্ত অঞ্চলের দুই আইজি এবং ল্যান্ড পোর্ট অথরিটির দুই প্রতিনিধি।

অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু এবং সেদেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ কমিটি গড়ল ভারত সরকার। এই কমিটি বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে- যাতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। বিএসএফের পূর্ব কমান্ডের এডিজি এই কমিটির প্রধান হবেন।

ওই কমিটির একজন সদস্য বিবিসিকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম টুইটে লিখেছেন, বাংলাদেশে কেউ সমস্যায় আছেন, এরকম খবর পেলে আমরা সেদেশে আমাদের কাউন্টারপার্ট, অর্থাৎ বিজিবির সঙ্গে যোগাযোগ করে সমস্যা মেটানোর কাজ করব।

যেরকম শুক্রবার একটা সমস্যা তৈরি হয়েছিল কোচবিহারের শিতলখুচিতে। বাংলাদেশের দিকে বহু মানুষ ভারতে প্রবেশ করতে চেয়ে সীমান্তের অপর পাড়ে জড়ো হয়েছিলেন। আমরা বিজিবির সঙ্গে দ্রুত যোগাযোগ করে তাদের ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করি। শনিবার কিন্তু এভাবে কেউ জড়ো হয়নি।

আবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও হিন্দুদের সহায়তার জন্য রোববার থেকে একটা হটলাইন চালু করছে।

এক সংবাদ সম্মেলনে শনিবার এ কথা জানান অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, কোথাও যদি সংখ্যালঘুদের ওপর কোনও হামলা বা সহিংসতার ঘটনা ঘটে হটলাইনে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা।

‘ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি-ঘর, উপাসনালয়ে হামলার খবর আসছে’ মন্তব্য করে হোসেন বলেন, সরকারকে অস্থিতিশীল করার পায়তারা এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে।

আমরা ফাঁদে পা দেব না: চট্টগ্রামের ‘শ্রী শ্রী সীতা কালী মাতা মন্দির’-এর বাইরে মুসলমান আর হিন্দু ছাত্ররা কথা বলছিলেন সম্প্রীতি নিয়ে, ভবিষ্যৎ নিয়ে।

‘এই সব গুজব ছড়ানোর উদ্দেশ্য হলো একটা বিশৃঙ্খলা তৈরি করা, হিন্দু-মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা,’ বলছিলেন মইনুল।

‘তবে আমরা ফাঁদে পা দেব না’,  জানালেন তিনি।

এলাকার আরেক বাসিন্দা ছোটন নিয়মিত ওই মন্দিরটিতে যান। তিনি তার মুসলমান পড়শিদের ধন্যবাদ দিচ্ছিলেন।

‘তাদের ধন্যবাদ। যতক্ষণ না এই কঠিন সময়টা আমরা পার করতে পারছি, ততক্ষণ যেন তারা এভাবেই পাশে থাকেন। স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতেও যেন আমরা এভাবেই একসঙ্গে কাটাতে পারি’, বললেন ছোটন।




শপথ নিলেন দুই উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় ও সুপ্রদীপ চাকমা

চন্দ্রদ্বীপ নিউজ: শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ডা. বিধান চন্দ্র রায় ও সুপ্রদীপ চাকমা।

আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন তাদের শপথ বাক্য পাঠ করান।

এসময় তিন বাহিনী প্রধানসহ উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন।