দ্রব্যমূল্য কমানোর আল্টিমেটাম দিলেন শিক্ষার্থীরা

চন্দ্রদ্বীপ নিউজ :: আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এসব দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানানো হয়।

আজ রবিবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘যারা চাটুকার, দালালি এবং ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন নিয়ে দেশে ছিল। আমরা মনে করি সেই জায়গাগুলোতে তাদের থাকার কোনো অধিকার নেই। আমরা বলব যে আপনারা চলে যান। আপনারা যদি চলে না যান, অবশ্যই আমরা প্রত্যাশা রাখি এবং আমরাই এটি করব।’

বিন ইয়ামিন মোল্লা জানান, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট ও ক্ষোভ বেড়েছে। যা সবাইকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে সাত দিনের মধ্যে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন,‘তোমরা ট্রাফিক কন্ট্রোল করছ। তোমরা কয়দিন ধরে বাজার মনিটরিং করছো। তাই আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে বসা দরকার। তোমাদের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে একটি গাইডলাইন তৈরি করে দেব। আমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি। মাংস, ডিম, ডায়াবেটিস স্ট্রিপ, শিশুখাদ্য নিয়ে কাজ করেছি। অনেক কথা বলেছি, অনেক নথি আছে। সেই নথি আমি তোমাদের হাতে তুলে দেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের পেছন দিকে তাকালে হবে না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোকে অনেক সমালোচনার মুখে পড়তে হবে এবং সেটি স্বীকার করার সৎ সাহস রাখতে হবে। তোমাদের হাত এত শক্তিশালী হয়েছে, তোমরা যেখানে হাত দেবে, সেখানেই সোনা ফলবে। আমরা আসলেই ব্যর্থ হয়েছি। এখন তোমাদের নিয়ে স্বপ্ন দেখি।’

এদিকে, দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে কুমিল্লা নিউমার্কেট এলাকায় বাজার মনিটরিংয়ে গিয়ে তারা বলেন, ‘শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে না পারায় ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে। শিক্ষার্থীদের মাধ্যমেই জনসাধারণের সচেতনতা বাড়বে।




ইসির ৪ কর্মকর্তাকে বদলি

চন্দ্রদ্বীপ নিউজ :: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে বদলি করে উপ-সচিব হিসেবে সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধি-শাখায় আনা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ অধি-শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানকে বদলি করে নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচন পরিচালনা-১ অধি-শাখার উপ-সচিব এম, মাজহারুল ইসলাম বদলি করে মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখা উপ-সচিব করা হয়েছে। মানবসম্পদ উন্নয়ন ও কল্যাণ অধি-শাখার উপ-সচিবকে মোহাম্মদ নুরুল আলমকে বদলি করে রাঙ্গামাটির সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




আসিফ নজরুলকে যে কথা স্মরণ করিয়ে দিলেন শাওন

চন্দ্রদ্বীপ নিউজ :: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মা প্রকাশ করে রাজপথে সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল।

এদিকে, ২০২০ সালে ড. আসিফ নজরুলের দেওয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল হয়েছে। যেটি আবার নতুন করে স্মরণ করিয়ে দিলেন কথাসাহিত্যিক হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। পোস্টটি শেয়ার করে এই অভিনেত্রী-নির্মাতা লিখেছেন, ‘এখন নিশ্চয় হবে। আশায় আছি…।’

২০২০ সালে আসিফ নজরুলের দেওয়া ফেসবুক পোস্টটি ছিল এমন- ‘যদি ক্ষমতা থাকত আইন করতাম; বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি-জরুরি ছাড়া কোনো সফরসঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে।’

পোস্টে তিনি আরও লিখেছিলেন, ‘জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে-বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী- তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।




সাকিব-মুশফিকদের নিয়ে পাকিস্তান সফরের দল ঘোষণা

চন্দ্রদ্বীপ ক্রীড়া  :: আগামী ২১ আগস্ট পাকিস্তানের সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ উপলক্ষে এরই মধ্যে পাকিস্তানের পৌঁছে গেছে বাংলাদেশ দল। ২ টেস্টের জন্য আজ রবিবার দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের নিয়েই ঘোষণা করা হলো ১৬ সদস্যের এই দল। যার নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগের শ্রীলংকা সিরিজ থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু।

সাকিব পাকিস্তান সিরিজে থাকবেন কি না সেটি নিয়ে যথেষ্ট দোলাচল ছিল। তবে শেষমেশ তাকে নিয়েই দল ঘোষিত হলো। সবশেষ শ্রীলংকা সিরিজে চোটের কারণে খেলতে পারেননি দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। তিনিও এই সিরিজে ফিরলেন। বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদকে দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে।

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।




জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

চন্দ্রদ্বীপ নিউজ :: এবার পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর মশিউর রহমান। আজ রবিবার বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা মহিউদ্দিন মাহি‌।

অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি।’

২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন ভিসি মশিউর রহমান।




কুয়াকাটায় প্রতিবেশীকে ফাঁসাতে বসতঘরে আগুন – হয়রানি বন্ধে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় প্রতিবেশীর পরিকল্পিত হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে রবিবার দুপুরে কুয়াকাটা চৌরাস্তায় অর্ধশতাধিক মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী ইউনুস মাতুব্বর, হাওয়া বেগম ও আলী হোসেন বলেন, ‘বিগত ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া গ্রামের নুরু খাঁ গং আমাদের জমি জোরপূর্বক দখল করেন। দীর্ঘ বছর একাধিক মামলাসহ নানা হয়রানি করে আসছে চক্রটি। এ নিয়ে দুবার আমাদের পক্ষে রায় দেয় আদালত।

‘সবশেষ গত ৫ আগস্ট আমাদের পৈতৃক সম্পত্তি দখলে নিই আমরা। একই দিন আওয়ামী লীগ সরকারের পতন হলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা তাদের (নুরু খাঁ) বাড়িতে হামলা চালায়। ওই দিন রাতেই আমাদের ফাঁসাতে পরিকল্পিতভাবে তাদের নিজ বাড়িতে আগুন দিয়ে আমাদের ওপর দায় চাপায়।’

বাড়িতে আগুনের ঘটনায় নুরু খাঁরা কুয়াকাটায় নিয়োজিত সেনা অফিসারদের জানালে ভুল তথ্যের ভিত্তিতে তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ব্যাপারে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।




ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও কোচিং বানিজ্য বন্ধের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সরকারি কলেজে ছাত্র রাজনীতি বন্ধসহ ৭দফা দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আজ রবিবার বেলা ১১টার দিকে পটুয়াখালী সরকারী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী শেষে কলেজ অধ্যাক্ষের কাছে দেয়া ৭দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

দাবী গুলো হলোঃ কলেজে শিক্ষক ও ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ, ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও কার্যক্রম বাস্তবায়ন, প্রশাসনিক ব্যবস্থা জোরদারকরণ ও নিরাপত্তা বৃদ্ধি, শিক্ষার্থীদের হয়রানি বন্ধকরণ, কলেজে লাইব্রেরি, ক্যান্টিন স্থাপন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সুবিধা বৃদ্ধি, কলেজ উনয়ন ও হল সংস্কার কার্যক্রম এবং শিক্ষকদের প্রাইভেট বাণিজ্য নিষিদ্ধকরণ।




ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি :: ভাঙচুর, লুটপাট ও হুমকি-ধমকির অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া ও সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টির স্বাক্ষরিত চিঠিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আপনার (হুমায়ুন কবির) বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট এবং হুমকি-ধমকির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আপনাকে ৮ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে বাউফল পৌর বিএনপির সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

নোটিশে আরও বলা হয়েছে, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বাউফল উপজেলার স্থানীয় সাংবাদিকরা জানান, দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের ওপর হামলা ও তার বাড়িতে ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা হুমায়ুন কবিরকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিক বিএনপি নেতা হুমায়ুন কবিরের কোনও বক্তব্য পাওয়া যায়নি।




দুই উপদেষ্টার দপ্তর বণ্টন




আমিরাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ড. ইউনূস

চন্দ্রদ্বীপ ডেস্ক: আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মতবিনিময়ের শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় তিনি বলেন, বৈষম্যবিরোধী অন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। তার মধ্যে আরব আমিরাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়, এমনকি জেলও দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি। তারা কিছুতেই যেন সাফার না করে সেই চেষ্টা করা হচ্ছেl

আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। যাতে করে তারা সহায়তা পেতে পারে। অন্তত কোনো শাস্তি ছাড়া যেন তাদের যেন মুক্তি দেওয়া হয়। তারপর বাকিটুকু না হয় আমরা সহায়তা করার চেষ্টা করলাম। তিনি (ড. ইউনূস) নিজেই উচ্চ পর্যায়ে কথা বলবেন, চেষ্টা করবেন তাদের যেন শাস্তির সম্মুখীন হতে না হয়।

তৌহিদ হোসেন বলেন, তারা হয়তো স্থানীয় আইনের ব্যত্যয় ঘটিয়েছে। সে কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না। তাদের যে আইন আছে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে। কিন্তু তাদের (প্রবাসী) সেন্টিমেন্ট যেটার কারণে তারা এটার পক্ষে এসেছে তখন তারা হয়ত সেই আইন কানুনও ভুলে গেছে অনেকে। আমরা চেষ্টা করবো তাদের যেন মুক্ত করতে পারি।