দেশে ফিরছেন না সাকিব, কানাডা থেকেই যাবেন রাওয়ালপিন্ডি

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রাথমিক সূচিতে ১৬ আগস্ট বাংলাদেশ টেস্ট দলের পাকিস্তান যাবার কথা ছিল। কিন্তু তা কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ টেস্ট দল পাকিস্তান যাবে আগামীকাল ১২ আগস্ট।

সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় পাকিস্তানের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ত্যাগ করবে টিম বাংলাদেশ। এমিরাটসের ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে পাকিস্তান গেয়ে পৌঁছাবে টাইগাররা।

এদিকে নানা অনিশ্চয়তার কথা শোনা গেলেও টেস্ট দলে আছেন সাকিব আল হাসান। বিসিবি  রোববার সন্ধ্যায় দল ঘোষণা করেছে। ১৫ জনের টেস্ট দলে আর সবার সাথে আছে সাকিবের নামও।

এখন প্রশ্ন হলো, সাকিব কি দেশে ফিরে দলের সঙ্গে পাকিস্তান যাবেন? নাকি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে মিলিত হবেন?

খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, সাকিব কানাডা থেকে সরাসরি পাকিস্তান চলে যাবেন। তার মানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আর দেশে পা রাখছেন না সাবেক অধিনায়ক।

এদিকে ১২ আগস্ট মানে  সোমবার পর্যন্ত সাকিবের এনওসি আছে। তার মানে আগামীকালকের আগে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ছিল না। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সাকিব আপাতত দেশে ফিরবেন কিনা, তা নিয়েও ছিল সংশয়। কারণ শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আওয়ামী লীগের বড় অংশই লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন।

শোনা যায়, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও দেশের বাইরে চলে গেছেন। বিসিবি পরিচালক এবং সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আ জ ম নাসির, নাদেল চৌধুরী আর নাইমুর রহমান দুর্জয়েরও কোনো খোঁজ নেই। তারা কে কোথায়, তাও জানা নেই।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাংসদ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িঘর ভাঙচুর হয়েছে। অগ্নিসংযোগও হয়েছে। সে আলোকেই ধারণা ছিল, আওয়ামী লীগের অপর সংসদ সদস্য সাকিব আপাতত দেশে ফিরবেন না। সে ধারণাই সঠিক।

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম টেস্ট। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২টি ৪ দিনের ম্যাচ খেলতে এরই মধ্যে পাকিস্তান উড়ে গেছেন টেস্ট দলের ৭ সদস্য-মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, নাইম হাসান ও হাসান মাহমুদ।
সোমবার ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে পাকিস্তান যাবেন ১৩ জন। তার মধ্যে থাকবেন ৮ ক্রিকেটার-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও খালেদ আহমেদ।

 




আজ থেকে সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ

চন্দ্রদ্বীপ নিউজ :: পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) থেকে তারা সবাই কাজে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।

তারা গণমাধ্যমে জানান, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

এর আগে রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। বৈঠকে পুলিশের আইজিপি, র‌্যাবের ডিজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় এম সাখাওয়াত হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, দেশে পুলিশ ফিরে না এলে কী অবস্থা হতে পারে তা আপনারা জানেন। একটু আগে ব্যাংকের মধ্যে মারামারি দেখলাম। মনে হচ্ছে, যার মতো যা পারে দখল করতে করছে। আমি প্রথমেই বলতে চাই, যারা এখনো কর্মস্থলে ফেরেননি তাদের ফেরার সর্বশেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার।

এম সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবারের মধ্যে যোগদান না করলে আমরা ধরে নেব, আপনারা চাকরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে পুলিশের আইজিপি, র‍্যাবের ডিজি এবং ডিএমপির কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। বৃহস্পতিবারের মধ্যে যে যার স্থানে চলে যাবেন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে আপনারা ডিউটিতে থাকবেন। কারও গায়ে অহেতুক কেউ হাত দিবেন না। বিচারের প্রক্রিয়াটা করব আমরা। কিন্তু বিচার বিভাগ তাদের বিচার করবে। বড় বা ছোট যারা দোষী হবেন তাদের পানিশমেন্ট দেওয়া হবে। কাউকে ঢালাওভাবে দোষারোপ করা যাবে না।

জনগণের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না। আপনারা নিজেরাই সাফার করছেন। রাতে আমার কাছে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে বলে ফোন আসে। আমি বলি, আল্লাহ আল্লাহ করো। ডাকাতি হলে পুলিশ না থাকলে কী করবে?

তিনি আরও বলেন, পুলিশের আহতদের আমি এইমাত্র দেখে এসেছি। আমাদের যতদূর করা দরকার তা আমরা করব। আপনারা বৃহস্পতিবারের মধ্যে জয়েন করেন। এটা প্রথম প্রায়োরিটি। একটু আগে দেখলাম আনসারের একটা অংশ রাস্তা বন্ধ করে রেখেছে। তাদের কিন্তু দাবি দাওয়া আছে। সবার দাবি দাওয়া আছে। আমারও দাবি দাওয়া আছে। আমার দাবি দাওয়া হচ্ছে আপনারা ফিরে যান আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যতটুকু করা দরকার ইমিডিয়েটলি করব। আমি কোনো রাজনৈতিক লোক না। আমি যা বলব তাই করব।




ভোলায় ধর্মীয় উপাসনালয় নিরাপত্তায় কোস্টগার্ডের টহল

বরিশাল অফিস :: ভোলায় ধর্মীয় বিভিন্ন উপাসনালয় নিরাপত্তায় নেমেছে কোস্টগার্ড। রোববার (১১ আগস্ট) দুপুরে থেকে টহলে নেমেছেন তারা। জেলার ইলিশা লঞ্চঘাট, ফেরিঘাট, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও নিরাপত্তা জোরদার করে তারা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার খোন্দকার মাহাবুবুল আলম জানান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ভোলাসহ উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় আমাদের টহল অব্যাহত রয়েছে। জনসাধারণসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে গিয়ে সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি টহল কাজ চলমান রয়েছে। এছাড়াও কোথায় কোনো ধরনের আশঙ্কা দেখা দিলে কোস্টগার্ডকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেয়া হয়।

এতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে এমন পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

অফিস আদেশে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে কোনো প্রকার রাজনৈতিক, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ বা ছায়া সংগঠন, লেজুড়বৃত্তিক প্যানেল বা পরিষদ বা সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না। অর্থাৎ সব প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

উল্লেখ্য, এদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করে।




প্রবাসীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় আটক ২

বরিশাল অফিস :: বরগুনার তালতলীতে দুবাই প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় দুইজনকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদেরকে উপজেলা প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়।

গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- বরগুনা পৌরসভার ক্রোক স্লুইস এলাকার সজল ওরফে সোহাগ এবং তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মনির খান (৩৩)।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার ছোটবগী ইউনিয়নের মঠখোলা এলাকার দুবাই প্রবাসী রুবেল জোমাদ্দারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকতরা নগদ তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় ডাকাতিতে বাধা দিলে হামলায় আহত হন রুবেলের স্ত্রী ফাতিমা বেগম ও তার ভাগ্নি আখি আক্তার। পরে ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন।

প্রবাসী রুবেল জোমাদ্দারের স্ত্রী ফাতিমা বেগম বলেন, ‘একসঙ্গে ৫-৭ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর নগদ তিন লাখ ৭০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতিতে বাধা দিলে আমাদের বেধড়ক মারধর করেন। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, আনসার সদস্যদের মাধ্যমে আটক দুই ডাকাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।




হজের প্রাক-নিবন্ধন শুরু কাল

চন্দ্রদ্বীপ ইসলাম ডেস্ক :: আগামী বছরের হজের প্রাক-নিবন্ধন আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। আজ রবিবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ আগস্ট অনুষ্ঠেয় আগামী বছরের ২০২৫ (১৪৪৬ হিজরি) হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক ১২ আগস্ট থেকে হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

প্রাক-নিবন্ধনের ভাউচারমূলে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুরা এই কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

হজের কোটা অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ হতে ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন মানুষ পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যান।




হাইকোর্টে বিভাগে সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল

চন্দ্রদ্বীপ নিউজ :: আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ রবিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, ‘হাইকোর্টে কোনো হস্তক্ষেপ হবে, এটা আমি চিন্তাও করি না। সিন্ডিকেট কেউ করে থাকলে আমাদের জানাবেন। জানানো মাত্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো সিন্ডিকেট করবেন, এটা তার শত্রুও বিশ্বাস করবে না।’

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘ইতোমধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি প্রধান বিচারপতি অতি দ্রুত দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এ জায়গাটিকে উন্নত করবেন।’

অনেক ডেপুটি, সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, অনেক রুমে তালা লাগানো আছে, এ ক্ষেত্রে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত এই সমস্যার সমাধান করব।’

বিচারাঙ্গনে অনিয়মের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনাটাই হলো অনিয়মের বিরুদ্ধে। এই সমস্ত অনিয়ম, অনাচারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। আশা করি মানুষের সেই আশার আলোয় প্রভাবিত হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।’

হাইকোর্ট বিভাগ ঢেলে সাজানো প্রয়োজন মনে করেন কি না– এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, ‘অবশ্যই মনে করি। যে কারণে জনরোষ তৈরি হয়েছে, হাইকোর্ট বিভাগে কেন হবে না।’

প্রধান বিচারপতি সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরে তিনি বলেন, ‘তিনি অক্সফোর্ড গ্র্যাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম ক্লাস। তিনি পিএইচডি করেছেন। উনার লেখাপড়া, শিক্ষা-দীক্ষা, চলনে-বলনে কোনো কিছু কোট করার মতো পাবেন না। আপনারা সাংবাদিক। আপনারা জনগণের ওয়াচ ডগ হিসেবে কাজ করবেন।




আমাকে সাত বছর বোবা করে রাখা হয়েছে: কনকচাঁপা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনার শাসন আমলে কণ্ঠ দমিয়ে রাখা মানুষগুলো এখন মুখ খুলছেন। সেই দলের একজন নন্দিত গায়িকা কনকচাঁপা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে সক্রিয় ছিলেন এই শিল্পী। আর এ কারণে বিগত সরকারের আমলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে তাকে। প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পীকে।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ছাত্রদের পক্ষে ছিলেন কনকচাঁপা। ছাত্রহত্যার প্রতিবাদে গেল ১৭ জুলাই এক ফেসবুক পোস্টও করেন তিনি। লিখেছিলেন, ‘আমি সবসময়ই ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশে সম-অধিকার নিশ্চিত হোক।’

বিগত সরকারের সমালোচনা করে কনকচাঁপা বলেন, ‘আমি বিগত সাতটি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেই ভেঙে পরিনি। আমি সবসময় হাসিখুশি থেকেছি। কখনো কাঁদিনি। কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে, কারো কাছে অভিযোগও করিনি। আমাকে সাত বছর বোবা করে রাখা হয়েছে, যা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আমি গান গাইতেও পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে, তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এতকিছুর পরও আশা হারাইনি।’

উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় ধরে গান করছেন কনকচাঁপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। ৩৫টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে তার।

কনকচাঁপার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে- ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’ ইত্যাদি।

 




প্রথম দিন অফিসে এসে যে ৩ সিদ্ধান্ত নিলেন আসিফ মাহমুদ

চন্দ্রদ্বীপ ক্রীড়া ডেস্ক :: গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দায়িত্ব গ্রহণ করার পর আজ রবিবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করেন আসিফ মাহমুদ। অফিসে এসেই ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি।

ক্রীড়া উপদেষ্টার নেওয়া সিদ্ধান্তগুলো হচ্ছে-

১. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই।

২. নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। এই বিষয়ে আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলব।

৩. বিসিবির সভাপতি যেহেতু অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটা করার সেটাই করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি।




সীমান্তে ড্রোন হামলা, ফিরে যাচ্ছেন রোহিঙ্গারা

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ড্রোন হামলার শিকার হয়ে বাংলাদেশ সীমান্ত থেকে মিয়ানমারে ফিরে যাচ্ছেন রোহিঙ্গারা। নিপীড়নের শিকার হয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসতে চেয়েছিলেন। তবে ড্রোন হামলায় তারা আবার নিজেদের বাড়িতে ফিরে যান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শনিবার মিয়ানমার সীমান্তে ড্রোন হামলায় অন্তত ২০০ রোহিঙ্গা মারা যায় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিহতদের মধ্যে গর্ভবতী নারী ও তার ২ বছরের মেয়েও রয়েছে বলে জানা গেছে।

এত হতাহতের ঘটনায় আতঙ্কিত হয়ে নিজেদের বাড়ি ফিরে গেছে রোহিঙ্গা। সীমান্তগুলোর নিয়ন্ত্রণে এখন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে। বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করলে রোহিঙ্গাদের বাধা দেওয়া হয় বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন নামে রোহিঙ্গাদের মানবাধিকারসংস্থার সহ প্রতিষ্ঠাতা নায় সেন লুইন বলেন, মংডুর রোহিঙ্গারা এখনো বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের কাছে আর কোনো বিকল্প নেই।’

সশস্ত্র বিদ্রোহীদের তুমুল প্রতিরোধের মুখে পিছু হটছে মিয়ানমারের জান্তা বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিন বছরের ক্ষমতায় এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে তারা। গত অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে।

২০১৭ সালে মিয়ানমারে নিরাপত্তা চৌকিতে হামলার পর বছরের পর বছর চলে আসা রোহিঙ্গা নিপীড়ন জোরাল করে দেশটির সামরিক বাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। তারা বাংলাদেশের একাধিক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।