আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতি হবে

চন্দ্রদ্বীপ নিউজ :: আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতির হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ সোমবার শেখ হাসিনার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যেসব উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাদের অবস্থাও গণভবনের মতো পরিণতি হবে। এছাড়া ১৫ আগস্ট যদি কোনো প্রতিবিপ্লবের চেষ্টা চলে, তা প্রতিহত করা হবে।’

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘যেসব সংবাদমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায়, তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি।’

এ সময় সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চান, তাদের পরিকল্পনা নস্যাৎ করা হবে।’

বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়েরের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এরআগে, আজ সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব) সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আওয়ামী লীগ অনেক বড় দল উল্লেখ করে বলেন, ‘দলটির প্রতি আমার শ্রদ্ধা আছে। এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল, এটা জাতীয় সম্পদ। এটা বাংলাদেশের সম্পত্তি।’

দলটির নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না, নষ্ট করার অধিকার আপনাদের নেই। এমন কিছু করবেন না, যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। আপনারা দল সংগঠিত করেন, নির্বাচন হলে অংশ নেবেন। মারামারি করে লাভ নেই। আর কোনো মৃত্যু আমরা চাই না। আমরা উসকানি দিলে আপনারা টিকতে পারতেন না।’

এরপরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শেখ হাসিনার বিচার দাবিতে আয়োজিত সমাবেশ থেকে আওয়ামী লীগকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানান।




ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। আল মায়াদিন টেলিভিশনের এক প্রতিবেদন অনুযায়ী, গালিলি এলাকার গাটোনে অবস্থিত ইসরায়েলি সামরিক বাহিনীর ১৪৬তম ডিভিসনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউশা রকেট দিয়ে ওই হামলা চালানো হয়েছে। খবর এএফপির।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ৩০টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে।

এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের বিমান হামলায় ইরানপন্থি এই গোষ্ঠীর দুই যোদ্ধা নিহত হয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে, রোববার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ওই দুই যোদ্ধা নিহত হন। এর কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, ইসরায়েলের হামলায় তাদের এক যোদ্ধা নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে।




পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে চিকিৎসা সহয়তা প্রদান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম (পিজেএফ), ঢাকার সদস্য মোঃ রিপন হাওলাদার গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রামপুরায় কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় গুরুতর আহত হয়েছেন।

তাকে ১২ আগস্ট ২০২৪ইং সন্ধ্যায় ফোরামের অস্থায়ী কার্যালয়ে পিজেএফ এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা করা হয়েছে।




প্রধান উপদেষ্টার ছবি দিয়ে পটুয়াখালীতে বিএনপি নেতার ব্যানার

পটুয়াখালী প্রতিনিধি :: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের ছবি দিয়ে ব্যানার টানিয়েছেন পটুয়াখালী বিএনপিপন্থী এক আইনজীবী। তবে ব্যানারে প্রধান উপদেষ্টার নামের বানানটিও ভুল দেখা গেছে।

গত বৃহস্পতিবার শুক্রবার শহরের মডেল মসজিদের পাশে ব্যানারটি টানানো হয়েছে। একই দিন (শুক্রবার) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়।

ব্যানার টানানো ওই আইনজীবীর নাম–মাকসুদুর রহমান মাকসুদ, তিনি নিজেকে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া সম্পাদক বলে পরিচয় দেন।

সোমবার শহরের আদালত এলাকায় গিয়ে দেখা যায়, মডেল মসজিদের পাশে টানানো ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার ছবি রয়েছে। ব্যানারে ওপরে দুপাশে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ–মীর মুগ্ধর ছবি।

লেখা রয়েছে, ‘২য় বার স্বাধীন হওয়ায় বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ উইনূসসহ সকল উপদেষ্টাদের রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।’ নিচে মাকসুদুর রহমান নিজের ছবি ব্যবহার করে আইনজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক উল্লেখ করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট মাকসুদুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করলে আমি পরের দিন সকালে ব্যানার টানাই এবং এটি আগের দিনই করা হয়েছিল।’

প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ করা হয়েছে আমি জানতাম না, আমার নলেজে নাই।’

পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহউদ্দিন বলেন, ‘তিনি (মাকসুদুর রহমান) আগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ক্রীড়া সম্পাদক ছিলেন এখন পদে নেই, সদস্য হিসেবে আছেন।’

তিনি আরো বলেন, ‘যে ব্যানারটি টানিয়েছে সেখানে আইনজীবী ফোরামের কথা লেখা হয়নি। যেহেতু প্রধান উপদেষ্টার ছবি দিয়ে ব্যানার টানানো নিষেধ, সেহেতু তিনি কাজটি ঠিক করেনি। আমি এবং আমাদের সভাপতি তাকে বলেছি, দ্রুত ব্যানারটি নামিয়ে ফেলতে।




অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান কূটনীতিকরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। কূটনীতিকদের ব্রিফ শেষে প্রতিক্রিয়ায় বর্তমানে সরকারের সঙ্গে থাকার কথা জানিয়েছেন রাষ্ট্রদূতরা।

এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ব্রিফিং শেষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ হয়েছে। আমি বলতে চাই, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমাদের সম্পর্ক এদেশের জনগণের সঙ্গে। এখন যে সম্পর্ক আছে, আমরা ভিন্ন উচ্চতায় নিতে যেতে চাই।

নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, এখন যে পরিস্থিতি আছে, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে আশা করি। তবে ব্রিফ শুনে মনে হচ্ছে সরকার তরুণদের ভয়েস শুনতে চায়।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি বলেন, রাশিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করি। রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি আমি গভীর শোক জানাই। তবে এখন অতীত ভুলে সামনে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতের দিকে আমাদের তাকাতে হবে। সব ধরনের বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কূটনীতিক ব্রিফিংয়ে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশের প্রায় ৬৪ জনের মতো কূটনীতিক উপস্থিত ছিলেন।




মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারি অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের সব ব্যাংককে এ নির্দেশনা দিয়েছে তারা।

আজ সোমবার বিএফআইইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চিঠিতে ব্যাংকগুলোকে আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলেছে বিএফআইইউ।

মোহাম্মদ আলী আরাফাত সুচিন্তা ফাউন্ডেশনের ব্যানারে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বাধীন সরকারের প্রচারণার কাজ করে আলোচনায় আসেন। এ ছাড়া টেলিভিশন টকশোতেও তিনি আওয়ামী লীগের হয়ে কথা বলতেন।
গত বছরের ১৭ জুলাই তিনি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য (এমপি) হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি এমপি হওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।



টানা বৃষ্টিতে পটুয়াখালীতে আমনের বীজতলা নষ্ট

পটুয়াখালী প্রতিনিধি :: টানা বৃষ্টিতে পটুয়াখালীর বেশিরভাগ জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। এ কারণে চলতি মৌসুমে অধিকাংশ জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকরা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমড় পানি। ডুবে আছে ফসলি জমি। এছাড়া চলতি মৌসুমে রোপণের জন্য তৈরি করা আমনের বীজতলাও ডুবে গেছে।

কৃষকরা বলেন, বেশিরভাগ চারা পচে নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজতলা তৈরির সময় না থাকায় জমি অনাবাদি থাকার শঙ্কা তৈরি হয়েছে।’

এক কৃষক বলেন, ‘তিনবার বীজতলা করার চেষ্টা করেছি, কিন্তু বর্ষার পানিতে ডুবে গেছে। আমাদের ফসলি জমি মনে হয় এবার পড়ে থাকবে। আর কৃষি অফিস থেকে আমাদেরকে সহযোগিতা না করলে চলতে পারব না।’

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘আর্থিক প্রণোদনাসহ ক্ষতিগ্রস্ত চাষিদের সব ধরনের সহযোগিতা করা হবে।’ চলতি আমন মৌসুমে জেলায় ১২ হাজার ১২০ হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা হয়েছে। আর আমন আবাদের লক্ষ্যমাত্রা এক লাখ ৯৫ হাজার হেক্টর জমি নির্ধারিত আছে।




হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: অস্ট্রেলিয়ায় একটি হোটেলের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি হেলিকপ্টারটির পাইলট। আর আহতরা হোটেলটির গেস্ট। উত্তর কুইন্সল্যান্ড শহরের কেয়ার্নসের একটি হোটেলের ছাদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সোমবার স্থানীয় সময় গভীর রাত ১টা ৫০ মিনিটে হেলিকপ্টারটি হিলটন হোটেলের ডাবলট্রিতে আঘাত হানে। এতে করে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং হোটেলের শত শত অতিথিকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

হোটেল কর্তৃপক্ষ বলছে, পাইলটই ছিলেন হেলিকপ্টারটির একমাত্র আরোহী এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত ওই দুই অতিথি বয়স্ক নারী ও পুরুষ। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।



কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত জাকিরকে হারিয়ে দিশেহারা স্ত্রী, বাকরুদ্ধ মা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনা উপজেলার যুবক জাকির হোসেন (৩৫)। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় গুলিবিদ্ধ হন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। জাকিরকে হারিয়ে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা। স্বামীর ছবি বুকে চেপে অনবরত কাঁদছেন স্ত্রী। বাবার জন্য আর্তনাদ ১৩ বছরের শিশু জিদনী জেবিনের। ছেলে হারানোর শোকে পাগলপ্রায় মা।

জাকির দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের আ. মন্নান ও আম্বিয়া বেগম দম্পতির ছেলে। প্রায় ১৫ বছর আগে বাবাকে হারান তিনি। তিন ভাই ও দুই বোনের মধ্যে জাকির ছিলেন তৃতীয়। উপজেলা সদরের উত্তর লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড এলাকার নতুন বাড়িতে স্ত্রী, সন্তান ও মাকে রেখে রাজধানীর কেরানীগঞ্জের কালীগঞ্জ থানায় একটি বোরকা কারখানায় কাজ করতেন।

জাকিরের বাড়িতে গিয়ে দেখা গেছে, মা আম্বিয়া বেগম ছেলেকে হারিয়ে পাগলপ্রায়। স্বামীর ছবি বুকে জড়িয়ে কেঁদে কেঁদে অবিরত বিলাপ করছেন স্ত্রী সালমা বেগম। বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছে একমাত্র মেয়ে জিদনী জেবিন। তাঁর মৃত্যুতে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯ জুলাই (শুক্রবার) বেলা সাড়ে ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ চলাকালে শনির আখড়া রায়েরবাগ ওভার ব্রিজ এলাকায় রাস্তায় পেটে গুলিবিদ্ধ হন জাকির। খবর পেয়ে জাকিরের ভগ্নিপতি তৌহিদুল ইসলাম গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই (বুধবার) রাত পৌনে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঢামেক মর্গে ময়নাতদন্ত শেষে ২৫ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে জাকিরের মরদেহ বাড়িতে নেওয়া হয়। এ সময় স্বজন, প্রতিবেশী, বন্ধুরা কান্নায় ভেঙে পড়েন। ওই রাতেই উত্তর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা হয়। পরে তাঁকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জাকিরের স্ত্রী সালমা বলেন, ‘আমার স্বামী ঢাকায় একটি বোরকা কারখানায় কাজ করত। একমাত্র তার উপার্জনেই চলত আমাদের সংসার। মায়ের ওষুধ ও সন্তানের লেখাপড়ার খরচ চালিয়ে অভাব–অনটনের মধ্যে কোনো রকমে দিন চলত। এখন আমাদের কী হবে, একমাত্র সন্তানের লেখাপড়ার খরচ কীভাবে চালাব, বুঝতেছি না। আমার স্বামীর জন্য দোয়া করবেন।’

একমাত্র মেয়ে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জিদনী জেবিন বলে, ‘আমার বাবা অনেক ভালো ছিল। আমি যা চাইতাম তা–ই দিত। এখন আমার লেখাপড়ার খরচ কে চালাবে? আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।’
সে আরও বলে, ‘বাবা কয়েক দিনের ছুটিতে বাড়িতে এসে গত ১৫ জুলাই সোমবার সন্ধ্যায় কর্মস্থল ঢাকার কালীগঞ্জের উদ্দেশে রওনা দেন। যাওয়ার সময় আমাকে বলে পরের বার তোমার জন্য সুন্দর থ্রিপিস ও স্কুলব্যাগ নিয়ে আসব।’

কান্নাজড়িত কণ্ঠে জাকিরের মা আম্বিয়া বেগম বলেন, ‘আপনারা (সাংবাদিক) কী শুনতে আসছেন। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলেকে যারা গুলি করে মেরেছে, আমি তাদের বিচার চাই।’




পটুয়াখালীতে তারেক রহমানের নামে মানহানির মামলা খারিজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির একটি মামলা খারিজ করেছেন আদালত।

আজ সোমবার শুনানি শেষে খারিজ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আশিষ রায়।

আদালতের বেঞ্চ সহকারী মো. কাইয়ুম আকন্দ মামলা খারিজ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন তারেক রহমান। ভাষণে ইতিহাস বিকৃত করে সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার-পাকবন্ধু হিসেবে অভিহিত করেন এবং বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন বলে তারেক রহমান মন্তব্য করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ‘তারেক রহমান শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গকে রাজাকার-পাকবন্ধু বলে কটূক্তি করিয়া দেশ, জাতি তথা বাংলাদেশের সুনাম ও সুখ্যাতি বহির্বিশ্বে ক্ষুণ্ন করিয়া ২০ কোটি টাকার সম্মানহানির ঘটনা ঘটাইয়া অন্যায় করিয়াছে। এ মামলার বাদী মুক্তিযোদ্ধা হাবিবুল্লা রানা তারেক রহমানের এমন মন্তব্যে মানসিকভাবে আহত হয়েছেন বলে দাবি করেছেন। যার কারণে হাবিবুল্লাহ রানা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।’

তারেক রহমানের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার নাসির উদ্দিন ও মেহেদী হাসান। তাঁরা বলেন, মামলার বাদী দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন, যার কারণে ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় বাদীর অনুপস্থিতিতে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল আদালত মামলাটি খারিজ করে দেন।