বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন দৌড়: আলোচনায় প্রবীণ ও তরুণ নেতারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে তৎপর হয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্য সামনে রেখে বরিশাল বিভাগেও মনোনয়ন দৌড় জমে উঠেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি। তবে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, প্রবীণ নেতাদেরও বাদ দেওয়া হবে না। বরং জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভোট টানার সক্ষমতা আছে—তাদেরই মনোনয়ন দেওয়া হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে বলেন, প্রার্থীদের বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা, দুঃসময়ে ভূমিকা এবং আন্দোলনে অংশগ্রহণকে। অপরদিকে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “রাজনীতিতে নবীন-প্রবীণের সংমিশ্রণ ছাড়া চলবে না। তরুণদের গুরুত্ব দেওয়া হচ্ছে, তবে প্রবীণদের বাদ দেওয়া হবে না।”
ইতোমধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়েছেন নির্বাচনী মাঠে। তাদের মধ্যে রয়েছেন—
- বরিশাল-১ আসন: জহির উদ্দিন স্বপন, আকন কুদ্দুসুর রহমান
- বরিশাল-২ আসন: দুলাল হোসেন, সাইফ মাহমুদ জুয়েল
- বরিশাল-৪ আসন: রাজীব আহসান
- বরিশাল-৫ আসন: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ
- ভোলা-১ আসন: গোলাম নবী আলমগীর, হায়দার আলী লেলিন
- ভোলা-৪ আসন: নুরুল ইসলাম নয়ন
- পটুয়াখালী-২ আসন: মুহাম্মদ মুনির হোসেন
- পটুয়াখালী-৩ আসন: হাসান মামুন
- পটুয়াখালী-৪ আসন: এবিএম মোশাররফ হোসেন
- পিরোজপুর-১ আসন: অধ্যক্ষ আলমগীর হোসেন, হাফিজ আল আসাদ (সাঈদ খান)
- পিরোজপুর-৩ আসন: এআর মামুন খান
- ঝালকাঠি-২ আসন: মাহবুবুল হক নান্নু
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এবার বরিশাল বিভাগে প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে প্রার্থী দাঁড় করাতে পারে। এতে একদিকে তরুণ প্রজন্মের ভোট টানার সুযোগ তৈরি হবে, অন্যদিকে অভিজ্ঞ নেতৃত্বও মাঠে সক্রিয় থাকবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








