বাউফলে সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খুনি ভূমি দস্যু কুখ্যাত সন্ত্রাসী মোতালেব হাওলাদার ও তার পুত্র জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খুনি সন্ত্রাসী মাহমুদ হাসান বাহিনী সহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) বেলা ১০ টায় বগা বন্দরেব এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।

নির্জাতিত পরিবারের পক্ষ থেকে বত্তব্য রাখেন, গনি সিকদার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, বাবুল সিকদার বগা ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক, নজরুল মৃধা ইউপি সদস্য, আনিচ মৃধা শ্রমিক দল সদস্য, শফিক মৃধা সাংগঠনিক সম্পাদক বগা ইউপি, তোফায়েল আহম্মেদ, কালাম মৃধা উপজেলা বিএনপির সদস্য, জাকির হোসেন, জালাল ফকির, আ: রহমান মাস্টার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, মিলন মুন্সি, আ: লতিফ ডা:, মজিবর, গোপাল কর্মকার, আ; রহমান ব্যাংকার অব: সহ অন্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে সন্ত্রাসী হামলায় আহত সফিক মৃদা ও তার পরিবারের সদস্যসহ এলাকার প্রায় দুই শতাধিক এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন মোতালেব হাওলাদার ও তার পুত্র জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খুনি সন্ত্রাসী মাহমুদ হাসান বাহিনীর অত্যাচারে এলাকা অতিষ্ঠ। দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতো। আর চাঁদা না দিলে বিড়ম্বনায় পড়তো হতো দোকানীদের।
মোতালেব হাওলাদার ও তার পুত্র হাসান আওয়ামী লীগ নেতা হওয়ায় কাউকেই তোয়াক্কা করে না।

ভুক্তভোগী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করলে, মোতালেব হাওলাদার এবং তার পুত্র হাসাসকে মামলা থেকে বাদ দেয় থানা পুলিশ। ব্যবসায়ীরা ভয়ে ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছে না, মোতালেব ও তার পুত্র হাসাস এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান এলাকাবাসী।




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে বরিশালের আহত কলেজ ছাত্র রিয়াজের মৃত্যু

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়েছিলেন জেলার মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ রিয়াজ হোসেন (২৩)। দুই সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১৭ আগস্ট দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

মৃত রিয়াজ হোসেন জেলার হিজলা উপজেলার লক্ষীপুর গ্রামের মাহমুদুল হক রাঢ়ীর ছেলে এবং মুলাদী সরকারি কলেজের স্নাতক শ্রেণির শেষবর্ষের ছাত্র ছিলেন। রোববার সকালে মৃত রিয়াজের বড় ভাই রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর রিয়াজ একজন সক্রিয় কর্মী হিসেবে সামনের সারিতে অবস্থান করে। গত ৪ আগস্ট ঢাকার ঝিগাতলা এলাকায় মিছিল করার সময় পুলিশের সাথে সংঘর্ষে রিয়াজ মাথায় গুলিবিদ্ধ হয়। ওইসময় তার থাকা আন্দোলনকারীদের কয়েকজনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বরিশাল হিজলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মহসিন সিকদার জানান, রিয়াজ উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ছিলেন। গত ৩১ জুলাই থেকে সহপাঠীদের সাথে রিয়াজ ঢাকায় আন্দোলনে যোগদান করে ঝিগাতলা এলাকায় অবস্থান করছিলেন। ৪ আগস্ট সকালে পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রিয়াজ। এরপর ১৭ আগস্ট রাত পৌনে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড়ভাই রেজাউল করিম আরও জানান, আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হওয়ায় রিয়াজের অবস্থা সংকটাপন্ন ছিল। কয়েকদিন ধরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়। শনিবার রাতে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রোববার দুপুরে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 




আমাকে ‘স্যার’ বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে স্যার ভাবার দরকার নেই। আমাকে স্যার বলারও দরকার নেই। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায় তত ভালো।

তিনি বলেন, আমি আপনাদের সরকার হিসেবে এখানে এসেছি। আমি জনগণের পক্ষ থেকে এসেছি। জনগণের দাবি-দাওয়া নিয়ে এসেছি। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সামগ্রিকভাবে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের পরিস্থিতি এ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে।

তথ্য উপদেষ্টা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এটা নিয়ে মন্ত্রণালয় কাজ করবে।

এছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।

তিনি বলেন, নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।

এসময় ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।




খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

বরিশাল অফিস :: সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠে ভবন নির্মাণের জন্য শিক্ষার্থীদের জোর করে কর্মসূচিতে নিয়ে যাওয়ার তীব্র নিন্দা, ভবন নির্মাণ বন্ধের দাবি করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

রবিবার (১৮ই আগষ্ট)দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদার এবং সাধারণ সম্পাদক সুজন আহমেদ এক যুক্ত বিবৃতিতে বলেন, বরিশালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বরিশাল কলেজ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নিজ বাস ভবনে অবস্থিত। বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠে ভবন করার পায়তারা কতিপয় শিক্ষক দীর্ঘদিন করে  আসছে। কলেজের শিক্ষার্থী এবং বরিশালের মানুষের বরিশাল কলেজের মাঠ রক্ষা আন্দোলনের ফলে বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের পক্ষ থেকে এই ভবনের কাজ স্থগিত করার ঘোষণা আসে এবং বিকল্প জায়গায় ভবন নির্মাণের পরিকল্পনা করার জন্য বলা হয় ।

দেশে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হওয়া রাজনৈতিক পটপরিবর্তনে যখন গোটা ছাত্র সমাজ ব্যস্ত তখন এই কলেজের শিক্ষকরা কোন ভূমিকা রাখেননি। অথচ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে কিছু সুযোগসন্ধানী মহল মাঠের মধ্যে ভবন করার চেষ্টা করছে।

নেতৃবৃন্দ বলেন,কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচনসহ ছাত্রদের কিছু দাবি উত্থাপন করলে সেই দাবি পূরণের বিনিময়ে একরকম জোর করে শিক্ষকরা আজ শিক্ষার্থীদের ভবন নির্মাণের কর্মসূচিতে অংশগ্রহণ করিয়েছেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা এতে বাধা দিতে গেলে শিক্ষকদের দালাল হয়ে কতিপয় শিক্ষার্থী তাদের সাথে দুর্ব্যবহার করে ও হামলা করতে উদ্যত হয়। কলেজের কিছু শিক্ষার্থী শিক্ষকদের এধরনের কাজের বিরোধিতা করলে তাদের টিসি দেয়ার হুমকি দেয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, ভবনের বিকল্প জায়গা থাকার পরেও মাঠের মধ্যে ভবন নির্মাণ প্রয়োজনীয়তা কারোর বোধগম্য নয়। নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষকদের শিক্ষার্থীদের জিম্মি করে এধরনের হীন কাজ করা থেকে বিরত হবার আহবান জানান এবং সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ ধ্বংস করে ভবন নির্মাণ বন্ধের দাবি জানান।




পটুয়াখালীতে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় সব মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গত তিনদিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ৯টা থেকে রোববার (১৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তলিয়ে গেছে খাল-বিল। আমন বীজ রোপণে বিপাকে পড়েছেন কৃষক।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, এখনো গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এ কারণে বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের কৃষক রেফায়েত সিকদার বলেন, এখন আমন বীজ রোপণের সময়। কিন্তু বৃষ্টিতে সব তলিয়ে আছে। এর কয়েকদিন আগেও ব্যাপক বৃষ্টি হয়েছিল। যার কারণে আমরা বীজ রোপণ করতে পারছি না। বৃষ্টির কারণে আমরা দুশ্চিন্তায় রয়েছি।

কলাপাড়া পৌর শহরে রিকশাচালক ফরিদ হোসেন বলেন, গতকাল ব্যাপক বৃষ্টি হয়েছে। বিকেলে বাজারে তেমন মানুষই ছিল না। তবে রোববার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কিছু মানুষ বাজারে উঠেছে। মানুষের আনাগোনা কম থাকায় আমাদের ইনকাম খুবই কম।




রাঙ্গাবালীতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী রাঙ্গাবালীতে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে ইদ্রিস গাজী (৩৮) নামের এক কৃষক মারা গেছেন।

শনিবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কানকুনি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইদ্রিস গাজী পশুরীবুনিয়া গ্রামের মৃত বশির গাজীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বৃষ্টির মধ্যে খেতে চাষাবাদ করতে যান ইদ্রিস গাজী। বড়বাইশদিয়া কানকুনিপাড়া গ্রামের আবু হাওলাদারের সাথে কাজ করেন তিনি। বিকেল থেকেই মুশাল ধারে বৃষ্টি আর বজ্রপাতের কারণে চাষাবাদের ট্রাক্টর বন্ধ করে দেন। কাজের মালিকের বাড়িতে আসার পথে হঠাৎ বজ্রপাতে মারা যান। রবিবার সকালে কৃষি খেতে ইদ্রিসের মরাদেহ দেখতে পান এলাকার লোকজন।

কাজের বাড়ির লোকজন বলেন, আমরা ভাবছি বৃষ্টির কারণে ইদ্রিস রাতে মসজিদে শুয়ে আছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, বজ্রপাতে নিহতের পরিবার থেকে আমাদের কাছে কেউ আসেনি। বিশেষভাবে আমি জানতে পারছি বজ্রপাতে ইদ্রিস গাজী নামে এক ব্যক্তি মারা গেছে।




এইচএসসি ২০২৪ স্থগিত পরীক্ষার রুটিন

চন্দ্রদ্বীপ ডেস্ক:

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু আগামী ১১ সেপ্টেম্বর থেকে।




শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ৮ টি অনুষদের সবগুলো বিভাগে একযোগে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

প্রতিটি বিভাগের শ্রেনীকক্ষগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রায় ২ মাস পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল।

দীর্ঘ সময় বন্ধ থাকার কারনে শিক্ষাক্রম পিছিয়ে পড়ায় বাড়তি ক্লাস নেয়ার মাধ্যমে তা পুরন করার সহ দ্রুত পরীক্ষা নেয়ার দাবি শিক্ষার্থীদের।

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের মিক্সা কার্যক্রম স্থবির হয়ে পরে। ৬ আগষ্ট থেকে প্রতিষ্ঠানটি খুলে দেয়া হলেও শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।




‘তথ্য আপার হাত ধরে নারী উদ্যোক্তা ঘরে ঘরে’ শ্লোগানে মুখর প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা

চন্দ্রদ্বীপ নিউজ : অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী  অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে  তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার অধীনে ৪৯২টা উপজেলায় তথ্য আপা প্রকল্পের দ্বিতীয় ফেইজ চলছে।

তারা বলেন, প্রকল্পের ডিপিপিতে রাজস্ব খাতে স্থানান্তরের কথা থাকলেও বিগত সরকার এটা বাস্তবায়ন করেনি।

‘করতে নারীর উন্নয়ন, তথ্য আপা প্রয়োজন’, ‘তথ্য আপার হাত ধরে নারী উদ্যোক্তা ঘরে ঘরে’ এমন শ্লোগান সংবলিত প্লাকার্ড, ফেস্টুন বহন করেন সারা দেশ থেকে আগত তথ্য আপারা।

মানববন্ধন শেষে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।




এস আলম গ্রুপের সময়ে ফারইস্ট ইসলামি লাইফের চাকুরিচ্যুত কর্মীদের মানববন্ধন

চন্দ্রদ্বীপ নিউজ: চাকুরিতে পূর্ণবহালের দাবিতে ফারইস্ট ইসলামি লাইফ ইনসিউরেন্সের চাকুরিচ্যুত কর্মীরা মানববন্ধন করেছে।

আজ রবিবার সকাল থেকেই কর্মীরা পল্টনে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসংখ্যা কয়েকশে পরিণত হয়। তবে চাকুরিচ্যুত কর্মীরা জানিয়েছেন ঢাকার বাইরে থেকে অনেকেই বিভিন্ন কারণে আসতে পারেননি।

চাকুরিচ্যুতদের একজন কর্মকর্তা জান্নাতুল মাওয়া রোজি জানান, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে আবদুল খালেক স্যারকে অন্যায়ভাবে সরিয়ে এস আলম গ্রুপ মালিকানা দখল করে, এরপর নিজেদের দলীয় লোকের চাকরি দেয়ার জন্য আমাদের চাকুরি থেকে বাদ দিয়েছে।
শুধু তাই নয়, প্রতিহিংসা পরায়ণ থেকে খালেক স্যারের সকল প্রতিষ্ঠান দখলে নেয় সাবেক সরকারের লুটপাটের হোতা সালমান এফ রহমান ও সাইফুল আলম গং। একই সঙ্গে মিথ্যা অভিযোগে কারাবরণের মতো অমানবিক নির্যাতনেরও শিকার হয়েছেন আমাদের প্রিয় খালেক স্যার।

চাকুরিচ্যুতির সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কয়েকজন কর্মী। তারা বলেন, অফিসে যেতাম আর শুনতাম আজ অমুকের চাকুরি গেছে। কাল অমুকের। এমনও হয়েছে অফিসে গিয়ে কেউ গেটে, কেউবা, লাঞ্চের পর ডেস্কে বসেছে তখন ধরিয়ে দেয়া হয়েছে চাকুরিচ্যুতির চিঠি। কয়েকজন কর্মী সংসারের চাপ নিতে গিয়ে এ কারণে স্ট্রোকও করেছেন।

তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ আরেকবার স্বাধীন হয়েছে যেখানে কোনে ধরণের বৈষম্য আর অন্যায় থাকবেনা।

চাকুরিচ্যুত কর্মীরা এসময় পূর্ণবহালের পাশাপাশি তাদের সাথে অমানবিক আচরণের জন্য সালমান এফ রহমান ও এস আলম গ্রুপের মালিকের দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন।