যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নেতানিয়াহু

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরাইলের শীর্ষ কর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। তবে প্রতিবারই যুদ্ধবিরতি কার্যকর করতে কঠিন সব শর্ত জুড়ে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তাতে চ্যালেঞ্জের মুখে পড়েছে যুদ্ধবিরতি কার্যকর ইস্যু। তবে এবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছেন নেতানিয়াহু, সোমবার তেল আবিবে এমন দাবি করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। খবর ডয়চে ভেলের।

ব্লিংকেন জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেয়ানিয়াহু তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। এখন হামাস তা মেনে নিলেই এই অঞ্চলে আর যুদ্ধ থাকবে নাl

ব্লিংকেন বলেছেন, ‘ইসরায়েলের বন্দিদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে। এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতি করে বন্দিদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না।’

যুদ্ধবিরতি কার্যকরে শুরু থেকেই মধ্যস্থতা করছে কাতার। কাজেই ব্লিংকেন এখন কাতার যাবেন। এবং সেখানে গিয়ে কাতারের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথা বলবে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। আর সেটি হলে ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর ১০ মাসে এই নিয়ে নয়বার মধ্যপ্রাচ্য সফর করবেন ব্লিংকেন।

মধ্যস্থতাকারীদের একাটা অংশ অবশ্য মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তি এবার হয়ে যাবে। তবে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরো বাড়ার আশংকাও করছেন অনেকে। যা নিয়েই চলতি সপ্তাহের শেষ দিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনার আগে অবশ্য নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আলোচনার সময় কেউ যেন এমন কোনো কাজ না করে, যাতে এই প্রক্রিয়া বানচাল হয়l

 




পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কর্তৃক এলএমএফ, ডিএমএফ ও ম্যাটস ৬ মাসের ট্রেনিং করে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে এবং তাদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

মানববন্ধনে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনুরুজ্জামান শাহীন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক ডা. আলমগীর, প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার, শিশু বিশেষজ্ঞ ডা. শিদ্ধার্থ শংকরসহ ছাত্র নেতারা বক্তব্য দেন।

এ সময় মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থী ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব স্বল্প মেয়াদি প্রশিক্ষণার্থীদের নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার এবং রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। অন্যথায় স্বাস্থ্য খাত বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা।




এইচএসসির বাকি পরীক্ষা বাতিল

চন্দ্রদ্বীপ নিউজ: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য এ বিষয়ে এখনো প্রজ্ঞাপন জারি করেনি মন্ত্রণালয়।

এদিন পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। পুনরায় পরীক্ষা শুরুর তারিখ ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পেছাবে।

তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করে অটোপাসের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এসময় তারা ‘আমাদের দাবি একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘দাবি মোদের একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’, ‘পরীক্ষা না বিকল্প, বিকল্প-বিকল্প’, ‘যুক্তি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’, ‘চলছে লড়াই-চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন পরীক্ষার্থীরা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন। সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।




এটুআই এর ১৪ কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ

চন্দ্রদ্বীপ নিউজ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এ কর্মরত ১৪ জন কর্মকর্তা/ কনসালটেন্ট এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত/ পরবর্তী কার্যক্রম চলমান থাকায় তাদের দায়িত্ব পালন হতে বিরত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হতে এই নির্দেশনা জারি করা হয়।

এটুআই প্রোগ্রামের যে সকল কর্মকর্তা/ কনসালটেন্টগণকে দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে তারা হলেন: পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ই-গভর্নমেন্ট এনালিস্ট মো: ফরহাদ জাহিদ শেখ, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাজেদুল ইসলাম, এইচডি মিডিয়ার প্রজেক্ট এনালিস্ট পূরবী মতিন, টেকনোলজি এনালিস্ট মোঃ হাফিজুর রহমান, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ, রিসোর্স মবিলাইজেশন স্পেশালিস্ট মো: নাসের মিয়া, ডিএফএস স্পেশালিস্ট মোঃ তহুরুল হাসান, সলিউশন আর্কিটেকচার স্পেশালিস্ট রেজওয়ানুল হক জামী, এসপিএস এর সিনিয়র কনসালটেন্ট এইচ এম আসাদ-উজ্জামান, ই- নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটিএম আল ফাত্তাহ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর কাদের ইমন, এডমিন এর কনসালটেন্ট মোঃ ওমর ফারুক এবং প্রকিউরমেন্টের সিনিয়র কনসালল্টেন্ট মোঃ সালাউদ্দিন।




এইচএসসির বাকি পরীক্ষা হবে ‘অর্ধেক প্রশ্নপত্রে’

চন্দ্রদ্বীপ নিউজ :: এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত বিষয়গুলোতে অর্ধেক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরীক্ষা আরও দুই সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় পিছিয়ে নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদাহরণ হিসেবে বলা যায়, আগের যদি একটি বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখানে চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষার সময় পূর্ণ সময়েই থাকছে।



পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর

বরিশাল অফিস :: পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ সচিব বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার মো মনিরুল ইসলাম বলেন, ভিসি বদরুজামান ভূঁইয়া ও প্রক্টর আবদুল কাইউমসহ প্রক্টোরিয়াল বডির ছয় সদস্য পদত্যাগ করেছেন।

ব্যক্তিগত কারণে দেখিয়ে ১৯ জন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন।

পদত্যাগকারী অন্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চার হলের প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, শারীরিক শিক্ষার পরিচালক, টিএসসির পরিচালক, ছাত্র-পরামর্শ কেন্দ্রের পরিচালক ও লাইব্রেরিয়ান।

এদিকে ববি উপাচার্যের পদত্যাগের পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা দুই পক্ষে বিভক্ত হয়ে বিক্ষোভ করেন।

গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থেকে উপাচার্য হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।




এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়লো হাজারো শিক্ষার্থী

চন্দ্রদ্বীপ নিউজ: চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন প্রায় হাজার খানেক শিক্ষার্থী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

এসময় শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যান।

এদিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি প্রক্রিয়ার মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শিক্ষার্থীরা বলেন, দেড় মাসের পরীক্ষা আমরা কয়েক মাস ধরে ঝুলে আছি। তারা আমাদেরকে কয়েকদিন আগেও জানিয়েছিল সেপ্টেম্বরের ১১ তারিখে পরীক্ষা হবে। তাহলে আরও এক মাস লাগবে পরীক্ষার জন্য। এরপর একমাসব্যাপী পরীক্ষা হবে। এত সময় নিলে আমাদের ফলাফল প্রকাশ করবে কখন? আর আমরা ভর্তি হব কবে?

তারা আরও বলেন, একটা বোর্ড পরীক্ষা কিভাবে ৬-৭ মাস পর্যন্ত ঝুলে থাকে? সেজন্য আমরা এটা মানি না। আমরা চাই যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেওয়া হোক। দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব।




বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিশুরি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নেছার উদ্দিন সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে আদালতে মামলা করেন আল মামুন নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য। নেছার উদ্দিন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (১৯ আগস্ট) ওই অভিযুক্ত চেয়ারম্যানের কাম কলেজ অধ্যক্ষর বিচারের দাবিতে কালিশুরী বাজারে মানববন্ধনও করেন স্থানীয় ব্যবসায়ীরা।

জানা গেছে, উপজেলা প্রশাসন ২০২২ সালে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থায়নে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্দ্যোগ নেয়। কিন্তু আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলে তা আত্মসাৎ করেন।

মামলার বাদী আল মামুন মামলার এজাহারে উল্লেখ করেন, ওই বছর ২৫ মে অস্ত্রের ভয় দেখিয়ে সিসি ক্যামেরা স্থাপনের নামে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারে কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা তোলে ইউপি চেয়ারম্যান। এমনকি নেছার উদ্দিন সিকদার তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। রোববার (১৮ আগস্ট) দায়েরকৃত এই মামলায় একমাত্র আসামি করা হয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদারকে ও সাক্ষী হিসাবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা রাখা হয়েছে ২১ জন।

এ বিষয়ে কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নেছার উদ্দিন সিকদারকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক অবস্থায় রয়েছে ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, শুনেছি তার বিরুদ্ধে কোর্টে মামলা হয়েছে। এজাহার থানায় আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




লঘুচাপের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টিপাত – পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সোমবার সকাল নয়টা থেকে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ১৫৩.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

গত ৫ দিনের মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের কারনে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে খাল বিল বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন কৃষকরা। ক্ষতিগ্রস্থ হয়েছেন বর্ষাকালীন সবজি চাষীরা।

এদিকে লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।




সকালে শপথ, বিকালে চেয়ারম্যানের পদ হারালেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মোকাররম হোসেনকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপরও তিনি নির্বাচনের মাঠে আওয়ামী লীগ নেতাকে পরাজিত করে জয়ী হন। কিন্তু পরাজিত প্রার্থী আদালতে মামলা করায় আটকে যায় শপথ। আইনি লড়াই শেষে নির্বাচনে জয়ের ৮২ দিন পর আজ সোমবার সকালে শপথ নেন তিনি। এরপরও তাঁর চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি।

মোকাররম হোসেন  বেলা ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর গঙ্গাচড়া উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন, সরকারি এক প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হয়। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলা পরিষদও আছে। বিষয়টি রংপুরে বেশ আলোচিত হয়ে উঠেছে।