শাকিল ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখাল পুলিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকালে উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। এর আগে বুধবার তারা বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে আটক করে ডিবিতে হস্তান্তর করে।

জানা যায়, একাত্তর টিভির প্রধানবার্তা সম্পাদক শাকিল, তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রুপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয়।

তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে (TK-713) ইস্তানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান।  সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি।

গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী ৮ আগস্ট ২০২৪ থেকে শাকিল আহমেদ- হেড অব নিউজ, ফারজানা রুপা- প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।




এইচএসসির ফল তৈরি কীভাবে, জানালেন বোর্ড কর্মকর্তারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ পরীক্ষাগুলো আর না হওয়ায় কীভাবে ফলাফল তৈরি ও প্রকাশ করা হবে, তা নিয়ে জানতে উদগ্রীব পরীক্ষার্থী ও অভিভাবকরা।

জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা বিষয়টি নিয়ে বুধবার (২১ আগস্ট) বৈঠক করেছেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল, অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, কীভাবে সাবজেক্ট ম্যাপিং হবে, সেই বিষয়ে বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছেন। কেউ এসএসসির ফলাফল দেখে ম্যাপিং করতে বলেছেন। আবার কেউ জেএসসি ও পিইসি পরীক্ষার ফলও পর্যালোচনার বিষয়টি তুলেছেন। বিষয়টি নিয়ে আরও বৈঠক করে একটি চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।

পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে, সেগুলোর নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি, সেগুলোর সাবজেক্ট ম্যাপিং বা কোন উপায়ে ফল প্রকাশ করা যায়; সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে, আমরা তা যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশ করা হবে।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে, সেগুলোর নম্বর তো আমাদের হাতে আছে। যেগুলো হয়নি, সেগুলোর জন্য সাবজেক্ট ম্যাপিং করা যেতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের প্রস্তাবনা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে।

ব্যবহারিক পরীক্ষার নম্বর কীভাবে যুক্ত হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি; ওই বিষয়গুলোর ব্যবহারিকের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হতে পারে। আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের প্রস্তাবনা বা তাতে অনুমোদন পাওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না।

সভায় অংশ নেওয়া একাধিক পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। ২০২১ সালেও তিনটি বিষয়ের পরীক্ষা নিয়ে অন্য বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হয়েছিল। আমাদের সামনে দুটি উদাহরণ রয়েছে। সে অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রকদের বলা হয়েছে। আমরা তা প্রস্তুত করে জমা দেবো।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরও তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সূচি অনুযায়ী এখনো ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে বাতিল করা হয়।

যদিও প্রত্যেক শিক্ষার্থীকে ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এরমধ্যে রয়েছে আবশ্যক বাংলা ও ইংরেজির চারটি বিষয় (প্রথম ও দ্বিতীয়পত্র) ও আইসিটি। বাকি ৮টি বিষয় ঐচ্ছিক (বিভাগভিত্তিক)। সিলেট বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলোর আবশ্যক ৬টি এবং কেউ কেউ বিভাগভিত্তিক একটি পরীক্ষাসহ ৭টি পরীক্ষা দিয়েছেন। ফলে কারও ছয়টি, কারও সাতটি পরীক্ষা বাতিল হয়েছে, যেগুলো সবই বিভাগভিত্তিক।




কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি :: পটুুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মো. আবু বক্কর (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবুবক্কর ওই গ্রামের মো.রেজাউল করিম হাওলাদারের ছেলে। বাড়ীর সবার অগোচরে সে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।




কুয়াকাটায় যুবককে পিটিয়ে হত্যাকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় রহমান গাজী, নাসির গাজী ও মিরাজ গাজীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

তাঁদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ডংকুপাড়া বটতলা এলাকায় এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা বলেন, সন্ত্রাসী মিরাজ গাজী আওয়ামী লীগ পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালে রুবেল হাওলাদার (৩২) নামের এক মোটরসাইকেল চালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেন। শাহিন নামের আরেক মোটরসাইকেল চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেন। সন্ত্রাসী মিরাজ গাজীর বাবা রহমান গাজী ও চাচা নাসির গাজী একই এলাকার রফেজ মুসল্লি নামের বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁদের হামলায় মৃত্যুশয্যায় আছেন নুরজাহান নামের এক বৃদ্ধা।

তা ছাড়া এলাকার বহু মানুষ গাজী গ্রুপ নামে পরিচিত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। মিথ্যা মামলায় নিঃস্ব হয়েছে বহু পরিবার। সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এত দিন অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ মানুষ। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে মানববন্ধনে অংশগ্রহণকারী মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, ‘আমার ছেলেকে প্রকাশ্যে হত্যা করে তারা। আজও আমি এর বিচার পাইনি। সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতি‌নি‌ধি :: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো:সোহরাব হোসেনের সভাপতিত্বে পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় কর্মসূচী‌তে অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস, সা‌বেক সাধারণ সম্পাদক জালাল আহ‌মেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সিকদার জোবায়ের, ডেই‌লি সা‌নের প্রতি‌নি‌ধি আবদুল কাইয়ুম, বাংলাদেশ প্রতিদিনের দুমকি উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন।

মানববন্ধনে পটুয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অংশ নেওয়া বক্তারা বলেন, গণমাধ্যম জনমানুষের আয়না স্বরূপ। স্বাধীন গণমাধ্যম অবশ্যই দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল একদল কুচক্রী মহল নষ্ট করতে চায়। ছাত্রদের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি, গণমাধ্যমসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে এই সকল কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।




বাউফলে জোড়া খুন মামলার বাদীর পরিবারকে হুমকি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নে দুই যুবলীগ নেতা হত্যা মামলার বাদীর পরিবারকে বাড়ি ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। পরিবারের নিরাপত্তা চেয়ে ইউএনও ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল দুপুরে লিখিত অভিযোগ দেন নিহত রুমান তালুদকারের মা ফাতিমা বেগম।

অভিযোগে বলা হয়, ২০২০ সালের ২রা আগস্ট কেশবপুর ইউনিয়নে বিরোধের জেরে যুবলীগ নেতা রুমান ও ইশাদকে পিটিয়ে ও কুপিয়ে খুন করা হয়। ওই ঘটনায় নিহত রুমানের বড় ভাই মিন্টু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মামলার আসামিরা নিহতদের পরিবারকে বাড়ি ছাড়া করার হুমকি, মারধরের চেষ্টা ও চাষাবাদ করতে বাধা দিয়ে আসছেন।

অভিযোগকারী ফাতেমা বেগম বলেন, আমার দুই ছেলেকে নির্মমভাবে খুন করা হয়। যারা খুন করেছেন তারা এখন এলাকায় তাণ্ডব চলাচ্ছেন। আমরা অবরুদ্ধ হয়ে আছি। পরিবারের লোকজন বাড়ি থেকে বের হতে পারছেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ




২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত

পটুয়াখালী প্রতিনিধি :: দেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে আমনের খেত। ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি সবজি চাষিরাও।

লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন সাগর বিক্ষুব্ধ রয়েছে। ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গলাচিপা উপজেলার চিকনিকান্দি গ্রামের কৃষক মোসলেম শিকদার বলেন, অতিবৃষ্টিতে ক্ষেত-খামার সব তলিয়ে গেছে। এ বছর দুইবার আমনের বীজ রোপণ করেও রক্ষা করতে পারিনি। পানিতে তলিয়ে পচে গেছে। এখন কোথাও চারা পাচ্ছি না। হয়তো জমি খালি রাখতে হবে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বৃষ্টিপাত আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে।




বরিশাল শহরকে নতুন রূপে রাঙিয়ে তুলেছে শিক্ষার্থীরা

বরিশাল অফিস ::বৈষম্যবিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে বরিশালের প্রধান সড়কসহ অলিগলির দেয়ালগুলো শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে ছেয়ে গেছে। এসব গ্রাফিতিতে দেশ সংস্কারসহ বিভিন্ন অধিকার আদায়ের দাবি উত্থাপিত হচ্ছে। আর এসব ছবিতে ফুঁটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস।

শিক্ষার্থীরা বলছে, দেশ সংস্কারে মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে এসব কর্মসূচি চলছে। এর মাধ্যমে নগরবাসীকে সচেতন করা হচ্ছে তাদের নাগরিক অধিকার রাস্ট্রের কাছ থেকে আদায় করে নিতে। শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতে তুলে ধরা হয়েছে ‘আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করবো’, ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ‘এ শহর আর কাঁদবে না, অন্যায় আর থাকবে না’ এমন স্লোগানে নানা শিল্পকর্মে রেঙে উঠছে বরিশালের বিভিন্ন দেয়াল।




মমতাকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তনের হাওয়া বইছে পশ্চিমবঙ্গেও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ২৬ আগস্টের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে রাজ্যটির ছাত্রসমাজ। পদত্যাগ না করলে ২৭ আগস্ট সচিবালয় নবান্ন ও অভিযানের ডাক দিয়েছে তারা।

নবান্ন চলো কর্মসূচিতে দলমত নির্বিশেষে রাজ্যের সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এই আল্টিমেটাম দেয় ছাত্রসমাজ। ফলে ওইদিন রাজ্যে বড় সংঘাতের আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

এর মধ্যেই মঙ্গলবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আরো বিপদে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। যা অনুপ্রাণিত করেছে পশ্চিমবঙ্গের প্রতিবাদী মানুষ এবং আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের।

এদিন সকালে কলকাতা লাগোয়া সল্টলেক ও বিধান নগরের রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখান বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মী সমর্থকরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আরজি করকাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনিত গোয়েল এবং আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে শামিল হন কয়েক হাজার কর্মী সমর্থক। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করে। গ্রেপ্তার করা হয় বেশ কিছু এবিপি নেতাকর্মীকে।

আরজি করকাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার টিপু সুলতান মসজিদের সামনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ করার জন্য কর্মী সমর্থকরা জমায়েত হতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যায়। আজ পথে নেমেছেন সিপিআইএম। বামফ্রন্টের পক্ষ থেকে জেলাশাসকের দপ্তরগুলোতে বিক্ষোভ এবং আইন অমান্য কর্মসূচি পালন করে বামফ্রন্টের নেতাকর্মীরা।