পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত নৌকা বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়নের নিবারণ কবিরাজ বাড়ির দীঘিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘ অর্ধশতাব্দী ধরে বিজয়া দশমীর দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে, যা স্থানীয় মানুষের জন্য আনন্দ-উৎসবের অন্যতম অনুষঙ্গ।

এবারের নৌকা বাইচে ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত উচ্ছ্বাসে মেতে ওঠেন হাজারো দর্শক। নৌকা বাইচ শেষে হাসেম ফকিরের দল প্রথম স্থান অর্জন করে। শাহ আলমের দল দ্বিতীয় এবং লাল মিয়ার দল তৃতীয় স্থান লাভ করে।

পুরস্কার হিসেবে বিজয়ী দলকে একটি ডিপ ফ্রিজ দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হয় দুটি এলইডি টেলিভিশন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন নিবারণ কবিরাজ বাড়ি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী শুভময় কৃষ্ণ দাস।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন, দশমিনা থানার ওসি আব্দুল আলীম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল ও অ্যাডভোকেট এনামুল হক রতনসহ অনেকে।

নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রদল নেতা আবুল বশার। স্থানীয়রা জানান, এই আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং ঐতিহ্য ও সংস্কৃতিকে জীবন্ত রাখার একটি অনন্য দৃষ্টান্ত। প্রতি বছর এ আয়োজনে অংশ নিতে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে দুর্গাপূজায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক হেনস্তা

পটুয়াখালী শহরের শ্রীশ্রী মদনমোহন জিউর মন্দিরে শারদীয় দুর্গাপূজা চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক সুনান বিন মাহাবুব। বৃহস্পতিবার রাতে পূজামণ্ডপে সরাসরি সংবাদ সংগ্রহের সময় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূজা মণ্ডপের পরিবেশ ও সার্বিক আয়োজন নিয়ে সংবাদ সংগ্রহ করার সময় হঠাৎ একদল ব্যক্তি সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা তার হাতে থাকা মুঠোফোন কেড়ে নেয় এবং তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে।

ভুক্তভোগী সাংবাদিক সুনান বিন মাহাবুব বলেন, “আমি শুধু দায়িত্ব পালন করছিলাম। পূজার পরিবেশ ও আয়োজন কভার করার সময় হঠাৎ কয়েকজন এসে আমার ফোন কেড়ে নেয় ও অপ্রত্যাশিতভাবে হেনস্তা করে। আমি তাৎক্ষণিকভাবে পূজা উৎযাপন কমিটির একাধিক সদস্যকে বিষয়টি জানিয়েছিলাম, কিন্তু তারা দায়িত্ব নিতে এড়িয়ে যান।”

এ ঘটনায় পটুয়াখালীর বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সংবাদকর্মীর উপর এমন আচরণ শুধু নিন্দনীয়ই নয়, বরং সাংবাদিকতার স্বাধীনতার জন্য হুমকি। অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, পূজা উৎযাপন কমিটির কয়েকজন দায়িত্বশীল সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় সচেতন মহল মনে করছে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে সাংবাদিকরা তাদের স্বাভাবিক দায়িত্ব পালনে নিরুৎসাহিত হয়ে পড়বেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




এনসিপিকে ইসির চিঠি

চন্দ্রদ্বীপ নিউজ : ৫০টি প্রতীকের মধ্যে  যে কোন একটিকে বেছে নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপিকে) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক পছন্দ করে লিখিতভাবে কমিশনকে জানানোর কথা বলা হয়।

গত ৩০ সেপ্টেম্বর পাঠানো চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এনসিপির আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নেই।

এতে আরও বলা হয়, দলের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক পছন্দ করে কমিশনকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।

বরাদ্দযোগ্য ৫০টি প্রতীক হলো, আলমিরা, খাট, টেলিফোন, ফ্রিজ, মোড়া, উটপাখি, মুড়ি, তবলা, বক, মোরগ, কলম, চার্জার লাইট, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ী, থালা, বেঞ্চ, লিচু, কাঁপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, শঙ্খ, কম্পিউটার, জগ, দোলনা, বালতি, সেলাই মেশিন, কলা, জাহাজ, প্রজাপতি, বেলুন, সোফা, টিউবওয়েল, ফুটবল, বৈদ্যুতিক পাখা, স্যুটকেস, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মগ, হরিণ, টেবিল, মাইক, হাঁস, টেবিল ঘড়ি, ময়ূর, হেলিকপ্টার, মোবাইল ফোন।




গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় শহিদুল আলম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার এই সাহসী পদক্ষেপকে ভূয়সী প্রশংসা করেছে ঢাকার ফিলিস্তিনি দূতাবাস। দূতাবাস এক বিবৃতিতে জানায়, ন্যায়বিচার ও মানবতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে বিশ্বব্যাপী পরিচিত শহিদুল আলমকে তারা গর্বের সাথে ধন্যবাদ জানায়। তিনি গাজা মুক্তির এই ঐতিহাসিক অভিযানে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকার শুক্রাবাদে দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহিদুল আলম জানান, গাজা উপত্যকায় চলমান নৃশংসতার বিরুদ্ধে নীরবতা ভাঙতে তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে যোগ দিচ্ছেন। তিনি বলেন, “এই মুহূর্তে গণহত্যা চলছে। ইসরায়েল ও আমেরিকা মিলে গাজায় মানুষ হত্যা করছে। পাশ্চাত্যের অনেক দেশও এতে সহযোগিতা করছে। যদি আমরা এই সংগ্রামে পরাজিত হই, তবে মানবতা নিজেই পরাজিত হবে।”

ঘোষণার পরদিন ২৮ সেপ্টেম্বর তিনি ইতালির উদ্দেশে রওনা হন এবং ৩০ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো থেকে ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’-এ যোগ দেন। যোগ দেওয়ার পর তিনি জানান, “আমি প্রথম বাংলাদেশি হিসেবে গাজায় যাচ্ছি, তবে দেশের সকল মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে।”

আয়োজকরা জানিয়েছেন, নৌবহর ইতিমধ্যেই ইসরায়েলের ঘোষিত বিপৎসীমায় প্রবেশ করেছে, যা গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে। আগেরবারের মতো এবারও ইসরায়েল তাদের আটকাতে পারে বলে শঙ্কা রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ফ্লোটিলা আটকের প্রস্তুতি নিচ্ছে। শত শত মানবাধিকারকর্মীকে আটক করে নির্বাসিত করা কিংবা কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ার মতো আশঙ্কাজনক পরিস্থিতিও তৈরি হয়েছে।

এই অভিযানের সময়কাল ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্রতম দিন ‘ইয়ম কিপ্পুর’-এর সঙ্গে মিলে যাওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বজুড়ে মানবাধিকারকর্মীরা এই অভিযানের সফলতা কামনা করছেন। অনেকের মতে, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর এই উদ্যোগ ব্যর্থ হলে কেবল ফিলিস্তিন নয়, মানবতার সংগ্রামও বড় ধাক্কা খাবে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাংবাদিক দেলোয়ারকে হুমকি ও মানহানিকর পোস্টে প্রেসক্লাব দুমকির নিন্দা

পটুয়াখালীতে প্রেসক্লাব দুমকি এর সভাপতি ও ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের প্রখ্যাত সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেনকে হুমকি প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট প্রকাশ করার ঘটনায় প্রেসক্লাব দুমকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঘটনা ঘটে ২৮ সেপ্টেম্বর, যখন সাংবাদিক দেলোয়ার হোসেন চয়বয়ড়ায় একটি দোকানে চুরির সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলা ছাত্রদলের বহিস্কৃত আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের পক্ষ থেকে লাঞ্চের শিকার হন। সাংবাদিক দেলোয়ার হোসেনকে ভয় দেখানো হয় এবং তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ, মিথ্যা তথ্যসহ মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়।

সাংবাদিক দেলোয়ার হোসেন আইনের প্রতি শ্রদ্ধা রেখে দুমকি থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন যে, সাংবাদিকের বিরুদ্ধে যেসব ভুয়া ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হচ্ছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, যারা সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে ন্যায়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় বা মানহানি করতে চায়, তাদের বিরুদ্ধে কলম এবং আইনের শাসন প্রয়োগে কোনো ধরণের ভয় নেই।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের সময়ে প্রেসক্লাবের সদস্যরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সাংবাদিকতার দায়িত্ব পালন করেন। ওই সময় আন্দোলন দমন করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়, সাংবাদিকদের আহত করে এবং কার্যালয়ে ভাংচুর চালায়। জুলাই আন্দোলনের ঘটনায় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার পর মামলা হয়, যার ৯নং আসামী হিসেবে সাংবাদিক দেলোয়ার হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়।

প্রেসক্লাব দুমকি আশা প্রকাশ করেছে, সাংবাদিকতা স্বাধীন ও দায়িত্বশীল থাকাকালীন ফ্যাসীবাদী হুমকি ও মানহানির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে এবং সংবাদপত্রের কলম সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে মুজাহিদুল ইসলাম শাহীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। তিনি পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান হিসেবেও পরিচিত।

বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে তাঁর দায়িত্বপ্রাপ্তির বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, আগামী এক মাসের মধ্যে বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব নতুন সাংগঠনিক সম্পাদকদের ওপর ন্যস্ত থাকবে।

দলীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আদর্শিক অঙ্গীকারকে মূল্যায়ন করেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নেতারা আশা করছেন, তাঁর নেতৃত্বে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সরাসরি বিভিন্ন জেলা কমিটির নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী হবে।

নিজের প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, “সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পাশাপাশি কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হবে। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: তারেক রহমান

বাংলাদেশের সংবিধান অনুযায়ী দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় উৎসবগুলো যুগ যুগ ধরে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে উদযাপিত হয়ে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে।

তারেক রহমান বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এটাই আমাদের বিশ্বাস। নাগরিক নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। দেশের প্রতিটি মানুষ যাতে নিরাপদে উৎসব পালন করতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, পবিত্র হাদিসেও অমুসলিমসহ নিরাপত্তাপ্রাপ্ত নাগরিকদের অধিকার রক্ষার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তাই সমাজে উৎপীড়ন, প্রতিহিংসা ও কুশাসন রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি নেতা আশা প্রকাশ করেন, শারদীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে এবং এটি দেশে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি গোবিন্দ ঘরামীকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার মৌলাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

গ্রেফতারকৃত গোবিন্দ ঘরামী (৩৫) পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা গ্রামের বাসিন্দা। তিনি রঙ্গেশ্বর ঘরামীর ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে চলতি বছরের ২১ মার্চ প্রতিপক্ষরা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। এসময় মো. শাহ আলম রাঢ়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২২, তারিখ: ২৩/০৩/২০২৫ ইং)। প্রথমে মামলায় বিভিন্ন ধারায় অভিযোগ আনা হলেও পরে শাহ আলম রাঢ়ীর মৃত্যু হলে এতে হত্যা ধারা (৩০২) সংযোজিত হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।


 




ইট-বালু দিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক সংস্কার, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দ ও অসংখ্য গর্ত ইটের সুরকি আর বালু দিয়ে ভরাট করে সংস্কার করা হচ্ছে। এতে মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলো ধুলাবালিতে পরিণত হয়ে পথচারী ও ব্যবসায়ীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গৌরনদী উপজেলার বাটাজোর থেকে টরকী বন্দর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, পিচ-পাথরের পরিবর্তে ইট ও বালু দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে। যানবাহনের চাপে এসব ইট-বালু ধুলায় রূপান্তরিত হয়ে আশপাশের দোকানপাট, বাসস্ট্যান্ড ও পথচারীদের জন্য দুর্ভোগ তৈরি করছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে ভারি বর্ষণে বাটাজোর, বাইচখোলা, মাহিলাড়া, বেজহার, কাসেমাবাদ, আশোকাঠী, গৌরনদী বাসস্ট্যান্ড, মদিনাস্ট্যান্ড ও টরকী বন্দর এলাকার রাস্তায় অসংখ্য গর্ত সৃষ্টি হয়। কিন্তু মৌসুম শেষে পিচ-পাথর ব্যবহার না করে সড়ক ও জনপথ বিভাগ ইটের সুরকি আর বালু দিয়ে কাজ চালাচ্ছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, ধুলার কারণে দোকানে গ্রাহক টিকে না। এমনকি ছোট যানবাহনের চালক ও পথচারীরা নাক-মুখ রুমাল বা মাস্ক দিয়ে ঢেকে চলাচল করছেন। তাদের দাবি, জরুরি ভিত্তিতে জনগুরুত্বপূর্ণ এ মহাসড়কে টেকসই সংস্কার করে পিচ-পাথর ব্যবহার করতে হবে।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহিন খান জানান, সরবরাহকারীরা বর্তমানে প্রয়োজনীয় মালামাল দিতে পারছেন না। পাশাপাশি পূজার ছুটিতে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তাই তাৎক্ষণিকভাবে ইট-বালু দিয়ে গর্ত ভরাট করে চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আজিজুর রহমান শাহিনের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বান্দরোড সংলগ্ন শাহিনের মালিকানাধীন সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। চাকরির প্রলোভন দেখিয়ে শাহিন তরুণীকে হাসপাতালে ডাকেন। পরে চাকরির বিনিময়ে অশ্লীল প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি জোরপূর্বক একটি কক্ষে আটকে ধর্ষণচেষ্টা করেন। তরুণীর ডাক-চিৎকারে হাসপাতালের অন্যরা এগিয়ে এলে শাহিন দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে।

অভিযুক্ত আজিজুর রহমান শাহিন নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা। তিনি বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, তরুণী নিজেই থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫