বরিশালে বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে হামলায় আহত ১২

বরিশাল অফিস :: বরিশালে রূপাতলী বাস টার্মিনাল ও সংলগ্ন থ্রি হুইলার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির এক গ্রুপের হামলায় অপর গ্রুপ ও থ্রি হুইলার চালকসহ ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রূপাতলী বাস টার্মিনাল দখলে নেয় মহানগর বিএনপির একটি গ্রুপ। এর আগে আওয়ামী লীগ আমলে চাঁদা দিয়ে এই টার্মিনাল থেকে চলতে হতো ও থ্রি-হুইলার বাস। সরকার পতনের পর কয়েকদিন থ্রি হুইলারে চাঁদা আদায় বন্ধ থাকলেও শুক্রবার নতুনভাবে তা শুরু করে বিএনপি নেতা কালাম চৌধুরী ও আব্দুর রাজ্জাকসহ তাদের লোকজন। থ্রি-হুইলার চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতেই শতাধিক ব্যক্তি লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়।

এতে চালকসহ ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ভাংচুর করা হয়েছে ১০টির মত যানবাহন।

থ্রি-হুইলার চালকরা জানিয়েছেন, আওয়ামী লীগের আমলে একটি সিন্ডিকেট থ্রি-হুইলার চালকদের কাছ থেকে ৫০ থেকে ৭০ টাকা আদায় করতো।

এছাড়া প্রতিটি যাত্রীবাহী বাস থেকে ৮০ থেকে ১২০ টাকা চাঁদা নেওয়া হতো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থ্রি-হুইলার চালকরা চাঁদা দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু বিএনপি নেতা কালাম চৌধুরী ও আব্দুর রাজ্জাকসহ তাদের বাহিনী টার্মিনালের প্রতিটি বাস থেকে প্রতিবার টার্মিনাল থেকে ছাড়তে ১০০-১২০ টাকা করে উত্তোলন শুরু করেন। শুধু বাসই নয় তারা থ্রি-হুইলার থেকে চাঁদা আদায় শুরু করে। থ্রি-হুইলার চালকরা স্থানীয় ২৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজীব মোল্লার নেতৃত্বে চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরপরই হামলা চালানো হয় বলে অভিযোগ। তবে এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছেন অভিযুক্তরা।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 




বরিশাল সিটি করপোরেশন ঘুরে ফিরে একই প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা

বরিশাল অফিস :: ম্যাজিষ্ট্রেট থেকে সচিব, সচিব থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, পরবর্তীতে নির্বাহী কর্মকর্তা হিসেবে মোঃ ইসরাইল হোসেন বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পালন করছেন। দীর্ঘবছর ঘুরে ফিরে তার একই প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন বিসিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা।

সিটি করপোরেশনের কৌতুহলি অসংখ্য কর্মকর্তা ও কর্মচারীরা প্রশ্ন তুলে বলছেন, অনেক মধু রয়েছে বরিশাল সিটি করপোরেশনে। যেকারণে দীর্ঘবছর পর্যন্ত ঘুরে ফিরে একই সিটি করপোরেশনে থাকছেন বর্তমানে নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ইসরাইল
হোসেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সম্পূর্ণ অবৈধপন্থায় চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ, সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর কাছ থেকে গাড়ি ক্রয়ের জন্য ১০ লাখ টাকা পুরস্কার হিসেবে গ্রহণ এবং সদ্য সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের কাছ থেকে পুরস্কার স্বরূপ টাকা নিয়ে ফ্লাট ক্রয়ের অভিযোগ রয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৮ সালে শওকত হোসেন হিরন মেয়র থাকাকালীন সময় সিটি করপোরেশনের ম্যাজিষ্ট্রেট হিসেবে ইসরাইল হোসেন যোগদান করেন। এরপর থেকেই নানা কৌশল অবলম্বন করতে থাকেন। মাঝখানে কয়েক বছর অন্য প্রতিষ্ঠানে চাকরি করলেও আবার ঘুরে ফিরে চলে আসেন বরিশাল সিটি করপোরেশনে। ২০১৮ সালে তিনি (ইসরাইল) বরিশাল সিটি করপোরেশনের সচিব হিসেবে যোগদান করেন। একই বছরের ৯ আগস্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৯ সালের ৫ আগস্ট তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহন করে ২০২০ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে অদ্যবর্ধি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইসরাইল হোসেন দায়িত্ব পালন করছেন।

সূত্রমতে, আওয়ামী লীগ দলীয় সাবেক মেয়রদের মনজয় করে দীর্ঘবছর বহাল তবিয়তে বরিশাল সিটি করপোরেশনে দায়িত্ব পালন করা ইসরাইল হোসেনকে নিয়ে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিসিসি’র নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, করপোরেশন টাউন প্লানার এবং আর্কিটেক্টস পদে সম্পূর্ণ অবৈধভাবে চুক্তিভিত্তিক দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে টাউন প্লানার পদে বেতন নির্ধারন করা হয় ৪০ হাজার টাকা। সেই পদের বিপরতীতে কোন রকম নিয়োগ প্রক্রিয়া ছাড়াই রহস্যজনকভাবে তিনমাসের মেয়াদে সৈয়দা তাবাচ্ছুম ইসলাম নামের এক নারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। একইভাবে নিয়োগ প্রক্রিয়া ছাড়াই তদ্বিরের কারণে আর্কিটেক্ট পদে ৫০ হাজার টাকা বেতনে একবছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে গোপালগঞ্জের বাসিন্দা সাইফুল ইসলাম নুশানকে।

সূত্রে আরও জানা গেছে, চুক্তির মেয়াদ শেষ হবার পরেও সম্পূর্ণ রহস্যজনকভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা অবৈধভাবে নিয়োগ করা চুক্তিভিত্তিক ওই দুই কর্মকর্তার চুক্তির মেয়ায় পূর্ণরায় বৃদ্ধি করেছেন। এ ব্যাপারে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া টাউন প্লানার সৈয়দা তাবাচ্ছুম ইসলাম ও আর্কিটেক্ট সাইফুল ইসলাম লুশানের সাথে যোগাযোগ করা হলে তারা কোন কথা বলতে রাজি হননি। তবে উভয়েই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার অনুরোধ করেন।

বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, সিটি করপোরেশনের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার ক্ষমতা নেই। এটা নিয়োগ দিয়ে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে জনপ্রশাসন থেকে ওই দুই কর্মকর্তার নিয়োগ দেওয়া হয়নি শিকার করে তিনি বলেছেন, লোকবল সংকটের কারনে সিটি করপোরেশন থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

উভয় কর্মকর্তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তাদের নিয়োগের মেয়াদ আবার বাড়ানো
হয়েছে।

চুক্তিভিত্তিক অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মেয়াদ বৃদ্ধির কাগজপত্র দেখতে চাইলে তিনি (প্রধান নির্বাহী কর্মকর্তা) তথ্য অধিকার আইনে ফরমপূরন করে আবেদন করার পরামর্শ দিয়েছেন। সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর কাছ থেকে উপহার হিসেবে গাড়িক্রয়ের জন্য টাকা এবং খোকন সেরনিয়াবাতের কাছ থেকে পুরস্কার হিসেবে ফ্লাট ক্রয়ের জন্য টাকা নেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে ইসরাইল হোসেন বলেন, ২০১৮ সালে ১৯ জন শেয়ার মিলে নগরীর ব্যাপ্টিস মিশন রোডে জমি ক্রয় করেছি। সেখানে ফ্লাট নির্মানের কাজ
চলমান রয়েছে।

ঘুরে ফিরে একই সিটি করপোরেশনে থাকা প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন,আমার স্ত্রী বরিশালে চিকিৎসক হিসেবে কর্মরত থাকায় আমিও বরিশালে কর্মরত রয়েছি।
তবে বরিশাল সিটি করপোরেশন থেকে অন্যত্র বদলী হওয়ার জন্য তদ্বির করছেন বলেও তিনি জানান।




সাগরে মৌসুমি নিম্নচাপ – বন্দরে সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

শনিবার (৩১ আগস্ট) মধ্যরাত নাগাদ উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে।

এদিকে এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।

উপকূলীয় এলাকার অনেক স্থানের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টি না থাকলেও বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর বিএফডিসি মৎস্য মার্কেটের শ্রমিক রিয়াজ হোসেন বলেন, গত দুই দিন ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তবে আজ আকাশ কিছুটা মেঘলা রয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, মৌসুমি নিম্নচাপটি আজ রাতে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।




ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ি পুনঃসংস্কার করবে সরকার: ফারুক-ই-আজম

চন্দ্রদ্বীপ নিউজ :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির নিবন্ধন করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেসব ঘর-বাড়ি সরকার পুনঃসংস্থার করবে। বন্যার্তদের পুর্নবাসনও করা হবে।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১টার দিকে হাটহাজারীর ফরহাদাবাদে হালদা পাড়ে বন্যাদুর্গতদের দেখতে এসে এসব কথা বলেন ফারুক-ই-আজম।

ফারুক-ই-আজম হালদা পাড়ের কয়েকটি ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে করেন। ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি।

তাদের উদ্দেশে ফারুক-ই-আজম বলেন, আমি কী রকম ক্ষতি হয়েছে তা দেখতে এসেছি। কোনো সমস্যা নেই, চিন্তার কারণ নেই। সব যথাযথ তালিকা হবে। সরকার ঘরগুলো করে দেবে।

পরে তিনি ফটিকছড়ির পূর্ব সুয়াবিল এলাকায় হালদার ক্ষতিগ্রস্ত বাঁধ দেখতে যান। যেখানে তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন।

বাঁধ পরিদর্শনকালে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে উদ্দেশ্য করে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আপনারা স্যা স্যার, ওপর থেকে হবে, নাযিল হবে। এরকম যেন না হয়, নিচের থেকে হবে। আপনারা কী চান, কীভাবে চান সেভাবে হবে। হালদার পাড়ের যে বাঁধ নির্মাণ সেটি যেন সাসটেইনেবল হয়। টাকা যদি খরচ হয় সেটা যেন কাজে লাগে। এমন ভাবে কাজ করবেন মানুষের যেন উপকারে আসে। জনজীবনের যেন ক্ষতি না হয়।

এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, ফটিকছিড় ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

 




সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় ইসলামী আন্দোলন

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তী সরকারের কাছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি উপস্থাপন করে দলটি।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, আমরা পিআর (সংখ্যানুপাতিক) সিস্টেমে যে নির্বাচন…. যেটা সব শাখার, সব ধরণের মন-মানসিকতার লোক সম্পৃক্ত থাকবে। এখানে ভোট হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে। দল ও মার্কা থাকবে। জনগণ ভোট দিবে, যে দল যেভাবে ভোট পাবে সে অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে, দেশ পরিচালনা করবে। সেখানে সবার সম্পৃক্ততা নিশ্চিত হলে দেশ সুন্দরভাবে চলবে। এখানে কোন বৈষম্যমূলক অবস্থা সৃষ্টি করার মতো কিছু থাকবে না।

রেজাউল করিম বলেন, ফ্যাসিস্ট সরকার প্রায় ১৬ বছর তাদের মনগড়া দলীয়করণ, বিশেষ করে ২০১৪, ১৮ ও ২৪ এর নির্বাচনের সময় প্রশাসনে দায়িত্ব পালন করেছে, মিডিয়াসহ যারা সহযোগিতা করেছে তাদের অন্যায় চিহ্নিত করে নির্ভরযোগ্য কমিশন গঠনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সুন্দরভাবে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনসহ সর্বত্র ঢেলে সাজানোর ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছি। এসব জায়গা সুন্দর পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন দিলে আগের ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে।

কতদিনের মধ্যে নির্বাচন, এমন কোন সময়সীমার কথা জানিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলেছি খুব শিগগিরই। কিন্তু ব্যাপারটা তো আমাদের হাতে না। একদিন, দুই দিন নির্ধারণ করে বলাও যায় না। তবে বলছি খুব শিগগিরই সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে।

এসময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহম্মেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।




শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ও সাবেক অধ্যক্ষসহ ১২ জনকে অবাঞ্ছিত ঘোষণা

 

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণের অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও সাবেক অধ্যক্ষসহ ১২ জনকে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩১ আগষ্ট) দুপুরে ১ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে সরকারি সংস্থার কাছে প্রদান, আন্দোলন বানচালের উদ্দেশ্যে শিক্ষার্থীদের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন, বিগত সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের কটূক্তি করে আক্রমণ করা হয়েছে। এ অভিযোগে হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সুদীপ হালদার, বহিঃবিভাগের অর্থোপেডিক্স আবাসিক সার্জন ডাঃ মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডাঃ শিরিন সাবিহা তন্বী, মেডিসিন ইউনিট-৪ এর ইন্টারনাল মেডিকেল অফিসার ডাঃ এএসএম সায়েম এবং হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ বাকির হোসেন, শেবামেক কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এসএম সরোয়ারসহ ছয়জন ইন্টার্ন চিকিৎসকে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থী বলেন, ইন্টান চিকিৎসকরা নৈতিকভাবে তাদের পদে থাকার যোগ্যতা হারিয়েছে। তাই তাদেরকে হাসপাতাল চত্বর ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষনা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং হাসপাতালের পরিচালক কার্যালয় ঘেরাও করে অনতিবিলম্বে তাদের বদলীর ব্যবস্থা করার দাবি জানিয়ে পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযোগের তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




ভ্যানে লাশের স্তূপের ঘটনা আশুলিয়ার, ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ভ্যানের ওপর তোলা হচ্ছে একের পর এক মরদেহ; একটির ওপর আরেকটি রক্তাক্ত লাশ। মাথায় হেলমেট বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত-পা-মাথা…

এমন বীভৎস ও লোমহর্ষক ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনুসন্ধানে জানা যায়, নির্মম এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।

স্থানীয়রা বলছেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হয়। পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতে কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ৫ আগস্ট পুলিশ এলোপাতাড়ি গুলি চালিয়েছে। থানার আশপাশে অনেকে গুলিবিদ্ধ হয়ে পড়ে ছিল। একটি পুলিশের গাড়িতে কয়েকজন গুলিবিদ্ধকে পুড়িয়ে মারা হয়েছিল।

আশুলিয়া থানার সামনের দোকানি ফাহিমা
বলেন, আমরা ভিডিওটি দেখেছি। ভিডিওটি আমাদের আশুলিয়া থানার সামনে থেকেই করা। আমরা সেদিন ভয়ে দোকান বন্ধ রেখেছিলাম। আশুলিয়া থানার পাশেই কিছু বালু ভর্তি ব্যাগ ছিল, যা ভিডিওতে দেখা গেছে।

আরেক দোকানদার মনোয়ার বলেন, ৫ তারিখে আমার দোকান বন্ধ ছিল। পরদিন ৬ তারিখ সকালে আশুলিয়া থানার সামনে এসে দেখি পুলিশ ভ্যানে কয়েকটা পোড়া লাশ। তবে লাশের সংখ্যা নির্দিষ্ট করতে পারিনি। ভ্যানে লাশের স্তূপের ভিডিওটা আশুলিয়া থানার সামনের।

ভিডিওতে মাথায় হেলমেট পরিহিত পুলিশ সদস্য ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের আরাফাত হোসেন বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। এ বিষয়ে আরাফাত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, ভিডিওটি অস্পষ্ট। তবে আরাফাত হোসেন আমাদের ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত হিসেবে কর্মরত রয়েছে। ভিডিওর ওই পুলিশ সদস্য আরাফাত কিনা আমি নিশ্চিত নই। তবে সকাল থেকে অনেকই আমাকে ফোন দিয়ে আরাফাতের বিষয়ে জানাতে চাচ্ছে।

আরাফাত ৫ আগস্ট কোথায় ডিউটি করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমরা গোয়ন্দা পুলিশরা সাভার থানায় ডিউটি করেছি। কিন্তু আরাফাত সেদিন কোথায় ডিউটি করেছে, তা আমি নিশ্চিত নই।




শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ: রয়টার্সকে উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (৩১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানান ড. ইউনূস সরকারের এই উপদেষ্টা। তার মতে, যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। আর বাংলাদেশ যদি হাসিনাকে ফেরত চায় তাহলে ভারত তাকে দিতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, “শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা… প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। (কিন্তু) যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে।”
তৌহিদ হোসেনের বক্তব্য, হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। এটি তারা জানে। ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে। তিনি বলেন, “যদি সেখান থেকে এমন দাবি আসে, তাহলে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।”

এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “আমাদের নীতি হলো জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সবদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। কারও সঙ্গে শত্রুতা নয়, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। লক্ষ্য হলো একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা।”

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি। ওইদিনই ভারতের দিল্লিতে আশ্রয় নেন হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধসহ বিভিন্ন জায়গায় একাধিক হত্যা মামলা হয়েছে।

সূত্র: রয়টার্স




কমলো জ্বালানি তেলের দাম, আজ রাত ১২টা থেকে কার্যকর

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমছে। ১ সেপ্টেম্বর তথা আজ রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (৩১ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে যান জ্বালানি উপদেষ্টা। এসময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের মধ্যে বেশিরভাগ যানবাহনে ডিজেল ব্যবহৃত হয়। তারপর অকটেন ও পেট্রোল। অকটেন ও পেট্রোল উচ্চবিত্তরা ব্যবহার করে। এগুলোর পরিমাণ তুলনামূলক কম। এটা কমালে তেমন একটা প্রভাব পড়ে না। তবে ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা কমাতে কষ্ট হয়েছে। আমাদের চেষ্টা থাকবে যেন ভবিষ্যতে জ্বালানি তেলের মূল্য আরও কমাতে পারি। আজ রাত ১২টার পর থেকেই জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর করা হবে।




তিন সন্তানের জননীকে হত্যার অভিযোগ বিচারের দাবিতে সড়ক অবরোধ

বরিশাল অফিস :: তিন সন্তানের জননীকে হত্যার অভিযোগে দ্বিতীয় স্বামী আবুল কালাম আজাদকে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নগরীর বান্দরোডস্থ শিশু পার্ক এলাকার সড়ক অবরোধ করে নিহতের সন্তান ও এলাকাবাসী
বিক্ষোভ করেন। খবর পেয়ে সেনা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছেন।
অপরদিকে বরিশাল বন্দর থানা পুলিশ নিহত নাছিমা বেগমের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ
করেছেন।

নিহত নাছিমা বেগমের ছেলে গোলাম রাব্বি জানান, তার মা নাসিমা বেগম এক সপ্তাহ
পূর্বে সদর উপজেলায় চড়কাউয়া ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের তার দ্বিতীয় স্বামী
আবুল কালাম আজাদের বাড়িতে যায়। শুক্রবার দিবাগত সন্ধ্যা রাতে আবুল কালাম আজাদ তাকে মোবাইল ফোনে কল দিয়ে জানায় নাছিমা বেগম মারা গেছেন। তিনি আরও জানান, তার মা
নাছিমা বেগমকে পরিকল্পিতভাবে আবুল কালাম আজাদ হত্যা করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, খবর পেয়ে
আমরা নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। এখন ময়নাতদন্তের রিপোর্ট হাতে
পেলেই নাছিমা বেগমের মৃত্যুর মূলরহস্য জানা যাবে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও
কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।