সালাহউদ্দিন ও খোকনকে শোকজ করল বিএনপি

চন্দ্রদ্বীপ নিউজ :: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। আজ সোমবার বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির সূত্র বলছে, এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার কারণে সালাউদ্দিন আহমেদকে এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের সঙ্গে বৈঠক করায় খোকনের কাছে ব্যাখ্যা চেয়ে এই চিঠি পাঠিয়েছে বিএনপি।

বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ায় বিতর্কের মুখে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দুঃখপ্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে করে জনমনে বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক। আমি যদি জানতাম তাহলে সাবধানতা অবলম্বন করতাম। তারপরও আমার এ অসাবধানতা ও ইচ্ছাকৃত ভুলের জন্য যদি দেশবাসীর মনে আমি কোনো কষ্ট দিয়ে থাকি, অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’



জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ নিউজ :: জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে ডিবির একটি দল গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু রাজনীতিবিদ ছাড়াও একজন ব্যবসায়ী ও সাংবাদিক। পিরোজপুর-২ আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিন মেয়াদে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ার হোসেন মঞ্জু গত নির্বাচনে হেরে যান।

আনোয়ার হোসেন মঞ্জু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জাপা) গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরে তিনি জাতীয় পার্টি (জেপি) গঠন করে এর চেয়ারম্যান হন।

আনোরয়ার হোসেন মঞ্জুর বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ ও সাংবাদিক ছিলেন। বাবার মৃত্যুর পর ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন তিনি। এ ছাড়া পত্রিকাটির প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মঞ্জু।




মেয়রের বাড়িতে আগুনে দগ্ধ স্কুলছাত্র, ২৭ দিন পর ঢামেকে মৃত্যু

বরিশাল অফিস :: আগুনে দগ্ধ হয়ে ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর বরগুনার আমতলীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৫ আগস্ট আমতলী পৌরসভার মেয়রের বাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ হয় সে।

নিহত স্কুলছাত্রের নাম ইহতাশিমুল হক তেশাম (১৭)। সে আমতলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

সে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ি সড়কে মা ইল্লিন বেগম ও ভাইদের সঙ্গে থাকত। বিচ্ছেদ হয়ে যাওয়ায় তার বাবা রবিউল ইসলাম খুলনায় থাকেন। আজ সোমবার সকালে তার মরদেহ গ্রামের বাড়ি আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিকদার সড়কের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের বাসায় আগুন দেয় একদল দুর্বৃত্ত। আগুনের খবর পেয়ে সেখানে নেভাতে গিয়ে ইহতাশিমুল আটকা পড়ে। প্রায় আড়াই ঘণ্টা সে মেয়রের বাসায় আটকা ছিল। পরে স্থানীয় ও স্বজনেরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওই হাসপাতালের চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চার ঘণ্টা ওই হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে সে চিকিৎসাধীন ছিল।

ছেলেকে হারিয়ে মা ইল্লিন বেগম ও ছোট দুই ভাই শেখ মো. আসাদুল্লাহ রায়হান ও শেখ হোসাইন আহম্মেদ ত্বোহা বাকরুদ্ধ হয়ে পরেছে। তার মেজ ভাই রায়হান আমতলী টেকনিক্যাল স্কুলে নবম শ্রেণির ছাত্র ও ছোট ভাই ওয়াবদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে।

গতকাল রোববার বিকেলে ইহতাশিমুল তেশামের প্রথম জানাজার নামাজ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। ওই দিন রাতে তেশামের মরদেহ গ্রামের বাড়ি আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিকদার সড়কের বাড়িতে নিয়ে আসা হয়। আজ সোমবার সকালে তার দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইহতাশিমুল হক তেশাম লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করত। তার আয় দিয়েই চলত মা ও তিন ভাইয়ের সংসার। তেশামের মৃত্যুতে দিশেহারা পরিবার।

মেজ ভাই শেখ মোহাম্মদ আসাদুল্লাহ রায়হান বলেন, ‘আমার ভাইকে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এ হত্যার বিচার আল্লাহ করবেন।’

প্রতিবন্ধী মা ইল্লিন বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মোর আর কিছুই রইল না। ক্যারে লইয়্যা মুই বাঁচমু। মোর পোলায় ল্যাহাপড়ার পর বিদ্যুতের কাম হরতো। তার আয় দিয়েই মোর সংসার চালত। এ্যাহন কি অইবে মুই কইতে পারি না?’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ওই স্কুলছাত্রের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’




হাসিনাকে ফেরতের প্রশ্ন কল্পনাপ্রসূত: নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক : শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর অনুরোধ করলে ভারত কী জবাব দেবে, এমন প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে।

গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন প্রশ্নের সম্মুখীন হলেও এর সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমাননির্ভর। আর অনুমাননির্ভর কোনো প্রশ্নের উত্তর দেয়ার রীতি নেই।

এ সময় রণধীর জয়সওয়াল বলেন, গত ৫ আগস্ট খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি ভারতে প্রবেশের অনুমতি দিতে অনুরোধ করেছিলেন। তাকে ফেরত পাঠানোর ব্যাপারে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে তা কল্পনাপ্রসূত।




চিকিৎসকদের ওপর হামলা গাইবান্ধা থেকে গ্রেপ্তার সঞ্জয় পাল জয়

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 সোমবার গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেপ্তার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা একটি মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।

এদিকে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সোমবার সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গনে দেখা যাচ্ছে চিকিৎসক ও রোগীদের আনাগোনা।

হাসপাতালের জরুরি বিভাগেও দেওয়া হচ্ছে সেবা। তবে অ্যাটেন্ডেন্ট পাস কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কাউকেই। মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন বিজিবি ও সেনা সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।




গাজীর কারখানায় পাওয়া গেল মাথার খুলি ও হাড়গোড়

চন্দ্রদ্বীপ নিউজ :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন প্রতিষ্ঠান গাজী টায়ারসে অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিখোঁজদের স্বজনদের নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। রবিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে গণশুনানির কাজ।

এদিকে গণশুনানি শেষে স্বজনরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই ভবনটিতে ঢুকে পড়েন। তাদের অনেকে ঝুঁকিপূর্ণ ভবনটির তৃতীয় তলা পর্যন্ত উঠেন। সেখানে তারা মেঝেতে পুড়ে যাওয়া বেশকিছু হাড় ও মাথার খুলি পান বলে দাবি করেন নিখোঁজদের স্বজনরা। পরে ভবনটিতে পাওয়া দেহাবশেষ পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

গত ২৫ আগস্ট দিনভর লুটপাটের পর রাতে কারখানাটিতে আগুন দেওয়ার ঘটনায় নিখোঁজ রয়েছেন রুপগঞ্জের মৈকুলী গ্রামের বাসিন্দা বৈদ্যুতিক মিস্ত্রি শাহাদাত হোসেন। অন্য সবার মতো ভাইয়ের খোঁজে ক্ষতিগ্রস্ত ভবনটির তৃতীয় তলায় যান সিনথিয়া নামে এক নারী। সেখানে তিনি একটি মাথার খুলির অংশবিশেষ পান। তিনি তিনতলায় আরও হাড়গোড় দেখেছেন বলে দাবি করেন। অনেকেই সেসব হাড়গোড় নিয়ে গেছে বলে জানান। তিনিও একটা খুলি নিয়ে এসেছে বলে জানান। পরে খুলিটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে আয়োজিত গণশুনানিতে ৭৮টি পরিবার অংশগ্রহণ করেন বলে জানান কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান। এই সময় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির লোকজন। তাদের কাছ থেকে নিখোঁজদের তথ্য সংগ্রহ করা হয় বলে জানান এই কর্মকর্তা।

অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান আরও বলেন, ‘আমরা যখন গণশুনানি শেষে উপজেলা পরিষদে গিয়ে বসি তখন জানতে পারি স্বজনরা ভবনটির ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে মানুষের কিছু হাড়গোড় পেয়েছে। পরে জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তিনি আমাদের নির্দেশনা দেন। পরে আমরা এসব দেহাবশেষ সংগ্রহ করার জন্য পুলিশকে নির্দেশ দেই। স্বজনদের খুঁজে পাওয়া দেহাবশেষ জমা নেওয়া হয়েছে। প্রয়োজনে ডিএনএ টেস্টের মাধ্যমে এসব দেহাবশেষ শনাক্তের প্রক্রিয়ায় যাওয়া হবে।




শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন, অপশন মাত্র দুটি

 

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। এরমধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে ৪৫ দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে ২৭ দিন।

এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই ৭৭ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে।

ভারত এখন কী করবে, তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে? যেমনটা দিয়েছিল ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর। ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয়ে ছিলেন হাসিনা।

জানা যায়, ভারত এখন উভয় সংকটে। তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করবে? যে সম্পর্ক এখন অনেক তিক্ততায় পরিণত হয়েছে! ভারতবিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন। বহির্বিশ্বেও ভারতের সামপ্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন  l




ভারতের নিষেধাজ্ঞা সত্য হলেও কিছু আসে যায় না : সমন্বয়ক নুসরাত

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, আমাদের বিরুদ্ধে ভারতের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলে বা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না।

‘ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা’ শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে দ্য মিরর এশিয়া, যাতে নুসরাত তাবাসসুমের নাম রয়েছে। সংবাদে উল্লেখিত নিষেধাজ্ঞার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নুসরাত তাবাসসুম কালবেলাকে একথা বলেন।

তিনি বলেন, দ্য মিরর এশিয়ার নিউজটা ছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে আমি আসলে কিছুই জানি না বা কিছু শুনিনি। এ বিষয়ে ইন্ডিয়ান হাই কমিশনার থেকেও আমাদেরকে কিছু জানানো হয়নি, দেশের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিও কিছু জানায়নি।

তিনি আরও বলেন, আপনারা সবাই যেমন মিরর এশিয়ার খবরটা দেখেছেন অনলাইনে, আমিও সেরকমই দেখেছি। এর বেশিকিছু জানি না।

 

 

নুসরাত আরও বলেন, এই নিষেধাজ্ঞা সত্য কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আর নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকলেও বা সত্য হলেও সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। এই নিষেধাজ্ঞায় আমাদের কিছু আসে যায় না। কারণ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট। এজন্য, যদি নিষেধাজ্ঞা দিয়েও থাকে তাহলে মনে করছি যে, এতে আমাদের আন্দোলন পূর্ণতা পেলো।

 

 

দ্য মিরর এশিয়া জানায়, ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।




৬ ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতবিরোধী জনতাকে উসকে দেয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি। তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই তালিকায় আছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নুসরাত তাবাসসুম।

হাসনাত আবদুল্লাহর চিকেন নেক নিয়ে বক্তব্য ও নুসরাত তাবাসসুমের সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্টাটাসকে আমলে নেয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞায়।

মূলত, সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি। মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয়। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি দ্য মিরর এশিয়া।




সাবেক সংসদ সদস্য হাজী সেলিম গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। পরে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আজ সকালে কোনো এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।