স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

চন্দ্রদ্বীপ নিউজ :: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়েছে।

গেজেটে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪(২)(২) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি আজ গ্রহণ করেছেন এবং আজই তা কার্যকর হয়েছে।

এর আগে আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।

২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। তখন থেকে টানা ১১ বছর ধরে তিনি এই দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, দেশে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতায় ৭৬০ জনের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।




পটুয়াখালীতে ড্রোনের মাধ্যমে ভূমি জরিপ বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ক্রটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল (ড্রোন দ্বরা) ভূমি জরিপ বন্ধ করার জন্য সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকার শত শত ভুক্তভোগী কৃষকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে ইটবাড়িয়া দুই নম্বর ব্রিজ থেকে শত শত ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রুটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে বক্তব্য রাখেন ভূক্তভোগী মো. ইউসুফ আলী তোতা, শাহ আলম গাজী, নাসির গাজী, গিয়াস উদ্দিন হাওলাদার, মো. নিয়াজ ফরাজী, মোশারেফ হোসেন, কামাল হাওলাদার, বাকি বিল্লাহ, নিয়াজ ফরাজী প্রমুখ।




পটুয়াখালীর সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ।

সোমবার ( ২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, চাঁদাবাজ ও মাদকদ্রব্য নির্মূলে তার নেতৃত্বে গুরত্ব সহকারে পুলিশ দায়িত্ব পালন করবে। এবিষয়ে সাংবাদিকদের আস্বস্ত করেছেন পুলিশ সুপার।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক স্কুল শিক্ষার্থীরা অপরাধে জড়িয়ে যাচ্ছে, এবিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এই সভায় যা আলোচনা হয়েছে আপনাদের লেখার মাধ্যমে অভিভাবকরা সচেতন হবে, এবিষয়ে সাংবাদিকদের ভূমিকা অনেক। এসময় শৃঙ্খলা রক্ষার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় ও সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।




ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক

চন্দ্রদ্বীপ নিউজ ::ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভোলার খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো: গোলাম মোস্তফার ছেলে বাহাদুর ডাকাত বাহিনীর প্রধান আলী আজগর ওরুফে বাহাদুর (৪২) এবং একই উপজেলার রাজাপুর ইউনিয়নের আবুল কামালের ছেলে বাহাদুর ডাকাতের সহযোগী ইকবাল হোসেন (২৬)।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, সোমবার গভীর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত ভোলা সদরের মেঘনা নদীর বঙ্গের চরে একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় ‘বাহাদুর ডাকাত’-এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। সেই আস্তানায় চিরুনি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ বাহাদুর বাহিনীর প্রধান ও তার এক সহযোগীকে আটক করা হয়।

তিনি আরও জানান, দুই ডাকাতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




লালমোহনে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

বরিশাল অফিস :: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার মাল বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই বাড়ির মো: রাজ্জাকের আট বছরের মেয়ে মোসা: খাদিজা বেগম এবং মো: মাকসুদের পাঁচ বছরের মেয়ে মোসা: রাবেয়া। তারা সম্পর্কে চাচাত বোন।

জানা গেছে, সকালে ওই শিশুদের বাড়িতে রেখে তাদের মায়েরা স্থানীয় স্কুলে যান। এ সময় বাড়িতে খেলছিল শিশু খাদিজা ও রাবেয়া। খেলার ছলে তারা বসতবাড়ি-সংলগ্ন পুকুরে পড়ে যায়। এর কিছু সময় পর শিশু খাদিজার দাদি তাকে পুকুরের মধ্যে ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে যান। পরে তারা পুকুর থেকে শিশু খাদিজা এবং রাবেয়াকে উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত বলে ঘোষণা করেন।

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: নজির আহমেদ মিয়া বলেন, ওই দুই শিশুর মৃত্যু খবরটি শুনেছি। ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। শিশুদের হারিয়ে পরিবারগুলোতে এখন শোকের মাতম চলছে।

মোহন থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) এস এম মাহাবুব উল আলম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদটি আমরা পেয়েছি। ওই শিশুদের লাশ পারিবারিকভাবে দাফন করার জন্য ব্যবস্থা নেয়া হবে।



যে কারণে প্রকাশ পায়নি আন্দোলন নিয়ে করা হায়দার হোসেনের গান

চন্দ্রদ্বীপ বিনোদন :: জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরিণত হয়েছিল সরকার পদত্যাগের এক দফা দাবিতে। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে নানা অত্যাচার ও কৌশলের আশ্রয় নেয় সরকার। বন্ধ করে দেয় ইন্টারনেট, জারি করে কারফিউ। বাড়তে থাকে ছাত্র-জনতার নিহতের সংখ্যা, যাদের মৃত্যু হয় রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী লীগ সদস্যদের গুলিতে। আন্দোলনের শুরুর দিকে সরকারের এমন উগ্র আচরণ নিয়ে একটি গান লিখেছিলেন সংগীতশিল্পী হায়দার হোসেন। শিরোনাম ‘আমি লিখতে চাইনি’।

তবে সেসময় গানটি প্রকাশ করতে পারেননি হায়দার হোসেন। কারণ যেদিন তিনি তা প্রকাশ করবেন ভেবেছিলেন, সেদিনই বন্ধ করে দেওয়া হয়েছিল সারাদেশের ইন্টারনেট। এবার শেখ হাসিনার পতনের পর প্রকাশ্যে এল হায়দার হোসেনের গাওয়া সেই গানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গানটি প্রকাশ করে ‘ফাইসা গেছি’খ্যাত গায়ক বলেন, ‘এই গানটি আমি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য এবং ১৮ জুলাই আপলোড করার উদ্দেশ্যে; কিন্তু পোস্ট করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আবার আপলোড করলাম।’

গানটির কথাগুলো এমন, ‘আমি বলতে চাইনি/ তবু বলতে হয়/ আমি লিখতে চাইনি/ তবু লিখতে হয়/ এতগুলো প্রাণ ঝরে গেল/ বিবেক কেমনে নির্বাক রয়?’

পাশাপাশি ছাত্র-জনতার বিজয়ের পর আরও একটি নতুন গান প্রকাশ করেছেন হায়দার হোসেন। এটির শিরোনাম ‘বিজয় উল্লাস’।

প্রসঙ্গত, বর্তমানে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছেন হায়দার হোসেন। গত জুনে বেশ ক’দিন হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। সেসময় তার হৃদযন্ত্রে একটি করোনারি স্টেন্ট (রিং) বসানো হয়। তবে অসুস্থ থাকা সত্ত্বেও নতুন গান লেখা চালিয়ে যাচ্ছেন এ শিল্পী।




পালিয়ে যাচ্ছিলেন এস আলমের ঘনিষ্ঠ ব্যবসায়ী আনছারুল, বিমানবন্দরে আটক

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী আনছারুল আলম চৌধুরীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

রাউজানের বাসিন্দা আনছারুল আলম চৌধুরী খাতুনগঞ্জের আনছার ট্রেডিংয়ের মালিক। তিনি বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের মালিক সাইফুল আলমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার নামে ইসলামী ব্যাংকে ১ হাজার ৬৩০ কোটি টাকা ও জনতা ব্যাংকে ৩৪০ কোটি টাকার ঋণ রয়েছে জানা বলে গেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সকালে দুবাই যাওয়ার উদ্দেশে শাহ আমানত বিমানবন্দরে যান ব্যবসায়ী আনছারুল আলম চৌধুরী। ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় তার বিদেশযাত্রা আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।  পরে তারা তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।




দাম বাড়ল এলপিজির

চন্দ্রদ্বীপ অর্থনীতি :: ভোক্তাপর্যায়ে দাম বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৪ টাকায় ৬২ পয়সায় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসেএ মূল্য প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত আগস্ট মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা। তার আগের মাস জুলাইয়ে ছিল ১ হাজার ৩৬৬ টাকা।

উল্লেখ্য, এখন প্রতি মাসে এলপিজির দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ দাম নির্ধারণ করে।




পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে শেষ দিনে বাংলাদেশের দরকার ১৪৩ রান

চন্দ্রদ্বীপ ক্রীড়া  ::রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সামনে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার হাতছানি। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে আগেই টাইগাররা নিজেদের কাজ অর্ধেক সেরে রেখেছিল। দ্বিতীয় টেস্টেও জয়ের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের। এজন্য আগামীকাল মঙ্গলবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে নাজমুল হোসেন শান্তর দলকে করতে হবে ১৪৩ রান, হাতে আছে ১০ উইকেট।

আজ পাকিস্তানের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে দ্বিতীয় সেশনের শেষ দিকে ব্যাট করতে নামে বাংলাদেশ। এই সেশনের প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৩৭ রান করে ফেলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। ব্যাটে ঝড় তোলেন জাকির। এরপর চা বিরতিতে যায় দুই দল। বিরতি শেষে খেলা মাঠে গড়ায় মাত্র এক ওভার। এরপর আলোক স্বল্পতায় বন্ধ থাকে ম্যাচ। পরে বৃষ্টি নেমে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকায় দিনের বাকি খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। তখন বাংলাদেশের রান বিনা উইকেটে ৪২। জাকির ২৩ বলে ৩১ ও সাদমান ১৯ বলে ৯ রানে অপরাজিত থাকেন।

রাওয়ালপিন্ডিতে ম্যাচের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ২৬২ রানে থামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় সফরকারীরা। অন্যদিকে, নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পাকিস্তান অলআউট হয় ১৭২ রানে। ফলে পাকিস্তানের লিড দাঁড়ায় ১৮৪ রানে।

তৃতীয় দিনের ২ উইকেটে ৯ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে পাকিস্তান। দিনের শুরুতেই সাইম আইয়ুবকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। পাকিস্তানি ওপেনারকে ২০ রানে নাজমুল হোসেন শান্তর ক্যাচে ফেরান বাংলাদেশ পেসার। এরপর পাকিস্তান অধিনায়ক শান মাসুদেকে ২৮ রানে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে বিদায় করেন আরেক পেসার নাহিদ রানা। পরে বাবর আজমকে ১১ রানে সাদমানের ক্যাচে আউট করার পর সৌদ শাকিলকেও ফেরান তিনি।

৮১ রানের মধ্যে ৬ উইকেট হারানো পাকিস্তানকে এরপর টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। সপ্তম উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ফেলেন তারা। ১৩৬ রানের মাথায় রিজওয়ান ফিরলে ভাঙে এই জুটি। হাসান মাহমুদের বলে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭৩ বলে ৪৩ রান করেন রিজওয়ান।

এরপর সালমান ছাড়া আর কোনো পাকিস্তানি বিশেষজ্ঞ ব্যাটার ছিলেন না। রিজওয়ানকে শিকার করেই ক্ষান্ত হননি হাসান, মুখোমুখি হওয়া প্রথম বলেই মোহাম্মদ আলিকে ফেরান তিনি। পরের দুই ব্যাটার আবরার আহমেদ ও মির হামজাও সালমানকে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি। তাতে ১৭২ রানেই অলআউট হয় পাকিস্তান। সালমান অপরাজিত থাকেন ৪৭ রানে।

গতকাল শেষ বিকেলে ২ উইকেট নেওয়া পেসার হাসান আজ নেন আরও ৩ উইকেট। টেস্টে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। আজ বল হাতে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। তরুণ এই পেসার তুলে নিয়েছেন পাকিস্তানের চারটি গুরুত্বপূর্ণ উইকেট। ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং। বাকি উইকেটটি তাসকিন আহমেদের। টেস্টে এই প্রথম প্রতিপক্ষের ১০ উইকেটের সবগুলো নিলেন বাংলাদেশের পেসাররা।

 




পররাষ্ট্রস‌চিবের রুটিন দায়িত্বে খুরশেদ আলম

চন্দ্রদ্বীপ নিউজ :: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে পররাষ্ট্রসচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

 সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পররাষ্ট্রসচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের দায়িত্বভার ত্যাগের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান (সচিবের পদমর্যাদায়) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দৈনন্দিন বা জরুরি সরকারি কার্যাদি সম্পাদন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।