পিরোজপুরের সাবেক এসপি–ওসিসহ ৪ পুলিশের নামে ছাত্রদল নেতার মামলা

বরিশাল অফিস ::বেআইনিভাবে থানায় ৩৮ ঘণ্টা আটকে রেখে নির্যাতনের পর অস্ত্র দিয়ে এক ছাত্রদল নেতার নামে মামলা দেওয়ার অভিযোগে পিরোজপুরের সাবেক পুলিশ সুপার মো. শফিউর রহমান, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেনসহ ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

বুধবার দুপুরে শুনানি শেষে বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

গত ২৮ আগস্ট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়েরের পর শুনানি শেষে আজ দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহা. হেলাল উদ্দিন এ আদেশ দেন।

মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন– সদর থানার সাবেক সেকেন্ড অফিসার উপ–পরিদর্শক মো. মনিরুল ইসলাম ও ইন্সপেক্টর মো. জুলফিকার আলী। এছাড়া আরও ৪-৫ জনকে এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে কুমার উল্লেখ করেন, গত বছর ৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুর পৌরসভাধীন উত্তর কৃষ্ণনগর বাড়ির সামনের রাস্তার ওপর থেকে সাদা পোশাকে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে আটক করে। এরপর রাত ১২টার দিকে তাঁকে টহল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরের দিন ভোরবেলা পুলিশ সদস্যরা হাতকড়া পড়ানোর পর কালো কাপড় দিয়ে তাঁর দুই চোখ বেঁধে ফেলে। এরপর মামলার প্রধান আসামি সদর থানার তৎকালীন ওসি আবির মোহাম্মদ হোসেন থানার গারদের সামনে তাঁকে বেত দিয়ে মারাত্মকভাবে পেটাতে থাকে। ২-৩ মিনিট পেটানোর পর কুমার নিস্তেজ হয়ে পড়লে আবির তাঁকে পা দিয়ে পাড়াতে থাকে। ওই দিন থানায় আটক থাকা সকলকে আদালতে পাঠানো হলেও, কুমারকে থানায় রাখা হয়। এরপর তাঁর কাছে আগ্নেয়াস্ত্র আছে এই ধরনের স্বীকারোক্তি দেওয়ার জন্য আবির তাঁকে চাপ দিতে থাকে। তাতে রাজি না হওয়ায় প্রচন্ড শীতের মধ্য খালি গায়ে থানার গারদের মধ্যে কুমারকে শুইয়ে রাখা হয়। এরপর ওই দিন রাতে পুনরায় হাতকড়া পড়িয়ে চোখ বেঁধে গাড়িতে তুলে তাঁর বাড়ির কাছে একটি কবরস্থানে নিয়ে যায় পুলিশ। এরপর সেখান থেকে একটি অস্ত্র বের করে সেটি কুমারের হাতে ধরিয়ে দিয়ে ছবি তোলে পুলিশ। পরবর্তীতে অস্ত্র আইনে একটি মামলা দিয়ে কুমারকে পরের দিন আদালতে পাঠানো হয়।

কুমার জানান, তাঁকে থানার মধ্যে নির্মমভাবে নির্যাতন করে মিথ্যা মামলায় আসামি করে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘ ৪ মাস কারাভোগের পর তিনি জেল থেকে মুক্তি পেয়েছে। পুলিশের মতো একটি দায়িত্বশীল বাহিনীতে আবিরের মতো অসৎ কর্মকর্তাদের দিয়ে নির্মম নির্যাতনের বিচার পাওয়া জন্য তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কুমারের আইনজীবী আকরাম আলী মোল্লা বলেন, ‘গত ২৭ আগস্ট মামলাটি দায়ের করা হয়েছিল। বুধবার শুনানি শেষে বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। এ মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদী ন্যায় বিচার পাবে।’




রাশিয়ায় মিসাইল সরবরাহ: ইরানের বিরুদ্ধে ৩ দেশের নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ নিউজ :: রাশিয়ায় স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহের অভিযোগে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা করেছে ইউরোপের তিনটি দেশ। এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

বুধবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা ও ইরানের বার্তাসংস্থা ইরনা এ খবর জানায়।

খবরে বলা হয়, রাশিয়ায় স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ করার অভিযোগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করে।

দেশ তিনটির অভিযোগ, রাশিয়াকে স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হবে।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইরান জানায়, রাশিয়াকে এখনো স্বল্প-দূরত্বের মিসাইল সরবরাহ করা হয়নি।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নানই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিকে ‘অর্থনৈতিক সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান্নায়ি বলেছিলেন, ইরান রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের পক্ষে নয়। এ কথা ইরান বার বার বলে এসেছে।

আমরা চাই যুদ্ধের মাধ্যমে নয়, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সমস্যা রাজনৈতিকভাবে হতে হবে বলে ইরান আগেও বলেছে, এখনো বলে আসছে।

রাশিয়ায় স্বল্প দূরত্বের মিসাইল সরবরাহের পক্ষে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের আগে থেকেই ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা অব্যাহত আছে। তারই ভিত্তিতে ইরান রাশিয়াকে স্বল্প দূরত্বের মিসাইল সরবরাহ করেছে।

তিনি পাশ্চাত্যের সমালোচনা করে বলেন, পাশ্চাত্য যে অভিযোগ করছে রাশিয়ার মিসাইল সরবরাহ করার উদ্দেশ্যে ইউক্রেনের বিরোধিতা, তা আসলে সত্যি নয়। এটি একেবারেই ভিত্তিহীন।




জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ শুরু হয়।

প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. ইউনূস। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য ‍উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা দলমত নির্বিশেষ সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য।




গলাচিপায় অজানা রোগে আবারো ৩ জন অসুস্থ – এলাকায় আতঙ্ক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় এক মাদরাসায় ক্লাশ চলাকালিন সময় আবারো তিনজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালীয়া ছালেহিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন নবম শ্রেণির ছাত্র মো: মুশফিকুর রহমান, অস্টম শ্রেণির ছাত্র বায়জিদ ও সাব্বির হোসেন। এ নিয়ে অসুস্থ্যর সংখ্যা ১১জন।

জানা গেছে, ওই মাদরাসায় বুধবার ১০টার দিকে অস্টম শ্রেণির ক্লাসে শিক্ষক মো: সামসুদ্দিন কোরআন মাজিদ পড়ানোর জন্য ক্লাসে প্রবেশ করেন। এ সময় প্রথমে সাব্বিরের মাথা ঘুরে ও চোখ ঝাপসা দেখে শ্রেণি কক্ষে পড়ে যায়। পরে ওই ক্লাসে বায়জিদও মাটিতে পড়ে যায়। অনুরূপ নবম শ্রেণির ছাত্র মো: মুশফিকুর রহমানের একই অবস্থা হয়। তিনজন বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

এতে মঙ্গলবারে মাদরাসার শিক্ষকসহ আটজন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে বুধবার মাদরাসার শিক্ষার্থীদের উপস্থিতি অনেকাংশে কমে যায়। এ ঘটনায় বর্তমানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে বায়জিদের মা উম্মে হানি জানান।

বোয়ালীয়া ছালেহিয়া দাখিল মাদরাসার সুপার মু: জয়নুল আবেদীন জানান, ‘সম্ভাব্য জ্বীন আতঙ্ক বিরাজ করছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরিভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ ব্যাপারে মাধ্যমিক বিদ্যালয়ের উপজেলা শিক্ষা অফিসার রেজাউল কবির জানান, বিষয়টি অবগতি আছি। শিঘ্রই মাদরাসাটি পরিদর্শন করা হবে।




ছাত্রলীগের হামলার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল অফিস :: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরকারি বরিশাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপু‌রে নগরীর সরকারি বরিশাল কলেজের সামনে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট ছাত্রলীগের সন্ত্রাসী সৌরভ ও ইমরানের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমরা এর কোনো বিচার পাইনি, সে সময়ে। সৌরভ ও ইমরানের নেতৃত্বে আমাদের সামনে আমাদের ভাইদের মারা হয়েছে এবং মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। আমরা শিক্ষার্থীরা আইন নিজেদের হাতে তুলে না নিয়ে প্রশাসনের কাছে জানাচ্ছি। আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রশাসনের কাছে, তাদের কাছে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। যদি আমরা এর সুষ্ঠু বিচার না পাই তাহলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব।’

তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও সৌরভ ও ইমরানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী মাহাজাবিন খান আরিশা, লামিয়া আক্তার কান্তা, মাশফি শরীফ, তানভির আহাম্মেদ রাফি, তৌহিদুল ইসলাম, তাইবিন ইসলাম, সাজ্জাদ বিন সাখাওয়াত, জাহিদুল ইসলাম, সোহানুর রহমান সেতু, অদ্রিতা ঘোষসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




নবনিযুক্ত ডিসিদের মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল

চন্দ্রদ্বীপ নিউজ :: অভিযোগ পাওয়ার ভিত্তিতে নতুন নিয়োগ দেওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

আজ বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সিনিয়র সচিব বলেন, ‘নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে ৫১ জন আপাতত দায়িত্ব পালন করবেন। বাকিরা যেখানে ছিলেন, সেখানেই দায়িত্ব পালন করবেন।’ এছাড়া চারজন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে বলেও জানান তিনি।

মোখলেস উর রহমান বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া।’ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব।

যে জেলার ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো- লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর।

ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রদবদলের হিড়িক পড়ে। গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক পদেও আসে পরিবর্তন।

সোমবার ২৫ জেলায় এবং মঙ্গলবার ৩৪ জেলায়, দুই দফায় ৫৯ জন নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এরপর থেকেই এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা।

ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা।




বেক্সিমকো গ্রুপের বিগবসে আগুন

চন্দ্রদ্বীপ নিউজ :: গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস নামের একটি কারখানার গোডাউনে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাশিমপুর থানায় বিগবস নামে একটি ফ্যাক্টরির গোডাউনের পাশের কারখানার আন্দোলনরত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছ। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’




বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন




বরিশালে ১ দিনের ব্যবধানে আবারও একটি গ্রেনেড উদ্ধার

বরিশাল অফিস :: বরিশালে এক দিনের ব্যবধানে আবারও একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এটি উদ্ধারে সেনাবাহিনীর বিস্ফোরক অভিজ্ঞ ইউনিট কাজ করবে বলে জানানো হয়েছে। পুলিশ বলছে, এটি সাউন্ড গ্রেনেড।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি এলাকা থেকে গ্রেনেডটির সন্ধান পাওয়া যায়। এর আগে গত সোমবার একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সকালে ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে তারা বিষয়টি জানাতে পারে। এরপর পুলিশ ফরেস্টার বাড়ি এলাকা ঘিরে রাখে। পরে স্থানীয় পোস্টাল কলোনির দেয়াল ঘেঁষা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পায় পুলিশ। বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে জানানো হলে কিছুক্ষণ পর তারা এসে এলাকাটি ঘিরে রাখে।

পুলিশ কর্মকর্তা নাফিছুর রহমান আরও বলেন, সেনাবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞ টিম এসে এটি নিষ্ক্রিয় করে উদ্ধার করবে। এরই মধ্যে সেনাবাহিনীর টিম ইউনিট গ্রেনেড স্থলে এসেছে। ধারণা করা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান এড়াতে কেউ এটিকে ফেলে গেছে।

এদিকে গোয়েন্দা শাখার বিএমপির উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় ওই এলাকাটিকে ব্যাপক সহিংসতা হয়েছিল। ওই সময় পুলিশ প্রচুর পরিমাণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ধারণা করা হচ্ছে, পুলিশের কাছ থেকে পড়ে যাওয়া অব্যবহৃত সাউন্ড গ্রেনেড এগুলো। তবে পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।




রাষ্ট্র পূণর্গঠনের বার্তা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পটুয়াখালী সফর

পটুয়াখালী প্রতিনিধি :: রাষ্ট্র পূণর্গঠনের বার্তা নিয়ে পটুয়াখালী সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি দল।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহীদদের কবর জিয়ারত শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দেশ পূণর্গঠন, রাষ্ট্র সংস্কার, ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস মোকাবেলায় পটুয়াখালী জেলার সকল উপজেলার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে মত বিনিময় করেন তারা।

মত বিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এমএ সাঈদ সহ ১০ সদস্যের প্রতিনিধি দল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং রাষ্ট্র পূণর্গঠন, সংস্কার ও ঐক্য প্রতিষ্ঠায় তাদের মতামত গ্রহণ করেন।

এসময় সমন্বয়কারীরা দেশ পূণর্গঠনে শিক্ষার্থীদের মাঠে থাকার অনুরোধ জানান। তাদের ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হবার নির্দেশনা দেন।

সমন্বয়করা বলেন, শিক্ষার্থী ও নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে তাদের মতামত বিশ্লেষণ করে দেশ পূর্ণগঠন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রণয়ন করা হবে। এক ফ্যাসিবাদীকে হটানো হয়েছে অন্যকোন ফ্যাসিবাদীকে ক্ষমতায় আনার জন্য নয়। বিকেলে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন তারা।