পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। দিনটি উপলক্ষে অনুষ্ঠিত হয় র‍্যালি ও আলোচনা সভা।

বুধবার সকাল সাড়ে ১০টায় সোনালী ব্যাংক মোড় থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু, জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক এস. এম. শাহাজাদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা, এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভুপেন চন্দ্র মণ্ডল

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা ও তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। একটি দেশ তখনই প্রকৃত অর্থে এগিয়ে যায়, যখন মেয়েরা শিক্ষা, নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ পায়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ উল আলম বলেন, “কন্যাশিশুদের স্বপ্ন পূরণের পথ সুগম করতে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সহযোগিতা দরকার। মেয়েরা এগিয়ে গেলে সমাজ ও দেশ এগিয়ে যাবে।”

সভা সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার

এসময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং নারী উন্নয়ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বেল্লাল মাদবরের মৃত্যুর বিচার দাবিতে মরিচবুনিয়ায় মানববন্ধন

পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে চতুর্থ শ্রেণির কর্মচারী বেল্লাল মাদবরের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সামনে এই মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা মাদ্রাসা চত্বর ঘুরে প্রধান সড়কে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত বেল্লাল মাদবরের স্ত্রী কোলে ছয় মাসের শিশু নিয়ে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানান। তিনি বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, বেল্লালের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়; এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দাবি করেন, ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

প্রসঙ্গত, প্রায় এক মাস আগে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে বেল্লাল মাদবরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও, পরিবার ও এলাকাবাসী শুরু থেকেই হত্যার অভিযোগ করে আসছেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

জেলার দুমকি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতনে তোমায় রাখবো আগলে”— এ প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অলিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক আল-আমিন এবং ইসলামী আন্দোলন দুমকি উপজেলার প্রধান উপদেষ্টা মাহাবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমেদ কবির হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন এবং দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম (সহিদ সরদার) প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভান্ডার। তাঁদের প্রতি শ্রদ্ধা ও যত্নবান হওয়া সামাজিক দায়িত্ব। নতুন প্রজন্ম যদি প্রবীণদের প্রতি দায়িত্বশীল হয়, তবে সমাজ আরও সমৃদ্ধ ও মানবিক হয়ে উঠবে।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিদের ফুল ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে ফানুস উড়িয়ে শেষ হলো প্রবারণা উৎসব

পটুয়াখালী জুড়ে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (৬ অক্টোবর) রাতে কলাপাড়ার নতুনপাড়া বৌদ্ধ বিহারে ফানুস উড়িয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই উৎসবের মূল পর্ব।

রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এ উৎসব উপলক্ষে জেলার বিভিন্ন রাখাইনপল্লী উৎসবের সাজে সেজে ওঠে। কুয়াকাটার রাখাইনপাড়া, মৎস্য বন্দর মহিপুরের কালাচানপাড়া, অমখোলাপাড়া, মিস্রিপাড়া ও নয়াপাড়াসহ পটুয়াখালী জেলার মোট ৩১টি রাখাইন গ্রামে একযোগে শত শত ফানুস উড়িয়ে প্রবারণার সমাপ্তি ঘোষণা করা হয়।

রাতভর চলা এই উৎসবে অংশ নেন রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা। আকাশজুড়ে উড়ন্ত ফানুসের আলোয় উৎসবস্থল রূপ নেয় এক মনোমুগ্ধকর দৃশ্যে। উৎসবের আগে গৌতম বুদ্ধকে স্মরণে প্রজ্জ্বলন করা হয় হাজারো প্রদীপ, যা বৌদ্ধ বিহারজুড়ে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।

উৎসব উপলক্ষে প্রতিটি বৌদ্ধবিহারে ছিল বর্ণিল আলোকসজ্জা, সাজসজ্জা ও ধর্মীয় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে, প্রবারণা উৎসবের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার থেকে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আরেক গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার কঠিন চিবরদান উৎসব, যা এক মাসব্যাপী চলে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ডিসি লেকপাড়কে আকর্ষণীয় করতে জেলা প্রশাসনের উদ্যোগ

বরিশাল নগরীর অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র ডিসি লেকপাড়কে আরও আকর্ষণীয় করে তোলার জন্য জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। লেকপাড়ে নতুন দৃষ্টিনন্দন দেয়াল, বসার স্থান, হাঁটার ট্র্যাক, আধুনিক আলোকসজ্জা ও সবুজায়ন নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে লেকের নিরাপত্তা নিশ্চিত হওয়া ছাড়াও সৌন্দর্য বাড়ানো হবে এবং পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে। একই সঙ্গে বেলস পার্ক ও ডিসি লেককে নগরবাসীর অবসর যাপনের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। নিয়মিত লেকপাড়ে হাঁটতে আসা সুখেন্দু এদবর বলেন, “কাজ শেষ হলে লেকপাড় আরও নিরাপদ ও সুন্দর হবে। পরিবার নিয়ে বিকেল কাটানোর জন্য বরিশালে এমন জায়গা প্রয়োজন।”
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, “ডিসি লেকে নতুন স্থাপনা যোগ হলে এটি শুধু স্থানীয় নয়, বাইরের পর্যটকদেরও আকর্ষণ করবে।”

সাংস্কৃতিক ও সাংবাদিক সমাজের মতে, লেকপাড়কে আধুনিক ও দৃষ্টিনন্দনভাবে গড়ে তোলার মাধ্যমে পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানিয়েছেন, “দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ডিসি লেকপাড়কে দৃষ্টিনন্দন করতে কাজ শুরু করা হয়েছে। পুরো কাজ শেষ হলে নগরবাসী সর্বাধিক সুবিধা পাবেন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে মেধাবী ক্ষুদে ক্রিকেটার রিয়ানের পাশে জেলা প্রশাসক

বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ক্ষুদে ক্রিকেটার রিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন। গত ৫ অক্টোবর নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত “প্রতিদিন ১০ কিলোমিটার হেটে অনুশীলনে যায় রিয়ান” শিরোনামের সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসে।

সোমবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে রিয়ানের জন্য নতুন বাইসাইকেল এবং ক্রিকেট সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, নয়া দিগন্ত পত্রিকার প্রতিবেদক খালিদ সাইফুল্লাহ ও রিয়ানের ক্রিকেট কোচ এজাজ মাহমুদ সুজন

রিয়ান খানের গল্পটি অনুপ্রেরণামূলক। তিনি বরিশাল শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রতিদিন ১০ কিলোমিটার পায়ে হেঁটে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন করতে যায়। ছেঁড়া জুতো, ভাঙা ব্যাট ও সীমিত খরচের মধ্যেও সে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনছেন। তার মা মিনজু বেগম সেলাইয়ের কাজ করে সংসারের খরচ চালান। এক বছর আগে তার বাবা মো. খোকনের ঢাকায় থাকা সিএনজি গাড়ি ছিনতাই হওয়ায় পরিবারের খোঁজ-খবরও কম।

রিয়ান ফাস্ট ফুডের দোকানে দেড় মাস কাজ করে অর্জিত অর্থে কিছু ক্রিকেট সামগ্রী সংগ্রহ করেছেন। বর্তমানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ গ্রুপে কোচিং নিচ্ছেন এবং নিয়মিত ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।

উপহার পেয়ে রিয়ান বলেন, “নয়া দিগন্ত পত্রিকার সংবাদ প্রকাশের ফলে জেলা প্রশাসক বরিশালের সহযোগিতায় আজ আমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আশা করি, এমন মানবিক সংবাদ দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিভাবানদের পাশে দাঁড়াবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




 বরিশালে কাঁচামরিচ ৫০০, সবজি-মাছেও ক্রেতারা হতাশ

গত এক সপ্তাহ ধরে বরিশালে কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৫০০ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছেছে। একই সঙ্গে অন্যান্য সবজি ও মাছের দামও বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা হতাশ।

সোমবার (৬ অক্টোবর) শহরের পোর্ট রোড, বাংলাবাজার, সাগরদী সহ বিভিন্ন পাইকারি সবজির বাজারে দেখা গেছে, বেগুন (লম্বা) ৩৫-৪০ টাকা, বেগুন (গোল) ৫৫-৬০ টাকা, শসা ২৫-৩০ টাকা, বরবটি ৪৫-৫০ টাকা, করলা ৫০-৫৫ টাকা, টমেটো ইন্ডিয়ান ১২০ টাকা, গাজর ইন্ডিয়ান ১০০ টাকা, পটল ৫০-৬০ টাকা এবং লাউ ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে এগুলোর দাম ২০-৩০ টাকা বেশি।

মাছ ও মাংসের বাজারেও দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ২০০-২৮০ টাকা, চিংড়ি ৫৫০-৮৫০ টাকা এবং ভেটকি ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা এবং গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

স্থানীয় ক্রেতারা জানান, “এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এখন পাঁচ জনের সংসারের একদিনের বাজার করা দায়। দুই ধরনের সবজি কিনতেও ৩০০-৩৫০ টাকা খরচ হয়।”

বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের প্রোপাইটর মো. আমিন শুভ জানান, পূজার ছুটির কারণে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে বাজার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে খুচরা বাজারে পাইকারি বাজারের তুলনায় দাম বেশি থাকায় সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আবারও বিসিবি সভাপতি বুলবুল, সহ-সভাপতি ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ২৫ পরিচালক সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করেন। সহ-সভাপতি হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বরিশাল বিভাগের সাখাওয়াত হোসেন।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বুলবুল। এর আগে এনএসসি মনোনীত সভাপতি হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার পূর্ণ মেয়াদে চার বছরের জন্য দায়িত্ব পেলেন সাবেক এই ক্রিকেটার।

নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দেন, যা মোট ভোটের ৭৩.৭১ শতাংশ।

পরিচালক নির্বাচিত হয়েছেন যারা :
চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদীন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন—ইশতিয়াক সাদেক, আদনান রহমান দিপন, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিন, মকসেদুল কামাল, ফয়াজুর রহমান, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম, মেহরাব আলম চৌধুরী ও ইফতেখার রহমান মিঠু।

এছাড়া ক্যাটাগরি ‘সি’ থেকে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হয়েছেন ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়য়াল আশিক।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দুদকের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী খাদিজা আক্তারকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুর রহমান এ আদেশ দেন। এর আগে পরোয়ানার পর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাসুদ করিমের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী সমন্বিত কার্যালয় থেকে মোহাম্মদ আল মাসুদ করিম ও তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দুদকের তদন্তে জানা যায়, মাসুদ করিমের বৈধ আয় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা হলেও তার নামে রয়েছে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ এবং স্ত্রীর নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদ। সব মিলিয়ে দম্পতির অর্জিত সম্পদ ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা, যার মধ্যে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকার উৎস অজানা। এছাড়া তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদক প্রতিবেদনে উল্লেখ করেছে।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, “আদালতে আত্মসমর্পণের পর শুনানি শেষে বিচারক মাসুদ করিমের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তার স্ত্রী খাদিজা আক্তারের জামিন মঞ্জুর করেন।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

“ত্রাণ চাই না, চাই টেকসই বেড়িবাঁধ” এমন স্লোগানে বিষখালি নদীর ভাঙন রোধ ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বরগুনার উপকূলীয় এলাকার শতাধিক মানুষ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন এলাকার বিষখালি নদীর তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন স্থানীয় কৃষক, জেলে, নারী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা প্রতিনিয়ত ঝড়-জলোচ্ছ্বাস ও নদীভাঙনের সঙ্গে লড়াই করছি। সাধারণ জোয়ারেই ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। আমাদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা ত্রাণ নয়, চাই টেকসই বেড়িবাঁধ, যাতে স্থায়ীভাবে রক্ষা পায় জান-মাল।”

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও নদীতে পানির চাপ বৃদ্ধিতে এলাকার ফসলি জমি ও ঘরবাড়ি নদীতে তলিয়ে যাচ্ছে। বিষখালি নদীর পূর্ব-কালমেঘা খাল থেকে বধু ঠাকুরানী ব্লক পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে।

তারা আরও বলেন, “সিডর, আইলা, নার্গিস, মহসেন, মিধিলি, রিমাল—প্রতি বছরই কোনো না কোনো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হই আমরা। অথচ টেকসই বাঁধ নির্মাণে কোনো পদক্ষেপ নেওয়া হয় না।”

স্থানীয়রা সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫