পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

বরিশাল অফিস :: পিরোজপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ও কেন্দ্রীয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

সোমবার দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা শুরু হলে জেলার দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন– বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রেদওয়ান আহম্মেদ (২২), শিক্ষার্থী স্বাধীন (২০), শিক্ষার্থী মাশরাফি। এছাড়া বাকি দুইজন আহত শিক্ষার্থীর নাম জানা যায়নি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী আসমা আরা মিতু জানান, ‘গত ৫ আগস্ট আমাদের আন্দোলনের পরে যখন বিজয় আসছে তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। সেই থেকে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছ। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’




বাউফলে শিক্ষার্থীদের হাতে হেনস্তার ভয়ে বিদ্যালয়ে যাচ্ছেন না প্রধান শিক্ষক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন। গত দুইদিন ধরে তিনি অনুপস্থিত রয়েছেন বিদ্যালয়ে। তাকে জোর করে পদত্যাগ করাতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক মো. ইউসুফ কিছু শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে আন্দোলনের ইন্ধন দিচ্ছেন।

সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিদ্যালয়ে প্রবেশ করে কয়েকটি শ্রেণি কক্ষ ভাঙচুর করে। এরপর মিছিলটি কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের গেট ভেঙে শ্রেণি কক্ষে ঢুকে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে আবারও মিছিল বের করে।

শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ, তার অবহেলায় গত ১২ মে বিদ্যুতায়িত হয়ে বেল্লাল হোসেন নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছে।

গেট ভাঙার ঘটনা স্বীকার করে কালাইয়া হায়াতুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বলেন, ‘বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’

এদিকে আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগ অস্বীকার করে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. ইউসুফ সাংবাদিকদের কাছে বলেন, ‘শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক। প্রধান শিক্ষক পকেট কমিটি দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছেন।’

তবে সিনিয়র সহকারী শিক্ষক মো. ইউসুফকে দায়ী করে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার রায় বলেন, ‘বিদ্যালয়ের ১৭জন সহকারী শিক্ষকের মধ্যে ১৬ জন শিক্ষকই প্রধান শিক্ষকের পক্ষে। একজন সিনিয়র শিক্ষক হিসেবে তিনি (মো. ইউসুফ) যা করতেছেন তা মোটেই কাম্য না।’

প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বলেন, ‘আমার বিরুদ্ধে যদি অনিয়মের কোনো অভিযোগ থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করুক। বেল্লাল বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনায় আমার কোনো দায় ছিল না। কারণ বিদ্যালয়ের মেইন গেটের সামনে স্থানীয় প্রভাবশালীরা দোকান ঘর ভাড়া দিয়েছেন। আমার কোনো প্রকার অনুমতি না নিয়েই স্কুলের ছাদে ডিশ এ্যান্টেনা বসিয়েছে। স্কুল চলাকালীন ছাদে উঠে ওই এ্যান্টেনার বিদ্যুৎ সংযোগ কৌতূহল বশত বেল্লাল ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এতে আমার দায় কোথায়। এরপরও বেল্লালের দাফনসহ সকল কাজ সম্পন্ন করার জন্য বিদ্যালয় থেকে তার পরিবারকে ৩০ হাজার ৫শ’ টাকা দেয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, কোনো শিক্ষককে হেনস্তা করার সুযোগ নেই। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।’




আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

বরিশাল অফিস :: হোটেল কর্মচারী মো. সিয়াম সরদার হত্যা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।

মিরপুর মডেল থানায় এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গতকাল রাত ১১টায় বেইলী রোডের নওরতন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। আর রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

নিহত সিয়াম সরদারের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর ১১৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি হলেন আসাদুজ্জামান নূর। তবে মাহবুব আলাীর নাম এজাহারে নেই। তাকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, মনির হোসেন, আওয়ামী লীগ নেতা মাইনুল হোসেন খান নিখিল ও কামাল আহমেদ মজুমদার।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০ এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্বিচারে গুলি করে। এ সময় সিয়াম সরদার হোটেলের কাজ শেষে বাসায় ফিরছিলেন। তখন গুলিবিদ্ধ হয়ে সিয়াম মারা যান।




ভোলায় অভিযানে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

বরিশাল অফিস :: ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে যৌথ বা‌হিনীর অভিযা‌নে বিপুল প‌রিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ‌মিয়াজি ও তার ছেলে মিরাজসহ সাতজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) এ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তা‌দের আটক করা হয়।

আটক ইউপি সদস্য মিজানুর রহমান চরসামাইয়া ইউনিয়ন যুবলীগ ও ও তার ছেলে মিরাজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড দ‌ক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপা‌রেশন) লে. কমান্ডার সালাউদ্দিন র‌শিদ তানভীর প্রেস ব্রিফিংয়ে জানান, বেশ কিছু‌দিন ধ‌রে চরসামাইয়া ইউনিয়নে মিজানুর রহমান মিয়াজীর নেতৃ‌ত্বে এক‌টি সন্ত্রাসী দল স্থানীয়‌দের জি‌ম্মি ক‌রে চাঁদাবাজি, জ‌মি দখলসহ বি‌ভিন্ন অপকর্ম প‌রিচালনা ক‌রে আস‌ছিল। বিষয়‌টি কোস্টগার্ডকে ভু‌ক্ত‌ভো‌গীরা জানালে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রাত ৩টার দি‌কে কোস্টগার্ড, নৌবা‌হিনী ও পু‌লিশ সদস্যরা অভিযান চা‌লি‌য়ে মিজানুর রহমান মিয়াজী ও তার সহ‌যোগীসহ ৭ জন‌কে ২৫ টি দেশীয় অস্ত্র এবং ৮‌টি কা‌ঠের বাটামসহ আটক করে। তাদের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহ‌ণের জন্য ভোলা সদর ম‌ডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




জাতিসংঘের তথ্যানুসন্ধান দল এক মাস দেশে থাকবে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে এক মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরসহ দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র  জানিয়েছে, আট সদস্যের তথ্যানুসন্ধান দলের দুজন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আরও তিনজন সদস্য। মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। তথ্যানুসন্ধান দলের অন্য সদস্যরাও আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় চলে আসবেন।

প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বাংলাদেশে চার সপ্তাহ অবস্থান করবে। তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েক দিন তারা থাকতে পারে। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয় প্রথম আলোকে নিশ্চিত করেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, তথ্যানুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে।




পটুয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুট

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলায় এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাউকাঠি বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী মো. রহমত মিয়া। তিনি এ ঘটনায় পটুয়াখালীর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন।

রহমত মিয়া জানান, তার বাবার জমিতে তিনি ও তার ছোট ভাই বাড়ি বানিয়েছিলেন। জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রোববার ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা চালায়।

এসময় ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অভিযুক্তরা। পরে ভেকু মেশিন দিয়ে রহমত মিয়া ও তার ছোট ভাইয়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। আদালত ওই মামলায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, তারপরও এই হামলার ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, হামলার অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।




সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার রিমান্ড চেয়ে সোমবার আদালতে পাঠানো হবে।

মাহবুব আলী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের টিকিটে ২০১৪ সাল থেকে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনে নৌকা নিয়েও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) কাছে হেরে যান মাহবুব আলী।




আজ টিভিতে যেসব খেলা দেখবেন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দিনের বড় খেলাগুলোর মাঝে চোখ রাখতে পারেন এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি হকিতে। সেমিফাইনালে পাকিস্তান চীনের ও ভারত দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আজ।

ক্রিকেট
নারী টি-টোয়েন্টি
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
রাত ৮টা, পিটিভি স্পোর্টস

হকি
এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফি
মালয়েশিয়া-জাপান
বেলা ১১টা, সনি স্পোর্টস ১

পাকিস্তান-চীন
বেলা ১-৩০ মি., সনি স্পোর্টস ১

ভারত-দক্ষিণ কোরিয়া
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১

ফুটবল
ইন্ডিয়ান সুপার লিগ
মোহামেডান-নর্থইস্ট
রাত ৮টা, স্পোর্টস ১৮-১




নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার— ড. ইফতেখারুজ্জামান

চন্দ্রদ্বীপ ডেস্ক: টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমদের নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। রাজনৈতিক বিভাজনের কারণে আমাদের রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ হয়েছে। প্রতিষ্ঠানগুলো অকার্যকর করে দেওয়া হয়েছে, সেগুলোকে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই চর্চায় ত্রিমুখী আঁতাত কাজ করেছে। রাজনৈতিক শক্তি একদিক থেকে, আমলাতন্ত্র আরেকদিক দিক থেকে। অন্যদিক থেকে বিনিয়োগকারীরা কাজ করেছেন। দুর্নীতি সহায়ক ও দুর্নীতিকে সুরক্ষা দেওয়ার মতো রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে। যার ফলে সমাজে বৈষম্য বেড়েছে। সেটাকে ধারণ করার জন্য আমাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষমতাকে প্রশ্ন করার পাশাপাশি জনগণকে কারো না কারো প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এতবছর ধরে ফ্যাসিস্ট সরকার থাকার একটা প্রভাব আমাদের মধ্যে রয়েছে। আমরা এখন ক্ষমতাকে ভয় পাই। সবাই মনে করে, ক্ষমতায় যে যায়, সে রাবণ হয়। আমাদের মধ্যে এ চিন্তা আছে। এ কারণে আমরা বার বার বলছি, ‘অতীতের অভিজ্ঞতা, যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ডিরেইল হয়েছে’। এখন আমরা যদি সবকিছুকে এভাবে রিজেক্ট করি, তাহলে আমরা এই সংকট উত্তরণ করতে পারব না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘জনগণের ভাষা যেটা লড়াই ও প্রতিরোধের মাধ্যমে তৈরি হয়েছে সেটাকে আমরা ক্ষমতায় আসতে দেখিনি। আমাদের রাজনৈতিক দল থেকে পরিবারতন্ত্র সরাতে হবে। জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ আকাঙ্ক্ষার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটি রূপান্তর করতে হবে। এ রূপান্তর কোনো মাইনাস প্রক্রিয়া না।আমরা দেশের রাজনৈতিক দলগুলোতে রূপান্তর দেখতে চাই। আমরা এ বোঝাপড়া করতে চাই, সবার সঙ্গে বসতে চাই।




ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না মোদি?