মাছ ধরে বাড়ি ফেরা হলো না নলছিটি আজিজের

বরিশাল অফিস :: ঝালকাঠির নলছিটিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আবদুল আজিজ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার খাওক্ষীর গ্রামের একটি ধান খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই হাতে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল পাওয়া যায়। তিনি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষীর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে আসরের নামাজের পরে আবদুল আজিজ মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর বাড়ি না ফিরলে সারা রাত তাঁকে খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার সকালে এলাকার শামীম হাওলাদারের বাড়ির সামনে একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার বাম পায়ের তালু সম্পূর্ণ পোড়া ছিল। ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়েই তিনি মারা গিয়েছেন।

এলাকার দফাদার মামুন হাওলাদার জানান, রোববার দুপুর সাড়ে ৩টার দিকে ভারী বর্ষণের ফলে গাছ উপড়ে পড়ে এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বেশ কিছু পরিবারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। যে স্থানে তার ছিঁড়ে পড়েছিল সেই জায়গা থেকেই সোমবার সকালে আজিজ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 




কুয়াকাটায় মেছো বিড়াল উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় একটি মেছো বিড়াল উদ্ধার করেছে এনিম্যাল লাভার অব পটুয়াখালীর সদস্যরা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নের মিশ্রি পাড়া এলাকা থেকে ওই বিড়ালটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর বিড়ালটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসলে একনজর দেখতে ভিড় করে পর্যটকসহ স্থানীয়রা।

এনিম্যাল লাভার অব পটুয়াখালীর সদস্য কেএম বাচ্চু বলেন, দুপুরে কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নের মিশ্রি পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়। পরে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

এনিম্যাল লাভারের সদস্যরা ও স্থানীয়রা জানান, বিড়ালটি উপকারী তাই প্রাণীটি হত্যা না করে প্রাণী কল্যাণ সংগঠনের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে।




বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৭ নদীর পানি

বরিশাল অফিস :: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নেপ টাইডের (অমাবস্যা এবং পূর্ণিমার মাঝামাঝি সময়) প্রভাবে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ ৭টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। যে কারণে নতুন করে পানি ঢুকে পড়ছে বিভিন্ন এলাকায়।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের জল অনুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিভাগের গুরুত্বপূর্ণ নদীগুলোর ১২টি পয়েন্টের মধ্যে ৮টি নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদী গুলোর পানিও বিপৎসীমার কাছাকাছি।

এর মধ্যে বিষখালী নদীর পানি ঝালকাঠি সদর উপজেলা পয়েন্টে ৬ সেন্টিমিটার ওপর দিয়ে, বরগুনা সদর উপজেলা পয়েন্টে ৬ সেন্টিমিটার, পাথরঘাটা উপজেলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার, বেতাগী উপজেলা পয়েন্টে  ১৩ সেন্টিমিটার, ভোলা জেলায় মেঘনা নদীর দৌলতখান উপজেলা পয়েন্টে ১ সেন্টিমিটার, তজুমদ্দিন উপজেলা পয়েন্টে ৬৭ সেন্টিমিটার, পিরোজপুর সদর উপজেলার বলেশ্বর নদীর পানি ১১ সেন্টিমিটার ও উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে ভোলা খেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদী, বরিশালের কীর্তনখোলা, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পয়েন্টে পায়রা এবং বরগুনার আমতলী উপজেলা পয়েন্টে বুড়িশ্বর নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে।

তাজুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পায়। আশা করা যাচ্ছে অল্প কয়েক দিনের মধ্যে পানি স্বাভাবিক স্তরে চলে আসবে। পানি বৃদ্ধিতে বেড়িবাঁধ, মাছের ঘের, ফসলের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে।

 




জীবনের নতুন অধ্যায়ের স্বীকৃতি পেলেন আশরাফুল




‘স্বাধীন দেশে জনগণের ওপর মারণাস্ত্র ব্যবহার বন্ধ করতে চাই’

চন্দ্রদ্বীপ নিউজ :: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘এই হাসপাতালে আমি যুদ্ধের পর একবার এসেছিলাম। তখন অবস্থাটা দেখেছি। তখন অন্তত তো বলা যেত পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের লোকদের আক্রমণ করেছে। এখন তো সেই সান্ত্বনার জায়গাটুকুও নাই। এখন যারা করেছে, তারা তো আমাদের দেশেরই মানুষ। শুধু পুলিশ বা বিভিন্ন বাহিনী যে আহত করেছে তা নয়, এখানে এক ছাত্রকে দেখলাম কুপিয়েছে। এটা বন্ধ হতে হবে। এটা চলতে দেওয়া যায় না। আমরা স্বাধীন দেশে জনগণের ওপর মারণাস্ত্র ব্যবহার বন্ধ করতে চাই। এটার যেন পুনরাবৃত্তি না ঘটে।’

রবিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন ফাওজুল কবির খান।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেন, ‘আমরা যখন ছাত্র ছিলাম, তখন দেখতাম আন্দোলনে গেলে পুলিশ লাঠিপেটা করত। এখন লাঠিপেটা করে না, গুলি করে। যেন মারা যায় বা পঙ্গু হয়ে যায়। একটা স্বাধীন দেশে এটা আশা করা যায় না।’

তিনি বলেন, ‘আহত ও নিহতের পরিবারকে পুনর্বাসন করাই আমাদের কাজ, বর্তমান সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এখানে দেখলাম সব শ্রেণিপেশার মানুষ আছে। বিশ্ববিদ্যালয়ের, কলেজের, মাদ্রাসার ছাত্র আছে। শ্রমিক আছে। একটা স্কুলের ছাত্রও দেখলাম, ছয় বছর বয়সের।’

সবাই সুচিকিৎসা পাচ্ছেন জানিয়ে ফাওজুল কবির খান বলেন, ‘আমি প্রত্যেককে জিজ্ঞাসা করেছি তারা সুচিকিৎসা পাচ্ছে কিনা? সবাই বলেছেন বিনামূল্যে এবং প্রকৃত চিকিৎসা পাচ্ছেন। কিছু মানুষ আছেন দিনমজুর, তাদের আয় বন্ধ হয়ে গেছে। সংসার চালানোর খরচ পাচ্ছে না। আমি পরিচালক মহোদয়কে বলেছি যাদের অর্থ সহায়তা দরকার তাদের একটা তালিকা দেওয়ার জন্য। সেটা আমরা হয়তো ব্যক্তিপর্যায়ে অনুরোধ করে কিংবা সরকারের অন্যান্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করে করব।’




আবহাওয়া বার্তায় দুঃসংবাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিনের বর্ষণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এর মধ্যে ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় বিরাজমান রয়েছে। এটি পশ্চিম- উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে l

এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, স্থল গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছ। সেইসঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
 
এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস আশঙ্কা করছে, সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
 
দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
 
এদিকে কয়েক দিনের গরমের পর ঝড়বৃষ্টি হওয়ায় প্রকৃতিতে কিছুটা ঠান্ডা বিরাজ করছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা আবারও বাড়তে পারে।
 
নীলফামারীর সৈয়দপুরে রোববার (১৫ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।
 
আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আজ সোমবার দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ রাত এবং আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।   
 



বরিশালে ফরচুন সুজে শ্রমিকদের বিক্ষোভ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

বরিশাল অফিস :: বরিশাল বিসিক শিল্প নগরী এলাকার ফরচুন সুজের কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগস্ট মাসের বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

বিকালে সেনাবাহিনীর লে.কর্নেল আল-আমিনের নেতৃত্বে বৈঠকে বসেন ফ্যাক্টরির কর্মকর্তারা। এ সময় আগামীকাল (১৭ আগস্ট) বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে বিক্ষোভরত শ্রমিকরা। তবে তারা জানান, আগামীকাল বেতন না পেলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

শ্রমিক ইউসুফ বলেন, বেতন না পাওয়ায় আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। এ জন্য সব শ্রমিকরা আন্দোলন করছি।

মিরাজ হোসেন নামের আরেক শ্রমিক জানান, তারা প্রতি মাসের ১০ তারিখ বেতন পেয়ে থাকেন। ১৬ সেপ্টেম্বরের মধ্যেও তাদের বেতন পরিশোধ করা হয়নি। এ জন্য বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন তারা।




গাজায় নতুন করে প্রাণ হারালেন ২০ জন

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: ইসরায়েলি হামলায় গাজায় নতুন করে প্রাণ হারিয়েছেন ২০ জন। তাদের মধ্যে দশজন নিহত হয়েছেন নুসিরাত ক্যাম্পে। অন্য দশজন মারা গেছেন গাজা শহরের জেইতুন ও শেখ রাদওয়ান এলাকায়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪১৩ জন।

এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবসহ মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়।

এ ঘটনার পর হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।




কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর মিছিলে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

বরিশাল অফিস :: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবীর মিছিল ঘিরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কমপক্ষে ২০ জন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মীর মিলন। তিনি একই এলাকার জাবু মীরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জুসনে জুলুশ মিছিল নিয়ে আসার সময় মিছিলকারীদের কিছু লোক ছয়সূতী বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম-ওলামা পরিষদের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে আলেম-ওলামা পরিষদের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, উভয় পক্ষকে শান্ত করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে মারা গেছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




ঝালকাঠিতে চোর সন্দেহে মারধর, যুবকের মৃত্যু

বরিশাল অফিস ::ঝালকাঠির নলছিটিতে গরু চোর সন্দেহে রাজ্জাক খান (৩০) নামে এক যুবক পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরের দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালীর পশ্চিম চর এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত রাজ্জাক খান নলছিটি উপজেলার ঢাপর গ্রামের শাহজাহান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে ট্রলার নিয়ে একদল গরু চোর কুমারখালী পশ্চিম চর এলাকায় সুগন্ধা নদীর তীরে আসে। একটি বাড়ি থেকে গরু চুরি করা হচ্ছে  বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চোরদের ধাওয়া করেন। এসময় রাজ্জাক খানকে স্থানীয় লোকজন আটক করে মারধর করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের স্ত্রী পাখি বেগম জানান, তার স্বামী চোর নয়। তিনি বরিশালের কালিজিরা এলাকায় শ্রমিকের কাজ করতেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দুটি সন্তান রয়েছে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, ঘটনাস্থল থেকে এক জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।