১ দফা দাবিতে পটুয়াখালীতে নার্সদের অবস্থান কর্মসূচি

পটুয়াখালী প্রতিনিধি :: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট এবং রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ, এসব পদে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সগন কর্ম বিরতি নিয়ে জরুরি বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ব্লক ই এর সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় বক্তব্য রাখেন এসিস্ট্যন্ট নার্সিং সুপার ভাইজার মোসা আয়শা বেগম, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা শরীফ, সিনিয়র স্টাফ নার্স মাখনূন প্রমুখ বক্তারা বলেন, প্রতিটি চিকিৎসাকেন্দ্রে নার্সগন জীবনের ঝুঁকি নিয়ে দিনভর রোগীদের সেবা দেন। কিন্তু নার্সদের বিষয়ে বলার মত কেউ নেই।

নার্সদের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রয়েছে কিন্তু সেখানে নন নার্সগন দায়িত্বে রয়েছেন এবং ব্যবসা কেন্দ্র খুলে বসেছেন। এর প্রতিকারে মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ এবং এসব পদে নার্সদের পদায়নের দাবি জানান তারা।




শেখ হাসিনার ভারতেই থাকা উচিত : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট




পিটিয়ে মারার ঘটনায় মামলা করেছে ঢাবি প্রশাসন

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগে শাহবাগ থানায় হত্যা মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এজাহার দিয়েছে, সে অনুযায়ী হত্যা মামলা করা হয়েছে। তবে আসামি অজ্ঞাতনামা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে ফজলুল হক হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবিরকে।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের কমিটির কাছে তথ্য দিয়ে সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে।

থানার ওসি মনসুর জানান, ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কিনা তদন্তের পরে বিষয়টি বোঝা যাবে। কারণ তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয়।




সেনাবাহিনীকে সবখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সমীচীন হবে না: ফখরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক : সেনাবাহিনীকে সবখানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সমীচীন হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং সহায়তা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে মানে অন্যরা কাজ করছে না। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেসব এলাকায় দেওয়া প্রয়োজন যেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করছেন, সেসব এলাকায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সমস্যা তৈরি করা সমীচীন ও বুদ্ধিমানের কাজ হবে না। বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারকে বিবেচনা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদী হাসিনার সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমরা ১৬ বছরে অনেক অন্যায়-জুলুমের শিকার হয়েছি ও ত্যাগ শিকার করছি। আমরা সবাই অনেক আশাবাদী হয়ে আছি অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে দেশের এমন একটি পরিবশে তৈরি করবেন, যেখানে সুস্থ উপায়ে ও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। সেই নির্বাচনে জনগণের একটি পার্লামেন্ট তৈরি করবেন।

‘সবদিক চিন্তা করে সামনে যেন সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও পার্লামেন্ট হয়, আর যেন মানুষের প্রতি অন্যায় অত্যাচার না হয়। ছোট ছোট শিশুদের গুলি করে হত্যা ‍করা না হয়, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। বিষয়গুলো নিশ্চিত করার জন্য যার যার সঙ্গে কথা বলা ও যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বলেন ফখরুল।

এর আগে অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে বিএনপি মহাসচিব বলেন, ৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে। ২০২৪ সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে। ছাত্র আন্দোলনে ঠাকুরগাঁওয়ে চারজন শহীদ ও হাজারও মানুষ আহত হয়েছেন। স্বৈরাচার হাসিনার আমলে ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে। সাত শর বেশি মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়া তারেক রহমানসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করা হয়েছে। তাদের আমলে ঠাকুরগাঁওয়ে নয়জনকে হত্যা করেছে।




হাসান মাহমুদ ঝড়ে ভালো অবস্থানে বাংলাদেশ, ৬ উইকেট হারাল ভারত

চন্দ্রদ্বীপ নিউজ: হাসান মাহমুদের চার ধাক্কার পর নাহিদ রানা ও মেহেদী মিরাজ পরপর উইকেট নিয়েছেন। রানার ১৪৮ গতির গোলায় ফিফটি করে আউট হন জশস্বী জয়সোয়াল। তিনি ৫৬ রান করেন। পরের ওভারে কেএল রাহুল ১৬ রান করে মিরাজের বলে আউট হন।

ভারত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা ও রবিশচন্দন অশ্বিন।

টস জয় বাংলাদেশের: চেন্নাই টেস্টে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। একাদশে নিয়েছেন তিন পেসার। ভারতের একাদশেও তিন পেসার।

সাদমান-ঋষভ একাদশে: বাংলাদেশ একাদশে রেখেছে ওপেনার সাদমান ইসলামকে। নিয়মিত ওপেনার মাহমুদুল জয় পাকিস্তান সিরিজে ইনজুরিতে থাকায় খেলতে পারেননি। তার জায়গায় ঢুকে সাদমান ভালো খেলে একাদশে জায়গা করে নিয়েছেন।

ভারত ঋষভ পান্ত ও কেএল রাহুলকে একাদশে রেখেছে। পান্ত ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেন। এরপর সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হওয়ার পর এবারই প্রথম টেস্টে ফিরলেন। ইনজুরির কারণে রাহুলও সর্বশেষ সিরিজে খেলতে পারেননি।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা, জশস্বী জয়সোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দ্বীপ ও মোহাম্মদ সিরাজ।




বরিশালে খাল পরিষ্কারে অভিযান শুরু

 

বরিশাল অফিস :: বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে জেল খালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় মড়কখোলার পুল এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।

পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুলকলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী দীপ্ত কুমার দে বলেন, জেল খাল হচ্ছে নগরীর ধমনি। কিন্তু এলাকাবাসীর ময়লা ফেলা এবং সিটি করপোরেশন সঠিকভাবে পরিষ্কার না করাসহ দখল দূষণে খালটি মৃতপ্রায়। জেলা প্রশাসনের আহ্বানে আজ আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছি। নগরী পরিচ্ছন্ন রাখলে আমরাও ভালো থাকবো।

স্কাউটস বরিশাল জেলা রোভোরের সহকারী কমিশনার কিশোর চন্দ্র বালা বলেন, ২০১৭ সালের ৩ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসনের আহ্বানে জেল খাল পরিচ্ছন্নতা অভিযানসহ সব খাল উদ্ধার অভিযানে সম্পৃক্ত ছিলাম। নানা প্রেক্ষাপটের কারণে সেই কাজটি স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু বরিশালের মানুষের দুর্ভোগ চলছিলই। দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন পুনরায় খাল উদ্ধারে কাজ শুরু করেছে। বাংলাদেশ স্কাউটস ও জেলা রোভার সেবার মানসিকতা নিয়ে এই মহৎ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এবারের অগ্রযাত্রা থেকে আমরা প্রত্যাশা করবো এটি যেন শুধু পরিচ্ছন্নতা অভিযানেই সীমাবদ্ধ না থেকে স্থায়ী পরিকল্পনা করে খাল উদ্ধার ও পুনঃখনন করে জনগণের দুর্দশা লাঘব করা হয়।

বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, আজ আমাদের সংগঠনের শতাধিক কর্মী সরাসরি অংশ নিয়ে খাল পরিচ্ছন্ন করছে। আমি সবাইকে বলতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে হবে পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম বলেন, পরিচ্ছন্নতার এই অভিযান নিয়ে আশা-হতাশার কিছু বলবো না। ২০০৮ সাল থেকে বিভিন্ন সময়ে খাল পরিচ্ছন্ন, পুনরুদ্ধার ও খননের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেসবের কোনো সুফল নগরবাসী পাননি। কারণ সেই উদ্যোগগুলো পরিকল্পিত হয়নি। আমরা শুরু থেকেই দাবি করে আসছিলাম খালগুলোর সীমানা নির্ধারণ করা, অবৈধ দখলদার উচ্ছেদ করা এবং খনন করার। জেলা প্রশাসন এবার যে উদ্যোগ নিয়েছে এটি ইতিবাচক হোক এই প্রত্যাশা করি। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে যেন তারা ময়লা-আবর্জনা ফেলে খালগুলোকে ভরাট ও দখল করে না ফেলেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট লিংকন বায়েন বলেন, বিগত দিনে খাল উদ্ধারে বড় আয়োজন করা হয়েছিল। সব মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। তখন মানুষের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূরণ হয়নি। আজকেও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি শুধু পরিচ্ছন্ন অভিযান চালালেই চলবে না, খালটি পুনরুদ্ধার, খনন করে যদি পূর্বের রূপে ফিরিয়ে নেওয়া হয় তাহলেই বরিশালবাসীর আকাঙ্ক্ষা পূরণ হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. খুরশিদ আলম বলেন, নবনিযুক্ত জেলা প্রশাসক একটি ভালো উদ্যোগ নিয়েছেন। বরিশালের সামাজিক, সাংস্কৃতিকসহ সব স্তরের ব্যক্তিরা তাতে সম্পৃক্ত হয়েছেন। গত সপ্তাহে শহরে যে জলাবদ্ধতা দেখলাম, তা নিরসন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খালগুলো সংস্কার করা। খালগুলোর পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পারলে জলাবদ্ধতা নিরসন হবে।

তিনি বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার সব ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এখন রাজনৈতিক চাপমুক্ত অবস্থায় বরিশালের খালগুলোকে উদ্ধার করে পানি প্রবাহ ফিরিয়ে দেওয়া হবে।

বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, আমি ১২ সেপ্টেম্বর বরিশালে আসার পরে দেখলাম শহরে প্রচণ্ড জলাবদ্ধতা। সবার সঙ্গে কথা বলে জানলাম শহরের মধ্যে প্রবাহিত খালগুলো অপরিচ্ছন্ন থাকায় পানি কীর্তনখোলায় নামতে পারে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমিত পরিসরে জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে আজ জেল খালের মড়কখোলার পুল এলাকা থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলন আমাদের যে পথ দেখিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা সেই চেতনা ধারণ করে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছি। এখন সবার সহায়তায় ধান-নদী-খাল এই তিনে বরিশালের পুরানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।




সময়ের অপেক্ষা, আইনি লড়াইয়ে নামবেন আওয়ামী আইনজীবীরা




এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়

চন্দ্রদ্বীপ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র বলছে, এবারের এইচএসসির ফলাফল নিয়ে শিক্ষার্থীরা বেশি উদ্বিগ্ন। সে জন্য দ্রুত ফল প্রকাশে কাজ করছেন তারা।

জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে, তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দফতরে পাঠানো হয়েছে। পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়। উপদেষ্টা অনুমোদন দিলে তা চূড়ান্ত করা হবে। আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে।


প্রস্তাবনা অনুমোদন হয়ে গেলে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কখন হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত হলে অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।’

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সবশেষ নতুন তারিখ নির্ধারণ করা হয় গত ১১ আগস্ট। এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০ আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে বিক্ষোভ করেন তারা। পরবর্তী সময়ে এসব পরীক্ষা বাতিল করা হয়।



ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ




দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের তিন বিভাগের অধিকাংশ স্থানে আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সব স্টেশনের মধ্যে মাত্র একটিতে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পরিমাণ এক মিলিমিটার, চট্টগ্রামে। আগের ২৪ ঘণ্টায় ৫টি স্টেশনে বৃষ্টি হয়েছিল।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং উত্তরাঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধাবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে রোববারের দিকে। তবে তা এখনো নিশ্চিত নয়। এখনকার আবহাওয়ার যেমন গতিপ্রকৃতি, তাতে দ্রুতই লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আবার শুধু লঘুচাপ হয়েই তা শেষ হয়ে যেতে পারে। লঘুচাপ সৃষ্টির বিষয়টি তাই এখনো নিশ্চিত নয়।

প্রসঙ্গত, টানা প্রায় সাত দিন প্রচণ্ড গরমের পর ১২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বৃষ্টি শুরু হয়। এ সময় সাগরে গভীর নিম্নচাপের প্রভাবেই এ বৃষ্টি হয় দেশজুড়ে। তবে বেশি বৃষ্টি হয়েছে কক্সবাজারসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। এসব এলাকার কোথাও কোথাও বন্যাও দেখা দেয় সাময়িকভাবে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। অবশ্য মঙ্গলবার এ সংকেত নামিয়ে নেওয়া