জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি অর্জন করলেন বরিশালের তরুণ স্বেচ্ছাসেবী মো: সিফাত ই মঞ্জুর রোমান। রাজধানীর মালিবাগের ফোর-স্টার হোটেল স্কাই সিটি-তে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫।
সামাজিক পরিবর্তন, স্বেচ্ছাসেবক নেতৃত্ব এবং তরুণদের সমাজ উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান তিনি। সিফাত প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা, যা দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কার্যক্রম, পরিবেশ সচেতনতা এবং সমাজ উন্নয়নকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃতি ব্যক্তিত্ব, সমাজকর্মী, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোট ২০টি ক্যাটাগরিতে ৫০ জনকে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে সিফাত পেয়েছেন ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড ২০২৩ এবং বাংলাদেশ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড।
পুরস্কার হাতে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করে রোমান বলেন,“এই স্বীকৃতি শুধু আমার নয়; বরং বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীর। যারা নিরলসভাবে সমাজ পরিবর্তনের জন্য কাজ করছেন, এই সম্মান তাদের প্রত্যেকের জন্য। ঐক্যবদ্ধ তরুণরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে।”
প্রায় আট বছর ধরে স্বেচ্ছাসেবায় যুক্ত আছেন তিনি। স্থানীয় পর্যায় থেকে শুরু করে ধীরে ধীরে জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথেও কাজ করেছেন। বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ কমানো, সচেতনতা সেশন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টেকসই উন্নয়নকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘদিন।
পরিবার থেকেও পেয়েছেন অনুপ্রেরণা ও সমর্থন। পুরস্কার প্রাপ্তির পর পরিবারের প্রতিক্রিয়াও ছিল আবেগঘন। পরিবারের সদস্যরা বলেন,“এটি শুধু সিফাতের ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবারের ও বরিশালের গর্ব। তরুণ প্রজন্মের জন্য এ সাফল্য অনুপ্রেরণার।”
ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে সিফাত বলেন,“আমি চাই তরুণদের আরও বেশি স্বেচ্ছাসেবায় সম্পৃক্ত করতে, নতুন নেতৃত্ব গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তনসহ সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে। প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশনকে দেশের প্রতিটি জেলায় বিস্তৃত করতে চাই, যেন তরুণরা ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়নে অবদান রাখতে পারে।”
ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত আছেন পুরোপুরি।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫