খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩, আহত ১৭

চন্দ্রদ্বীপ নিউজ :: খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। এর মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন ধনঞ্জয় চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০)।

ডিআইজি পলাশ জানান, ধনঞ্জয় গত রাত সাড়ে ১০টায় এবং রুবেল ও জুনান রাত দেড়টায় মারা গেছেন। এদের মধ্যে ধনঞ্জয় দীঘিনালায় এবং রুবেল ও জুনান সদরে আহত হয়েছিলেন। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, রুবেল ও জুনান গুলিবিদ্ধ হয়েছেন।

উপমহাপরিদর্শক পলাশ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে।’

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রিপাল বাপ্পী চাকমা গণমাধ্যমকে বলেন, ‘দীঘিনালা ও সদর উপজেলা থেকে আসা নয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর বাইরে উন্নত চিকিৎসার জন্য চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এছাড়াও হাসপাতাল সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের পায়ে, কোমরে ও পেটে গুলি লেগেছে।

স্থানীয় সূত্র অনুসারে, গত রাতেও খাগড়াছড়ি সদর এলাকায় গুলির শব্দ শোনা গেছে। থমথমে পরিস্থিতিতে দীঘিনালায় অনেকে গত রাতেই নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন।

পুলিশের এ কর্মকর্তা যোগ করেন, ‘খাগড়াছড়ি শহরে রাতে গুলির শব্দ শোনা গেছে। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মো. সহিদুজ্জামান জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিম কাজ করে যাচ্ছে। আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের সঙ্গে কথা বলে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছি।

এদিকে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের অন্তত ৩০টি বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।




জাবিতে ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যায় মামলা

চন্দ্রদ্বীপ নিউজ :: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে জাবি ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। এতে ৮ জনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাজন মিয়া, একই বিভাগের ৪৫তম ব্যাচের রাজু আহাম্মদ, ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের জুবায়ের আহমেদ, ইংরেজি বিভাগের ৪৯তম ব্যাচের হামিদুল্লাহ সালমান, ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ৪৯তম ব্যাচের আতিকুজ্জামান আতিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের ৪৭তম ব্যাচের সোহাগ মিয়া এবং বায়োটেকনলজি অ্যান্ড জেনিটিক ইঞ্জিনিয়ার বিভাগের ৪৯ তম ব্যাচের আহসান লাবিবসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন।

এর আগে, মামলায় আসামি করা ওই ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মামলার এজাহারে বলা হয়, গত বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা প্রান্তিক গেটে এলে কয়েকজন তাকে মারধর করতে থাকে। খবর জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে প্রক্টর অফিসে নিয়ে যায়।

প্রক্টর অফিসের একটি কক্ষে শামীমকে রেখে প্রক্টর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি জানায় এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য দ্রুত পুলিশ টিমকে প্রক্টর অফিসে পাঠানোর অনুরোধ করেন।

ওই সময়ে আরও কয়েকজন প্রক্টরিয়াল টিমকে না জানিয়ে জোর করে শামীম মোল্লাকে প্রক্টর অফিসের পাশে নিরাপত্তা অফিসে নিয়ে যায়। প্রক্টর জানতে পেরে নিরাপত্তা অফিসে গিয়ে তাদের সরিয়ে দেন এবং নিরাপত্তা অফিসের কলাপসিবল গেট তালাবদ্ধ করে দেন।

এর মধ্যে আবার উত্তেজিত শিক্ষার্থীদের কয়েকজন নিরাপত্তা অফিসের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে শামীম মোল্লাকে মারধর করে।

রাত ৮টার দিকে প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখা শামীম মোল্লাকে পুলিশের গাড়িতে তুলে দেয়। তাকে আশুলিয়া থানায় নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা শামীম মোল্লাকে মৃত ঘোষণা করেন।




কাওয়ালী ও নাশিদ সন্ধ্যায় মুখরিত পবিপ্রবি ক্যাম্পাস

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুননবী (সা) ও জুলাই বিপ্লবের চেতনায় কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত পবিপ্রবির টিএসসি চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কাওয়ালী ও নাশিদ সন্ধ্যার আয়োজন হয়।

কাওয়ালী ও নাশিদ সন্ধ্যায় মঞ্চ মুখরিত করে ঢাকা থেকে আগত কলরব শিল্পী গোষ্ঠী, শিল্পী মাহমুদ হুজাইফা,পটুয়াখালীর রুহামা শিল্পী গোষ্ঠী এবং পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিত শিল্পীবৃন্দ।

এসময় কাওয়ালির ঝঙ্কারে পুরো মুক্তমঞ্চ আন্দোলিত হয়। দর্শকদেরও সুরে আচ্ছন্ন হয়ে মাথা ঝাকানোতে তাল তুলতে দেখা যায়। কাওয়ালি সংগীত উপভোগ করতে মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভিড় জমায়। তারা বেশ উৎফুল্ল এবং আনন্দের সঙ্গে কাওয়ালি উপভোগ করেন।




খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, বাড়িঘরে আগুন

চন্দ্রদ্বীপ নিউজ ::মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে এক বাঙালি যুবককে হত্যার ঘটনার জের ধরে সংঘাত ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলার দীঘিনালা উপজেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লারমা স্কয়ার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আগুন দেওয়া হয় ৩৭টি ঘরবাড়ি ও দোকানপাটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চুরির অভিযোগে খাগড়াছড়ি জেলা শহরের শালবন এলাকা থেকে মোহাম্মদ মামুন (৩৪) নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার রাত ১২টার পর নোয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে হাত-পা বেঁধে নির্যাতন করেন কয়েকজন পাহাড়ি যুবক।

নির্যাতনের পর হাত-পা বাঁধা অবস্থায় মামুনকে শহরের স্লুইস গেট এলাকায় ফেলে রাখা হয়। ভোরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় মামুনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুনের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এ ঘটনায় গত বুধবার বিকেলে খাগড়াছড়ি সদরে বিক্ষোভ করেন বাঙালিরা। গতকাল বিকেলে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল বের করেন বাঙালি ছাত্ররা। মিছিল নিয়ে তারা লারমা স্কয়ারের দিকে যাওয়ার চেষ্টা করলে পাহাড়িরা তাদের বাধা দেন। একপর্যায়ে তা রূপ নেয় সংঘাতে।

এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ চলাকালে লারমা স্কয়ার ও দীঘিনালা কলেজের আশপাশের প্রায় ৩৭টি ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়।

তবে সংঘাত ও অগ্নিসংযোগের ঘটনায় পাহাড়ি-বাঙালি উভয় পক্ষ পাল্টাপাল্টি দোষারোপ করছে। স্থানীয় পাহাড়িরা বলছেন, মিছিলে পাহাড়িরা কেউ বাধা দেননি, বরং বিনা উসকানিতে মিছিল থেকেই অতর্কিতভাবে পাহাড়িদের ওপর হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

অন্যদিকে বাঙালি শিক্ষার্থীদের অভিযোগ, সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়ে পরে নিজেদের বাড়িঘরে আগুন দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছেন পাহাড়িরা।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। পুরো জেলার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘সেনাবাহিনী, পুলিশ, বিজিবিসহ জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে। উসকানির ফাঁদে পা না দিয়ে সবাইকে সহনশীল হতে হবে।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা জানান, এ বিষয়ে নিহত মামুনের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই ব্যক্তির মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।




৫ উইকেট নিয়ে ভারতের মাটিতে যে ইতিহাস গড়ল হাসান মাহমুদ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: চেন্নাইয়ে ভারতে বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বুমরাহর উইকেট তুলে নেওয়াম মধ্য দিয়েই বাংলাদেশি প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নিয়েছেন ডান হাতি পেসার হাসান মাহমুদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতে বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই অনন্য কীর্তি গড়েন পেসার হাসান মাহমুদ।

গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম দিনে বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। একের পর এক ভারতীয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান তিনি। প্রথম দিনে হাসান তুলে নেন- রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ও রিষভ পান্তের মতো উইকেট। খেলার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসেই প্রথম বাংলাদেশি হিসেবে গড়ে ফেলেন নতুন ইতিহাস।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। বাংলাদেশের হয়ে পেসার হাসান মাহমুদ নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। এর আগে সর্বশেষ টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ৫ উইকেট সংগ্রহ করেছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোর

ভারতের প্রথম ইনিংসে ৯১.২ ওভারে ৩৭৬/১০ (জেয়েসওয়াল ৫৬, রোহিত ৬, শুভমান ০, কোহলি ৬, রিষভ ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাশ ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*)

বাংলাদেশ লাঞ্চ বিরতির আগে প্রথম ইনিংসে ৯ ওভারে ২৬/৩ (সাদমান ২, জাকির ৩, শান্ত ১৫*, মুমিনুল ০, মুশফিকুর ৪*)




সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি। এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক।

আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাসুক আলম।

এর আগে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি হিজক করচ থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর তাকে সুনামগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ১ মাস পর ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন ঘটনায় আহত যুবকের ভাই দোয়ারাবাজার উপজেলার জহির মিয়া।

 




১১ মিনিটে ২০৪০ কিমি পথ পেরিয়ে ইজ়রায়েলে হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইয়েমেনের বিদ্রোহী শিয়া গোষ্ঠী হুথি।  হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র দিয়ে ইজ়রায়েলের মধ্যাঞ্চলে হামলা চালানো হয়। হামলায় হুথিরা যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল, সেটির নাম ‘প্যালেস্টাইন ২’।

একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইজ়রায়েলে হামলায় নিজেদের গোপন অস্ত্র ব্যবহার করে পশ্চিমি দুনিয়াকে চমকে দিয়েছে হুথিরা। এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৭৫৬ কিলোমিটার। সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে ২১৫০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটিকে সম্প্রতি ইয়েমেন সেনার হাতে তুলে দেওয়া হয়। এর গতি ম্যাক ১৬। অর্থাৎ, ঘণ্টায় ১৯৭৫৬ কিলোমিটার। যে কোনও দেশের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’-কে ভেঙে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র।




বরিশালের গ্যাংস্টারের গল্প, নায়িকা পিরোজপুরের পরীমনি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক :: বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে গল্প, আর এই গল্পে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন পিরোজপুরের মেয়ে পরীমনি। গত বছরের শেষ দিকে কাজে ফিরেছিলেন তিনি। সেসময় সিনেমার পাশাপাশি তিনি যুক্ত হন ওটিটির কাজে। সেই কাজ এবার মুক্তির জন্য প্রস্তুত। আগামী মাসে পরীমনি অভিনীত সেই ওটিটি কনটেন্ট মুক্তি পাচ্ছে।

দেবী’ নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করেছেন পরীমনি, এ তথ্য প্রায় সবারই জানা। তবে তার বিপরীতে কে থাকছেন এতদিন তা জানা যায়নি। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সিরিজের পোস্টার প্রকাশের মধ্যদিয়ে জানানো হয়, পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। এর আগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো সিরিজে দেখা গেছে এই অভিনেতাকে।

‘রঙিলা কিতাব’-এর গল্প প্রসঙ্গে অনম বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘এটা কিঙ্কর আহ্‌সানের গল্প। আমরা আমাদের মতো করে রূপান্তর করেছি। গল্পে অনেক কিছু সংযোগ করা হয়েছে। এটা বলা যায় লোকাল গ্যাংস্টার গল্প। গ্যাংস্টার গল্প মানে ছোট একটা উপজেলার পাওয়ার সিস্টেম শিফট হওয়া দেখা যাবে।’

অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান বলেন, ‘একটা সুন্দর প্রেমের গল্প হিসেবে উপভোগ্য হবে এটা, যে কারণে আমরা একে বলছি ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’। তবে পলিটিক্স কানেকশন আছে। আমাদের চেনা-পরিচিত গল্প বলে মনে হতে পারে।’ ছবির গল্পকার কিঙ্কর আহ্‌সান বলেন, ‘এখানে অনেক চমক আছে। সেসব বলে দর্শকের উচ্ছ্বাস নষ্ট করতে চাই না। গল্পটা সবার জানা, কিন্তু অনেক চমক আছে। জানতে হলে অপেক্ষা করতে হবে একটু।’

সাত পর্বের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, পলাশ প্রমুখ। যদিও প্রযোজনা সংস্থা বা নির্মাতারা সরাসরি এই শিল্পীদের নাম নিশ্চিত করেননি।




হাসিনার দেশ ছাড়ার দৃশ্য দেখে সেদিন যা বলেছিলেন খালেদা জিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দৃশ্য তখন টেলিভিশনে দেখছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়া সবকিছু টেলিভিশনে দেখছিলেন। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল।’

এমন প্রেক্ষাপটে নেতা-কর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন সেটিও বলেছিলেন খালেদা জিয়া। প্রতিহিংসাপরায়ণ হতে বারণ করে দেন।

খালেদা জিয়া ব্যক্তিগতভাবে মনে করেন, আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়ায়।

জাহিদ হোসেন বলেন, ম্যাডাম খালেদা জিয়া মহাসচিবসহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এদিকে, ৭ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে সাবেক এই প্রধানমন্ত্রীকে বাসায় নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তিনি লিভার সিরোসিস, ‍হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায়




কাঁঠালিয়ায় স্কুল শিক্ষকের জমিতে কাঁটা তারের বেড়া

বরিশাল অফিস :: ঝালকাঠির কাঁঠালিয়ায় সাবেক স্কুল শিক্ষক মো.আলতাফ হোসেন হাওলাদারের জমিতে জোর পূর্বক পিলার পুতে কাঁটা তারের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একটি প্রভাবশালী মহল গত ৫ আগষ্ট সোমবার বিকেলে ওই শিক্ষকের কবলাকৃত জমিতে ১৫/২০ টি পিলার পুতে বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষক মো.আলতাফ হোসেন হাওলাদার বাদী হয়ে গত বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাঁঠালিয়ায় থানায় একটি অভিযোগ করেন। প্রভাবশালীদের ভয়ের মুখে এতো দিন কোন অভিযোগ করার সাহস পায়নি তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বলতলা মৌজার এসএ ৭১১ খতিয়ানের বিভিন্ন দাগের ৮৫ শতাংশ জমির কবলা মালিক আলতাফ হোসেন হাওলাদার ও তার নিকট আত্মীয় হাফেজ মো. মোস্তফা। শান্তিপূর্ন ভোগদখলীয় জমিতে গত ৫ আগস্ট (সোমবার) বিকেলে স্থানীয় প্রভাবশালী শহীদুল ইসলাম তার ভাই নুরুজ্জামান ও তাদের লোকজন মিলে ১৫/২০ টি পিলার পুতে কাঁটা তারের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে।

এ ব্যাপারে অভিযুক্ত শহীদুল ইসলাম জানান, এ জমিতে আমাদেরও দলিল আছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দির সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।