বাউফলে ১৫ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি :: মাত্র ১৫ মিনিটের ঝড় সাথে বজ্রসহ বৃষ্টি। এতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। উপড়ে গেছে বিদ্যুতের খুটি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টিনের ঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই উপজেলায় প্রবল বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়।

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আকস্মিক এই ঘূর্ণিঝড় হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, ঝড়ের ফলে উপজেলায় প্রায় অর্ধশত গাছ উপরে গেছে এবং আনুমানিক ২০টির মত টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে ধারণা করা হচ্ছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মজিবুর রহমান জানান, পুরো উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। গাছ পড়ে বিভিন্ন স্থানের মেইন লাইনসহ অন্যান্য তার ছিড়ে গেছে, এছাড়া অনেক বৈদ্যুতিক খুঁটি উল্টে পড়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে পৌর এলাকার আশেপাশে ৫টি খুঁটি উল্টে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তাই কখন বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।




দুমকিতে আইন অমান্য করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাচ্ছেন চেয়ারম্যান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে টানা দেড় মাস আত্মগোপনে থাকা লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন শতাধিক নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রকাশ্যে এসে ইউপি কার্যালয়ে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে দলীয় কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তিনি ইউপি কার্যালয়ে এসে পরিষদের সদস্যদের পূর্বনির্ধারিত সভায় অংশ নিয়ে ভিজিডি চাল বিতরণ কাজ উদ্বোধন করে। পরিষদে আসা সেবা প্রত্যাশী সাধারণ নাগরিকদের সাথে কুশল বিনিময় ও প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই গণরোষ এড়াতেই তিনি আত্মগোপনে ছিলেন। তার দীর্ঘ অনুপস্থিতির সময়ে পরিষদের কার্যক্রম চালাতে গত ৯ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ বলেন, চেয়ারম্যান হিসেবে পরিষদে এসে দাপ্তরিক কাজ চালাতে পারেন না। যা সুস্পষ্ট আইনের লঙ্ঘন।

বর্তমান রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতির মধ্যে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিনের নির্বিঘ্নে প্রকাশ্যে শো-ডাউন করে ইউনিয়ন পরিষদে আসা এবং কার্যক্রম পরিচালনার বিষয়টি জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। কেউ বলছেন, বিএনপির স্থানীয় কতিপয় শীর্ষ নেতাদের ম্যানেজ করেই তিনি (তুহিন) প্রকাশ্যে পরিষদে এসেছেন। দ্বিধা বিভক্ত জেলা বিএনপির অনুসারীদের স্থানীয় কোনো গ্রুপের শেল্টারেই তিনি এসে থাকতে পারেন বলে ধারণা সাধারণ মানুষের।

এবিষয়ে সিরাজুল ইসলাম তুহিন অবশ্য কিভাবে কাকে ম্যানেজ করেছেন সে বিষয়ে কথা বলতে অসম্মতি জানিয়ে বলেন, আপনারা দেশের পরিবেশ পরিস্থিতি দেখছেন এবং বুঝছেন, সুতরাং অস্তিত্ব টিকাতে অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুই করতে হয়। আমার ক্ষেত্রে এর ব্যত্যয় হয়নি।




বৈরুতে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি

 




সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি পার, বৃষ্টি কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

চন্দ্রদ্বীপ ডেস্ক: গরমে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। সারা দেশে গড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, এমন গরম শনিবারও থাকবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে গরমের তীব্রতা কমবে, হতে পারে বৃষ্টিও।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনা ও আশুগঞ্জে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মাঝারি তাপপ্রবাহ হয়েছে বলে বিবেচিত। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। শুধু বৃষ্টি হয়েছে রাঙামাটিতে, ৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এখন তাপমাত্রা যেমন আছে, এটা অ্যালার্মিং। কক্সবাজার আর রাঙামাটি ছাড়া দেশের সব জায়গায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এই সময়ে তাপমাত্রা বাড়ে। যদিও ভাদ্র মাস চলে গেছে।




জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস

চন্দ্রদ্বীপ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখবেন। সেখানে তিনি দেশে জুলাই-আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। ৮ আগস্ট তিনি দায়িত্ব নেন। ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এবারই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন, সেখানে বাংলাদেশের ছাত্র-জনতার ৫ আগস্টের অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরা হবে। ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কীভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন থাকবে।

এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থাসহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ড. ইউনূসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে বলে জানান শফিকুল আলম।

পতিত স্বৈরাচার শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন অধ্যাপক ইউনূস। নিজেদের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ কীভাবে নিজেদের তুলে ধরবে, সেটিই আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম জানান, ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভূরাজনীতির ঊর্ধ্বে উঠে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে উদাত্তভাবে আহ্বান জানাবেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া তিনি আরও কিছু সাইড ইভেন্টেও অংশ নেবেন।




খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি : পাহাড়ে সংঘর্ষে নিহত ৪

চন্দ্রদ্বীপ ডেস্ক : খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এ সময় শতাধিক দোকানপাট, বাড়িঘর ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ নিয়ে পরস্পরকে দুষছে দুপক্ষ।

ঘটনার সূত্রপাত খাগড়াছড়িতে। সেখানে বুধবার মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে দুপক্ষের সংঘর্ষ বাধে। রাতভরও দফায় দফায় সংঘর্ষ চলে। এতে তিনজন নিহত হন। শুক্রবার এর উত্তাপ ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও। সেখানে কয়েক দফা হামলা-সংঘর্ষে আরেকজন নিহত হয়েছেন। এর প্রতিবাদে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

তিন পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন।

এদিকে পাহাড়ে হামলা, হত্যা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রাজধানী ঢাকায় প্রতিবাদ জানিয়েছে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা’। শুক্রবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।




তিন পার্বত্য জেলায় সংঘর্ষ নিয়ে যা জানালো আইএসপিআর

চন্দ্রদ্বীপ ডেস্ক : তিন পার্বত্য জেলায় সংঘর্ষের বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল জনগণের গণপিটুনিতে মো. মামুন (৩০) নামে এক যুবক নিহত হন। পরবর্তীতে সদর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন (১৯ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীরা মিছিলের ওপর হামলা করে ও ২০-৩০ রাউন্ড গুলি ছোড়ে। এর প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে।

আইএসপিআর আরও জানায়, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৬ জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভায়।

এ ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা, পানছড়ি ও আশেপাশের এলাকা সমূহে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতিকে আরো উত্তেজনাকর করে তোলে।

দ্রুততার সঙ্গে খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা ও পানছড়িসহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সঙ্গে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ প্রদান করতে বলা হয়।

একই রাতে (১৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জোনের একটি টহল দল  সাড়ে ১০টায় একজন মুমূর্ষু রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় পৌঁছালে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফের (মূল) নেতৃত্বে বাধা সৃষ্টি করে। এক সময় ইউপিডিএফের (মূল) সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের ওপর গুলি করে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এ গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত এবং কয়েকজন আহত হন বলে জানা যায়।

আইএসপিআর জানায়, একই ঘটনার ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে স্থানীয় উচ্ছৃঙ্খল জনসাধারণ কয়েকজন যুবকের মোটরসাইকেল থামিয়ে তাদের ওপর হামলা ও লাঠিপেটা করে। সেই সঙ্গে উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফের (মূল) নেতৃত্বে ফায়ার ব্রিগেডের অফিসে ভাঙচুর করা হয়।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পিসিজেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সদরে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় জনসাধারণ রাঙ্গামাটি জিমনেশিয়াম এলাকায় সমবেত হয়। এ সময় ৮০০-১০০০ জন উত্তেজিত জনসাধারণ একটি মিছিল বের করে বনরুপা এলাকার দিকে অগ্রসর হয় এবং বনরুপা বাজার মসজিদ, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সিএনজি- অটোরিকশা, মোটরসাইকেল এবং বেশকিছু দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে করে উভয় পক্ষের বেশকিছু লোকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রাঙামাটি জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারে। অনতিবিলম্বে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে চলমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। যথাযথ তদন্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের সনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।




পটুয়াখালীতে এক ট্রলারেই মিলল ১০২ মণ ইলিশ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় এক ট্রলারে মিলেছে ১০২ মণ ইলিশ মাছ। যার বাজারমূল্য ১৯ লাখ টাকারও বেশি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এসব মাছ আলীপুরে মেসার্স কামাল ফিশ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় ১৯ লাখ ২০ হাজার ৩শ টাকায়।

মাছগুলো বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে ৯৫ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে।

জানা গেছে, এফবি নাহিদা আক্তার নামের মাছ ধরা ট্রলারটি গত ১৬ সেপ্টেম্বর আলীপুর ঘাট থেকে সমুদ্রে যায়। তিন দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ পায়নি। বৃহস্পতিবার জাল ফেলে ১০২ মণ মাছ পেয়েছে। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে তিনটি সাইজে আলাদা করা হয়।

তবে মাছের সাইজ ছোট হওয়ায় দাম কম পেয়েছে। ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ২৫ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২০ হাজার টাকা এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। সব মিলিয়ে ১৯ লাখ ২০ হাজার তিনশ টাকা হয়েছে।

এফবি নাহিদা আক্তার ট্রলারের মালিক আব্দুল মন্নান বেপারি বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।




জলবায়ু তহবিলের দাবিতে কলাপাড়ায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়-ক্ষতি মোকাবেলায় জলবায়ু তহবিলের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় “সাইকেল র‌্যালি” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের প্রাঙ্গণে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা(ধরা), এশিয়ান এনার্জি নেটওয়ার্ক, এপিএমডিডি এর উদ্যোগে এই র‌্যালির আয়োজন করা হয়। সাইকেল র‌্যালিটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সাইকেল র‌্যালি শেষে বক্তব্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মান্নু বলেন, বিশ্বব্যাপী অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসাবে জলবায়ু পরিবর্তনকেই দায়ী করা হচ্ছে। দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন সমগ্র বিশ্বের সমস্যা হলেও বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো এর ভয়াবহ পরিণতি ভোগ করছে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।

ফাতেমা-হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে ২০২১ সালের পর কয়লানির্ভর নতুন কোনো বিদ্যুৎ প্রকল্প অনুমোদন ও অর্থায়ন না করার ঘোষণা দেওয়ার দাবি জানান। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর একটি আলাদা তহবিল সৃষ্টির দাবি করছি।

আরও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক নাজুস সাকিব, সিপিপি টিম লিডার ওমর পাটোয়ারীসহ অন্যান্য পরিবেশ কর্মী বৃন্দ।

সাইকেল র‌্যালিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা কলাপাড়াবাসী, কুয়াকাটা বয়েজ ক্লাব, কুয়াকাটা ট্যুর গাইড এবং কুয়াকাটা তরুন ক্লাবের সহযোগিতায় সাইকেল র‌্যালিটি অনুষ্ঠিত হয়।




‘প্রেসিডেন্ট পদের জন্য আনফিট ট্রাম্প’