পটুয়াখালীতে অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা

পটুয়াখালী প্রতিনিধি :: ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আজ শনিবার সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হয়।

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে উৎসব প্রাঙ্গণে আসতে শুরু করে নিবন্ধন করা শিক্ষার্থীরা। উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া প্রায় ৩০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। পটুয়াখালী জেলার আটটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত দুই শতাধিক কৃতী শিক্ষার্থী।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস। পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের শুভেচ্ছা বক্তব্যটি পাঠ করে শোনানো হয়।

পটুয়াখালীর জুবিলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়া ইমরান বলে, সংবর্ধনা অনুষ্ঠানে এসে অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। অনেক ভালো লাগছে।

কৃতী শিক্ষার্থী মারুফা আক্তার বলে, উৎসবে এসে তাঁর দারুণ লাগছে। মেধাবীদের একসঙ্গে পেয়ে এবং তাদের সঙ্গে পরিচিত হতে পেরে খুব ভালো লাগছে।

অনুষ্ঠানে গান গেয়েছে জিপিএ-৫ পাওয়া আরাফাত, আয়শা সিদ্দিকা, ইমরান ও কাকলী কর্মকার। ‍নৃত্য পরিবেশন করেছে মৃত্তিকা হালদার ও মিলি।

শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দিতে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন পটুয়াখালীর এ কে এম কলেজের অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার ও সাবেক সহকারী অধ্যাপক অশোক কুমার দাস। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বন্ধুসভার সদস্য ও ব্যান্ড দলের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।




অন্যায়ভাবে পুলিশের মাধ্যমে আর কেউ হয়রানি হবেনা : নবাগত বরিশাল রেঞ্জ ডিআইজি

বরিশাল অফিস :: গায়েবী মামলার কোন সুযোগ নেই। অন্যায়ভাবে পুলিশের মাধ্যমে আর কেউ হয়রানি হবেনা এমন মন্তব্য করেছেন পুলিশের নবাগত বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।

শনিবার ( ২১ সেপ্টম্বর) দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিলনায়তনে সাংবাদিকদের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক উল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।

তিনি বলেন, আমরা অতীত নিয়ে আর পরে থাকতে চাই না। অতীতে পুলিশের যে ব্যবস্থা ছিল, তা পাল্টে দেওয়া হবে। আগামী দিনগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়।

বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম আরও বলেন, থানা পুলিশের কার্যক্রম তদারকি হবে সিসি ক্যামেরার মাধ্যমে। থানার পুলিশ ম্যানেজ বলতে কোন শব্দ থাকবে না। থানায় কোন ভুক্তভোগী ডিজি করতে আসলেও আগে তাকে চা-বিস্কিট খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা যেকোনো অপরাধ দমনে সবধরনের ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, বরিশাল বিভাগকে মাদকমুক্ত, কিশোর গ্যাং, ইভটিজিং বন্ধসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মতবিনিময় সভায় বরিশাল জেলার পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




ঢাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার, হল প্রাধ্যক্ষ বদল

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যাকাণ্ডের ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করা হয়েছে।একই সঙ্গে ৮ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত আটজন ছাত্রের আবাসিক সিট হল প্রশাসন বাতিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত আটজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দিয়েছে।

এতে আরও বলা হয়, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট (প্রাধ্যক্ষ) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে রাতে কয়েক দফায় নির্যাতন করে, পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে।




পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সাইফুল ইসলাম রাঢ়ী (২৮) নামের এক যুবদল নেতাকে মুঠোফোনে ডেকে নিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। তাঁর মাথা, দুই হাত মুখ ও পায়ে গুরুতর জখম হয়েছে।

উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী বালিকা বিদ্যালয়ের পাশে শুক্রবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম রাঢ়ীর বাড়ি দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামে নুরুল হক রাঢ়ীর ছেলে ও উপজেলার যুবদলের আহবায়ক কমিটির সদস্য।

এ ঘটনায় ওই দিন রাতেই আহত যুবদল নেতার পিতা হারুন রাঢ়ী কিশোর গ্যং সদস্য সিয়াম মুন্সী ও আলোচিত আতাউল্লাহ হাতটা চেষ্টা মামলার চার্জশিট ভুক্ত প্রদান আসামি কিশোর গ্যং নেতা তাওহীদকে অভিযুক্ত করে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার মুন্সি বাড়ি জামে মসজিদে মিলাদুন্নবীর খাবার মাটিতে পড়া নিয়ে হাসান রাড়ী ও জুয়েল খানের মধ্যে তর্কবিতর্ক হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে চরখালী সমবায় বিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে সিয়াম মুন্সী (২১) সাথে মাসুমের কথার কাটাকাটি হয়। স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তা মীমাংসা হয়ে যায়।

এর কিছুক্ষণ পরে সন্ধ্যা পাঁচটার দিকে সিয়াম মুন্সির পিতা তারেক মুন্সি যুবদল নেতা সাইফুল ইসলামের মুঠোফোনে কল করে ওই ঘটনার সম্পর্কে জানতে চায় এবং ঘটনা স্থলে আসতে বলেন। সাইফুল ইসলাম ঘটনা স্থলে আসার সাথে সাথেই আগে থেকে পেতে থাকা সিয়াম মুন্সি ও তার পিতা তারেক মুন্সীর নেতৃত্বে অন্যান্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরতর জখম করে করে। পরের স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠান।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর নিয়ে যা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ ::জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তি‌নি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন।

 শ‌নিবার প্রধান উপ‌দেষ্টার জা‌তিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে এক সংবাদ সম্মেল‌নে এ তথ্য জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, উপদেষ্টা ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ অনুষ্ঠানে যোগ দেবেন সেটি একরকম নিশ্চিত।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধিদল চার্টার্ড বিমানে নিউইয়র্ক সফর করবে না। বরং যার যেই সংশ্লিষ্টতা বা দায়িত্ব, সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধিদল গঠন করা হয়েছে। আমি আমার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উচ্চপর্যায়ের সভাগুলোতে অংশ নিতে ভিন্ন একটি ফ্লাইটে দুইদিন আগে নিউইয়র্ক যাবো।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিনদিন নিউইয়র্কে অবস্থান করে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বলেও জানান তৌহিদ হোসেন।




‘২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হবে’

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হারলে তার আংশিক দায় মার্কিন ইহুদিদের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি হারলে ২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলী হয়ে যাবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে প্রচারেয় ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। তবে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলার সঙ্গে বিতর্কে সুবিধা করতে না পারায় বেশ বিপাকেই আছেন তিনি।

বৃহস্পতিবার ইসরাইলিপন্থি সম্মেলন ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের ন্যাশনাল সামিটে গিয়েইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন সাবেক এ প্রেসিডেন্ট। কিরি বলেন, আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন।

এ সময় হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তার প্রতিপক্ষ কমলা হ্যারিস জয়ী হলে ইসরায়েল দুই বছরের মধ্যে বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে। আর এমন পরিণতির জন্য ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন।

ট্রাম্প বেশ জোর গলায় বলেন, ‘এ নির্বাচনে যদি আমি জয়ী না হই, তবে সত্যিই এটি ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। কেননা, যদি (আমেরিকান ইহুদিদের) ৪০-৬০ শতাংশ মানুষ শত্রুকে ভোট দেয়, তবে আমার মতে, দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’




রাঙামাটি সেনানিবাসে বৈঠকে তিন উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছেন বর্তমান সরকারের তিন উপদেষ্টা।

শনিবার দুপুর ১২টার পর রাঙামাটি জেলার সেনানিবাসের প্রান্তিক হলে এ বৈঠকে বসেছেন তারা।

এতে উপস্থিত আছেন বিভিন্ন জাতি-গোষ্ঠী ও সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বৈঠকে রয়েছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় নেতারা।

মতবিনিময় সভায় উপস্থিত তিন উপদেষ্টা হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাঙ্গামাটির সভা শেষে খাগড়াছড়ি উদ্দেশ্যে রওনা দেবেন উপদেষ্টারা।

এর আগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে বিজিবি হেড কোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীসহ (অব.) তিন উপদেষ্টা।

পার্বত্য জেলা রাঙামাটিতে শুক্রবার সংঘর্ষের পর ওইদিন রাত থেকেই সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সম্মিলিত টহল বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি থাকায় রাঙামাটির পরিস্থিতি শান্ত রয়েছে। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকায় মূল সড়কে গাড়ি নেই, তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে।

এদিকে, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে আজ শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

উল্লেখ্য, গেল বুধবার জেলার নিউজিল্যান্ড এলাকায় গণপিটুনিতে মামুন নামে এক যুবক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় পাহাড়িরা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। একপর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় অন্তত ৫০-৬০টি দোকান। এ ঘটনায় তিনজন নিহত হন।




সেঞ্চুরিয়ান পন্থকে ফেরালেন মিরাজ, শতক পেলেন গিলও

চন্দ্রদ্বীপ নিউজ :: ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করা ঋষভ পন্থকে অবশেষে আউট করেছেন মেহেদী হাসান মিরাজ। ৫৬তম ওভারের তৃতীয় বলে নিজের বলেই ক্যাচ নেন বাংলাদেশ স্পিনার। বাঁহাতি পন্থ ১২৮ বলে ১৩টি চার ও ৪টি ছক্কায় ১০৯ রান করেছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। চতুর্থ উইকেট জুটিতে শুভমান গিলের সঙ্গে ২১৭ বলে ১৬৭ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি। গিল পঞ্চম টেস্ট সেঞ্চুরি করে অপরাজিত আছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৬৩ রান করেছে ভারত। গিল ১০৬ ও লোকেশ রাহুল ১১ রানে ব্যাট করছেন। দলটির লিড দাঁড়িয়েছে ৪৯০ রান।

গতকাল ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে দিন শেষ করেছে ভারত। গতকালই তাদের লিড দাঁড়িছিল ৩০৮ রান।

এর আগে চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে বোলিংয়ে দুর্দান্ত শুরু এনেও সেটি ধরে রাখা যায়নি। প্রথম ইনিংসে ৩৭৬ রানের বড় স্কোর গড়েছে রোহিত শর্মার দল। যেখানে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের তোপে মাত্র ১৪৯ রানে অলআউট হয় নাজমুল হাসান শান্তর দল। ২২৭ রানে এগিয়ে থাকলেও বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ব্যাটিংয়ে নামে ভারত।



‘নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে মূল্য দিতে হতে পারে’

চন্দ্রদ্বীপ নিউজ :: নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে সরকারকে তার মূল্য দিতে হতে পারে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জামায়াতের আমির এসব কথা বলেন।

ডা. শফিক বলেন, বিচার, প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে।

সম্প্রতি দলটির নেতাদের কিছু বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে জামায়াতের আমিরের কাছে প্রশ্ন ছিল, কেন এত সমালোচনা? ছাত্র-জনতার খুনিদের সাধারণ ক্ষমা করে দেওয়া প্রসঙ্গটির ব্যাখ্যা কী? ক্ষমতার পালাবদলে দায়িত্ব নেওয়া অন্তবর্তী সরকারের মেয়াদ কতেদিন হতে পারে, অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের করণীয় কী? এসব প্রশ্নেরও উত্তর দেন ডা. শফিকুর রহমান।

আমীরে জামায়াত বলেন, প্রয়োজনীয় সংস্কার জরুরি, তবে মাথায় রাখতে হবে, নির্বাচন বিলম্বিত হলে তার খেসারত গুনতে হতে পারে সরকারসহ পুরো জাতিকে।

 জাতীয় স্বার্থে সব মত ও পথের মানুষকে দেশ গঠনে ঐক্যবদ্ধ্য হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী।

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরচার শেখ হাসিনা। পতন হয় আওয়ামী দুঃশাসনের দেড় দশকের কালো অধ্যায়ের। তার ঠিক পাঁচ দিন আগে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করে সরকার।




কলাপাড়ায় এক দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: ১২ তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখান করে “১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এ একদফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলায় কর্মরত শতশত সহকারী শিক্ষকরা।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিস্ফেশিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে। যা আমাদের জন্য লজ্জার। যে বৈষম্যের জন্য আজ নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে শিক্ষকরা কেন বৈষম্যের শিকার হবে।

শিক্ষকদের দাবি, দেশ সংস্কারের যে নতুন দায়িত্ব বর্তমান অর্ন্তবর্তী সরকার শুরু করেছে, সে সংস্কার শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করা হোক। সহকারী শিক্ষকদের এ দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে শিক্ষকরা ঘোষনা দেন।

সহকারী শিক্ষক গাজী মো. জামাল ও বদরুদ্দোজা সৈকতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোসাঃ সুমী,শাহিনুর বেগম, মিজানুর রহমান, আখতারুজ্জামান, আরিফুর রহমান,মো. জুয়েল, রেজাউল করিম, ইউসুফ আলী, হুমায়ুন কবির, মীর আলামিন, ইমাম হোসেন প্রমুখ।