সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর ৯ মাস। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী এস.এম নুরুল্লাহ ইমন।

তিনি জানান, গত শুক্রবারে তাকে ঠাণ্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পর নিউমোনিয়া ধরা পরে। এরপর থেকেই চিকিৎসা চলছিল তার। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে তাকে কখন কোথায় নিয়ে আসা হবে, কিংবা কোথায় তাকে দাফন করা হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

মো. মাহাবুবুর রহমান তালুকদার ১৯৭২-৭৩ সালে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৩-৭৪ সাল পর্যন্ত তিনি কলাপাড়া থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৮৮ সালে তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০২ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। ২০০৩ সাল থেকে তিনি থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের কাদের-চুন্নু এবং জালাল-জাহাঙ্গীর পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি ও এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।

নবম এবং দশম সংসদে সদস্য নির্বাচিত হয়েছিলেন মাহবুবুর রহমান। তবে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি একাদশ সংসদে দলীয় মনোনয়ন পাননি। আর দ্বাদশ সংসদ নির্বাচনে লড়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।




১৩ অক্টোবর থেকে যে কারণে বন্ধ থাকবে ইলিশ ধরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) দেশে ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে। প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইলিশ সম্পদ সংরক্ষণে “প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট, ১৯৫০” অনুযায়ী মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে ও আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে প্রতিবছর এই সময়ে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেই হিসেবে এ বছর আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।

এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুতও নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞার আইন ভঙ্গ করলে আইন ভঙ্গকারী কমপক্ষে ১ বছর থেকে ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডেরও বিধান রয়েছে।

এ সময় জেলেদের সহায়তার জন্য সরকার থেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। তবে এ বছর চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন মৎস উপদেষ্টা।




সরকার পতনের পর ছাত্রলীগের প্রথম বিবৃতি, যা বলা হলো




আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম




যুক্তরাষ্ট্রের আলবামায় গুলিতে নিহত ৪, আহত কয়েকজন

চন্দ্রদ্বীপ ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে চারজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার স্থানীয় সময়ে আলবামা অঙ্গরাজ্যের বার্মিংহামে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

বার্মিংহামের পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানিয়েছেন, শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় কয়েকজন বন্দুকধারী একদল লোককে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।




সারা দেশে বসছে হেল্প ডেস্ক, আরও সহজ হচ্ছে এনআইডি সেবা




ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। অনেক শ্রমিক ভিতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে একটি কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে।

এতে বলা হয়েছে, শনিবার গভীর রাতে বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি উদ্ধারকর্মী পাঠিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের সময় সেখানে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দেশটির মদনজু কোম্পানি পরিচালিত ওই খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

ইরান তেল উৎপাদনসহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ। মধ্যপ্রাচ্যের দেশটি বছরে প্রায় ৩.৫ মিলিয়ন টন কয়লার চাহিদা রয়েছে। যার মধ্যে প্রায় ১.৮ মিলিয়ন টন কয়লা নিজেরা উত্তোলন করে।

ইরানের খনি শিল্পে বিস্ফোরণের এটাই প্রথম ঘটনা নয়। ২০১৩ সালে, দুটি পৃথক খনির ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হয়। এছাড়া ২০১৭ সালে,  কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিল।




স্নাতক প্রথমবর্ষ চূড়ান্ত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

 

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের স্নাতক প্রথমবর্ষের চূড়ান্ত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী—আগামী ২১ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হবে, যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী—১০ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সে হিসেবে নতুন সময়সূচিতে পরীক্ষা শুরুর তারিখ ১১ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের স্নাতক প্রথমবর্ষ পরীক্ষা শুরু হবে ২১ অক্টোবর। এ পরীক্ষা শেষ হবে ৮ নভেম্বর। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষার প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়েছেন মা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় এক নবজাতককে হাসপাতালে রেখে তার মা পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।

বর্তমানে ওই নবজাতক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জে এইচ খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বিকেলে নবজাতকের মা তার সন্তানকে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন। রাত ৮টার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান তিনি। পরে গভীর রাত পর্যন্ত তিন ফিরে না এলে সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

ডা. লেলিন বলেন, ‘ মা ফিরে না আসায় আপাতত আমরা দেখভাল করছি। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।’

শিশুটি শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানান তিনি।




সোমবার থেকে তাপমাত্রা কমতে পারে

চন্দ্রদ্বীপ ডেস্ক: মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাত কমে গেছে। এর আগে ভ্যাপসা গরমে নাকাল ছিল জনজীবন। তবে আগামীকাল সোমবার থেকে সারাদেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়ে⁶ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে বৃষ্টির আভাস থাকলেও দেশের সিলেট ও যশোর জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবারের পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এসময় সারাদেশে বিচ্ছিন্নভাবে কমবেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

জানা গেছে, গতকাল দেশে সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে।