বঙ্গোপসাগরে লঘুচাপ




পটুয়াখালীতে STEP প্রকল্পের শিক্ষকরা ৫০ মাস ধরে বেতনবঞ্চিত

পটুয়াখালী প্রতিনিধি :: চাকরি জাতীয়করণ ও ৫০ মাসের বকেয়া বেতনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ৫০ মাস ধরে বেতন না পাওয়ার কারণে চলমান সংকটের দ্রুত সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা জানান, ২০১০ সালে শুরু হওয়া ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ (STEP) প্রকল্পটি ২০১৯ সালে সমাপ্ত হলেও বর্তমানে কর্মরত ৭৩৮ জন শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না। দেশব্যাপী ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এ শিক্ষকরাই দায়িত্ব পালন করে আসছেন। এককথায় পলিটেকনিক ইনস্টিটিউটের মোট শিক্ষকের অর্ধেকের বেশি এই প্রকল্পের।

বক্তারা আরো বলেন, বেতন না পাওয়ার কারণে আমাদের পরিবার-পরিজনের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। প্রকল্প শেষ হওয়ার পরও সরকার আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করেনি। ফলে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। শিক্ষকরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান, যাতে তারা তাদের ন্যায্য প্রাপ্য পেতে পারেন এবং দেশের শিক্ষার অগ্রগতিতে যথাযথ ভূমিকা পালন করতে পারেন।




নির্বাচনী ব্যবস্থা ও পুলিশের সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ




২১ দিনে প্রবাসী আয় এলো ১৬৩ কোটি ডলার

চন্দ্রদ্বীপ অর্থনীতি :: চলতি (সেপ্টেম্বর) মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৮ লাখ ডলার।

রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। অন্যদিকে, আগস্টের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৩৬ লাখ ডলার। সে হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

এসময় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এরমধ্যে আগস্টে সর্বোচ্চ ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।




বায়তুল মোকাররমের খতিবকে অপসারণ

চন্দ্রদ্বীপ নিউজ :: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২০ সেপ্টেম্বর) খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে হয় মুসল্লিদের। জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমে একজন খতিব বয়ান করছিলেন। এ সময় খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বয়ানরত খতিবের মাইক্রোফোনে হাত নেন, নামাজ পড়াবেন বলে জানান।

এতে অন্য মুসল্লিরা অস্বীকৃতি জানান এবং ভুয়া ভুয়া বলতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জুতার রেক ছুড়াছুড়ি এবং সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার জেরে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন।

খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। পরে পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণে আসলে সোয়া একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। তারপর থমথমে পরিস্থিতির মধ্যেই জুমার নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা।




ছিনতাইকারীদের কবলে সাংবাদিক: কুপিয়ে জখম

বরিশাল অফিস :: শশুর বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে সর্বস্ত্র খুঁইয়েছেন সাংবাদিক মেহেদী হাসান। ছিনতাইকারীরা সাংবাদিককে কুপিয়ে রক্তাক্ত জখম করে নগদ অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার কটকস্থল সাউদের খালপাড় সংলগ্ন মোল্লাবাড়ির সামনে। রোববার  সকালে থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, স্থানীয় সাংবাদিক মেহেদী হাসান শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার বানিয়াশুরী গ্রামের বাড়ি থেকে কটকস্থল গ্রামের শশুড় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাউদের খালপাড় সংলগ্ন মোল্লাবাড়ির সামনে পৌঁছলে কতিপয় যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তাকে (মেহেদী) ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে  সাথে থাকা ৫৭ হাজার পাঁচশ’ টাকা, ব্যবহৃত ঘড়ি, একটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

এসময় তার (মেহেদী) চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরও জানা গেছে, প্রাথমিকভাবে ঘটনারসাথে জড়িত নন্দনপট্টি গ্রামের আলামিন ফকির, কটকস্থল গ্রামের হৃদয় মোল্লা, তাফসির মোল্লা, বেজগাতি গ্রামের মাহাবুব ঘরামী ও শাওনের পরিচয় পাওয়া গেলেও তাদের সাথে অজ্ঞাতানামা আরো ৩/৪ জনের পরিচয় পাওয়া যায়নি।

লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেছেন।




“আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই”

বরিশাল অফিস :: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় দায়িত্বরত অতিরিক্ত মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে বার বার বলেছেন শেখ হাসিনা এবারো নির্বাচন নিরাপদ হতে দেবেনা।

এছাড়া জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনকে জিএম কাদের সবার আগে সমর্থন জানিয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা যেভাবে ছাত্র-জনতার বুকে গুলি করে মানুষ হত্যা করেছে তাই এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাই আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

রোববার  বেলা সাড়ে ১১টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে জিএম কাদের ও শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাপার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহানগর জাতীয় পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরচারকে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা এখনও দেখছি একটি মহল দেশে ষড়যন্ত্র করে চলছে। এ সময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হান্নান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম রহমান পারভেজ, জাপার জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, মহানগর যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলী খান, আকতার রহমান, মঞ্জুরুল ইসলাম খোকন, কামাল চৌধুরী, ফোরকান তালুকদার, নজরুল ইসলাম, যুব সংহতির মহানগর আহ্বায়ক নজরুল ইসলাম হেমায়েত, সদস্য সচিব আলামিন চিশতি, শ্রমিক পার্টির জেলা সভাপতি আবদুল মান্নান, মহানগর সভাপতি আবদুস সোবাহান, জেলা কৃষক পার্টির আহ্বায়ক মোসলেম ফরাজী, সদস্য সচিব গাজী আবদুর রহমান প্রমুখ।

সবশেষে বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপণ্ডপরিচালক গৌতম বাড়ৈর মাধ্যমে জিএম কাদের ও শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।




মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :: ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার উত্তর সাকুচিয় ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদী থেকে ১টি মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকার পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরো ১টি মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মরদেহ দুটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা মরদেহ দুটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে আত্মীয়স্বজনরা খবর পেয়ে মনপুরা থানায় এসে মরদেহ দুটি শনাক্ত করে নিয়ে যায়।

মরদেহ দুটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণীঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছে তাদের পরিবার।

শনাক্ত হওয়া প্রথম মরদেহটি জেলার তজুমুদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের আ. মালেকের ছেলে মো. বেলাল হোসেনের (২৫) বলে শনাক্ত করে নিয়ে গেছেন তার স্বজনরা। দ্বিতীয় মরদেহটি মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনার চর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিনের (৩০) বলে শনাক্ত করেছেন তার পরিবার।

এ ব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোন প্রকার আপত্তি না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মনপুরা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।




বরিশাল সদর গার্লসে পূর্ণমিলনীতে অনাগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল অফিস :: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ বছর পূর্তিতে পুনর্মিলনী স্থগিতকরণ এবং রেজিষ্ট্রেশনকৃতদের টাকা রিফান্ড প্রসঙ্গে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। রোববার (২২ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের পর তারা বরিশাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। যার অনুলিপি প্রদান করা হয়েছে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকাকে।

লিখিত স্মারকলিপিতে উল্লেখ রয়েছে, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে শতবর্ষপূর্ণ পালন করেছে। সেই লক্ষ্যে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে প্রাক্তন ছাত্রীদের উদ্যোগে শতবর্ষ আয়োজনের জন্য ২২ সেপ্টেম্বর ২৩ তারিখে বিদ্যালয়ে সম্মেলন কক্ষে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কিন্তু দুঃখজনকভাবে একটি গোষ্ঠী নামে মাত্র সাধারণ সভা করে উপস্থিত কারও মতামত না নিয়েই নিজেদের মত কমিটি গঠন করে সভার মূলতবি ঘোষণা করে। তারপর তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ ও গ্রুপ খুলে রেজিট্রেশনের আহ্বান জানায়। এই গ্রুপ গুলো শুরু থেকেই অনিয়মের দ্বারা পরিচালিত হত।

কেউ কিছু তথ্য জানতে চাইলেই ব্লক, পরামর্শ দিলেই ব্লক করা হত। তারপর সামনে ২০২৪ জাতীয় নির্বাচন আছে বলে অনেক সিনিয়র সময় নিয়ে আয়োজনের জন্য অনুরোধ করেন কমিটির আহবায়ক প্রফেসর শাহ সাজেদা কে। তিনি বার বার কথা দিয়েও সিনিয়রদের মতামত আগ্রহ্য করে ফেব্রুয়ারি ২০২৪ সালে, এপ্রিলে অনুষ্ঠান হবে এমন আশ্বাস দিয়ে রেজিস্ট্রেশন আহ্বান করে এবং প্রায় ২৭০০ শত প্রাক্তন তাদের আবেগ, ভালোবাসার বিদ্যালয়ের শতবর্ষে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন।

উক্ত কমিটি কোন অনুষ্ঠান আয়োজন করেননি। শুরু থেকেই মতবিরোধ থাকায় এবং সকলের মতামতের প্রতি শ্রদ্ধাবোধ না থাকায় দুইটি গ্রুপ সৃষ্টি হয়। তবে দ্বিতীয় গ্রুপ শাহ সাজেদার সাথে মার্জ হওয়ার জন্য দীর্ঘ আট মাস চেষ্টা করে ব্যর্থ হয়। আমাদের সবার প্রত্যাশা ছিলো একটি সুন্দর সকলের অংশগ্রহণে শতবর্ষ উদযাপন করা, তবে শাহ সাজেদা বার বার ওয়াদা দিয়েও অনুষ্ঠান আয়োজন করেননি বা কোন নির্দিষ্ট তারিখও দেননি। কিন্তু হঠাৎ করেই তিনি রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখ শতবর্ষ উদযাপনের তারিখ ঘোষণা করেন।

দেশের এই ক্রান্তিলগ্নে, অস্থিতিশীল পরিবেশে এবং হাজার হাজার ছাত্রের রক্তের দাগ এখনো শুকায়নি, সাম্প্রতিক বন্যা এমন অবস্থাকে বিবেচনায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠের শতবর্ষ নামে মাত্র উদযাপন হওয়াটা দৃষ্টিকটু ও অযৌক্তিক। আমরা সুদিন ফিরলে দেশ স্থিতিশীল অবস্থা এলে সকলে মিলে আমাদের বিদ্যালয়ের শতবর্ষ উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে আশাবাদী। এমতাবস্থায় রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে রেজিস্ট্রেশন ফি রিফান্ড চেয়ে আহবায়কের সাথে এবং কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি।

প্রত্যেককে নানাভাবে অসম্মানিত করে কথা বলা হয়েছে। তাই নিরুপায় হয়ে ২২ সেপ্টেম্বর সকলে মিলে ১০০ বছর পূর্তিতে পুনর্মিলনী কমিটি আহবায়ক সহ সকলের পদত্যাগ দাবি করে এবং রেজিস্ট্রেশন ফি রিফান্ড চেয়ে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে সার্বিক অবস্থা এবং ব্যবস্থা গ্রহণে স্মারকলিপি প্রদান করা হলো।

উপরোক্ত বিষয়ে গুরুত্বারোপ করে দেশের সংকটকালীন মুহূর্তে শতবর্ষ উদযাপন স্থগিতকরণ এবং রেজিস্ট্রেশনকৃতদের ফি রিফান্ড প্রদানে যথাপোযুক্ত ব্যবস্থা নিতে মর্জি হয়।

 




বাইডেন-মোদি বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা