ভারতে ইলিশ রপ্তানির অনুমতি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

চন্দ্রদ্বীপ নিউজ ::ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানি করতে বাণিজ্য মন্ত্রণালয় যে অনুমতি দিয়েছে তা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

রিট পিটিশনে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিলসহ বাংলাদেশের পদ্মা, মেঘনা ও নদীর ইলিশ মাছ রপ্তানির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও আমদানি-রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, ইলিশ একটি সামুদ্রিক মাছ। এটি মূলত বঙ্গোপসাগরের মাছ। এই বঙ্গোপসাগরের সঙ্গে বাংলাদেশ, ভারত, মিয়ানমার সংযুক্ত। বাংলাদেশের চেয়ে ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমা অনেক বেশি ও বিস্তৃত। এই ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমায় প্রচুর ইলিশ মাছ উৎপাদন হয়। এ ছাড়া ভারতের বিভিন্ন নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। মূলত বাংলাদেশ থেকে ভারতের ইলিশ মাছ আমদানির কোনো প্রয়োজন নেই।

এতে বলা হয়, ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। এই ইলিশ সাগরের মাছ হলেও ডিম পাড়ার জন্য যখন এই মাছ পদ্মা নদীতে আসে তখন এই ইলিশ মাছ পদ্মা নদীর বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে পরিপুষ্ট হয় এবং অত্যন্ত সুস্বাদু হয়ে ওঠে। মূলত পদ্মা নদীর ইলিশই স্বাদে ও গন্ধে উৎকৃষ্ট। এই পদ্মা নদীর ইলিশ যখন রান্না করা হয় তখন এর সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে ।

রিটে বলা হয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী— বাংলাদেশে যত ইলিশ ধরা পড়ে তার মাত্র ১০ শতাংশ পদ্মা নদীতে পাওয়া যায়। অর্থাৎ পদ্মা নদীতে অত্যন্ত সীমিত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। পদ্মার নদীতে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তা বাংলাদেশের জনগণের চাহিদা পূরণে একেবারে অপ্রতুল। ভারত মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে ভারতের ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের বক্তব্য প্রকাশিত হয়েছে। যেখানে তারা স্বীকার করেছেন যে, তারা বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানির করে থাকেন।

এতে বলা হয়, প্রকৃতপক্ষে বাংলাদেশের পদ্মা নদীর সব মাছ ভারতে রপ্তানি হয় এবং বিপুল পরিমাণ ইলিশ মাছ ভারতে চোরাচালান হয়। বাংলাদেশে ভারতীয় এজেন্ট ও রপ্তানিকারকরা সারা বছর পদ্মা নদীর মাছ সংগ্রহ করে ফ্রিজিং করে রাখেন এবং পরবর্তীতে সুযোগ অনুযায়ী ভারতে রপ্তানি ও পাচার করে থাকেন। এর ফলে বাংলাদেশের জনগণ বাজারে গিয়ে পদ্মার ইলিশ পায় না এবং সামান্য পরিমাণ পেলেও তার দাম অত্যন্ত বেশি থাকে যা সাধারণ জনগণের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয়।

রিটে আরও বলা হয়েছে, এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের ইলিশ রপ্তানির ঘোষণার ফলে, বাংলাদেশে ইলিশ মাছের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে সাধারণ মানুষের পক্ষে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব হচ্ছে না।

এতে বলা হয়, বাংলাদেশের রপ্তানি নীতি ২০২১-২৪ অনুযায়ী, ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানিযোগ্য কোনো পণ্য নয়। এই মাছ রপ্তানি করতে চাইলে যথাযথ শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুস্পষ্ট অনুমোদন ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় এককভাবে এই ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিতে পারে না। এটি এখতিয়ারবহির্ভূত কাজ। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজ করেছেন এবং বাংলাদেশের সংবিধানের ২১(২) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।




ভারতে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ নিউজ :: অনুপ্রবেশের অভিযোগে ভারতের দুই রাজ্য থেকে ১১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছেন দেশটির নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডের খবর থেকে এই তথ্য জানা যায়।

দ্য হিন্দুর খবরে বলা হয়, গতকাল মঙ্গলবারতামিলনাড়ু রাজ্যের তিরুপপুর জেলা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তরা করা হয়েছে। শহরের একটি বাসস্ট্যান্ড থেকে স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্স তাদের আটক করে। এনআইডি কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে। আটককৃতদের মধ্যে ছয় জনকে বাংলাদেশি বলে শনাক্ত করেছে তারা।

আটককৃতদের একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে দ্য হিন্দু। আটক ছয় জনই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। তারা হলেন ধনবীর (৩৯), রাশিব গাভুন (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল ইসলাম (৩৭), মোহাম্মদ রাগুল আমিন (৩০) ও শাভুমুন শেখ (৩৮)।

অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের পালঘার জেলা থেকে পাঁচজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগে তথ্য পেয়েছে মানবপাচার বিরোধী সেল গতকাল ২২ সেপ্টেম্বর অভিযান চালায়।

আটককৃতরা হলেন, আরশাদ রহমতুল্লাহ গাজী (৫২), আলী মোহাম্মদ দিনমোহাম্মদ মণ্ডল (৫৬), মিরাজ সাহেব মণ্ডল (১৯), সাজাদ কাদির মণ্ডল (৪৫) ও সাহেব পঞ্চানন সরদার (৪৫)। তাদের কারও কাছে ভারতে থাকার বৈধ কাগজ ছিল না বলে জানিয়েছে পুলিশ।




ড. ইউনূসের সঙ্গে ছবি তুললেন পিটার হাস

চন্দ্রদ্বীপ নিউজ :: কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের মধ্যে গত ২৩ জুলাই বাংলাদেশ ত্যাগ করেন ঢাকা নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আন্দোলনের মধ্যে চলে যাওয়ার সময় তিনি জানান, এভাবে বাংলাদেশ থেকে চলে যেতে হবে তা তিনি কখনো ভাবেননি। এরপর সে আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

এ সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে আছেন। সেখানে এক অনুষ্ঠানে ইউনূসের সঙ্গে ছবি তুলেছেন পিটার হাস।

গতকাল নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন তিনি। সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় তার সঙ্গে ছবি তোলার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। যার মধ্যে ছিলেন পিটার হাসও।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ড. ইউনূসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুলছেন পিটার হাস। এ সময় দুজনকে হাস্যজ্জ্ব্যোল ছবি তুলতেও দেখা যায়।

এর আগে গতকাল জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন।

এ ছাড়া গতকাল ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র-জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে, সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।




ভোলায় জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাসনে সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

বুধবার  (২৫ সেপ্টেম্বর) বিকালে ফ্যাসন স্কয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাসন উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা আমীর মাষ্টার মো. জাকির হোসাইন ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা মো. হারুন অর রশিদ।

এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা আমীর মাওলানা জহিরুল ইসলাম, দুলার হাট থানা আমীর মাওলানা সিরাজুল ইসলাম, চরফ্যাসন উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

 

আলোচনা শেষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরকার ও মিডিয়া ব্যক্তি সংগীত শিল্পী এডভোকেট রোকুনুজ্জামান, আলহেরা ও দ্বীপাঞ্চলের শিল্পীরা হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন। অনুষ্ঠানে জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার শত-শত মানুষ অংশগ্রহণ করেন।



সারাদেশে অতিভারি বৃষ্টির আভাস

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই অর্থাৎ সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।

২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে
আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্কবাণীজনিত এক বিজ্ঞপ্তিতে তথ্য হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এরই মধ্যে নোয়াখালীসহ চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দেশে উপকূল অঞ্চলে অতিভারি বৃষ্টির সম্ভাবনা বেশি।




পিরোজপুরে অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরিশাল অফিস ::পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ এর সদস্যরা।  বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  সোহাগ একাধিক মামলার আসামি ছিলেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।  তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



স্ত্রীর করা এক মামলার হাজিরা দিতে এসে আর এক মামলার আসামী শাহজাহান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে স্ত্রীর দেয়া মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাহজাহান নামের এক যুবক।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহজাহান জানান, ২০১১ সালের (৭ নভেম্বর) পারিবারিকভাবে মোসাঃ নাসরিন জাহানকে বিবাহ করেন তিনি। পরে পারিবারিক কলহ বিবাদের জেরে চলতি বছরের (২০ মার্চ) বিবাহ বিচ্ছেদ হয় তাদের। বিবাহ বিচ্ছেদের পওে চলতি বছরের (১২ মে) নাসরিন একটি যৌতুক মামলা করেন তার স্বামী শাহজাহানের বিরুদ্ধে।

তিনি আরও জানান, স্ত্রী নাসরিনের দেয়া মামলার হাজিরা দিতে (১৯ সেপ্টেম্বর) পটুয়াখালী আসেন তিনি। মামলার হাজিরা শেষে পটুয়াখালী পৌর শহরের হোটেল পার্কে অবস্থান করেন। এসময় তার স্ত্রী অপর আর একটি মামলা করেন। যেখানে উল্লেখ করা হয়, শাহজাহান তার ভাইদের নিয়ে বাউফল উপজেলার কালাইয়া গ্রামে তার প্রাক্তন স্ত্রীকে মারধর করেন। এঘটনায় শাহজাহানসহ মোট ৫ জনকে আসামী করা হয়।

শাহজাহানের দাবি তিনি মামলার হাজিরা শেষে হোটেল পার্কে অবস্থান করেন এবং হোটেল থেকে বের হননি। স্ত্রীর করা মামলার হাজিরা দিতে এসে অন্য এক মামলার আসামী হলেন দশমিনা উপজেলার চরবোরহান এলাকার শাহজাহান হোসেন।




নির্বাচন কবে হবে, জানালেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন।

তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

ক্রিস্টালিনা জর্জিয়েভা এই উদ্যোগে ড. ইউনূসের প্রতি সমর্থন জানান। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ‘ট্র্যাক করবে’ জানিয়ে জর্জিয়েভা বলেন, তিনি বাংলাদেশে আইএমএফের একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় রয়েছে। আগামী মাসে দলের সদস্যরা আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন।

জর্জিয়েভা বলেন, আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে।

প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনা জর্জিয়েভাকে বাংলাদেশের পূর্ববর্তী স্বৈরাশাসন উৎখাত করা ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিং করেন। তখন ক্রিস্টালিনা তাকে বলেন, ‘এটি একটি ভিন্ন দেশ। এটি বাংলাদেশ ২.০’।

জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা ড. ফাওজুল কবির খান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় উপদেষ্টা ফাওজুল কবির খান আইএমএফ প্রধানকে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র এক সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের ‘দুর্গ’ গুঁড়িয়ে দিয়েছে।

ড. দেবপ্রিয়া দেশের অর্থপ্রদানের ভারসাম্য বাড়াতে আইএমএফ-এর সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, বিনিময় হার স্থিতিশীল করতে আইএমএফের ভূমিকা




মসজিদ কমিটির সভাপতিকে অপহরণ চেষ্টায় বিএনপি নেতা গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ নিউজ :: বরিশালে মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনায় সাগর উদ্দিন মন্টি নামের এক ওয়ার্ড বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গেপ্তার করে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ওই বিএনপি নেতার বিরুদ্ধে হামলা, মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।

গ্রেপ্তার সাগর উদ্দিন মন্টি বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক।

গত ১৮ সেপ্টেম্বর দুপুরে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর মন্টির নেতৃত্বে হামলা হয়। এ সময়ে মারধর করে তাকে তুলে নিয়ে যেতে চায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিনই সাগর উদ্দিন মন্টি ও তার সহযোগী শাকিব হোসেনসহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

পরের দিন হামলাকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেন মসজিদের মুসল্লিরা।

এসব বিষয়ে তদন্তে নেমে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সাগর উদ্দিন মন্টিকে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়কের পদ থেকে এবং আরমান সিকদার নুন্নাকে একই ওয়ার্ডের সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করে মহানগর বিএনপি।




বরিশালে ইলিশের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

চন্দ্রদ্বীপ নিউজ :: ভারতে রপ্তানির খবরে বরিশালের বাজারে বেড়েছে ইলিশের দাম। আর এই দাম বৃদ্ধির খবর পেয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বরিশালের পোর্টরোড পাইকারি মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিকার। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে, এ জন্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি। তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বরিশালের বাজারে বুধবার এক কেজির ইলিশ প্রতি মন ৬৮ হাজার, ১২শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।