সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত – পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি :: সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও কিছুটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হওয়ায় বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী পায়রা সহ দেশের সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।




২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পবিপ্রবির সকল অনিয়মের বিচার হবে: যোগদান শেষে নতুন ভিসি

চন্দ্রদ্বীপ নিউজ :: ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সংঘটিত সকল অনিয়ম তদন্তে কমিশন গঠন করে সরকারের নিকট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম।

তিনি আজ সকালে বিশ্ববিদ্যালয়ে যোগদান পরবর্তী সাংবাদিক সাথে আলাপকালে এ কথা বলেন।

এর আগে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা ও শিক্ষার মান উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে কাজ করবো। শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি হলে এখানে কোনো বৈষম্য থাকবে না।

ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদের মাগফিরাত কামনা ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে তা কোনোভাবেই নষ্ট করা যাবেনা। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

১৯তম বিসিএসে লাইভস্টক ক্যাডারে ভেটেনারি ডক্টর এন্ড ফিল্ড রিচার্সচার হিসেবে ভিসি রফিকুল ইসলাম কর্মজীবন শুরু করেন এবং ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৫ সালে তিনি অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ফেলো-পিজিএফ অর্জন করেন।
২০০৭ সালে ডক্টর রফিকুল ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা মেডিকেল সেন্টার থেকে ফার্মাকোলজিতে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিং- পিজিটি লাভ করেন। ২০১১ সালে তিনি জাপানের খ্যাতনামা কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। শুধু  তাই নয় সর্বোচ্চ কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট পদক লাভ করেন। পরে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে ডক্টর রফিকুল ইসলাম এই জাপানের এই বিশ্ববিদ্যালয়েই গ্যাস্ট্রোএন্ট্রারোলজি এবং ফার্মাকোলজি বিভাগে দুই বছর কাজ করেছেন।

পরে তিনি জিএসপিএস পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে ২০১৪ সাল পর্যন্ত জাপানের এই কাগাওয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন।

তাঁর গৌরবময় কর্ম-জীবনের স্বীকৃতি হিসেবে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৯টি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।  ১৪টা বিভিন্ন ফেললশিপ, মেধাবৃত্তি পেয়েছেন।

তাঁর ১০৮টা বৈজ্ঞানিক প্রকাশনা দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানে আমন্ত্রিত অতিথি কিংবা বক্তা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়।




লেবাননে ইসরায়েলের নতুন হামলায় নিহত ৭২

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: লেবাননে ইসরায়েলের নতুন হামলায় আরও অন্তত ৭২ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন। এর ফলে দেশটিতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬২০ জন ছাড়িয়েছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

লেবানিজ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলার জেরে অন্তত পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

এতদিন কেবল আকাশপথে হামলা চালালেও এবার লেবাননে স্থল অভিযানেরও হুমকি দিয়েছে ইসরায়েল। লেবানিজ সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে একটি ‘সম্ভাব্য’ স্থল অভিযানের জন্য ইসরায়েলি সৈন্যদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির সামরিক প্রধান হের্জি হালেভি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্য একটি ‘পূর্ণ মাত্রার বিপর্যয়’ দেখা দিয়েছে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে ইরান ‘সব উপায়ে’ লেবাননকে সমর্থন করবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এক ভাষণে সংস্থাটির প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, লেবানন ‘আরেকটি গাজা হতে পারে না’। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ইউএনএসসি’কে বলেছেন, তারা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন।

গত সপ্তাহে লেবাননে একের পর এক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কয়েক ডজন নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।

তবে ওই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই লেবাননের দক্ষিণাঞ্চলসহ রাজধানী বৈরুতের কাছে সরাসরি হামলা শুরু করে ইসরায়েল।

 

জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যদিও এর বেশিরভাগেই ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় ৩০০ রকেট ছুড়েছে লেবানিজ গোষ্ঠীটি। এতে মাত্র ছয়জন আহত হয়েছেন।




দেশজুড়ে অব্যাহত থাকবে বৃষ্টি

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার দেওয়া আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়,  রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি




ভারত থেকে এলো আলু, দাম কমতে পারে ৫ টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি শুরু হয়েছে আলু। আড়াই মাস পর বুধবার ভারতের কোচবিহার থেকে দুই ট্রাকে ৫৭ টন কার্ডিনাল জাতের আলু আনা হয়েছে। এতে বাজারে কিছুটা স্বস্তি মিলবে, কেজিতে দাম কমতে পারে ৫-৬ টাকা। দেশের বাজারে দাম আরও কমিয়ে আনতে আলু আনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আমদানিকারকরা।

জানা গেছে, ভারতে আলুর দাম বাড়ায় আমদানি করে খুব বেশি লাভ হতো না বাংলাদেশি ব্যবসায়ীদের। এ কারণে আড়াই মাস বন্ধ ছিল অতিপ্রয়োজনীয় এ সবজি আমদানি। তবে সম্প্রতি প্রতিবেশী দেশটির অভ্যন্তরে দাম কমায় এবং বাংলাদেশ সরকার শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করায় লাভের আশায় আবারও আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।

১৮০ ডলার ও ৩ শতাংশ হারে শুল্কায়নে যে মানের আলু আমদানি করে কেজিতে খরচ পড়ছে ৪০ টাকা। সেই মানের আলু দেশের বাজারে ৫০ টাকা। অর্থাৎ, কেজিতে ৫-৬ টাকা দাম কমতে পারে।

আমদানিকারক কুতুব উদ্দিন বলেন, আলু আমদানি অব্যাহত ছিল। গত জুলাই মাসে হঠাৎ করে ভারতে কেজিতে ১৫ রুপি দাম বাড়ে। তখন দেশের বাজারের তুলনায় প্রতিবেশী দেশটিতে দাম বেশি হওয়ায় সেগুলো কিনে আনলে লোকসান হতো। এ কারণে ৮ জুলাই আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি দেশটিতে কেজিতে ১৫ রুপি কমে আগের দামে ফেরায় লাভের সম্ভাবনা দেখা দিয়েছে।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]




ব্যস্ত সময় পার করছেন বরিশালে ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্র তৈরির কারিগররা

বরিশাল অফিস :: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বরিশালে ব্যস্ত সময় পার করছেন ঢাক-ঢোলসহ বাদ্যযন্ত্র তৈরির কারিগররা। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় খুব একটা লাভ না হওয়ায় ঋণ সহায়তার দাবি জানিয়েছেন তারা। এ পেশার সাথে জড়িতদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান, বরিশাল জেলা সমাজ সেবা কর্মকর্তা।

দুর্গাপূজা মানেই আনন্দ। আর এ আনন্দের অন্যতম উপকরণ ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র। তাই এ সব বাদ্যযন্ত্র তৈরীতে ব্যস্ত সময় পার করছেন জেলার কারিগররা। ঠুক-ঠাক শব্দে ভোর হতে রাত পযর্ন্ত শক্ত কাঠ কেটে নানা রকমের ঢাক-ঢোল তৈরি করছেন কারিগররা। নিজ জেলার চাহিদা মিটিয়ে এসব বাদ্যযন্ত্র যাচ্ছে ঢাকাসহ বিভাগের বিভিন্ন জেলায়। তবে প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় এ পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকে।

নগরীর বাকলার মোড় সংলগ্ন বাজার রোড ঢাক তৈরি করা দোকানগুলোতে ঘুরে দেখাগেছে, শারদীয় দুূর্গোৎসবের প্রধান আকর্ষণই হচ্ছে ঢাক। আর তাই ঢাক তৈরী ও মেরামত করতে বরিশালে ব্যস্ততম সময় পার করছেন ঢাক তৈরী কারিগর ও ঢাকিরা।

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ঢাক তৈরি কারিগররা ঢাক থেকে শুরু করে সকল প্রকার শব্দ যন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আর মাত্র কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবোলম্বীদের প্রধান ও সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে কেন্দ্র করে ঢাক বাজানো বাদ্যকার ও বিভিন্ন মিউজিক পার্টি থেকে অর্ডার নেয়া ঢাক সঠিক সময়ে সরবরাহ করার জন্য ঢাক তৈরীর কারিগর ও শ্রমিকদের এখন দিনরাত এককার হয়ে গেছে।

এ বিষয়ে নগরীর বাজার রোড ‘তবলা ভূবন’-এর প্রো. শ্রী শম্ভু দাস ও ‘তাল তরঙ্গ’-এর প্রো. শ্রী মন্টু দাস জানান, যুগ যুগ ধরে ঢাক বাদ্য তৈরি ও ঢাক বাজিয়ে শতাধিক শ্রমিক বা কারিগর তাদের জীবিকা নির্বাহ করে আসছেন।

বর্তমান আধুনিকতার যুগও প্রাচীনকালের ঢাকের প্রথাকে আজো বিলুপ্তি ঘটাতে পারেনি। বিশেষ করে দুর্গাপূজা আসলেই ঢাকের চাহিদা অনেকাংশে বেড়ে যায়। তাই ঢাক তৈরীর কারিগর ও শ্রমিকেরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের ১২ মাসের প্রায় প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানে ঢুলীদের নাচ-ই হচ্ছে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। আর ঢাকের বাদ্য (শব্দ) ছাড়া দুর্গপূজার অনুষ্ঠানসহ হিন্দু ধর্মাবোলম্বীদের কোন অনুষ্ঠানই তেমন জমে না।

শম্ভু দাস ও মন্টু দাস জানান, বংশ পরম্পরায় বিগত প্রায় ৫০ বছর যাবৎ তারা এ পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের পূর্ব পুরুষ ঢাকসহ অন্যান্য বাদ্যযন্ত্র তৈরীর কাজ করে আসছেন। বর্তমান সময়ে একটি মাঝারী ধরনের ঢাক তৈরী করতে তাদের খরচ হয় প্রায় ৯ হাজার থেকে ১২ হাজার টাকা। আর সেটি বিক্রি করছেন ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকায়। দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যেই তাদের কাছে নতুন ঢাক তৈরী ও মেরামতের বেশ কিছু অর্ডার এসেছে।

শম্ভু দাস আরো জানান, চার সদস্যের সংসারে ঢাকসহ অন্যান্য বাদ্যযন্ত্র তৈরি ও মেরামত করে তার পরিবার নিয়ে বেশ স্বাচ্ছন্দেই বসবাস করছেন। তবে বিগত দুই বছরের তুলনায় এ বছর ঢাক তৈরির অর্ডার অনেক ভালো।

এ প্রসঙ্গে বরিশাল প্রেস ক্লাব-এর সাবেক সহ সভাপতি বীরেন সমদ্দার বলেন, শারদীয় দুূর্গোৎসবের প্রধান আকর্ষণই হচ্ছে ঢাক। সন্ধ্যা গড়ানোর সাথে সাথে ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজামন্ডপগুলো। ঢাকের শব্দ শুনলেই বোঝা যায় মন্দিরের সম্মুখে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে।

সাংবাদিক বীরেন সমদ্দার আরো বলেন, পূজায় ঢাক-ঢোলের বাদ্য অপরিহার্য হলেও বর্তমানে সাউন্ড সিস্টেমের দাপটে ঢাকের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এছাড়া বেড়েছে কাঠ ও চামড়াসহ বিভিন্ন উপকরণের দাম। ফলে এখন তেমন লাভের মুখ দেখছেন না বাদ্যযন্ত্র তৈরির কারিগররা।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল জেলা সহকারী সমাজ কল্যাণ পরিচালক জাবের আহম্মেদ বলেন, পূজা ছাড়াও বাংলা ও বাঙলির সংস্কৃতির সাথে মিশে আছে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র। তবে পূজায় এখনও ঢাক-ঢোলের কদর রয়েছে। পূজার আরতিতে ঢাক-ঢোলের কোনো বিকল্প নেই। তাই বছরের এ সময়টাতে ব্যস্ত সময় পার করেন ঢোল-ঢোলের কারিগররা। এসব কারিগর বা শিল্পীদের পাশে দাঁড়াতে সকল প্রকার সহায়তা প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে।




দক্ষিণ বাংলার সন্তান পবিপ্রবির নতুন ভিসি রফিকুল ইসলাম এর পরিচয়

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

তিনি ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর বরিশাল জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী আবদুল খালেক ও মায়ের নাম কাজী রাবেয়া বেগম। তিনি বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি ও সরকারি ব্রজমোহন কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে ১৯৯৪ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও ১৯৯৮ সালে ফার্মাকোলজি বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে ২০০২ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।




বরিশালে ইজারা নিয়েছে খেয়াঘাটের, টাকা নিচ্ছে ফেরির যাত্রীদের

বরিশাল অফিস :: নিয়মের তোয়াক্কা না করে বরিশালের বাবুগঞ্জ এবং মুলাদী উপজেলার সংযোগস্থল মীরগঞ্জ নদীতে চালু হওয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফেরি পার হওয়া যাত্রীদের থেকে জোরপূর্বক টাকা আদায় করছে খেয়াঘাট ইজারাদার কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে দুই উপজেলাসহ আশপাশের কয়েক উপজেলার মানুষ।

জানা গেছে, খেয়া পারাপারের জন্য সরকার নির্ধারিত ১০ টাকা করে আদায়ের নিয়ম থাকলেও তারা ফেরিতে পারাপার করা যাত্রীদের কাছ থেকেও জোরপূর্বক টাকা আদায় করছে। সময়কাল ভেদে যাত্রী প্রতি ২০ টাকা থেকে ২৫ টাকা আদায় করার অভিযোগ রয়েছে খেয়াঘাট ইজারাদারের বিরুদ্ধে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে মীরগঞ্জ ফেরিঘাটে দেখা যায়, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা ছাড়াও হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলার মানুষ জীবন-জীবিকার তাগিদে এই নদী পার হন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে খেয়াঘাট ইজারাদার কর্তৃপক্ষ মুলাদী প্রান্তে টেবিল-চেয়ার বসিয়ে ফেরি ব্যবহার করে পারাপার হওয়া যানবাহন নিয়ে আসা যাত্রী ও সাধারণ যাত্রীদের থেকে টাকা আদায় করছে। কেউ টাকা দিতে না চাইলে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে।

ফেরির যাত্রী জাহিদুল ইসলাম বলেন, ফেরিতে আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। কিন্তু ঘাটে আমাকে ১০ টাকা দিতে হয়েছে। ইজারাদারের লোকজন ফেরিঘাটের পথে চেয়ার-টেবিল ও বেঞ্চ দিয়ে আটকে রেখেছে। টাকা না দিয়ে কেউ যেতে পারছে না। কেউ টাকা দিতে না চাইলে তার সাথে খারাপ আচরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে ১০ টাকা করে নিচ্ছে, এর আগে ২০ টাকা থেকে ২৫ টাকা আদায় করেছে তারা।

মুলাদী উপজেলার আরেক যাত্রী দেলোয়ার হোসেন বলেন, একটা ব্যাটারি নিয়ে ফেরি পার হয়েছি। কিন্তু ফেরি কর্তৃপক্ষ কোনো টাকা না চাইলেও খেয়াঘাট ইজারাদাররা ঘাটে থামিয়ে ৫০ টাকা আদায় করেছে। এভাবে তারা হাতে কোনো বস্তা থাকলেও তার জন্য টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে নাজেহাল হতে হয়।

ওষুধ কোম্পানির এক প্রতিনিধি বলেন, অফিসের কাজে প্রায় মুলাদী থেকে হিজলা যেতে হয়। কিন্তু এ ঘাটে মোটরসাইকেল নিয়ে ট্রলারে পার হই, আর ফেরিতে পারাপার হই, খেয়াঘাট ইজারাদারকে ১২০ টাকা করে দিতে হয়। এজন্য কোনো স্লিপও দেয় না তারা। যে কারণে অফিসে বিলের ভাউচারও দিতে পারি না।

এ বিষয়ে খেয়াঘাটের ইজারাদার আব্বাস বলেন, আমরা বরিশাল জেলা পরিষদ থেকে ১ কোটি ৯০ লাখ টাকা দিয়ে এক বছরের জন্য ঘাট ইজারা নিয়েছি। আমাদের সাথে ফেরি বিভাগের কোনো সম্পর্ক নেই। এই ঘাটে যাত্রীদের পারাপারের জন্য ট্রলার রয়েছে, যাত্রীরা ট্রলারে পারাপার হোক বা ফেরিতে পারাপার হোক ঘাটের টোল দিতে হবে।




পটুয়াখালীর ১৭৬ মন্দিরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় শেষদিকে। এবার জেলায় ১৭৬টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। মন্দিরগুলোতে চলছে প্রতিমাসহ সাজ সজ্জা গোছানোর কাজ। তবে বেশির ভাগ পূজা মণ্ডপেই মাটির কাজ শেষ হয়ে শুরু হয়েছে রংয়ের কাজ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কারিগররা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন প্রতিমাকে। অনেক মন্দিরে আবার প্যান্ডেল সাজানো এবং লাইটিংয়ের কাজ চলছে। তবে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হলেও মজুরি আগের চেয়ে বাড়েনি বলে আক্ষেপ কারিগরদের। সার্বজনীন এ উৎসবকে সফল করতে সনাতনীরা ব্যস্ত সময় পার করছেন। এদিকে সর্বোচ্চ সতর্ক স্থানে রয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

পটুয়াখালী পৌর শহরের পুড়ান বাজার এলাকার সবুজ সংঘ সার্বজনীন পূজা মন্দিরের প্রধান পৃষ্ট পোষক সুবাস চন্দ্র বনিক বলেন, আমাদের এখানে ৭৫ বছর ধরে দুর্গাপূজা হচ্ছে। এবছরও আমরা ব্যাপক আয়োজন করেছি। আমাদের প্রতিমা তৈরির মাটির কাজ শেষ হয়েছে। আশা করছি জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দুর্গা মাকে স্বাগত এবং বিদায় জানাতে পারবো।

কলাপাড়ার শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরে প্রতিমা তৈরি করতে আসা কারিগর তাপস চন্দ্র বলেন, সব কিছুর দাম অনেক বেড়েছে। যদিও আমাদের মজুরী কিন্তু বাড়েনি। এভাবে সব কিছুর সঙ্গে আমাদের মজুরী না বাড়লে তো এ পেশায় টিকে থাক দায় হয়ে যাবে।

পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, জেলার ১৭৬টি পূজা উদযাপন হলেও বিসর্জন হবে ১৩২টি পূজা মণ্ডপে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও আমাদেরকে সহযোগিতা করবেন। আশা করছি এ উৎসব সুন্দরভাবে সম্পন্ন হবে।




বরিশালে সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণ

বরিশাল অফিস ::বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নে সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মাদি মোল্লার দোকান সংলগ্ন এলাকায় এ অফিস করা হচ্ছে।

ইতোমধ্যে দোয়া ও মোনাজাত করে ওই অফিস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করার একটি ছবি গত শনিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর পরপরই রোববার রাতে ওই জমিতে বাউন্ডারি ওয়াল দিয়ে দখলে নিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. জসিম উদ্দিন কাজ বন্ধ করে দেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মাদি মোল্লার দোকান সংলগ্ন এলাকায় গত রোববার থেকে বিএনপির যে অফিসটি করা হচ্ছে সেখানে নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন বিএনপির সাবেক নেতারা। অফিস কার্যক্রমের স্থাপনের ওই চিত্রটিতে দেখা যায়, এর সঙ্গে জড়িত রায়পাশা-করাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর মল্লিক, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার আবু। বিএনপি অফিসের নির্মাণ কাজের জন্য দোয়া মিলাদে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।

জানতে চাইলে রায়পাশা কড়াপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের নেতৃত্বে জমিটি দখল হয়েছে। তার সঙ্গে তার ভাইও রয়েছেন।

তবে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জমি দখলদার আবুল কালাম সিকদার জানান, তিনি জমি দখলের বিষয়ে কিছুই জানেন না। আমিন চেয়ারম্যান জানতে পারেন। তার সঙ্গে আলাপ করেন।

বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন জানান, কড়াপুরের ধর্মাদি বিএনপির অফিস করার জন্য জায়গা নিয়েছিল। অফিসের নির্মাণকাজের দোয়া মোনাজাতে তাকে নেওয়া হয়েছিল। কিন্তু পরে জানতে পারেন যে সেটা সরকারি জায়গা। এ জন্য ওই স্থানে অফিস না করতে নিষেধ করে দিয়েছেন। তিনি বলেন, আমি বিষয়টি জানতাম না। এখন নিজস্ব স্থানে করা হবে।

বরিশালের রায়পাশা কড়াপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, স্থানীয়রা অভিযোগ দিয়েছেন যে পানি উন্নয়নবোর্ড ও সড়ক জনপদের জমি দখল করা হচ্ছে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ওই কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।