দুই যুগ ধরে স্থবির বরিশালের কলেজ ছাত্র সংসদ নির্বাচন

প্রায় দুই যুগ ধরে বরিশালের সরকারি কলেজগুলোতে অনুষ্ঠিত হচ্ছে না ছাত্র সংসদ (ছাত্র প্রতিনিধি পরিষদ) নির্বাচন। ফলে ছাত্রদের নেতৃত্ব বিকাশ, অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে হাজারো শিক্ষার্থী।

কলেজ প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ২০০০ সালের পর থেকে বরিশালের কোনো সরকারি কলেজেই ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ছাত্র রাজনীতির ইতিবাচক কার্যক্রমও হারিয়ে গেছে। এতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের সুযোগ পাচ্ছে না।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্যান্য কলেজেও একই চিত্র। শিক্ষার্থীরা জানান, নিয়মিত শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক নেতৃত্বের প্রশিক্ষণ পাওয়ার অন্যতম ক্ষেত্র ছিল এই ছাত্র সংসদ। কিন্তু বছরের পর বছর নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধি নির্বাচনের সংস্কৃতি বিলুপ্তির পথে।

একজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “কলেজ প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই আমরা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক চর্চা থেকে বঞ্চিত। অথচ অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন হয়।”

বিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বলেন, “ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। আমরা বারবার আবেদন করেছি, কিন্তু সিদ্ধান্ত আসে না।”

শিক্ষাবিদদের মতে, ছাত্রদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও দায়িত্ববোধ তৈরির জন্য ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। তাই দ্রুত নির্বাচন আয়োজনের দাবিও জানিয়েছেন তারা।

“এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫”




বরিশাল নগরীতে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু জবাই, ঝুঁকিতে জনস্বাস্থ্য

বরিশাল নগরীতে গরু জবাইয়ের আগে কোনো ধরনের ভেটেরিনারি পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাংস বিক্রি হচ্ছে— এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। ফলে নগরবাসী পড়েছেন সরাসরি জনস্বাস্থ্য ঝুঁকিতে

জানা গেছে, নগরীতে নির্দিষ্ট কোনো কসাইখানা নেই। ফলে বাজারের রাস্তায়, খোলা জায়গায় কিংবা সড়কের ধারে গরু জবাই দিয়ে মাংস বিক্রি হচ্ছে। কসাইরা নিজেরাই ইচ্ছেমতো পশু জবাই করছেন, কোনো সরকারি অনুমোদন বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই।

সম্প্রতি রংপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী ও অসুস্থ গরুর মাংসে অ্যানথ্রাক্স শনাক্তের পর বরিশালের মানুষদের মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক। স্থানীয়দের প্রশ্ন— “গরু জবাইয়ের আগে পশুচিকিৎসক কেন পরীক্ষা করেন না? কোনো দুর্ঘটনা ঘটলেই তখন কেন সচেতনতার কথা বলা হয়?”

কসাইদের বক্তব্য:
পোর্ট রোড বাজারের প্রবীণ কসাই মো. জালাল বলেন, “৫০ বছর ধরে কসাইয়ের কাজ করছি। আগে গরু জবাইয়ের আগে ভেটেরিনারি সার্জনরা শরীরে সিল দিতেন। এখন অনেক বছর হলো কেউ আসে না।”
তিনি আরও জানান, “আগে নগরীতে একটি কসাইখানা ছিল, এখন সেটিও বন্ধ। প্রতিদিন ২০-২২টি গরু জবাই দেওয়া হয়, কিন্তু কোনো পরীক্ষার ব্যবস্থা নেই।”

স্বাস্থ্য বিভাগের অবহেলা:
বরিশাল সিটি করপোরেশনের সাবেক এক স্বাস্থ্য পরিদর্শক জানান, “নতুন বাজার এলাকায় একটি স্লটার হাউস আছে, তবে সেটি ব্যবহার অনুপযোগী। ভেটেরিনারি সার্জন আছেন ঠিকই, কিন্তু তিনি কখনো জবাইয়ের আগে বা পরে বাজার পরিদর্শনে যান কিনা সন্দেহ রয়েছে।”
তিনি আরও বলেন, “নথুল্লাবাদ, নতুন বাজার, পোর্ট রোড, বটতলা, সাগরদীসহ বিভিন্ন বাজারে প্রতিদিন গরু জবাই হয়। অধিকাংশ স্থানে পরিবেশ একেবারেই অস্বাস্থ্যকর।”

স্থানীয়দের অভিযোগ:
নগরবাসী জাকির হোসেন ও গোলাম রাব্বানী বলেন, “আমরা জানিই না গরু রোগাক্রান্ত কিনা, না মহিষ জবাই দেওয়া হয়েছে কিনা। কসাইয়ের কথায় ভরসা করে মাংস কিনতে হয়।”

সিটি করপোরেশনের স্বীকারোক্তি:
বরিশাল সিটি করপোরেশনের ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম বলেন, “নগরীতে কোনো কসাইখানা নেই, তাই জবাইয়ের আগে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি আগের মেয়র ও বর্তমান প্রশাসককেও জানিয়েছি। কসাইখানা নির্মাণ অত্যন্ত জরুরি, কিন্তু বাজেট না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, স্যালমোনেলাসহ প্রাণীজ রোগের সংক্রমণ ঠেকাতে গরু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে পশু পরীক্ষা করা প্রয়োজন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




রাজধানীতে গ্রেপ্তার পটুয়াখালীর ছাত্রলীগ নেতা মিরাজ খান

রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা মো. মিরাজ খান (২৮)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)

রোববার (১২ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিসি তালেবুর রহমান জানান, সিটি-আরঅ্যান্ডডি বিভাগের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের নেতা ও আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ খান-কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে ইনকিলাব ভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশ নেন মিরাজ খান এবং পরবর্তীতে তিনি মিছিলের ভিডিও রিল আকারে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও জননিরাপত্তা সংক্রান্ত বিধি ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে সিটিটিসি ইউনিট। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ খান ফেসবুকে ভিডিও প্রকাশের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

এদিকে তার গ্রেপ্তারের খবরে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রলীগের একটি অংশ বলছে, সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডের দায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে অন্য একটি অংশ দাবি করছে, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে।

গ্রেপ্তারের পর মিরাজ খানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




লোহালিয়ায় বিএনপি নেতা মফিজুল মৃধার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীর লোহালিয়ায় ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মফিজুল মৃধার ওপর সোহাগ মাঝি গংয়ের সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে পালপাড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন—
ভিকটিম মফিজুল মৃধার মা আকলিমা বেগম, বোন সোনিয়া আক্তার এবং লোহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম জুলকার
বক্তারা হামলাকারী ধর্ষণ ও একাধিক মামলার আসামি সোহাগ মাঝি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল বের করে পালপাড়া বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর রাতে পালপাড়া বাজারে দুধর্ষ সন্ত্রাসী সোহাগ মাঝি ও তার অনুসারীরা ধারালো অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে বিএনপি নেতা মফিজুল মৃধার ওপর সশস্ত্র হামলা চালায়
হত্যার উদ্দেশ্যে চালানো এ হামলায় মফিজুল মৃধা গুরুতর আহত হন। খবর পেয়ে পটুয়াখালী সদর থানার বিট অফিসার এসআই রাসেল, এএসআই জহিরুল ইসলাম ও এএসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের ওপরও হামলা চালিয়ে চারজন পুলিশকে আহত করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর আহত এসআই রাসেল মাহমুদ বাদী হয়ে সোহাগ মাঝিকে ১ নম্বর আসামি করে ২৬ জনকে চিহ্নিত করে মামলা দায়ের করেন।
অন্যদিকে, মফিজুল মৃধার মা আকলিমা বেগম বাদী হয়ে সোহাগ মাঝিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

আল-আমিন



পটুয়াখালীতে র‍্যাবের পিকনিকের গাড়ি দুর্ঘটনায় দুই বছরের শিশুর মৃত্যু, আহত ২২

পটুয়াখালী সদরে র‌্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। নিহত ও আহত সবাই র‌্যাবের গাড়িতে ছিলেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, র‌্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশু নিহত হয় এবং র‌্যাব সদস্যসহ ২২ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, র‌্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানে এক শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।”

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তামান্না রহমান জানান, “দুর্ঘটনার পর হাসপাতালে ২০ থেকে ২২ জন আহতকে ভর্তি করা হয়েছে। নিহত শিশুটির বয়স দুই বছর। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ অন্যান্য স্থানে পাঠানো হয়েছে।”

 

আল-আমিন



পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা

পটুয়াখালীর দুমকিতে মাইলিশ শিকার রোধে মৎস্য বিভাগের বিশেষ অভিযান চলাকালীন শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে অভিযান চলাকালীন কিছু জেলে ও তাদের স্বজনরা ট্রলারের ওপর লাঠি, ইট-পাটকেল নিক্ষেপ করে।

স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছিল। অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করা হলে জেলেরা হঠাৎ সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলার কারণে অভিযান পরিচালিত ট্রলারটি নদীর আলগি চরে সরে গিয়ে নিরাপদ অবস্থান নেয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে অভিযান টিমকে উদ্ধার করে। উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পটুয়াখালী জেলায় মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের বিশেষ অভিযান চলমান। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধ ও হামলার কারণে অভিযানে ঝুঁকি দেখা দিচ্ছে। মৎস্য বিভাগ সতর্ক করে জানিয়েছে, কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পায়রায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুমকিতে দুই জেলের কারাদণ্ড

পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পায়রা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ১৬ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক

দণ্ডপ্রাপ্তরা হলেন—দুমকির আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মৃত চান্দু তালুকদারের ছেলে জামাল তালুকদার (৫০) এবং একই গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে মো. কাওছার হাওলাদার (৩০)

সরকারি সূত্রে জানা গেছে, ইলিশ প্রজনন রক্ষায় ঘোষিত জাতীয় নিষেধাজ্ঞা চলাকালীন বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে মৎস্য বিভাগের একটি বিশেষ দল বাহেরচর সংলগ্ন পায়রা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকাররত অবস্থায় দুই জেলেকে হাতে-নাতে আটক করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন দুমকি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় তাদের ব্যবহৃত একটি মাছ ধরার নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরবর্তীতে শুক্রবার সকালে আটক দুই জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উভয়কে ১৬ দিন করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, “আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত দুই জেলেকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

সরকারি নির্দেশনা অনুযায়ী, ইলিশ মাছের প্রজনন মৌসুমে দেশের সকল নদী ও সমুদ্র উপকূলে ১২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




 পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণে অভিযান: চার হাজার মিটার জাল জব্দ

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার নেতৃত্বে শুক্রবার সারা দিন বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় চার হাজার মিটার সুতার জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

অভিযানকালে মাছ ধরার জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলেও জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা। জব্দকৃত নৌকাটি নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, “আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে দায়িত্বশীল হতে হবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময় কোনো অসাধু জেলে যাতে মাছ ধরতে না পারে, সে জন্য তৎপর থাকতে হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




সোলজারে’ রণবীর লুকে শাকিব খান, ভক্তদের উত্তেজনা তুঙ্গে

মেগাস্টার শাকিব খান ঢাকাই সিনেমার প্রাণ, যার নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতা তাকে দিয়েছে দেশের সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ মর্যাদা। এবার তার নতুন সিনেমা ‘সোলজার’-এ দেখা যাচ্ছে এক নতুন, সাহসী ও রণবীর কাপুরের মতো লুকে।

সিনেমাটির নতুন পোস্টার শাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হলে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পোস্টারে শাকিবকে দেখা গেছে আয়নার দিকে তাকিয়ে, মোটা গোঁফ এবং তীক্ষ্ণ দৃষ্টিতে, যা তার চিরচেনা লুকের থেকে সম্পূর্ণ ভিন্ন।

ভক্তরা টিজার এবং পোস্টার উভয়কেই রণবীর কাপুরের সাথে তুলনা করেছেন। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দৃঢ় সৌন্দর্য ভাই!’ আর সাবিলা নূর মন্তব্য করেছেন, ‘আপনার এবং ‘সোলজার’ টিমের জন্য শুভকামনা।’

সিনেমার প্রথম ঝলক ৭ অক্টোবর প্রকাশিত হয়। নির্মাতা সাকিব ফাহাদ বলেন, “সিনেমা কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি নতুন প্রজন্মের তরুণদের গল্প যারা দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখে।”

শাকিব খান বলেন, “এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি। এটি মানুষকে অনুপ্রেরণা দেবে এবং নিজের ভেতরের সোলজারকে চিনতে সাহায্য করবে।”

ছবিতে আরও রয়েছেন তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্বচিলা গ্রামে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে পুকুরে ডুবে আয়েশা মনি (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটি প্রবাসী মতি মৃধার একমাত্র সন্তান। সে গোসলের জন্য বাড়ির সামনের পুকুরে নেমে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করলে পরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

হলদিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য নাজমুল হাসান ঝন্টু তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি পরিবারের একমাত্র সন্তান। তার বাবা বর্তমানে প্রবাসে রয়েছেন। হাসপাতাল থেকে মরদেহটি বাড়িতে আনা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫