সুশাসন প্রতিষ্ঠায় তথ্যের অধিকার নিশ্চিতের বিকল্প নেই : রাষ্ট্রপতি

চন্দ্রদ্বীপ নিউজ :: জনগণের ক্ষমতায়ন, সরকারি দপ্তরে স্বচ্ছতা-জবাবদিহি প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪’ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘তথ্য জানা ও প্রাপ্তি মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে জনগণের চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার প্রতিষ্ঠায় প্রণীত হয়েছে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ যা জনগণের তথ্য প্রাপ্তির অধিকারকে আইনি ভিত্তি প্রদান করে। আমি মনে করি, এ আইনের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ এবং সরকারি ও বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।’

রাষ্ট্রপতি আরও বলেন, তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে; অন্যদিকে সুশাসন নিশ্চিত হবে, জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে। সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের ক্ষমতায়নকে সুদৃঢ় করার মাধ্যমে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রেক্ষিতে ইউনেস্কো নির্ধারিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের এবছরের প্রতিপাদ্য- ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্য কমিশনসহ সরকারি-বেসরকারি সকল দপ্তর ও সংস্থাকে আরো উদ্যোগী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনগণকে তথ্যের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ, ইলেকট্রনিক ও প্রিন্ট-মিডিয়া, নাগরিক সমাজসহ সকলের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।




সুষ্ঠু নির্বাচন হলে ২৫০টির বেশি আসন পাবে বিএনপি : রুমিন ফারহানা

চন্দ্রদ্বীপ নিউজ :: সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গণি শাহ মাজার প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মানুষ ভোট পাগল। ৯০-১০০ বছর বয়সে নাতির কাঁধে চড়ে মানুষ ভোট দিতে যায়।

বিএনপির এই নেত্রী বলেন, গত ২০ বছরে মানুষ ভোট দিতে পারেনি। তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয়, যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়। তাই আমি আহ্বান জানাব যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




সপ্তাহজুড়েই বৃষ্টির আভাস, বাড়তে পারে গরমও

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী সপ্তাহজুড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বেশি থাকতে বলে জানিয়েছে সংস্থাটি। অর্থাৎ বৃষ্টি হলেও গরমের অনুভূতি থাকবে দেশজুড়ে।

শুক্রবার আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

ফলে  শনিবার রংপুর বিভাগের অনেক জায়গায়সহ দেশের বাকি সকল বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

এই সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আগামী রোববারের পূর্বাভাসেও অধিদপ্তর সারা দেশের কোথাও কোথাও বৃষ্টির আভাস দিয়েছে। পাশাপাশি হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। এই সময়েও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের শেষ দিকে সারা দেশেই বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।




পটুয়াখালীতে গ্রাহকদের বীমার টাকা নিয়ে ছলচাতুরি

পটুয়াখালী প্রতিনিধি :: ‘স্যার আপনি যদি মারাও যান তা হলে দাফন করতে দিমু না। আপনার কথায় আমরা চরাঞ্চলের গরীব মানুষগুলো বীমায় রাখার জন্য টাকা দিয়েছি কাউকে চিনি না, আপনি আমাদের টাকা দিয়া দ্যান। অতি কষ্টে পড়ে এ প্রতিবেদককে জানালেন প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কো: লি:-এর অ্যাজেন্টকর্মী ও চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইব্রাহীম খলিল।

জানা গেছে, গলাচিপা শাখায় হাতে গোনা কয়েকটি বীমা কোম্পানি রয়েছে। প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কো: লি:-এর গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফিডার রোডে অফিসটি অবস্থিত। এদের মাঠকর্মী বা অ্যাজেন্টকর্মী রয়েছে ৪০ জন। গ্রাহক আছে ১২০০ জন। বেশিরভাগ গ্রাহকরা মহিলা। এরা গলাচিপা অফিসে এলে কর্মকর্তা ও কর্মচারীরা এড়িয়ে থাকে। এ অফিসের সহযোগিতায় অ্যাজেন্টকর্মীদের মাধ্যমে গ্রাহকরা প্রায় তিন থেকে চার কোটি টাকা জমা দিয়েছে।

তাদের অভিযোগ, জমাকৃত টাকার বীমার মেয়াদ শেষ হওয়ার কয়েক বছর পরও গ্রাহকদের টাকা ফেরত পাচ্ছেন না। ফলে দুশ্চিন্তায় আছেন গলাচিপার প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কো: লি:-এর গ্রাহকরা। এমনকি গ্রাহকরা টাকা আদৌ পাবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই।

গলাচিপা সদর ইউনিয়নের চরখালী গ্রামের গ্রাহক হাজরা বেগম জানান, ‘পোলিসি নম্বর ০১২৯৩৫৩-৬, টাকা পাওয়ার তারিখ ছিল ২০২১ সালের ২৮ নভেম্বর অথচ অফিসে যোগাযোগ করার পরও এক লাখ ৩৫ হাজার ৫৬০ টাকা পাইনি।’

বোয়ালীয়া গ্রামের গ্রাহক অভিনাস জানান, ‘পোলিসি নম্বর ০১০০৭৬২-৪, টাকা পাওয়ার তারিখ ২০১৮ সালের ২৭ ডিসেম্বর। অফিসে পাঁচ বছর ধরে ঘুরতেছি টাকা পাইনি।’

চর বিশ্বাস গ্রামের বীমার অ্যাজেন্ট ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল জানান, ‘আমার চার শ’-এর উপরে গ্রাহক রয়েছে। জীবনে ভুল করেছি এ বীমা কোম্পানিতে প্রবেশ করে। গ্রাহকরা টাকা না পেয়ে আমাকে ধরে। ঘর থেকে বের হতে পারছি না। ঘরের ভেতর লুকিয়ে থাকতে হচ্ছে। যে সমস্ত কথা বলছে তা কষ্টের কথা।’

রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের অ্যাজেন্টকর্মী পিয়ারা বেগম জানান, ‘বীমা কোম্পানি থেকে গ্রাহকদের টাকা তুলতে না পারায় একই এলাকার খোকন ডাকুয়ার স্ত্রী নুর চেহারা বেগমকে মারধর আর ঘর থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে তার স্বামী। আর আলতাফ মোল্লার স্ত্রী সাহানারা বেগমকে তালাক দেয়ার হুমকি দিয়েছে তার স্বামী এবং এমনও ঘটনা ঘটেছে বীমার টাকা না পেয়ে চরবেষ্টিনে স্ত্রীর ওপর রাগ করে স্বামী অন্য একটি বিয়ে করে ঢাকা গিয়ে বসবাস শুরু করছে। ভূক্তভোগী নারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সমাধান চেয়েছে।

অ্যাজেন্টকর্মী ডাকুয়ার ছোটচত্রা গ্রামের বিপুল ভূইয়া, বাশবাড়িয়া গ্রামের বাদল চন্দ্র রাজা, সুতাবাড়িয়া গ্রামের বলরাম জানান, ‘বীমার মেয়াদ শেষ হওয়ার পরও গ্রাহকদের টাকা পয়সা না দেয়ায় অ্যাজেন্টকর্মীদের গরু মহিষ নিয়ে যাচ্ছে, এমনকি কারো কারো পকেট থেকে টাকা দিতে হচ্ছে গ্রাহকদের।

কালারাজা গ্রামের আ: রাজ্জাক খান জানান, ‘মহা বিপদে আছি গ্রাহকদের টাকা পয়সা দিতে না পারায় গালমন্দ করছে। অফিসে গিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের পাওয়া যাচ্ছে না।

গলাচিপা শাখার প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কো: লি: সার্ভিস সেল এ জি এম তপন চন্দ্র রায় জানান, ‘গ্রাহকদের বীমার মেয়াদ শেষ হওয়ার পরও দাবিকৃত টাকা পাচ্ছেন না। কোম্পানিকে অবহিত করলেও তারা টাকা না দিয়ে ছলচাতুরি করছে এতে গলাচিপা অফিসের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বহু গ্রাহক প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঢাকার প্রধান কার্যালয়ে গিয়ে ফেরত আসেন এবং উপজেলা কার্যালয়ে পাঠিয়ে দেন। লিগ্যাল নোটিশ, এমনকি বীমা উন্নয়ন নিয়ন্ত্রন কর্তৃপক্ষের কাছে গিয়েও সমাধান হচ্ছে না।’

প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কো: লি: প্রধান কার্যালয়ের, ঢাকা-মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: সাইদুর আমিনকে গলাচিপা অফিসের লোকজন পালিয়ে বেড়াচ্ছে কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হতাশ হওয়ার কিছুই নাই কয়েক দিনের মধ্যে সবই ঠিক হয়ে যাবে। সম্প্রতি পটুয়াখালী জেলায় দুই শ’ চেক বিতরণ করা হয়েছে, বীমার কাগজপত্র জমা দিলেই পর্যায়ক্রমে গ্রাহকদের চেক দেয়া হবে এবং সবাই টাকা পাবে।’




ইন্দুরকানীতে ছাত্রলীগের হামলায় জামায়াত নেতা আহত

বরিশাল অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মীর হামলায় গুরুতর আহত জামায়াত নেতা ও তার স্ত্রী। বৃহস্পতিবার উপজেলার কালাইয়া গ্রামের এ ঘটনা ঘটে। আহত হচ্ছেন রমিজ সিকদার (৫৫) ও তার স্ত্রী মালেকা বেগম।

জানা যায়, রমিজ সিকদার কালাইয়া গ্রামের জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালাইয়া ওয়ার্ড সভাপতি। স্বজনরা জানায়, আওয়ামী লীগের সরকারের আমলে রমিজ সিকদারের জমি জোর করে দখল করে নেয় একই গ্রামের আবুল কালাম ও তার দুই ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা নোমান ও জাহিদ। বৃহস্পতিবার রমিজ সিকদার সেই জমির পাশে গেলে নোমান ও তার ছোট ভাই জাহিদ তাদের ওপর অতর্কিত হামলা চালায় এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Advertisement

অভিযুক্ত নোমান বলেন, এটা মিথ্যা ঘটনা। আমার মা ও স্ত্রী পুকুরে গোসল করা অবস্থায় রমিজ সিকদার গোপনে মোবাইলে ভিডিও করছিল। সেই সময় আমি দেখলে দৌড়ে গিয়ে তাকে বাধা দেই। ধস্তাধস্তি হলে রমিজ মিয়া পড়ে গিয়ে মাথায় আঘাত পায়।

এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।




শিক্ষার্থীদের অংশগ্রহণে বরগুনায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

চন্দ্রদ্বীপ নিউজ :: পর্যটনের অপার সম্ভাবনাময় জেলা বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা আয়োজনসহ বিভিন্ন সংগঠন ও পর্যটন উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের আয়োজনে বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টের সহযোগিতায় র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বরগুনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, লেখক সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাবেক সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, আবু জাফর মো. সালেহ, উন্নয়ন সংগঠন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ও জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আরিফ খান প্রমুখ।

বরগুনার পর্যটন শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, বরগুনায় পর্যটন উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এতে বরগুনার যে সমস্ত পর্যটনকেন্দ্রগুলো অবহেলিত রয়েছে সেখানে কাজ করার সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থান বাড়বে। অপরদিকে বরগুনার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলে দেশের বিভিন্ন এলাকার পর্যটকরা খুব অল্প সময়ে বরগুনায় আসতে পারবে বলেও জানান তারা। এ ছাড়াও সহজ শর্তে উদ্যোক্তাদের ঋণ ও সরকারি উন্নয়ন পরিকল্পনায় স্থানীয়দের সম্পৃক্ততা বাড়ানোর দাবি জানান বক্তারা।

এ সময় একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি ও সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টের উদ্যোক্তা অ্যাডভোকেট সোহেল হাফিজ। এ প্রেজেন্টেশনের মাধ্যমেও বরগুনা জেলার পর্যটন শিল্পের সম্ভাবনা, প্রতিবন্ধকতা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

পরে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শেষে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পীযূষ চন্দ্র দে, উপপরিচালক স্থানীয় সরকার মো. তানজীম এবং অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, বরগুনায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। বেসরকারি উদ্যোগে এখানে অনেকগুলো পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে। সরকারিভাবেও পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। তবে রাস্তাঘাটসহ কিছু অবকাঠামোর উন্নয়নের প্রয়োজন রয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের সহযোগিতায় এবং সরকারি নির্দেশনা অনুযায়ী বরগুনার পর্যটন শিল্পের উন্নয়নে জেলা প্রশাসন থেকে সবধরণের ব্যবস্থাগ্রহণ করা হবে।




বাংলাদেশ-ভারত টেস্ট ৩৫ ওভারে শেষ প্রথমদিন, কাল আবহাওয়া কেমন থাকবে




সহিংসতায় খাগড়াছড়িতে ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

চন্দ্রদ্বীপ নিউজ :: গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আজ শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, সহিংসতার সময়ে ৮৭টি স্থায়ী ও সড়কের পাশে ভ্রাম্যমাণ ৯৪ ব্যবসায়ীদের দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করে নিয়ে যাওয়া হয় ২৬টি দোকানের মালামাল। এছাড়া পরিবহন ও ব্যাটারিচালিতি ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলসহ ২০ গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

তিনি আরও জানান, সহিংসতায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দীঘিনালায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসন থেকে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পার্বত্য মন্ত্রণালয় থেকে ২০ টন চাল এবং দুই লাখ ২০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা দ্রুত বিতরণ করা হবে। ’

এদিকে রাঙামাটি পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘অপরাধীদের কোনো ক্ষমা নেই। সহিংসতার ঘটনায় প্রকৃত অপরাধীদের আটক করে আইনের আওতায় নিতে পুলিশ কাজ শুরু করেছে।’




দেশের রিজার্ভ কত, জানাল বাংলাদেশ ব্যাংক

চন্দ্রদ্বীপ নিউজ ::দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত এক মাসে ৯৭ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার কমে ২ হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার বা ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের দাঁড়িয়েছে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হালনাগাদ প্রতিবেদনের তথ্য মতে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) বিপিএম-৬ হিসাবের মান অনুযায়ী এ মাসের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রিজার্ভ দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বা ১৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার বা ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট নিট রিজার্ভ ছিল ২ হাজার ৫৪ কোটি ৫০ লাখ ৬০ হাজার ডলার বা ২০ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। একই সময়ে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৫৫৬ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার বা ২৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এর বাইরে ব্যবহারযোগ্য (সব দায়দেনা বাদ দিয়ে বাংলাদেশ ব্যাংকের হাতে থাকা ব্যবহার করার মতো রিজার্ভ।) রিজার্ভের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের নিচে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ভালো রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে এ মাস আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে। বৈধ পথে রেমিট্যান্স আসার পেছনে সচেতনতা কাজ করছে। আবার বৈধ পথে ডলারের দরবৃদ্ধিতে হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা। এতে বাড়ছে রেমিট্যান্স আসার গতি




কলকাতার বাজারে যত টাকায় বিক্রি হচ্ছে ইলিশ

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ যাওয়া শুরু হয়েছে। এরই মধ্যে তা রাজ্যটির রাজধানী কলকাতাসহ বিভিন্ন শহরে বিক্রি শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, আজ শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়াসহ বিভিন্ন বাজারে বাংলাদেশি ইলিশ বিক্রি করতে দেখা গেছে। । ৮০০-১২০০ গ্রাম ওজনের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০০-১৬০০ রুপিতে। বাংলাদেশি মুদ্রায় যা ১৭০০-২৩০০ টাকা।

গতকাল বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ১৮ টন অর্থাৎ ১৮ হাজার কেজি ইলিশ কলকাতায় পৌঁছায়। দুটি ট্রাকে করে ২০০ বক্স ইলিশ বুধবার বিকেলে বেনাপোল বন্দরে পৌঁছায়। পরে গতকাল বৃহস্পতিবার পেট্রাপোল দিয়ে ইলিশগুলো কলকাতায় ঢুকেছে।

প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০০ টাকা। আর ভারতীয় মুদ্রায় ৮৪০ রুপি। আমদানি মূল্যের ওপর ভিত্তি করেই ইলিশের খুচরা বিক্রি নির্ধারিত করা হয়।

বাংলাদেশ মোট ২ হাজার ৪০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। সব ইলিশ পশ্চিমবঙ্গে পৌঁছালে দাম আরও কমবে বলে মনে করছেন ক্রেতারা।